নদীর ওপারে সুখ

নদীর ওপারে সুখ চলমান

পর্ব: বোনাস
« <
/ 16
> »

গতদিন পুরো বাড়ি পরিষ্কার করার পর থেকেই মন খুঁতখুঁত করছে। তিনি কি তালা লাগিয়েছিলেন? — প্রশ্নটা চরকির মতো ঘুরছে। এতো বড় বাড়ি, এতো মূল্যবান জিনিসপত্র যদি চুরি হয়ে যায়, তখন কি জবাব দিবেন? সে জন্যই বাধ্য হয়ে দেখতে এসেছেন। হোটেলের কাজকর্ম শেষ করতে করতে সেই সন্ধ্যাই হয়ে গেল।

আলেয়া আস্তে ধীরে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে টর্চ ধরলেন দরজার দিকে। মুহূর্তেই স্তব্ধ হয়ে যান। শরীর কেঁপে ওঠে ভয়ে। মেয়েলি পোশাকে কেউ একজন উপুড় হয়ে শুয়ে আছে দরজার সামনে। তবে কি এই রূপ নওশাদ মাহমুদ ধরেছেন? ভাবতেই আলেয়ার আত্মা কেঁপে উঠল। পা দুটো শক্ত হয়ে জমে গেল। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, “আপনে কে?”

নিভির শরীর ভয়ে কাঁপছে। শরীরের উপর আলো পড়েছে দেখে আরো ঘাবড়ে গেল। এই রাতে নির্জন, সুনশান স্থানে আলো হাতে বোরকা পরিহিত এক মধ্যবয়সী মহিলাকে কেই-বা আশা করে? সে আস্তে ধীরে মাথা তুলে আলোর দিকে তাকায়। চোখের পাপড়ি ভিজে লেপ্টে আছে একে অপরের সাথে।

“আমি নিভি।”

নিভির নিষ্পাপ কান্নাভেজা মুখ দেখে আলেয়া একটু সাহস পেলেন। তবুও সিঁড়ি বেয়ে উপরে উঠলেন না। সে সাহস তার নেই। আগের স্থানে দাঁড়িয়েই প্রশ্ন ছুড়লেন, “কোথা থেকে আইছেন, আর এইখানে কি করেন?”

ভাষাটা নিভির অপরিচিত। কিন্তু কঠিন নয়। সে বুঝতে পারল। কোথা থেকে এসেছে, কি করছে, এতোসব প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি বলল, “এটা নওশাদ মাহমুদ চৌধুরীর বাড়ি না? আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। ওনারা কি বাড়িতে নেই?”

“হে তো কবরে।”

“মানে?”

“হে মারা গেছে। আর হের পোলাপাইনও বাড়িত থাকেনা। আপনে কার লগে কথা কইবেন?”

নানা মারা গেছে শুনে নিভির চারপাশটা অন্ধকার হয়ে এল। এখন সে কি করবে? কার কাছে আশ্রয় নেবে? মামারা… কিন্তু তারাও বা কোথায়? ভেবে ভেবে অস্থির হয়ে উঠল সে। চল্লিশোর্ধ্ব আলেয়া তখন দরজায় তালা দেওয়া দেখে চলে যাচ্ছেন। নিভি দ্রুত ব্যাগ কাঁধে নিয়ে তার পিছু পিছু ছুটল।

“শুনুন, আন্টি। ওনার ছেলেরা কোথায় থাকেন? তাদের ফোন নাম্বার দিতে পারবেন?”

“না, পারতাম না। আমার ধারে কারুর নাম্বার নাই। হেরা ঢাকায় থাকেন।”

আলেয়া দ্রুত হাঁটছেন। আশ্চর্য! সে কি ভয় পাচ্ছে নিভিকে? নাকি অগ্রাহ্য করছে। অন্যসময় হলে এই ভদ্রমহিলার দিকে নিভি ঘুরেও তাকাত না। কেউ কথা বলতে এলে তাকে এভাবে অগ্রাহ্য কীভাবে করে? নিভি তবুও তার পেছনে ছুটল। পরিস্থিতি তাকে আর কতটা ছোট করবে কে জানে!

