গত দু বছর ধরে পেছনে পড়েছে। নবম শ্রেণিতে থাকাকালীন জন্ম নিবন্ধন কাগজ সংশোধন করতে নিভি একবার ইউনিয়ন পরিষদে গিয়েছিলো। সেদিন সেখানে তুমুল ঝামেলা। কোনো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে শালিস বসেছিলো পরিষদ চত্বরে। এতো এতো জনমানুষের মধ্যে অপূর্ব শিকদার সেদিন থমকে গিয়েছিলো। নিভি’র সুশ্রী, মায়াবী মুখ, শান্ত ভঙ্গিমা, ভীতু কদম তাকে ভেতর থেকে স্থির করে দিয়েছিলো। এরপর থেকেই বাউন্ডুলে জীবনে কিছুটা গতিপথ ফিরে পায়। সারাদিনের সকল ঝুট-ঝামেলাকে পিছনে ফেলে রোজ সকালে স্কুলে যাওয়া এবং আসার পথে দলবল নিয়ে দাঁড়িয়ে থাকতো অপূর্ব। তবে কখনো বিরক্ত করেনি। দূর থেকে চেয়ে দেখতো। এলাকার কোনো ছেলে যেনো বিরক্ত করতে না পারে, সেজন্য কড়া হুশিয়ারি জারি করেছিলো। কখনো সখনো চলার পথে নিভি’র থেকে দূরত্ব রেখে হেঁটেছে। প্রেয়সী ভীত হবে, অস্বস্তি বোধ করবে ভেবে দলবলকে ছেড়ে পিছু নিয়েছে। মাঝেমধ্যে একাকী সময় গুণতো। নির্দেশনা হিসেবে কয়েক মাস পর পর মনে করিয়ে বলতো, “আর তো মাত্র ক’টা দিন। তোমার এইচএসসি টা শেষ হলেই ঘরে তুলবো।”
নিভি এসব শুনতো। অপূর্ব’র অনুভূতিও বুঝতো। কিন্তু কখনো, কোনোদিন টু শব্দ করেনি। চুপ করে, মাথা নিচু করে দ্রুত পায়ে এগিয়ে যেতো। মায়ের দশা বোঝার পর থেকেই প্রেমে বেজায় আপত্তি। তার ভয় হয়। স্কুল, কলেজের সকলে জানতো অপূর্ব শিকদারের সঙ্গে নিভি’র ঘনিষ্ঠ প্রেম। শীঘ্রই বিয়েও হবে। এ নিয়ে সম্মুখে হাসি-ঠাট্টাও করতো। তবে বরাবরই এসব এড়িয়ে চলেছে নিভি। নিজে থেকে না বাধা দিয়েছে, আর না তো সম্মতি জানিয়েছে। এদিকে ক্যান্সারে আক্রান্ত সায়মাকেও কখনো জানায়নি অপূর্বের ব্যাপারে। ভেবেছিলো, মা তাকে নিয়ে চিন্তিত হবে। অপূর্ব শিকদার এলাকায় সন্ত্রাসী এবং ভয়ংকর যুবক হিসেবেই পরিচিত। সে পেছনে লেগেছে একি কম ভয়ের কথা! কিন্তু বাস্তবিক অর্থে কখনোই নিভি’র ভয় লাগতো না। লোকটা তাকে জোর করেনি, কথা বলতে বাধ্য করেনি, কখনো উত্যক্ত বা বিরক্ত করেনি, শুধু দূর থেকে দেখেছে। ভালোবাসা উপলব্ধি করেছে। কিশোরী নিভি’র মনে ধীরে ধীরে সূক্ষ্ম আবেগের জন্ম নেয়। এতো রাগী মানুষ তার সম্মুখে এলে শান্ত হয়ে যায়, চোখ নামিয়ে কথা বলে, এগুলো ভাবলেই আলাদা ভালোলাগা তৈরি হতো। তবে সে কখনো এসব স্বীকার করেনি। খুব একটা ভাবেওনি। মাকে নিয়েই সাজিয়েছিলো পুরো জগৎ।
