নিভি আওয়াজ শুনে শোয়া থেকে উঠে বসল। খোলা দরজার দিকে তাকিয়ে একটু কৌতূহলী হতেই অনামিকা রুমে ঢুকল।
“দুটো বেজে গেছে নিভি। দ্রুত খেতে চলো।”
নিভি দাঁড়াল। কোনো টু শব্দ না করেই অনামিকার পিছুপিছু রুম থেকে বেরোলে। অথচ মনে তার অগাধ প্রশ্ন। তার জানতে ইচ্ছে করছে, দুটো বাজতেই কেনো খেতে হবে? এটা কি এ বাড়ির নিয়ম। তাহলে দুটোর আগে কারোর খিদে পেলে সে অপেক্ষা করবে, নাকি দুটোর পর দেরি করে এলে কেউ খেতে পারবে না? মনের মধ্যে বোকার মতো অজস্র প্রশ্ন। কিন্তু তা সে করার সাহস পেল না।
“সিনিওরা, খেতে এসো।”
নিভি পুরুষালি আওয়াজ শুনে দোতলা থেকেই ড্রয়িংরুমে উঁকি মারল। লম্বা-চওড়া এক তামাটে বর্ণের যুবক। পরনে ঢিলেঢালা ট্রাউজার এবং টিশার্ট। ভেজা চুলগুলো দিয়ে টপটপ করে পানি পড়ছে। যার দরুন সাদা টিশার্টের পেছনের গলার অংশ ভেজা। সে একহাত পকেটে ভরে ড্রয়িংরুমে পায়চারি করছে। কিছুক্ষণ পরপর সিনিওরা, সিনিওরা বলে ডাকছেও।
নিভি কিছুটা হতভম্ব হলো। সিনিওরা নাম তো তার নানুর। এটা অনামিকা বলেছে। তাহলে মধ্যবয়সী এই যুবক নানুকে নাম ধরে কেন ডাকছে? এবারের প্রশ্নটি গুরুতর। নিভি হজম করতে পারল না। আলতো করে দুহাত দিয়ে অনামিকার হাত ধরে থামাল। নিচু স্বরে বলল, “আপু, উনি কে? নানুকে নাম ধরে কেন ডাকছেন?”
অনামিকা হেসে ফেলল।
“ওটা আমার বড় ভাই। ছোটবেলা থেকেই দেখেছি দাদুমনিকে নাম ধরে ডাকে। এটা নাকি ভাইয়ার পছন্দের নাম। দাদুও ভীষণ পছন্দ করে ওকে।”
নিভি সামনাসামনি বিনয়সূচক মৃদু হাসলেও ভেতরে ভেতরে প্রচণ্ড বিরক্ত হলো। যুবকটার বয়স কতই বা হবে — ঊনত্রিশ-ত্রিশ! কতটা আদব-কায়দা হীন হলে সত্তর বছরের একজন বৃদ্ধাকে নাম ধরে ডাকে!
সিনিওরা ধীর পায়ে রুম থেকে বের হলেন। বড় নাতিকে দেখে চওড়া হেসে এগিয়ে এলেন ড্রয়িংরুমে। নিভি ডাইনিং টেবিলে বসে নানুকে দেখলেন। এই বয়সী বৃদ্ধারা পান খেয়ে দাঁত খয়েরি করে ফেলেন। অথচ, সিনিওরা পান খান না। বরং যুবতী মেয়েদের মতো ঠোঁটে লিপস্টিক পড়েন। যার দরুন হাসিটা নিভির কাছে চমৎকার লাগল। সে তাকিয়ে রইল।
হিমাদ্রি মাহমুদ সিনিওরাকে ধরে পাশের চেয়ারে বসালেন। জ্যোতি এবং সেজুতি এতোক্ষণে সমস্ত খাবার টেবিলে এনেছে। সকলে এসে বসেছে দেখে, এ পর্যায়ে পাতে পাতে বেড়ে দিতে লাগলেন। ইখতিয়ার একটা বড় চিংড়ি মাছ চামচে তুলে নিভির পাতে তুলে দিয়ে বললেন, “চিংড়ি খাও তো, মামণি?”
