নদীর ওপারে সুখ

নদীর ওপারে সুখ চলমান

পর্ব: বোনাস
« <
/ 16
> »

অনামিকা ফোন রেখে বিছানা ছেড়ে উঠল। এদিক-ওদিক তাকিয়ে অবশেষে সোফার উপর হ্যান্ডব্যাগটি দেখতে পেল। তাকে টাকা গুণতে দেখে নিভি কিছুক্ষণের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল।

“আপু, কি করছেন! আমার টাকা লাগবে না। শুধু একটা টিউশন খুঁজে দিন।”

“কেউ কখন টিউশন করাতে চায়? যখন তার টাকা লাগে। তাহলে আমি যদি তা দেই, তবে আপত্তি কিসের?”

ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল নিভি। বিছানায় বসে চোখ বন্ধ করে কথা গুছিয়ে নিল। বলল, “আপু, আমি একটু স্বাবলম্বী হতে চাই। এখানে নতুন, আশেপাশের কিছুই চিনি না। দু-একটা ছোটোখাটো টিউশন করালে অন্তত রাস্তাঘাটগুলো পরিচিত হয়ে উঠবে।”

অনামিকা টাকা হাতেই বিছানায় বসল। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, “তা ঠিক। কিন্তু এতে আব্বু, ছোট আব্বু রেগে যাবেন। কষ্টও পাবেন খুব। তুমি কি তা চাও?”

“হাত খরচের জন্য অন্যের কাছে হাত পাততে আমিও ভীষণ কষ্ট পাব।”

হেসে ফেলল অনামিকা। টাকা দেখিয়ে বলল, “তাহলে তুমি এই টাকাটা নেবে না, তাইতো।”

চোখ নামিয়ে আঙুলের সঙ্গে আঙুল ঘষতে লাগল নিভি। কিছুক্ষণ নিরব থেকে শীতল কণ্ঠে বলল, “আমার এই মুহূর্তে লাগবে না। আপনি রেখে দিন, প্রয়োজন পড়লে আমি নিজেই চেয়ে নেব।”

পুনরায় টাকাটা ব্যাগে ভরতে ভরতে অনামিকা দু-কাঁধ নাচিয়ে বলল, “ওকে, এজ ইউওর উইশ!”

গোধূলির আকাশে কমলাটে আভা। কোথাও কোথাও ছাইরঙা বর্ণও দৃশ্যমান। যেন শিল্পী ছবি আঁকতে গিয়ে ভুল ক্রমে কালি ফেলে দিয়েছে। সন্ধ্যাপূর্বের এই সময়টা অনামিকার ভীষণ প্রিয়। প্রায় সময়ই পান্নাকে লুকিয়ে ছাদে চলে যায় উপভোগ করতে।

লিখন রেলিংয়ের কাছে অনামিকাকে দেখে ছাদের দরজা থেকেই ফিরে আসে। মনের মধ্যটা খচখচ করছে। কিছুতেই বিশ্বাস হচ্ছে না এমন কবুতরের মতো বাচ্চা মেয়েটা মিথ্যেবাদী। তবুও বড় ভাই আপত্তি জানিয়েছে। নানাভাবে সবাইকে মেয়েটার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। কিন্তু লিখন তা চায় না। দ্রুত এর একটা সুরাহা করতে হবে। আর এর জন্য প্রধান কাজ হলো নিভির সঙ্গে পরিচিত হওয়া। হুট করেই কাউকে গিয়ে সে সত্যি কি না এই প্রমাণ চাওয়া অনুচিত। নিভি এতে লজ্জা পাবে। এর চেয়ে বরং আগে একটা সুসম্পর্ক বজায় রাখা উচিত। তারপর জিজ্ঞেস করা যাবে।

লিখন বড় বড় পা ফেলে অনামিকার রুমের সামনে দাঁড়াল। পকেটে একহাত রেখে অন্য হাতে ঠেলে সামান্য দরজা খুলে ভেতরে উঁকি দিল। নিভি শুয়ে আছে।

“অনামী, আসব?”

