নদীর ওপারে সুখ

নদীর ওপারে সুখ চলমান

পর্ব: বোনাস
« <
/ 16
> »

দুপুরের কাঠপোড়া রোদে জনজীবন চৌচির। ইদানীং আবহাওয়ার ভাব বোঝা বড়ই মুশকিল। শেষ রাত থেকে সকাল নয়টা পর্যন্ত শীত। এরপর আসরের আজান পর্যন্ত মনে হয় ঋতুতে গ্রীষ্ম চলছে। এমন দাবানলের মতো গরম অতিষ্ঠ করে তুলেছে মানুষকে। রাতের তাপমাত্রা আবার ভিন্ন। বলা যায় নাতিশীতোষ্ণ।

অনামিকার মেজাজ রুক্ষ। এক সপ্তাহ আগের অ্যাসাইনমেন্ট এখনো সম্পূর্ণ করতে পারেনি সে। এর একমাত্র কারণ পান্না। মেয়েটা এতো প্রশ্ন করে যে, সে হাঁপিয়ে ওঠে। ঘড়িতে প্রায় দেড়টা বাজে। স্কুল শেষে বাড়ি ফিরতে ফিরতে আরো আধ ঘণ্টা চলে যাবে পান্নার। এর মধ্যেই সমস্তটা গুছিয়ে ফেলতে হবে। হঠাৎ তার কলম থেমে গেল। ভ্রুযুগল খানিক বাঁকিয়ে দরজার দিকে তাকাল। লিখন বুকে হাত বেঁধে দেয়ালে হেলান দিয়ে আছে। অনামিকা অনুভব করল তার হৃদয়টা কেঁপে উঠেছে। সে বিশ্বাস করতে পারল না। প্রগাঢ় সন্দেহ নিয়ে বলল, “রুমে ঢোকার জন্য তুমি আমার কাছে অনুমতি চাইছো?”

“উঁহু, অনামী। তোর কাছে কেনই বা অনুমতি চাইব? আমি তো আমাদের নিভি ম্যামের কাছে অনুমতির প্রত্যাশা করছি।”

লিখনের চোখ হাসছে। তা দেখে কৌতূহল দমিয়ে রাখতে পারল না অনামিকা। সে টেবিল ছেড়ে বিছানার কাছে গেল। নিভি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। চেষ্টা করছে না হাসার।

“নিভি, লিখন ভাই এটা কেন বলল?”

“আপু, উনি গতকাল এখানে এসেছিলেন। আমি বলেছি, আপনি নেই। পরে আসতে। তাই এখন অনুমতি নেওয়ার বাহানা করছে।”

শুনে অনামিকা হেসে ফেলল। পুনরায় পড়ার টেবিলে বসতে বসতে বলল, “আসো, আর বাহানা করো না।”

“যদি মাননীয়া অনুমতি দেন, তবেই আসব।”

কী অদ্ভুত রকমের মজা! নিভি প্রতিবারের ন্যায় মৃদু হাসল। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বিনয়ের সাথে বলল, “আপনি আসুন।”

অবশেষে ঘরে পা রাখল লিখন। পকেটে হাত দিয়ে চারপাশে ঘুরে ঘুরে এটা-ওটা হাতে নিয়ে দেখল। প্রথমে অনামিকার অ্যাসাইনমেন্ট নিয়ে নানা কথা বলল। এরপর হঠাৎ বিষয় বদলে সরাসরি নিভির উদ্দেশ্যে বলল, “তোমার রেজাল্ট তো দারুণ ছিল। তা এইচএসসি কি এ বছর দিবা? নাকি সামনের বছর।”

“জি, রেজিস্ট্রেশন করে এসেছি। ফর্ম ফিল আপের সময় হলে গ্রামে যেতে হবে আবার।”

“তাহলে পড়ছো না কেন? সারাক্ষণই তো নাকের ডগায় আত্মসম্মান নিয়ে ঘোরো। এইচএসসির পর আবার ভার্সিটি অ্যাডমিশন। এতো কিছু সামলাবে কীভাবে?”