সায়মার ক্যান্সার কালীন একেবারে চিকিৎসা হয়নি এ কথা ভুল। সরাসরি কারোর সাহায্য না নিলেও চেয়ারম্যানের পাইয়ে দেওয়া সরকারি অনুদান, চিকিৎসা সে শেষ দিকে গ্রহণ করেছে। এসবের পেছনে যে অপূর্বই ছিলো তা নিভি জানে। কিন্তু কখনো স্বীকার করেনি। কিশোরীর মনে অপূর্ব শিকদারের প্রতি ক্ষীণ আবেগ তৈরি হলেও পারিবারিক অশান্তি, মায়ের অসুস্থতা, সাংসারিক টানাপোড়েনে তা দৃঢ় হয়নি। মায়ের মৃত্যুর পর আশ্রয়ের অভাবে পাঁচ-ছয় দিন ছটফট করলেও অপূর্বের কথা মাথায় আসেনি। মনেও হয়নি, শিকদার বাড়ি তার আশ্রয় হতে পারে। শুনেছিলো, গত দু মাস ধরে অপূর্ব এলাকায় নেই। জেলে রয়েছে। তারপর শুনেছে, কোনো এক ঝামেলায় গা ঢাকা দিতে সে এলাকা ছেড়েছে। হয়তো এ জন্যই সায়মার মৃত্যুতে তাকে জানাজায়ও দেখা যায়নি।
নিভি ভারী একটা নিঃশ্বাস ফেললো। চাচা আশ্রয় দেয়নি শুনে নিশ্চয়ই অনেক হাঙ্গামা করেছে অপূর্ব। এবার কি তবে তাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করবে? করলেও বা নিভি’র কি করা উচিত? সরাসরি বারণ করবে, নাকি ভাগ্যের উপর ছেড়ে দিয়ে স্থায়ী আশ্রয় খুঁজবে। ফরিদা মুখ বাঁকিয়ে তাকিয়ে আছেন। নিভি মায়ের কবর ছেড়ে উঠে দাঁড়ালো। শান্ত স্বরে বললো, “অপূর্ব শিকদারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, চাচী। সে শুধুই একপাক্ষিকভাবে আমায় পছন্দ করে। তাই চরিত্র নিয়ে কথা বলবেন না।”
নিভি চলে যেতেই আবারও মুখ বাঁকালো ফরিদা। সে কি ঘাসে মুখ দিয়ে চলে? নিশ্চয়ই বাপ-বেটিতে কোনো পরিকল্পনা এঁটেছে। নাহলে দুদিনেই দলবলসহ কেউ ফিরে আসে? এসব পরিকল্পনা সে কখনোই সফল হতে দেবে না। ফরিদা বেঁচে থাকতে নিভি কি করে চেয়ারম্যান বাড়ির বউ হয়, তা সে দেখে নেবে।
আজগর রহমান নিভি’র মামা-মামী এবং অন্যদের বারান্দায় বসতে দিলেন। রান্নাঘরে জামালের স্ত্রী চা বানাচ্ছেন। ভয়ে আত্মা কাঁপছে তার। এই বুঝি শাশুড়ি এসে চিৎকার চেঁচামেচি করা শুরু করেন। কিন্তু ফরিদা এমন কিছুই করলেন না। তিনি হাত ধুয়ে শাড়ির আঁচলে মুছলেন। এরপর মাথায় ঘোমটা টেনে মিথ্যে একটা হাসি ফুটিয়ে চা-বিস্কিটের ট্রে হাতে নিলেন। সঙ্গে মৃদু ধমক দিয়ে পুত্রবধূকে বললেন, “শুধু চা-বিস্কুটে হয়? তাড়াতাড়ি ডিম পোচ করো। আর নুডুলস বানাও।”
রুবাইয়া খানিক চমকালো। তাড়াহুড়ো দেখিয়ে বললো, “জি জি, করতেছি।”
চায়ের ট্রে নিয়ে ফরিদা বারান্দায় গেলেন। লম্বা একটা সালাম টেনে হাসিমুখে প্রত্যেকের হাতে চায়ের কাপ ধরিয়ে দিলেন। বললেন, “এতো দূর থেইকা আইছেন। দুই-তিন দিন আমার বাড়ি বেড়াইতে হবে। তার আগে যাইতেই পারবেন না।”
নিভি ঢোক গিলে চাচার দিকে তাকালো। আজগর রহমানের মুখ ফ্যাকাসে হয়ে গেছে। স্ত্রীর মিষ্টি আচরণ তিনি নিতে পারছেন না। বখতিয়ার চেয়েছিলেন আগে বোনের কবর দেখবেন। কিন্তু আজগর রহমানের আতিথেয়তা অবজ্ঞা করতে পারলেন না। এদিকে দীর্ঘ যাত্রার ফলে সিনিওরা’র হাঁটুতে ব্যথা উঠেছে। তিনি পা মেলে শুয়ে পড়েছেন বিছানায়।