দরজার উপর কয়েকটা টোকা এবং পুরুষালি কণ্ঠের আওয়াজ পেতেই ধড়ফড়িয়ে উঠে বসল নিভি। আশেপাশে তাকিয়ে লিখনের উদ্দেশ্যে বলল, “আপু ঘরে নেই।”

“কোথায় গেছে?”

“আমি ঘুমিয়ে ছিলাম। ঠিক বলতে পারব না।”

“কিন্তু ওকে তো কিছুক্ষণ আগেই দেখে গেলাম।”

নিভি বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। ওড়নাটা ঠিকভাবে গায়ে-মাথায় দিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। উত্তর দিল না। লিখন দরজা নাড়াতে নাড়াতে ওপাশ থেকে বলল, “আমি কি ভেতরে আসব?”

“না।”

না — উত্তর দিতে নিভি সেকেন্ড ব্যয়ও করল না। সে অপ্রস্তুত হয়ে পড়েছে। বাড়ির এতোগুলো ঘর, এতোগুলো মানুষ থাকতেও সম্পূর্ণ অচেনা যুবক হয়ে রুমে আসতে চাইছে। আর তাতে অনুমতি দেওয়াটা অনুচিত মনে হলো।

লিখন হতবাক হয়ে বলল, “আসব না?”

“পরে আসুন। আপু আসলে আমি আপনার কথা বলে দেব।”

“আসলেই আসতে পারব না?”

কী আশ্চর্য! নিভি বিভ্রান্ত হয়ে দরজার দিকে তাকাল। লোকটার হাত দেখা যাচ্ছে শুধু। তবে বোঝা যাচ্ছে সে বাইরে দাঁড়িয়ে। নিভি আগের মতোই দৃঢ় কণ্ঠে বলল, “না।”

লিখন ঠোঁট টিপে হেসে ফেলল।

“সত্যিই আসব না?”

এক মুহূর্তের মধ্যে রাগে শরীর জ্বলে উঠল নিভির। সে চুপ করে রইল। লোকটা কি তার সঙ্গে রসিকতা করছে? কিন্তু তাদের মধ্যে তো এমন সম্পর্ক নেই। তবে কেনই বা শুধু শুধু বিরক্ত করছে। সে পণ করল আর উত্তর দেবে না। চুপ করে বসে থাকবে। দরজার ওপাশ থেকে আবারো লিখনের গলা ভেসে আসল।

“তুমি কি আমাকে ভয় পাচ্ছো, নিভি? আরে, আমি তোমার কাজিন হই। একটু আলাপ তো করা উচিত।”

“জি, আসসালামু আলাইকুম। আপনি পরে আসুন।”

থতমত খেয়ে গেল লিখন। মেয়েটা কি ক্ষেপে গেল তার উপর। আহা, কী মুসিবতটাই না হলো! কী বলতে এসে কী বলে ফেলল? আর রাগানো যাবে না। সে চলে আসল দরজার সামনে থেকে। পরক্ষণেই দু পা পিছিয়ে পুনরায় বলল, “ছাদে আমার একজোড়া কবুতর আছে। ওদের মধ্যে মেয়ে কবুতরটা ঘাড়ত্যাড়া। ডাকলে কাছে আসে না। আরো ভেতরে গিয়ে রেগে গুড়ুম গুড়ুম শব্দ করে। ঠিক তোমারই মতো।”