লিখনের ব্যবহার খোঁচামূলক হলেও এগুলোতে বিরক্ত হয় না নিভি। সে গত দেড়দিনেই তার স্বভাব বুঝে ফেলেছে। কিন্তু খারাপ লাগছে। পরীক্ষার কথা স্মরণ হতেই প্রিয় বইগুলো হারানোর কষ্ট তাজা হয়ে উঠছে। হাতে আছে মাত্র নয়শো টাকা। খুব দ্রুত বই কিনতে হবে। তাদের দুজনের কথার মাঝে হঠাৎ অনামিকা কৌতূহলী হলো। বলল, “সত্যিই তো। নিভি, তুমি কি বই নিয়ে আসোনি? কই ব্যাগে তো দেখলাম না।”

নিভি ছোট্ট একটা শ্বাস ফেলে মাথা নিচু করে ফেলল। মনমরা হয়ে বলল, “নিয়ে এসেছিলাম। কিন্তু হারিয়ে ফেলেছি। দুটো ব্যাগ সামলাতে পারিনি।”

“ইশশ!”

অনামিকা করুণ স্বরে কিছু বলে ওঠার আগেই লিখন তাকে থামিয়ে দিল। প্রসঙ্গ বদলে ঝরঝরে কণ্ঠে বলল, “বইয়ের কথা নাহয় বাদ। কিন্তু আপনি তো গত রাতে খেলেন না। সকালেও খাবার টেবিলে দেখিনি। দুপুরে কি দেখা যাবে?”

আবারো অস্বস্তিতে পড়ল নিভি। মিনমিনে স্বরে বলল, “আমি খেয়েছি নানুর সাথে।”

“কখন?”

“সকালে, নানুর রুমে বসে।”

“বাহ! ডাইনিং টেবিলে লকডাউন চলছে নাকি?”

বিরক্ত হয়ে লিখনকে থামিয়ে দিল অনামিকা। বলল, “আহহা লিখন ভাই, ওকে জ্বালাচ্ছো কেন? বেচারী দু-চার দিন থাকুক, এরপর তো সবার সঙ্গে মিশবে।”

“ও মিশেই আছে বেনামি। ঝগড়া-ঝামেলা সব তোর বড় ভাইয়ের সাথে।”

“কোথায় ঝগড়া? নিভি তো সকালেই ক্ষমা চেয়েছিল ভাইয়ার কাছে।”

“তো? হিমাদ্রি ভাই কি চেয়েছে?”

অবাক হতে হতে হেসে ফেলল অনামিকা। আশ্চর্যের সুরে বলল, “হিমাদ্রি ভাইয়া নিভির কাছে ক্ষমা চাইবে? এটা তুমি আশা করছো? হা, তাহলেই হলো।”

অনামিকা এবং লিখনের মধ্যে যখন হিমাদ্রির ক্ষমা চাওয়ার ব্যাপার নিয়ে তর্ক তুঙ্গে। ঠিক তখনই গম্ভীর হয়ে উঠল নিভি। বিনয়ের সঙ্গে দুজনকে থামিয়ে শীতল কণ্ঠে বলল, “আমি চাই না আপনারা গতরাতের বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। ঘটনাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছি। দয়া করে, আর ঘাটাবেন না।”

লিখন এবং অনামিকা একে অপরের দিকে তাকাল। পরক্ষণেই দুষ্টুমি করে অনামিকা বলল, “দেখেছো? নিভি তোমার থেকে কতটা বুদ্ধিমতী।”

দুপুর দুটো বাজতেই আগের দিনের ন্যায় ড্রয়িংরুমের দেয়ালঘড়ি টং টং করে বেজে উঠল। এখন খাবারের সময়। সিঁড়ি দিয়ে প্রত্যেকের নামার আওয়াজ আসছে। তার কিছু মুহূর্ত পরই সেই চেনা আওয়াজ। হিমাদ্রি মাহমুদ চৌধুরী ড্রয়িংরুমে বসে পায়চারি করতে করতে ডাকছেন, “সিনিওরা, দ্রুত এসো। খিদে পেয়েছে।”

সিনিওরা মাহমুদ বিছানা ছেড়ে দাঁড়ালেন। এরই মধ্যে খপ করে তার হাত ধরে ফেলল নিভি। মন সায় দিচ্ছে না বলতে। তবুও থেমে থেমে অনুরোধের সুরে বলল, “নানু, আপনি আর আমি এখানে বসেই খাই? ঠিক সকালের মতো।”