চা নাস্তা খাওয়ার এক পর্যায়ে মুখ খুললেন ফরিদা। সকলকে চমকে দিয়ে নিভি’র মামাদের উদ্দেশ্যে বললেন, “ভাগ্নী তো দুই দিনও কাছে রাখলেন না। এর মধ্যেই বিয়া দেওয়ার লাইগা বাড়িতে নিয়া আসলেন? অবশ্য সবাই কি আর ওর চাচার মতো! মা মরলে বাপ হয় তালই, আর আপনেরা তো মামা।”
ইখতিয়ার মাহমুদ চমকে গেলেন, “কার বিয়ে?”
“ক্যান, আমগো নিভি’র। এইজন্যই তো আপনেরা সবাই আসছেন। আতাউর ভাই’ও বাড়িত আইছে, যে কিনা বউ মরার সময়েও আসে নাই। আরে বোঝেন না, মাইয়া পালা লাগবে বইলা আসে নাই। এখন যেই দেখছে চেয়ারম্যানের পোলা নিভিরে বিয়া করতে চায়, গ্রামে তার একটা দাপট থাকবে, এই কারণে দৌড়াইয়া আসছে মাইয়া বিয়া দিতে।”
শেষ কথাটা ফরিদা হেসে হেসেই বললেন, যেনো দোষ না হয়। কিন্তু তার কথাগুলো শুনে ইতোমধ্যেই প্রত্যেকের মুখের রঙ বদলেছে। বখতিয়ারের চোখেমুখে স্পষ্ট রাগ। তিনি চিবুক শক্ত করে নিভিকে দেখলেন। বললেন, “আতাউরের সঙ্গে কি তোমার কথা হয়েছে নিভি? তুমি কি এ জন্যই পিরোজপুরে আসতে চেয়েছিলে?”
“মা মারা যাওয়ার পর থেকে আব্বার সঙ্গে এখনো কথা হয়নি। আমি এ বিষয়ে কিছুই জানি না মামা।”
নিভি সরাসরি স্বীকারোক্তি জানালো। এই মুহূর্তে চুপ থাকলে ঝামেলা বাড়বে। মামা’রা রেগে যাবে তার উপর। ইখতিয়ারের চোখেমুখের দিকে তাকানো যাচ্ছে না। রেগে লাল হয়ে গেছে। সে আজগর রহমানের দিকে তাকালো। হুশিয়ারি দিয়ে শান্ত কণ্ঠে বললো, “বোনের কবর দেখতে এসেছি, দু এক দিন থাকবো। আপনার ভাইকে বলবেন, এর মধ্যে যেনো আমার চোখের সামনে না আসে। খোদার কসম! সায়মার পাশে শুইয়ে দিয়ে তবেই ঢাকায় ফিরবো।”
আজগর কি বলবেন ভেবে পেলেন না। দোষ তো আতাউরেরই। তবুও ভাই হিসেবে ঝামেলাটুকু সামলানোর কিঞ্চিৎ চেষ্টা করে বললেন, “ওনার কথা মনেও আইনেন না। শয়তান হইয়া গেছে। রক্ত দেইখা পরিচয় দেওয়া লাগে, না হইলে…”
“আহহা! তোমরা রেগে কেনো যাচ্ছো? চেয়ারম্যানের ছেলে যদি নিভি’কে বিয়ে করতেই চায়, তবে মন্দ কি? দেখতে শুনতে ভালো হলে বিয়েটা দিয়ে দাও। এমনিতেও তো আজ হোক, কাল হোক বিয়ে করতে হবে। এক্ষেত্রে চেনাজানা হলে তো ভালোই।”
গুরুগম্ভীর পরিবেশটা হঠাৎ বারুদের মতো জ্বলে উঠলো জ্যোতি মাহমুদের কথায়। অন্যকেউ উত্তর দেওয়ার পূর্বেই তেতে উঠলেন ফরিদা। বললেন, “ক্যান, ক্যান! মাইয়া দুইদিন পাইলাই কষ্ট হইয়া গেছে? আমরা তো সারাজীবন পালছি, এখন দুইডা বছর লেহাপড়াও করাইতেও পারবেন না? চেয়ারম্যানের পোলাডা গুন্ডা, নেশা করে। এমন একটা পোলার কাছে মাইয়াডা দিয়া যাইবেন?”