“আন্টি, আমি অনেক দূর থেকে এসেছি। থাকার জায়গা নেই। কিছু মনে না করলে, রাতে একটু থাকতে দেবেন?”

আলেয়া মুহূর্ত ব্যয় করল না। তার পূর্বেই বলল, “না না বাপু, তোমারে আমার সুবিধার লাগতেছে না। এমনেও আমার ঘর একটা। জামাইয়ের চরিত্রও সুবিধার না। যুবতী মাইয়া রাইখা শেষে বেকায়দায় পড়মু। আপনে হেগো লগে কথা কন।”

“আচ্ছা, আচ্ছা, যাব না। একটু ঠিকানাটা দিন। আমার খুব প্রয়োজন।”

নিভিকে আলেয়ার সুবিধার লাগছে না। একে তো ভূতের ভয়ই কাটেনি। তার উপর দেখতেও ফর্সা, দুধে আলতা রঙ। নিশ্চয়ই জিন-পরী কিছু একটা হবে। এখন আবার পেছন পেছন ছুটে বলছে বাড়িতে যাবে। এটা মোটেও স্বাভাবিক নয়। আলেয়া লোকমুখে শুনেছে, জিন-পরীকে একবার আশ্রয় দিলে, সারাজীবন কবিরাজ-ফকির গুলে খেলেও তারা আর যায় না। সে দ্রুত ছুটে একটা দোকানের সামনে গেল। গলায় ঝোলানো ছোট ব্যাগ থেকে বাটন ফোন বের করে কল লাগাল ছেলের নাম্বারে। গত বছর ঢাকায় অ্যাডমিশন পরীক্ষা দিতে বখতিয়ার মাহমুদ চৌধুরীদের বাড়িতে গিয়েছিল তার ছেলে। অবশ্য তারা নিজে থেকেই আশ্রয় দিয়েছিল। ছেলের থেকে ঠিকানা এনে নিভিকে বলল, “আপনের দোহাই লাগে, আমার পেছন আইসেন না। যাগো লগে কথা কইতে আসছেন, তাগো কাছে যান।”

এই বলে আলেয়া অটোতে উঠে পড়ল। অথচ বাড়ি তার কাছেই। তিনি দিকবিদিক হারিয়ে ফেলেছেন। কিছুদূর গিয়ে যখন হুশ ফিরল তখন গাড়ির মধ্যেই চিৎকার করে উঠলেন, “ও আল্লাহ! আমারে ভেউলায় পাইছে। আমার পিছনে জিন লাগছে।”

ড্রাইভার আতঙ্কিত হয়ে গাড়ি থামালেন। আলেয়া গাড়ি থেকে নেমে দু কদম যেতেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন।

চৌধুরী নিবাস,
এভিনিউ ৫, রোড নাম্বার ১১
মিরপুর ডিওএইচএস, পল্লবী, ঢাকা ১২১৬

এতটুকুই লিখতে পারল নিভি। ওপাশ থেকে ছেলেটা আরো বিস্তারিত তথ্য বলেছে। কোন জায়গায় নেমে, কীভাবে যেতে হবে এ বিষয়ে। কিন্তু সে তা শুনতে পারেনি। তার পূর্বেই আলেয়া বেগম মুঠোফোন ছিনিয়ে নিয়ে চলে গেছে। নিভি কাগজটার উপরে গুটি গুটি অক্ষরে লিখল — “বখতিয়ার মাহমুদ চৌধুরী।”