নিভি অস্বস্তিতে পড়ে মাথা উপর-নিচ নাড়াল। এতোগুলো মানুষ, বাচ্চা থাকতে মামা তাকে বেড়ে দিচ্ছে — ব্যাপারটার জন্য আবার কারো রোষানলে না পড়তে হয়, সেজন্য আল্লাহ আল্লাহ করল।
এতোক্ষণে হিমাদ্রি মাহমুদ টেবিলের অপর প্রান্তে বসা নিভিকে দেখল। সে অনামিকা এবং ইখতিয়ারের মাঝে বসেছে। মাথায় সুতির ওড়না টানা। এতোটাই মাথা ঝুঁকিয়ে খাচ্ছে যে ঠিকমতো চেহারা বোঝা যাচ্ছে না। হিমাদ্রি লিখনের দিকে তাকাল। সে থেমে থেমে নিভিকে দেখছে।
“ও কে?”
হিমাদ্রি প্রশ্ন ছুড়ল। নিভি মাথা তুলে একঝলক তাকিয়ে পুনরায় নামিয়ে নিল। অস্বস্তিতে খাওয়া বন্ধ করে প্লেটের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। সিনিওরা মিষ্টি করে হাসলেন। বললেন, “কেন দাদুভাই, চিনতে পারছো না? তোমার সায়মা ফুপির মেয়ে, নিভি। আমার নাতনি।”
“ফুপির খোঁজ পেয়েছ? কবে পেলে? আমাকে তো কেউ কিছু জানায়নি।”
“খোঁজ তখনই পাওয়া যায়, যখন কেউ খুঁজতে যায়। আমার মেয়েকে তো কেউ খুঁজেই নি। নাতনিটা আমার নিজ থেকে খুঁজতে খুঁজতে এসেছে।”
সিনিওরা অভিমানজড়িত কণ্ঠে বললেন। হিমাদ্রি আরেকবার নিভিকে দেখল। এরপর পুনরায় দাদিকে জিজ্ঞেস করল, “ফুপি আসেনি?”
“আমার মেয়েটা তো মরেই গেল, ক্যান্সারে।”
সিনিওরা হাউমাউ করে কেঁদে উঠলেন। সদ্য খাবারে হাত দিয়েছিলেন তিনি। মেয়ের মৃত্যুর কথা মনে পড়তেই উঠে গেলেন টেবিল ছেড়ে। বললেন, তোমরা খাও।
আজকাল সব ভুলে যান সিনিওরা। বৃদ্ধ বয়সে কিছুই মনে থাকে না। মাঝেমধ্যে মনে হয় স্বামী বেঁচে আছেন। কখনো-সখনো ড্রয়িংরুমে এসে বৌমাদের উদ্দেশ্যে বলেন, “তোমার শ্বশুরের জন্য ইলিশ মাছের পানিখোলা রান্না করবা। মানুষটা খেতে ভীষণ ভালোবাসেন।” জ্যোতি, সেজুতি দীর্ঘশ্বাস ফেলে ‘আচ্ছা’ বলেন। এরপর দীর্ঘ কয়েক ঘণ্টা বোঝানোর পর সিনিওরা মনে করতে পারেন নওশাদ বেঁচে নেই।
সকালে নিভিকে দেখে অনেক কান্নাকাটির পর ঘণ্টাখানেক ঘুমিয়েছিলেন। এরপর প্রায় অনেকক্ষণ মনে নেই, মেয়ে মারা গেছেন। নাতিকে নিয়ে অনেক আহ্লাদ করার পর খাবার টেবিলে মনে পড়ল সায়মা মারা গেছেন।
সিনিওরা রুমে চলে গেলেন। খাবার টেবিলে সকলের খাওয়া বন্ধ হয়ে গেল। বখতিয়ার, ইখতিয়ারের খাওয়ার ইচ্ছে নেই। আসতেও চেয়েছিলেন না। কিন্তু জ্যোতি বুঝিয়েছে। বলেছে, “মেয়েটা এমনিতেই কাউকে চেনে না। কেমন একা চুপ করে বসে থাকে। এরমধ্যে তোমরা যদি টেবিলে না আসো, তবে কি ও খাবে?”