“এতোটুকু মেয়ে! আমাদের অনামিকারই তো বিয়ে হয়নি, নিভিকে কি দিবো?” সেঁজুতি জা’এর কথার বিরোধিতা করলো। বখতিয়ার ঠান্ডা মাথায় ভাবলেন। তিনি ঝামেলার আশঙ্কা করছেন। এখানে থাকা যাবে না বেশিক্ষণ। কাল সকালেই রওনা দিতে হবে নিভি’কে নিয়ে। আজগরের উদ্দেশ্যে বললেন, “আপনার ভাইকে বলে দেবেন, মেয়ের বিয়ে নিয়ে না ভাবতে। ওসব আমরা সামলে নেবো।”
নিভি’র বিয়ের ব্যাপারে এতোটা আলোচনা হয়েছে এ ব্যাপারে সিনিওরা কিছু জানলেনই না। তিনি বিশ্রাম নিচ্ছেন। অন্যদিকে লিখন অনুপস্থিত। রহমান বাড়িতে ঢোকার পরেই নেটওয়ার্ক সমস্যা দেখা দিচ্ছে। অফিসের ঝামেলা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে সে পুকুরপাড়ে বেরিয়েছে। সঙ্গে ছটফটে পান্না থাকায় এতো দ্রুত বাড়িতে ঢুকতে পারলো না। যার কারণে সেও জানলো না নিভির বিয়ে।
হিমাদ্রি আড়চোখে নিভিকে একবার দেখে নিলো। মেয়েটার মুখে ভয়, লজ্জা বা অস্বস্তির কোনো ছাপ নেই। এইটুকু হাঁটুর বয়সী মেয়ের বিয়ের আলোচনা চলছে, কোথায় সে ভয় পেয়ে চিৎকার করে কাঁদবে। বলবে, বিয়ে করতে চায় না। তা না করে সে নীরব। মাথা নত করে সকলের কথা চুপচাপ শুনছে। ব্যাপারটা হিমাদ্রির কাছে বিরক্তিকর ঠেকলো। এতোটুক মেয়ের বিয়েতে আগ্রহ ভেবে কিঞ্চিৎ মেজাজও খারাপ হলো।
দুপুরের খাবার খেতে খেতে সাড়ে তিনটা বেজে গেলো। আজগর রহমান মেহমান দেখে ছেলেকে বাজারে পাঠিয়েছেন। মুরগি, বড় পাঙ্গাশ মাছ, ডাল এবং বেগুন রান্না করেছেন রুবাইয়া। এতোসব গোজগাজ করতেই সূর্য পশ্চিমে গিয়ে ঠেকেছে। খাবার পূর্বে চৌধুরী বাড়ির প্রত্যেকে সায়মার কবর জিয়ারত করেছেন। সিনিওরা মাহমুদ কিছুক্ষণ হতভম্ব হয়ে চেয়ে ছিলেন। তিনি কাঁদেননি। মনে হচ্ছিলো, এই তো সেদিন আদরের মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়িয়েছেন। সে মেয়ে কি করে আজ কবরের বাসিন্দা হবে? নিশ্চয়ই এ ভ্রম! জমিদার বাড়ির প্রত্যেকটা কোণায় সায়মার ছোটাছুটির ছাপ। মেয়ে তার সেখানেই আছে। এই এক টুকরো মাটির নিচে কিছুতেই ওমন সুশ্রী মুখ ঘুমিয়ে থাকতে পারে না।