“না নানুভাই, দুপুরে হিমাদ্রির সঙ্গে না বসলে ও খাবে না। তুমি আমার সঙ্গেই চলো। কেউ কিচ্ছু বলবে না। আসো।”

কেউ কিচ্ছু বলবে না, তা নিভি জানে। তবুও, চক্ষুলজ্জার তো একটা বিষয় আছে। গতদিন বদমেজাজি লোকটার সামনে বসে এক বেলা খেয়েছে বলে এতো কথা। এরপর আবারো তার সামনে খাবার গিলবে কীভাবে নিভি? কিন্তু কেউই তার এই অস্বস্তির কথা বুঝল না। অগত্যা বাধ্য হয়ে নানুর পিছু এগিয়ে গেল। ডাইনিং টেবিলের এক তৃতীয়াংশ চেয়ার দখল হয়ে গেছে ইতোমধ্যে। বাকি আছে মাত্র দুটো। প্রথমটা হিমাদ্রি মাহমুদের পাশে, দ্বিতীয়টা লিখন মাহমুদের পাশে। সম্ভবত এ দুটো বড় মামী এবং ছোট মামীর চেয়ার। নিভি সেখানে বসতে জড়তা অনুভব করল। সে দাঁড়িয়ে রইল ওভাবে। অনামিকা কয়েকবার ইশারা করল বসার জন্য। শেষমেশ সকল জল্পনা-কল্পনাকে জলাঞ্জলি দিয়ে লিখনের পাশে বসে পড়ল।

“আরেহ বাহ! আমি তো ভেবেছিলাম, সিদ্ধান্ত নিতে নিতে তোমার সন্ধ্যা পেরিয়ে যাবে।”

নিভি লজ্জায় মাথা নিচু করে ফেলল। লোকটার নজর সেই থেকে তার উপর ছিল, ভেবেই অস্বস্তি হতে লাগল।

নিভি লজ্জা পেলে মাথা তুলনামূলক আরো নুইয়ে ফেলে। ওড়না টেনে কপাল অবধি ঘোমটা দেয়। আর সহজে কথা বলে না। এমন অবস্থায় তার চোখ-মুখ দেখতে অন্যজনকে রীতিমতো উঁকি মারতে হয়। লিখন নিভির সঙ্গে সহজ হতে চাচ্ছে। যেন মেয়েটা তার যে কোনো চাহিদা নিঃসংকোচে তার কাছে বলে দেয়। এসব ব্যাপারে সে পটু। দুষ্টুমি করে অপর পক্ষকে জ্বালাতে জ্বালাতে একসময় ভেতরের অপরিচিত দেয়াল ভেঙে ফেলে। তেমনটাই ঘটাতে চাচ্ছে নিভির ক্ষেত্রে। কিন্তু কতদূর সফল হতে পারবে, সে চিন্তা এখনো করেনি। খাবারের এক লোকমা মুখে নিয়ে লিখন আবারো চাপা কণ্ঠে দুষ্টুমি করে উঠল, “ভেবেছিলাম, আমি বলার পর ডাইনিং-এ এসেছো। খুশিও হয়েছিলাম। কিন্তু এখন দেখছি এক হাত ঘোমটা দিয়ে খাচ্ছো। এর কারণ কি নিভি, লজ্জা পাচ্ছো?”

“আপনি অনেক বেশি কথা বলেন। এতো কথা বলা উচিত নয়।”

নিভি সকলের অগোচরে ফিসফিস করে উত্তর দিল। দৃষ্টি নিজ প্লেটেই নিবদ্ধ, যেন কেউ বুঝতে না পারে। হঠাৎ পান্না চিৎকার করে উঠল। বিরক্ত হয়ে বলল, “জোরে বলো, আমি কিছু শুনতে পাইনি।”

একে একে প্রত্যেকের নজর এখন পান্নার উপর। অনামিকা আদুরে স্বরে জিজ্ঞেস করল, “কে জোরে কথা বলবে পান্না?”