নামটা তার কাছে বড্ড কঠিন। কোনোভাবে ভুলে গেলে অথৈ সাগরে ভাসতে হবে।

এশার আজান দিচ্ছে। পাশেই অপার্থিব সুন্দর একটা মসজিদ আছে বলে সুরগুলো অন্তরে প্রতিধ্বনিত হচ্ছে। নিভি আজানের পুরো সময়টা মসজিদের দিকে চেয়ে রইল। এরপর ছোট্ট একটা শ্বাস ফেলে সিএনজিতে উঠল। এখানকার তেমন কোনো স্থানের নাম জানে না সে। তাই ড্রাইভারকে বলল, “বাস স্ট্যান্ডে নিয়ে চলুন। যেখানে ঢাকার বাস আসে।”

সিটে মাথা হেলিয়ে সে বাইরের দিকে তাকাল। অচেনা শহরের রাতের সৌন্দর্য তার উপভোগ করতে ইচ্ছে করছে না। তবে খুব শান্তি শান্তি অনুভব হচ্ছে। মন বলছে, এটাই তো মায়ের শহর। এখানেই তো বেড়ে উঠেছে মা। তাই এই সবকিছু নিভির বড্ড আপন। রাতের ঝলমলে আলো, জোনাকি পোকা, মৃদু মন্দ বাতাসে সে মা মা গন্ধ খুঁজে বেড়াল।

কাউন্টারে কথা বলেছে নিভি। ম্যানেজার বলেছে, বাস ছাড়বে সাড়ে দশটায়। সরাসরি মিরপুর যাবে। শুনে সে হাফ ছেড়ে বাঁচল। মা বলেছিলেন, রাতের শহর নারীদের জন্য রাক্ষস হয়ে ওঠে। যে কোনো সময় হামলে পড়ে ছিঁড়ে খাওয়ার জন্য। বাড়ি থেকে বাসে ওঠার পর থেকেই কথাগুলো কানের কাছে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। নিভি দুটো বনরুটি, এক লিটার পানি এবং এক হালি কলা কিনে কাউন্টারে বসল।

রাত সবে সাড়ে আটটা। বাস ছাড়তে এখনো দু ঘণ্টা বাকি। এই রাতে বাইরে কোথাও না কাটিয়ে বাসে কাটানোই অধিক শ্রেয় বলে মনে করল সে। নিশ্চয়ই ঢাকার যাত্রীদের মধ্যে অনেক মহিলা থাকবেন। সেক্ষেত্রে সে একদম নিরাপদ। ম্যানেজার বলেছেন, পৌঁছাতে পৌঁছাতে ভোর হবে। এরপর সে চলে যাবে চৌধুরী নিবাসে। সব মিলিয়ে আজকের রাত নিরাপদ কাটবে ভেবে সস্তিতে নিঃশ্বাস ফেলল সে।

নিভি সারারাত এক ঘণ্টাও ঘুমায়নি। মাঝে কিছুক্ষণের জন্য চোখ লেগে গেলেও তক্ষুণি চোখে পানি দিয়েছে। তার পাশের সিটে একজন ভদ্রলোক বসেছেন। বয়স আনুমানিক পঁয়ত্রিশ। লোকটা দূরত্ব নিয়ে বসলেও নিভির ভয় একটুও কাটেনি। এই বুঝি বাজেভাবে শরীর ছুঁয়ে দেবে — আতঙ্কে সারারাত নির্ঘুম ছিল।

বাস পৌঁছাল ভোর পাঁচটায়। সে ত্রস্ত পায়ে ব্যাগ ঝাপটে ধরে বাস থেকে নামল। কৌতূহলী চোখে আশেপাশের নিরব, স্তব্ধ দৃশ্য দেখল।

“এটাই কি মিরপুর ১১?”

প্রশ্ন শুনে ভদ্রলোক দাঁড়ালেন। বললেন, “নাহ, এটা ১০।”

চিন্তায় পড়ে গেল নিভি। মিরপুরেরও অনেকগুলো ভাগ আছে বুঝতে পেরে বিভ্রান্ত হলো। বলল, “মিরপুর ১১-তে কীভাবে যাব?”