স্ত্রীর যুক্তি ভুল নয়। বখতিয়ার মেনে নিয়েছেন। এরপর ছোটো ভাইকে নিয়ে অনিচ্ছায় খেতে এসেছেন। কিন্তু মায়ের হঠাৎ কান্নাকাটির পর তাদের আর খেতে ইচ্ছে করল না। কোনোমতে দু লোকমা মুখে তুলে চলে গেলেন রুমে। নিভি সেদিকে তাকিয়ে অল্প অল্প করে মুখে তুলল। তার পেটে ভীষণ ক্ষুধা। মা মারা যাওয়ার রাত থেকে খাওয়া হয়নি। সেদিন মিলাদে দুটো খেয়েছিল। এরপর আর ঠিকমতো খায় নি। চাচা দুটো ভাত দিলে সেটাও শালিকের মতো খেয়েছিল কম, ছিটিয়েছিল বেশি। পেটে এখন ভীষণ ক্ষুধা।
হিমাদ্রি নিগূঢ় দৃষ্টিতে নিভিকে দেখল। এরপর লিখনের উদ্দেশ্যে বলল, “ও চিনলো কীভাবে বাবাকে। জন্মের পর কোনোদিন দেখা তো দূর, কথাও তো হয়নি বাবার সাথে।”
“আরে তেমন কিছু না, ভাইয়া। ফুপি মারা গেছে, সেই খবর জানাতে এসেছে। লক্ষীপুর গিয়ে ঠিকানা এনে, ঢাকায় এসেছে। বড় আব্বু, চাচা, দাদী ওকে আর যেতে দেবেন না। তাই, এখানেই থাকবে। আমার সাথে।”
লিখন উত্তর দেওয়ার পূর্বেই অনামিকা বলল কথাগুলো। হিমাদ্রির সন্দেহ কমল না। সে কোনোমতে খেয়ে বাবার রুমে পা বাড়াল। প্রায় সকলের খাওয়া শেষ। নিভি আলগোছে উঠে দাঁড়াল। নিজের এঁটো প্লেটের সঙ্গে একে একে পান্না, অনামিকা, লিখনের প্লেট তুলতে লাগল।
“আরে, আরে, আরে করছোটা কি?”
নিভি অল্পকিছু সময়ের মধ্যে ঘাবড়ে গেল। ফ্যালফ্যাল করে চেয়ে রইল বড় মামীর দিকে। নিচু আওয়াজে বলল, “সবার তো খাওয়া শেষ। এগুলো ধুয়ে আনতে যাচ্ছিলাম।”
“না না, রাখো রাখো। তোমার কিছু করতে হবে না। এগুলো তানজিলা পরিষ্কার করে দেবে। তুমি গিয়ে রেস্ট নাও।”
নিভি একটু লজ্জা পেল। প্লেট টেবিলের উপর রেখে এগিয়ে গেল হাত ধুতে। সকালে দু মামীকে রান্না করতে দেখেছে। এরপর খাবারও তারা দুজন একা একা বাড়ল। ভেবেছিল এঁটো প্লেটগুলো ধুয়ে দিলে তারা খুশি হবে। তাছাড়াও বাড়িতে থাকতে মাকে কতশত সাহায্য করেছে সে। এখন অন্যের বাড়িতে এসে শুধু বসে বসে খাওয়াটা কেমন লজ্জাজনক। সে হাত ধুয়ে আবারো দোতলায় চলে গেল।
“আরে আশ্চর্য ব্যাপার তো! তোমরা এতো বোকা হলে কবে? চেনা নেই, জানা নেই, হুট করে একজন এসে বলল — সে ফুপির মেয়ে। আর তোমরা সবাই তা মেনেও নিলে। এমনকি বাড়িতে থাকার অনুমতিও দিয়ে দিলে। কী করে বুঝলে ও সত্যি সত্যিই ফুপির মেয়ে? আগে কি কখনো ওর সঙ্গে দেখা হয়েছিল?”