নিভি কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল। এরপর অনেকক্ষণ লিখনের কোনো আওয়াজ না পেয়ে দরজা মেলে উঁকি দিল বাইরে। নাহ, কেউ নেই। লোকটা নিজের খেয়ালখুশিমতো বিরক্ত করে চলে গেছে। নিভি সস্তির নিঃশ্বাস ফেলল। এ বাড়িতে সে অচেনা, আশ্রিতা। তাই প্রতি পদক্ষেপে সতর্ক থাকতে হবে। এক্ষুনি লিখন মাহমুদ যে কথাগুলো বলল, এগুলো হয়তো খুব একটা আপত্তিকর কিছু নয়। কিন্তু যখনই বাড়ির বড়রা দেখবে ফাঁকা ঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিভি লিখনের সঙ্গে কথা বলেছে — তখনই ব্যাপারটা গুরুতর হয়ে উঠবে। শেষমেশ চরিত্রে দাগ পড়বে নিভিরই।

আপাতত মাথা থেকে সে এসব ঝেড়ে ফেলেছে। ভেতরে ভেতরে কিছু গুরুতর সিদ্ধান্ত নিয়েছে। অনামিকার সঙ্গে কথা বলার পর নিভি বুঝে গেছে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে মামা বা অনামিকা কোনো সাহায্য করতে পারবে না। বরং রেগে যাবে, কষ্ট পাবে। অন্যদিকে বড় মামার ছেলে হিমাদ্রি মাহমুদ। প্রতিনিয়ত বাড়ির সকলের মধ্যে বিষ ছড়াচ্ছে। অপমান করছে, সন্দেহ করতে বাধ্য করছে। নিভি কখনোই কাউকে সম্পর্কের প্রমাণ দিতে যাবে না। এতোটা ছোটো হওয়ার চেয়ে এ বাড়ি ছাড়া অধিক উত্তম। এতো অপমানিত হয়েও সে আর এ বাড়িতে দুদিন থাকবে। এ দুদিনে দিনের বেলা নিজে থেকে আশপাশটা ঘুরবে। টিউশন বা অন্যান্য ছোটোখাটো চাকরি খুঁজবে। এরপর আস্তে করে সম্মান নিয়ে চলে আসবে চৌধুরী বাড়ি থেকে। যদি রাতে মাথা গোজার কোনো ঠাই থাকত, তবে এক্ষুনি বেরিয়ে আসত।

প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। নিভি ভাবল, একবার বাড়ির চারপাশটা দেখে নেবে। তাই গুটিগুটি পায়ে বেরিয়ে এল রুম থেকে।

ড্রয়িংরুম পুরোপুরি খালি। বাড়ির সদস্যরা কেউ নেই। নিভি আশেপাশে তাকিয়ে দেখছে কেউ আছে কি-না। এরপর সদর দরজা দিয়ে মুহূর্তেই বেরিয়ে পড়ল। ভ্রুযুগল কুঁচকে ফেলল হিমাদ্রি। সন্দেহ ক্রমশ দৃঢ় হচ্ছে। সে দ্রুত গায়ে টিশার্ট জড়িয়ে নেমে পড়ল নিচতলায়। নিভি ধীর পায়ে বাড়ির চারপাশটা দেখল। এরপর বাগানের ফুলগাছগুলো নেড়েচেড়ে গেটের দিকে এগিয়ে গেল। দারোয়ান নেই। কেন নেই সেই প্রশ্ন তার মনে জাগল না। সে উদাস মনে গেট দিয়ে উঁকি দিল বাইরে। কোন দিক থেকে এসেছিল, তা মনে করতে চাইল।

“উঁকিঝুঁকি মারছো কেনো?”

আকস্মিক পেছন থেকে পুরুষালি গম্ভীর আওয়াজ পেয়ে নিভি চমকে গেল। সামনে হিমাদ্রি দাঁড়িয়ে আছে কপাল কুঁচকে। তাহলে কি আবারো সন্দেহ করছে। নিভি কী উত্তর দেবে বুঝতে পারল না। বিব্রত হয়ে চেয়ে রইল।

“পালানোর পথ খুঁজে রাখছো? নাকি বাড়ির জিনিস সরিয়ে বাইরে লুকিয়ে রাখছো? কি আছে হাতে, ওড়নার নিচে কি ঢেকে রেখেছ?”