“রিকশা, বা অটোতে উঠে চলে যাবেন।”

ভদ্রলোকের বোধহয় তাড়া ছিল। তাই তিনি লাগেজ হাতে চলে গেলেন ধপাধপ। নিভি আশপাশটা দেখতে লাগল। রাস্তা পুরো ফাঁকা। সে শুনেছে, শহরের মানুষ অনেক সকাল অবধি ঘুমায়। তবে কি এতো ভোরে গাড়ি পাবে না? হয়তো অপেক্ষা করতে হবে।

পাশেই সান বাঁধানো বৈঠক। সে ধীর পায়ে সেখানে গিয়ে বসল। একে একে বাসের যাত্রীরা চলে গেল। বাসও এগিয়ে গেল অন্য গন্তব্যে। একাকী নির্জনতায় বসে রইল নিভি। প্রায় দশ-পনেরো মিনিট পর একটা রিকশা দেখা গেল। চালক রাস্তার ধারে নিভিকে দেখে খানিকটা এগিয়ে গিয়েও আবার ফিরে আসল। তার চোখদুটো মৃদু লাল। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করল, “যাইবেন কোথায়?”

অবশেষে রিকশা পাওয়া গেল। নিভি ব্যাগ হাতড়ে ঠিকানা লেখা কাগজটা চালকের হাতে দিয়ে বলল, “এই অ্যাড্রেসটা চেনেন? এখানে যাব।”

চালক একবার নিভিকে দেখে আরেকবার কাগজ দেখল। বাস্তবিক অর্থে, সে পড়তে জানে না। জীবনের এই সাতাশটা বছরে কখনো স্কুলের চৌকাঠও পার হয়নি। তবুও সে হাসল। বলল, “আরে এই বাড়ি, এইটা তো একদম কাছে। আমি প্রত্যেকদিন কাঁচাবাজার দিয়া আসি এইখানে।”

নিভির চোখদুটো চকচক করে উঠল। লোকটা তার মামাবাড়িতে রোজ বাজার দিয়ে আসে শুনে বড্ড আপনই লাগল। মৃদু হেসে ব্যাগ তুলে রিকশায় বসল। বলল, “চলুন তাহলে।”

চালক পুরো রাস্তায় আর টু শব্দও করল না। এগিয়ে গেল নিজের মতো করেই। কয়েকটা ছোট গলি পার হয়ে এগিয়ে গেল আরো ভেতরে। রাস্তার চারধারে ময়লা স্তূপ করে রাখা। নিভি নাক চেপে ধরল। একসময় একটা টিনের চালা দেওয়া ঘরের সামনে থামতেই নিভি কৌতূহলী হলো। বলল, “এটা কোথায় এনেছেন?”

“এই ঠিকানাই তো লেখা।”

“না না, এটা না। আপনি ভুল করেছেন। আমার মামারা অনেক ধনী পরিবার। এই বাড়ি তাদের নয়।”

চালক তবুও অস্বীকার করল। আশেপাশে তাকিয়ে কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, “আরে আপা, এইটাই। আপনি ভেতরে আসেন। আচ্ছা, আপনার মামার নাম কি কন তো?”

“বখতিয়ার মাহমুদ…”

“হ, তো আমি কি কই? এইটাই বখতিয়ার ভাইজানের ঘর। একদম মাটির মানুষ। আপনি ভেতরে আসেন, উনি একটু অসুস্থ।”

চালক নিভির একটা ব্যাগ নিয়ে দরজার ভেতরে ঢুকল। অগত্যা বাধ্য হয়ে নিভি নিজেও ঢুকল সে ঘরে। ভেতরটা আবছা অন্ধকার। হঠাৎ দরজা বন্ধ হতেই সে শিউরে উঠল। পেছন ঘুরে দেখার পূর্বেই লোকটা হামলে পড়ল তার উপর। আতঙ্কে চিৎকার দেবে, এমন সময় তার মুখে গামছা পেঁচিয়ে ধরল চালক। নিভি ছটফট করতে লাগল। মায়ের চেহারাটা মনে পড়ছে খুব। বলতে ইচ্ছে করছে,