বখতিয়ার হতভম্ব হয়ে গেলেন ছেলের কথায়। চোখ গরম করে বললেন, “আস্তে বলো। আর এগুলো কি ধরনের কথা? ওইটুকু বাচ্চা মেয়েকে দেখে কি তোমার মনে হয় — ও মিথ্যে বলছে? আর তাছাড়াও, ওকে দেখতে অনেকটা সায়মার ছোটোবেলার মতো। কথাবার্তা, চাল-চলন, চেহারা সব এক। তারপরেও সন্দেহ করলে কী করে?”
হিমাদ্রি হতবাক হয়ে গেল। বলল, “এর মানে কি বাবা? দেশে কতশত ফর্সা, এমন গড়নের মেয়ে আছে। তার মানে সবাই কি ফুপির মেয়ে? আর ফুপিকে ছাড়া তোমরা ওকে কী করে বিশ্বাস করছো? দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ নেই। আদৌ মেয়ে হয়েছে, না ছেলে হয়েছে তাও বা বুঝলে কী করে? আবার বিশ্বাসও করে নিয়েছো ফুপি মারা গেছে!”
ইখতিয়ার রেগে গেলেন। বললেন, “এসব কেমন কথা বলছিস তুই? আমরা কি বোকা? ও যদি আমাদের ভাগ্নীই না হয়, তবে সায়মাকে চেনে কী করে? আতাউর আর সায়মার পালিয়ে বিয়ে করার কথা জানে কী করে?”
“আরে, এসব ব্যাপারে জানা কি খুব কঠিন? হতে পারে লক্ষীপুর থেকে জেনে এসেছে।”
বখতিয়ার ভাবলেন। জিভের দুগগা ভিজিয়ে বললেন, “কিন্তু ওতটুকু মেয়ে মিথ্যা বলবেই বা কেন? এতে ওর লাভ কি?”
“কারেক্ট” — এতোক্ষণে কথা বলে উঠল লিখন। বিছানা থেকে উঠে হিমাদ্রির মুখোমুখি দাঁড়াল। অন্ধবিশ্বাসীর ন্যায় বলে উঠল, “ওই নাদান মেয়েটা ফেক হতেই পারে না। তুই ওর মুখের দিকে তাকিয়ে দেখেছিস? কী ইনোসেন্ট ফেইস! ফুপির মেয়ে নিভিই, তাতে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর।”
হিমাদ্রি বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। যেন লিখনের মতামতকে সে গোনায়ই ধরে না। বাবার উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলল, “বাবা, আজকাল এরকম অনেক চক্র বেরিয়েছে। তোমরা একটু সাবধান হও। জিজ্ঞেস করছো না মিথ্যে বলে ওর লাভ কি? আমি তোমায় বলছি — এরকম ইনোসেন্ট মেয়েরা এইসব চক্রের সঙ্গে মিলে থাকে। নানা দুঃখের কথা বলে ইমোশোনাল করবে। এই যে ওকে থাকতে দিয়েছো না, ও এখন থেকে প্রায় চার-পাঁচ দিন পুরো বাড়ি দেখবে। এরপর সুযোগ বুঝে রাতের খাবারে ঘুমের ওষুধ মিলিয়ে গভীর রাতে ঘরের দরজা খুলে দেবে। এরপর দলের লোক সহ বাড়ির কোণায়-কানায় যা কিছু আছে লুটে চলে যাবে রাতের আধারে। টেরটাও পাবে না। তোমরাই বলো না, কোন মেয়ের মা মরে গেলে খাবার মুখে তুলতে পারে? তোমরা, দাদী না খেয়ে চলে গেলে — আর ও মেয়ে হয়ে খেয়েই চলল। একবারও অদ্ভুত লাগল না?”