হতভম্ব হয়ে গেল নিভি। তাকে সরাসরি চোর বলল! অপমানে থমথমে হয়ে মুখশ্রী। তবুও ক্ষিপ্ত হলো না। শান্ত কণ্ঠে বলল, “আপনি ভুল ভাবছেন। আমি পালাব কেন? আর বাড়ির জিনিস বাইরেও বা লুকাব কেন?”

ক্রুর হাসল হিমাদ্রি। কপালের মাঝখানটা আঙুল দিয়ে ঘষে রগচটা কণ্ঠে বলল, “অভিনয় করো না। তুলে একটা আঁছাড় মারলে এসব কাজ করার সাহস হবে না কোনোদিন। দ্রুত বলো, কোন গ্যাঙের তুমি।”

“আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না।”

অপমানে নিভির চোখ জ্বলছে। এতো বড় অপবাদের জন্য জুতো খুলে মুখের উপর ছুড়তে ইচ্ছে করছে। কতটা বিশ্রী মানসিকতার হলে, অপরিচিত একটা মেয়ের সঙ্গে এভাবে কেউ কথা বলে।

নিভির কণ্ঠে তেজ পেয়ে হিমাদ্রি একটু অবাকই হলো। বলল, “অপমান! রাতের মধ্যে বাড়ি ছাড়বে তুমি। ভেবো না তোমার বানোয়াট কথাগুলো বাড়ির সবাই বিশ্বাস করেছে। তুমি যাকে মৃত বলে সবার থেকে সহানুভূতি নিচ্ছো, সে আমার ফুপি। সাবধান করছি, চলে যাও। নাহলে তুমিসুদ্ধ তোমার পুরো গ্যাঙকে ধরব।”

নিভি রেগে গেলে তা লুকিয়ে রাখতে পারে না। সেটা তার চোখে-মুখে ফুটে ওঠে। চোখ-নাক লাল হয়ে যায়। হাত-পা কাঁপতে শুরু করে। দাঁতের সঙ্গে দাঁত চেপে ধরে বসে থাকে। হিমাদ্রি দু-পা এগিয়ে গিয়েও আবার ফিরে আসল। নিভির ওড়নার দিকে তাকিয়ে সন্দেহ নিয়ে বলল, “হাতের নিচে কি লুকিয়ে রেখেছ? — অস্ত্র! আজই কি তোমার দলের লোক আসবে নাকি? বাকি ছুরি-চাকু কোথায় রেখেছ — ব্যাগে?”

যথেষ্ট হয়েছে। আর হজম করতে পারল না। ওড়নার নিচ থেকে হাত বের করে সে মুঠোফোনটা দেখাল। এরপর ক্ষিপ্ত পায়ে বাড়ির সদর দরজার দিকে গেল। মাগরিবের আজান দিয়েছে। প্রত্যেকে নামাজ পড়ে ড্রয়িংরুমে বসেছে নাস্তার জন্য। সিনিওরা, অনামিকা, পান্না, লিখন সোফায় বসে আছে। জ্যোতি এবং সেজুতি গেছেন নাস্তা বানাতে। ইখতিয়ার মাহমুদ এবং বখতিয়ার মাহমুদ বাড়িতে নেই। বিকেলেই ফ্যাক্টরিতে চলে গেছেন। সকলের মধ্য থেকে হনহন করে দোতলায় উঠল নিভি। সিনিওরা, অনামিকা ডাকলেও জবাব দিল না। ফিরে এল কাপড়ের ব্যাগ নিয়ে। এরপর সিঁড়িতে দাঁড়িয়েই তেজ নিয়ে ছুঁড়ে মারল হিমাদ্রির সামনে। রাগে চোখ ফেটে পানি পড়ছে টপটপ করে। বাড়ির সবাইকে শুনিয়ে চিৎকার করে বলল, “নিন, চেক করুন। এটাই আমার ব্যাগ। দেখুন ভেতরে কত অস্ত্র আছে।”