“মা, তুমি ভুল জানো। এ শহরে শুধু রাতে নয়, দিনের বেলায়ও নারী নিরাপদ নয়। যখন তখন হিংস্র জানোয়ার ঝাঁপিয়ে পড়ে।”

বিশ্রী দুর্গন্ধ আসছে চালকের মুখ থেকে। শরীরটাও টলছে। তবে কি সে নেশাগ্রস্ত? নিভি দুহাতে খামচে ধরল তার চোখ-মুখ। কয়েক সেকেন্ডের জন্য মুক্ত হতেই ছুটে গেল দরজার দিকে। এর মধ্যেই সে পুনরায় হিংস্র জানোয়ারের মতো এগিয়ে এল। দিকবিদিকশূন্য হয়ে নিভি টেবিলের পাশ থেকে একটা ইট তুলল। এরপর সর্বোচ্চ শক্তিতে ছুঁড়ে মারল মাথার উপর।

চালকের মাথা ফেটে গেছে। গলগল করে রক্ত পড়ছে সেখান থেকে। আতঙ্কে মুখ নীল হয়ে এল নিভির। লোকটা নড়ছে না। তবে কি মারা গেল?

এতোকিছু ভাবার সময় নেই। সে ওড়নাটা মুঠোয় নিয়ে দরজার পাশে পড়ে থাকা ব্যাগ হাতে নিল। এরপর প্রাণপণ ছুটে বেরিয়ে এল গলি থেকে। মেইন রোডের পাশে দাঁড়িয়ে হাঁপাতে লাগল। কোমড়, গলা, এবং হাতের কনুই জ্বলছে। তার সঙ্গে না পেরে নেশাখোর চালক খামচে দিয়েছে। নিভি আঘাতপ্রাপ্ত স্থানগুলো কাঁদতে কাঁদতে ছুঁয়ে দিল। হঠাৎ বইয়ের ব্যাগের কথা মনে পড়ে। সে বইয়ের ব্যাগ ওখানেই ফেলে এসেছে। এমনকি ঠিকানা লেখা কাগজটাও চালকের কাছে ছিল। এবার কি করবে? কার কাছে যাবে? ঠিকানা তো মুখস্থ ছিল না। আতঙ্কে জ্ঞান হারানোর উপক্রম তার। নির্ঘুম শরীরটা নুয়ে পড়ছে। আর কিছু ভাবতে পারছে না। রাস্তা দিয়ে কিছুক্ষণ পরপর দ্রুতগতিতে বাস, ট্রাক চলছে। নিভি উঠে দাঁড়াল। কাপড়ের ব্যাগ হাতে নিয়ে এগিয়ে গেল রাস্তার মধ্যিখানে। এতোটা ছোটার পর শরীরে আর শক্তি নেই। ঠিকানাটুকু হারিয়ে সে আরো অসহায়। মাকে ভীষণ মনে পড়ছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে,

“মা, তুমি ছাড়া আমি এক পা ও চলতে পারি না। তোমাকে ছাড়া নিভির প্রদীপ এই বুঝি ফুরিয়ে গেল।”

পর্ব: ০৩

ট্রাকচালক রেগে গেছেন। রাস্তার উপর জমায়িত হওয়া লোকদের সঙ্গে চিৎকার করে বললেন, “দেখছেন আপনারা? আরেকটু হইলেই চাকার নিচে পিষে যাইতো। এরপর দোষ হইতো ড্রাইভারের। এরা সেধে সেধে মরতে আসে গাড়ির নিচে, অথচ দিনশেষে আমরাই দোষী।”

« <
/ 16
> »
ফ্রিতে হাজার হাজার PDF ডাউনলোড করুন।