বখতিয়ার, ইখতিয়ার দুজনেই বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ নিরব থেকে বখতিয়ার বললেন, “তোমার মায়ের স্বভাবকে আঁকড়ে ধরে থেকো না হিমাদ্রি। এসব সন্দেহ বাদ দাও। আর দ্বিতীয়বার বাজে কথা বলবে না।”
ইখতিয়ার তেজ নিয়ে বলল, “ও আসল হোক, নকল হোক তা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। নিভি আমার ভাগ্নী, ও আমার কাছেই থাকবে। এ বাড়িতেই থাকবে।”
কথাপোকথনগুলো ভীষণ বিষাক্ত। নিভির চোখে জল এসে গেল। লজ্জায়, অপমানে বুকের ভেতরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এতোসব ঘৃণ্য কথা বলবে বলেই হয়তো লোকটা আধা খেয়েই ছুটে এসেছে বাবা-চাচার কাছে। নিভি সবটা শুনল। এরপর আস্তে ধীরে এগিয়ে গেল অনামিকার রুমের দিকে। আল্লাহ, তাকে আর কত অপমান করিয়ে সন্তুষ্ট হবে তা সে জানে না। শুধু মনে হচ্ছে, দুপুরে খেতে যাওয়াটাই ভুল হয়েছে। ওই খাবারটুকুই কি তাহলে কাল হয়ে দাঁড়াল? চোখের পানি মুছে নিভি রুমে ঢুকল। অনামিকা বিছানায় উবু হয়ে ফোন স্ক্রল করছে।
সে বারান্দায় গেল। দুহাতে লোহার শিক ধরে দূরের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে লাগল। ভাবল, এক বেলা খাবার খেতেই এতোটা খোঁটা — এখানে সে কী করে এতোগুলো দিন থাকবে? খেয়ে-পরে একটু থাকার জন্য প্রতি বেলায় এতোটা অপমানিত সে হতে পারবে না। প্রচণ্ডভাবে আত্মসম্মানে লেগেছে। নিভি চোখের জল মুছল। সে এখানে আর থাকবে না। দিনের পর দিন পড়ে থেকে এতো সুন্দর সম্পর্কটা নষ্ট করবে না। এর চেয়ে খুব দ্রুতই চলে যাবে। কত মানুষ আশ্রয়হীন বেঁচে থাকে। সেও থাকবে। এসএসসি সার্টিফিকেট তো আছেই। দু-দিন ঘুরলে স্বল্প বেতনে হলেও কোনো একটা চাকরি পাওয়া যাবে। মানসম্মত না হোক, মাসশেষে দুটো টাকা তো পাওয়া যাবে।
নিভি আরো কিছুক্ষণ ওভাবে দাঁড়াল। মন মানছে না। গ্রাম থেকে আসা বুঝি উচিত হয়নি। ওখানে অন্ততপক্ষে কম বেতনে টিউশন পাওয়া যেত। কোনোভাবে মেশিন চালিয়ে, স্টুডেন্ট পড়িয়ে ভাড়া বাসায় থাকা যেত। হঠাৎ কিছু একটা ভেবে সে রুমে আসে। অনামিকার উদ্দেশ্যে ধীর গলায় বলে, “আপু, আমাকে একটা টিউশন খুঁজে দেবেন?”
পূর্ববর্তী গল্প: লুবনা মির্জা ২ • ফাতেমা তুজ জুহরা
পর্ব: ০৬
“হঠাৎ টিউশনের কথা বলছো কেন? তোমার কি টাকা লাগবে, নিভি? কত লাগবে, দাঁড়াও আমি দিচ্ছি।”