হিমাদ্রি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। নিভির স্পর্ধা দেখে সে হতবাক। চোয়াল শক্ত করে রাগন্বিত দৃষ্টিতে চেয়ে রইল। জ্যোতি, সেজুতি ছুটে এসেছে রান্নাঘর থেকে। প্রত্যেকে হতভম্ব। হিমাদ্রি ব্যাগ খুলছে না দেখে নিভি এগিয়ে গেল। ক্ষিপ্ত হাতে ব্যাগের চেইন খুলে একে একে জামা-কাপড়গুলো বের করে ঝেড়ে ঝেড়ে সবাইকে দেখাল। অনামিকা ছুটে গিয়ে দুহাতে জাপটে ধরল নিভিকে। বলল, “কি করছো এসব? জামা-কাপড় কেনো ছড়াচ্ছো নিভি? কি হয়েছে?”

নিভি নিজেকে সজোরে ছাড়িয়ে নিল অনামিকার সামনে থেকে। এরপর হিমাদ্রির মুখোমুখি দাঁড়িয়ে, চোখে চোখ রেখে, তেজী কণ্ঠে বলল, “যে মানুষটা পাঁচদিন আগে ক্যান্সারে মারা গেছে, সে আমার মা। মা চেনেন তো? চোখের সামনে টানা দু বছর ধরে ছটফট করার পর মরে গেছে। তার মৃত্যুর পাঁচদিন পর আমি দুপুরে দুটো ভাত খেলাম কেনো এ নিয়ে আপনার তুমুল অভিযোগ। আমি তার মেয়ে হতেই পারি না। আপনার প্রিয় ফুপুকে নিয়ে আমি মিথ্যা কথা বলছি। সুযোগ নিয়ে এ বাড়িতে ঢুকেছি চুরি করতে। এতোটাই প্রিয় ফুপু আপনার, যে আজ এতোগুলো বছরেও একটা খোঁজও নেন নি আদৌ বেঁচে আছে কি-না! লজ্জা করে না? নিজেদের দোষ ঢাকতে আমায় দোষী বানাচ্ছেন। চোর, ডাকাত, খুনি যা নয় তাই বলে অপমান করছেন। রাতের মধ্যে বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছেন সন্ত্রাসীদের মতো। আমার ভুল হয়েছে। বোঝা উচিত ছিল, মা যাদের সাথে এতো বছরেও একবার যোগাযোগ করেনি, তারা কেমন মানুষ হতে পারে। ভুল করেছি, মায়ের মৃত্যুর কথা জানিয়ে। তার কবর দেখার যোগ্যতাও আপনার নেই।”

থেমে,

“অনামিকা আপু, মামাদের বলে দিও — বোনের কবর দেখার ইচ্ছে হলে যেন পিরোজপুরে যায়।”

এরপর পুনরায় হিমাদ্রির উদ্দেশ্যে বলল, “আপনাকে আমি মানবিকই মনে করি না। আপনার মতো একজন অমানবিক মানুষের কাছে নিজেকে প্রমাণ দেব, বলব — ‘আমি সায়মা মাহমুদের মেয়ে’ এতে আমার রীতিমতো ঘৃণা করবে। ছিহ!”