“ওরা” — বলে লিখন এবং নিভির দিকে আঙুল তুলল। সঙ্গে বিস্তারিতভাবে বলল, “ওরা এভাবে, আস্তে আস্তে কথা বলছে। আমি কিছুই শুনতে পাচ্ছি না।”

নিভির মাথাটা ভনভন করে উঠল। শরীরের তাপমাত্রা বেড়ে ৪৫°। সে ঘামছে। লজ্জায়, অস্বস্তিতে হাসফাস করে উঠছে। সবাই কেমন করে তাকিয়ে আছে তাদের দিকে। নিশ্চয়ই অশ্লীল, অস্বাভাবিক কিছু ভাবছে। নিজের উপর সে অসন্তুষ্ট হলো। কেনো কথা বলতে গেল এই বাঁচাল লোকের সাথে? এবার হয়তো সবাই তাকে জড়িয়ে সন্দেহ করবে।

নিভির এই অস্থিরতা লিখনকে ছুঁতে পারল না। সে স্বাভাবিকই রইল। মুখের ভাতটুকু খেয়ে ধীরে সুস্থে বলল, “আসলে পান্না, নিভি তোমার চেয়েও পড়াশোনায় বেশি ফাঁকিবাজ। বাড়িটা তো বরিশালে। তাই ঢাকা অবধি কাপড়ের ব্যাগ শক্ত করে আনতে পারলেও বইয়ের ব্যাগ হারিয়ে ফেলেছে। আচ্ছা তুমি বলো, এটা কি সত্যিই অনিচ্ছাকৃত। নাকি তোমার মতো ইচ্ছে করে হারিয়ে এসেছে।”

পান্না হঠাৎ সবার সামনে দুহাতে মুখ ঢেকে ফেলল। খিলখিল করে হেসে একপ্রকার ভাইয়ের গায়ে হেলিয়ে পড়ল। বলল, “এ্যাই ভাইয়া, আমি একদমই ইচ্ছা করে নোটখাতা হারাই না।”

এরপর নিভির দিকে তাকিয়ে খানিকটা পক্ষপাতিত্ব করে বলল, “নিবিও ইচ্ছে করে হারায়নি। বইখাতা হারিয়ে ও আমার মতোই দুঃখ পায়, তাই না?”

বখতিয়ার চিন্তিত হলো। নিভির দিকে তাকিয়ে বলল, “সে কি মামণি! বই হারিয়ে ফেলেছ, আগে বলবে না? পড়াশোনা তো বন্ধ করা যাবে না।”

ইখতিয়ার বলল, “খাওয়ার পর বইয়ের নাম আমাকে লিস্ট করে দেবে। বুঝেছ?”

নিভি মাথা তুলল না। ওভাবেই উপর-নিচ নাড়াল। বাঁধ সাধল লিখন। বলল, “তার কোনো প্রয়োজন নেই। আমি আমার পরিচিত এক লাইব্রেরিতে কথা বলেছি। সন্ধ্যার মধ্যে বইগুলো পাঠিয়ে দেবে।”

খাবার টেবিলে বিষয়টাকে কেউই অস্বাভাবিকভাবে দেখল না। প্রত্যেকে লিখনের বুদ্ধিমত্তায় সন্তুষ্ট। শুধু দৃষ্টি নড়চড় হলো দুজনের। নিভি অবাক ভঙ্গিতে কয়েক সেকেন্ড লিখনের মুখের দিকে তাকাল। কৃতজ্ঞতায় উজ্জ্বল হয়ে উঠল দুচোখ। পরক্ষণেই মাথা নামিয়ে খাওয়ায় মনোযোগ দিল। অন্যদিকে হিমাদ্রি মাহমুদের চোখেমুখে বিস্তর বিরক্তি। এতো আদিখ্যেতা তার পছন্দ হচ্ছে না। হঠাৎ খাবার টেবিলে গাম্ভীর্যতা ছড়িয়ে লিখনকে প্রশ্ন করল, “গত এক সপ্তাহের মধ্যে একদিনও কি ফ্যাক্টরিতে গিয়েছিলি?”

লিখন মাথা চুলকাল। বাড়িতে নতুন অতিথি। এর মধ্যে কাজের কথা না তুললেই কি হতো না। এক্ষুনি বখতিয়ার মাহমুদ এবং ইখতিয়ার মাহমুদও শুরু করবেন বকাঝকা। নিভির সামনে এগুলো না তুললে কি পেটের ভাত হজম হতো না? সে পানি খেয়ে গলা পরিষ্কার করল। এরপর নিভির মতোই মাথা নত করে কোনোভাবে অস্পষ্ট স্বরে বলল, “হুম।”

“কি হুম?”