ইখতিয়ার এবং বখতিয়ার মাহমুদ সকলে চলে যাওয়ার পরেও বোনের কবর ধরে কিছুক্ষণ বসে ছিলেন। নিভি এসেই পাশের বেলি গাছে পানি দিয়েছে, যার কারণে মাটি এখনো সিক্ত। তারা সেই ভেজা কাদা মাটি ছুঁয়ে ছুঁয়ে অনুভব করলেন বোনকে। আহ! যাকে কাঁধে নিয়ে সারা জমিদার বাড়ি চষে বেড়িয়েছে, সেই বোন আজ মাটির নিচে। ক্যান্সারে তার আহ্লাদী শরীর একটু একটু করে ক্ষয়ে গেছে।
ইখতিয়ার আশপাশটা দেখে বোনের কবরের দিকে তাকালেন। জায়গাটা নিচু। বর্ষাকালে একটু বৃষ্টিতেই পানি জমে যাবে। তিনি আজগর রহমানের সঙ্গে কথা বলেছেন। জায়গাটা চারপাশ থেকে উঁচু করবেন। একটু ইট বাঁধিয়ে প্রাচীর বানিয়ে দিয়ে, তার মধ্যে বাগান করবেন। কিন্তু তাতে কি এসে যায়? বখতিয়ার খুব একটা আগ্রহ দেখালেন না। বেঁচে থাকতে যার শরীর ক্ষয়েছে, তার কবরের মাটি ক্ষয়ে গেলে আর কতোটুকুই না যন্ত্রণা হবে!
হিমাদ্রি দুপুরের খাবার খেতে পারেনি। এই মোটা মোটা ভাত সে গিলতে পারে না। আঁটি’র মতো ঠেকে। গরমে অধৈর্য হয়ে সে উঠোনে বেরোলো। বাইরে স্নিগ্ধ বাতাস। বিশেষ করে বিকেলের দিকে গ্রামে বেশি শীত লাগে। হিমশীতল বাতাস পরাণ জুড়িয়ে দেয়। সে ধীর পায়ে পেছনে এগোয়। সায়মা’র কবর দেখা যাচ্ছে। দুপুরে সকলের সঙ্গে একবার দেখলেও এই মুহূর্তে হিমাদ্রির বুকের ভেতরটা চিনচিন করে উঠলো। চোখের সামনে ভেসে উঠলো লম্বা বিনুনি দুটো। তাদের দুজনের বয়সের পার্থক্য ছিলো পাঁচ। সায়মাও তো তখন বাচ্চাই ছিলো। কিন্তু হিমাদ্রির কাছে কখনো তা মনে হয়নি। না পারলেও সারাক্ষণ কোলে নিয়ে ঘোরা, এটা সেটা তুলে খাওয়ানো, মা বকলে সামনে এসে ঢাল হয়ে দাঁড়ানো ফুপি কি মায়ের চেয়ে কোনো অংশে কম ছিলো? সেই মমতা হঠাৎ হারিয়ে গেলো। সায়মা যে বছর বাড়ি থেকে পালালো, তখন হিমাদ্রির এগারো বছর। প্রেম-প্রণয় না বুঝলেও দাদা-বাবা’র রাগ দেখে বুঝেছিলো, ফুপি ভয়ংকর অপরাধ করেছে। সে এখন ক্ষমার অযোগ্য। ধীরে ধীরে দাদা মারা গেলো, সবাই মিলে চলে আসলো ঢাকায়, আর এভাবেই চাপা পড়ে গেলো জমিদার বাড়ির স্মৃতি। হিমাদ্রির দৃষ্টি এলোমেলো হয়ে উঠলো। হয়তো ফুপির প্রতি বিস্তর আবেগ নেই, তবুও স্মৃতিগুলো কি কম! মানুষটা এভাবে হারিয়ে গেলো!