হিমাদ্রি প্রচণ্ড রেগে গেছে। জ্যোতি তা বুঝতে পেরে ছেলেকে টেনে দোতলায় নিয়ে গেল। যা হয়েছে হোক, বিচার বখতিয়ার এসে করবে। কিন্তু এক্ষুনি ছেলে রেগে গেলে এমন কিছু করে বসবে, যার দায় এড়ানো অত্যন্ত মুশকিল। নিভি দ্রুত হাতে জামাকাপড় পেঁচিয়ে ব্যাগে তুলল। এরপর চলে যেতে চাইতেই সিনিওরা কেঁদে উঠলেন। তিনি অনেকভাবে বোঝালেন, এর বিহিত করবেন। হিমাদ্রি নিভিকে আর অপমান করবে না। কিন্তু তাতে কি এসে যায়? সেজুতি, অনামিকা অনেকবার আটকানোর চেষ্টা করল। কিন্তু সফল হলো না। নিভি কাউকে মানলই না। টেনে হিচড়ে বেরিয়ে গেল সদর দরজার দিকে। অবশেষে লিখন আটকাল। বলল, “নিভি শোনো, যেও না। হিমাদ্রি ভাই এমনিই ভালো। ওর কথায় তুমি কিছু মনে করো না। ওর একটু সমস্যা আছে।”

“লিখন ভাইয়া খবরদার! বড় ভাইয়ার নামে একটাও বাজে কথা বলবে না।”

অনামিকা রেগেমেগে দোতলায় চলে গেল। লিখন আর কিছু বলল না। অনুরোধ করল, “আব্বু আসুক, তারপর ডিসিশন নাও।”

নিভি কারোর কথাই শুনল না। যা হওয়ার হয়ে গেছে। যথেষ্ট কথা শুনিয়েছে হিমাদ্রি নামক মানুষকে। এরপর বড় মামী, অনামিকা তাকে একটুও ভালো চোখে দেখবে না, তাতে নিশ্চিত। বাদবাকি রইল মামা। নিভি চায় না তার জন্য পরিবারের মধ্যে মান-অভিমান জন্মাক। এতোসব অপমানের পর এ বাড়িতেই বা থাকে সে কী করে? এসব ভেবে ঝোঁকের মাথায় বেরিয়েই পড়ল বাড়ি থেকে।

সিনিওরা কাঁদছেন। তাকে নিয়ে সকলে চিন্তিত। সেজুতি দ্রুত শাশুড়িকে ঘরে নিয়ে গেল। ঘরে গেলে পরিচিত পরিবেশে তিনি অল্প সময়েই শান্ত হয়ে যান। লিখন এবার চিন্তিত হয়ে পড়ল। কিছুক্ষণ ভেবে দ্রুত কল লাগাল বাবার নাম্বারে।

পর্ব: ০৭

বখতিয়ার মাহমুদ এবং ইখতিয়ার মাহমুদ দুজনেই সকল কাজ ফেলে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলেন। ড্রয়িংরুমে মনমরা হয়ে বসে আছে অনামিকা। তার কোলে শুয়ে পান্না কার্টুন দেখছে মোবাইলে। সেজুতি মাহমুদ স্বামীকে নিয়ে চিন্তিত। সায়মাকে তিনি কত ভালোবাসেন তা সে ভালো করেই জানে। সেই সায়মার মেয়ে অপমানিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছেন, এটা শোনার পর হিমাদ্রির উপর ভীষণ ক্ষেপে যাবেন। সংসারে তিনি সেই অশান্তি চান না। জ্যোতি মাহমুদের চোখেমুখে আতঙ্ক। ছেলেটা রেগেমেগে বের হয়ে গেছে। ফোনটাও নিয়ে যায়নি। এমনিতেই বেজায় রাগ। কোথায় গিয়ে বসে আছে কে জানে? লিখন চুপচাপ বসে আছে সোফায়। মাথা নত করে পা দুলিয়ে দুলিয়ে ভাবছে। ইখতিয়ার বলেছে বাড়িতেই থাকতে। তবে আপাতত বাড়ির অশান্তি নিয়ে তার ভাবনা নেই। তার মনে নিভিকে নিয়ে দুশ্চিন্তা। গ্রাম থেকে এসেছে। দেখতেও বেশ সুন্দরী। রাস্তাঘাট ঠিকমতো চেনে না। এই রাতের আধারে কাকে না কাকে বিশ্বাস করে বসে কে জানে!

« <
/ 16
> »
ফ্রিতে হাজার হাজার PDF ডাউনলোড করুন।