“গিয়েছিলাম তো।”

“কবে গিয়েছিলি?”

“পরশুর তিনদিন আগে।”

পরক্ষণেই কিছুটা অসন্তুষ্ট হয়ে বলল, “তুমি তো সারাক্ষণই ভার্সিটিতে থাকো। দেখবে কীভাবে, আমি ফ্যাক্টরিতে যাই কি-না?”

লিখনের বাড়াবাড়িতে ইখতিয়ার মাহমুদ চোয়াল শক্ত করে ফেললেন। চাপা হুমকি দিয়ে বললেন, “এতো বড় বড় কথা বলো না। যা অঘটন করে এসেছ, তা ঠিক করতে আগামী দু সপ্তাহ লাগবে।”

হিমাদ্রি কপাল কুঁচকে ফেলল। বলল, “কি করেছে ছোটো চাচ্চু?”

“হিসেবে গড়মিল। কোনো ঠিক ঠিকানা খুঁজে পাচ্ছি না। ওকে জিজ্ঞেস করো, কদিন আগে ফ্রেন্ড সার্কেল নিয়ে বান্দরবানে ট্যুর দিয়ে এল — সেই টাকার সোর্স কি?”

নিভির সামনে এসব অবান্তর প্রশ্নে মেজাজ গরম হয়ে গেল লিখনের। তবুও নিজেকে যথাসম্ভব শান্ত রেখে জবাব দিল, “সোর্স বলতে কি বুঝাচ্ছো? ট্যুরের টাকা যারটা সে দিয়েছে।”

ইখতিয়ার তাচ্ছিল্য করে হাসলেন। “তুমি ট্যুরে যাবে, আর সেই টাকা দেবে তোমার বন্ধুরা? হাসালে। যত টাকা খরচ তো তুমিই করো। দাদার জমিদারি পেয়েছ কি-না!”

নিভি অস্বস্তিতে পড়ল। পারিবারিক ব্যাপারে বসে থাকা সমুচিত নয় বলে সে দ্রুত উঠে পড়ল। নিভি চলে যেতেই হিমাদ্রি পরিবেশ শান্ত করল। চাচাকে বুঝিয়ে বলল, “এতো রিয়াক্ট করো না। বিকেলে ওকে নিয়ে ফ্যাক্টরিতে যাচ্ছি। একটা ট্যুরে আর কতই বা খরচ হয়! ওটা মেটানো যাবে।”

লিখনের এতোসব প্রশ্নপর্ব ভালো লাগল না। তার মেজাজ তুঙ্গে। নিভি তো নতুন। তার সামনে বাবা-ভাই মিলে তাকে চোর বানাল। লজ্জায় মাথা নষ্ট হয়ে যাচ্ছে। সে আর খেল না। হাত ধুয়ে ধুপধাপ পায়ে উঠে গেল দোতলায়। যেতে যেতে বলল, “ষাট হাজার নিয়েছি। এক সপ্তাহের মধ্যে দিয়ে দিব।”

নভেম্বরের শুরু। সন্ধ্যা নামলেই ধরণীতে মৃদু শীতল হাওয়া বয়। অল্পস্বল্প শীত, তার মধ্যে ঠান্ডা বাতাস শরীর জুড়িয়ে দিচ্ছে নিভির। সে ওড়নাটা আরেকটু ভালোভাবে গায়ে জড়িয়ে নিল। অনামিকার বারান্ডাটা সুন্দর, বড়সড়। তবে একপাশে দুটো ফুলগাছ থাকলে মন্দ হতো না। কেমন মরা মরা লাগছে বারান্ডাটা। নিভি উঁকি দিল রুমের মধ্যে। অনামিকা একনাগাড়ে লিখে যাচ্ছে। দরজা বন্ধ করে রেখেছে পান্নাকে ঠেকাতে। কাল সকালের মধ্যে জমা দিতে হবে। নাহলে ভীষণ ক্ষতি। নিভি একবার চাইল অনামিকাকে বিরক্ত করবে না। কিন্তু পরক্ষণেই সিদ্ধান্ত বদলাল। কতক্ষণই বা এভাবে চুপ করে থাকা যায়? একই সঙ্গে থাকলে দুটো কথা তো বলাই উচিত। সে মৃদু স্বরে ডাকল, “আপু!”

একইভাবে লিখতে লিখতে অনামিকা জবাব দেয়, “হু, বলো।”

“আপনার বারান্ডাটা অনেক সুন্দর, বড়ও।”

“হু।”

“কয়েকটা বন্যফুলের গাছ লাগালে আরো সুন্দর লাগত।”

“উঁহু, আমার অ্যালার্জি আছে। ফুলের ঘ্রাণ নিতে পারি না।”

“ওহহ।”

ভীষণ অদ্ভুত লাগল নিভির। এ যাবৎ কত অ্যালার্জির নাম সে শুনেছে। এটা খেলে এই হবে, ওটা খেলে সেই হবে। কিন্তু ফুলের ঘ্রাণ নিলেও যে কারোর অ্যালার্জি হয় — এটা প্রথম শুনল। সে চুপ করে দেখতে লাগল বাগান। হঠাৎ অনামিকা নিজে থেকে বলল, “তোমাকে যে ঘরটা দিয়েছে, ওটাতেও বারান্ডা আছে। পছন্দমতো ফুলগাছ লাগিয়ে নিয়ো। মালি কাকাকে বললেই এনে দেবে।”

নিভি সামান্য লজ্জা পেল। তাকেও আলাদা ঘর দেওয়া হয়েছে ভাবতেই কেমন কেমন লাগছে। যদিও সে খুব একটা ইচ্ছুক না। এমনকি ও ঘরে এখন অবধি যাওয়াও হয়নি। কিন্তু সেখানে একটা বারান্ডা আছে, নিজ ইচ্ছামতো গাছ লাগানো যাবে, ভাবতেই মনটা আনন্দিত হলো। হঠাৎ মায়ের কথা ভেবে মন খারাপ হয়ে গেল তার। এতো আভিজাত্যপূর্ণ বংশের মেয়ে সে। কত শখ, আহ্লাদ ত্যাগ করে আবার টিনের চালায় আশ্রয় নিল। অথচ ফুলের বাগান করার কতই না শখ তার। কিন্তু মেঝো চাচির জন্য সফল হয়নি। পাশাপাশি বাড়ি হওয়ায় চাচী সারাক্ষণ ঝগড়ায় লেগে থাকতেন। কোথাও একটা ফুলগাছ লাগাতে গেলেই চেঁচিয়ে বলতেন, এ জায়গা তিনি দেখে রেখেছেন লাউশাক লাগাবে বলে। কতশত বার গাছে ফুল হওয়ার পর ছাগল দিয়ে খাইয়েছেন। খামখেয়ালি করে বলেছেন, গাছে বেড়া দাও। ছাগল বাঁধতে পারব না। এসব ভেবে নিভি একটা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ ভেতর থেকে অনামিকার কণ্ঠ শোনা গেল, “এ্যাই নিভি, দ্রুত নিচে যাও তো। তোমার বইয়ের পার্সেল এসেছে।”

পর্ব: ০৯

পার্সেলের বক্সটি বেশ সুন্দর করে প্যাঁচানো। নিভি আস্তে ধীরে খুলে বইগুলো ফ্লোরে নামালো। ইন্টারমিডিয়েটের একাডেমিক বই, গাইড, সাজেশন, সঙ্গে এক ডজন খাতা এবং কলম। পাশে মধ্যম আকৃতির একটা ডায়েরি। তাতে লাইব্রেরির নাম লেখা। সম্ভবত এতোগুলো বই ক্রয় করার কারণে উপহারস্বরূপ দেওয়া হয়েছে। নিভি কয়েক সেকেন্ড তাকিয়ে বইগুলো দেখলো। আনন্দে চোখের কোণ চিকচিক করছে। সে অজানা খুশিতে চোখদুটো খিঁচিয়ে নিলো। বিরবির করে বললো, “আল্লাহ! আপনার প্রতি অনেক শুকরিয়া।”

« <
/ 16
> »
ফ্রিতে হাজার হাজার PDF ডাউনলোড করুন।