আতাউর রহমান তাসের ঘরের পেছনে ঘাপটি মেরে বসে আছেন। তার চোখেমুখে ভয়। কিছুক্ষণ পূর্বেই আজগর ফোন করে শাসিয়েছে। বলেছে, সায়মার ভাইয়েরা এসেছে বাড়িতে। এখন কোনোভাবে তাকে পেলে মেরে ফেলবে। এসব কথা কি বলে বোঝাতে হবে আতাউরকে? সে কি চৌধুরীদের চেনে না? সেবার কি মারটাই না মেরেছিলো পেয়াদাদের দিয়ে! তবুও তো সঙ্গে সায়মা ছিলো। আর এই বার তো সে অন্যায়ের সীমা ছেড়ে গেছে। দ্বিতীয় বিয়ে, স্ত্রীর চিকিৎসা না করা, মারা যাওয়ার পর জানাজায় না এসে এখন মেয়ে বিয়ে দিতে আসা কি কম দোষের। ইখতিয়ার মাহমুদ তাকে পেলে তো চিবিয়ে খাবেন। আতাউর ভয়ে ভয়ে দুপুরের ভাত খেতে বাড়িতে গেলেন না। হোটেলেই খেয়ে নিলেন। তবুও দুশ্চিন্তার অন্ত নেই।
দুদিন ধরে মেয়ে বিয়ে করার জন্য অপূর্ব শিকদার ফোনের পর ফোন লাগিয়েছে। অধৈর্য হয়ে যখন স্বার্থের খোঁজ পেয়েছে আতাউর, তখন গ্রামে ফিরেছে। কিন্তু বিয়ের কথা এ অবধি মেয়েকে বলার সাহস পায়নি। ভেবেছিলো আর এক সপ্তাহ পর গিয়ে হাত-পা ধরে, ক্ষমা চেয়ে নিয়ে আসবে। কিন্তু সেসব কিছুই হলো না। বরং নিভি তো গোষ্ঠীসুদ্ধ নিয়ে হাজির। কিন্তু বিয়ের কথা সে জানলো কিভাবে? তবে কি অপূর্ব তার ফোন নাম্বার খুঁজে পেয়েছিলো? আতাউর এসব প্রশ্নের উত্তর না পেয়ে ভাবতে থাকে।
“সময় দিয়েছি, আমাকে ছেড়ে যাওয়ার অধিকার দেইনি। আমাকে না জানিয়ে তুমি ঢাকা কেনো গেলে, নিভি? হন্যে হয়ে খুঁজেছি!”
নিভি চমকে পিছু তাকালো। সম্মুখে অপূর্ব শিকদার দাঁড়িয়ে আছে। দ্রুতগতিতে নিঃশ্বাস নিচ্ছে যেনো তার অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে। চোখ দুটো টকটকে লাল। নিভি ঘাবড়ে গেলো। মায়ের অনুপস্থিতি ভীষণভাবে পীড়া দিচ্ছিলো বলেই খালপাড়ে এসেছে। এখানে বাঁশঝাড়ের গোড়ায় ঠান্ডা বাতাস। সে অপূর্ব’র কথার উত্তর দিলো না। হঠাৎ পেছন থেকে গুরুগম্ভীর আওয়াজে হিমাদ্রি বলে উঠলো, “কোন অধিকারের কথা হচ্ছে?”
নিভি আতঙ্কিত হয়ে আশেপাশে তাকালো। এ কদিনে হিমাদ্রিকে তার চেনা হয়ে গেছে। লোকটা যত্রতত্র চরিত্রে দাগ লাগিয়ে দেয়। অন্যদিকে অপূর্ব’র ভয়ংকর রূপের কথাও তার অজানা নয়। কোনো রকম ঝামেলা হলে তার পরিণতি কতোদূর এগোবে, তা ভেবেই সে রুদ্ধশ্বাস ফেললো।
“এই লোকটা কে, নিভি?” অপূর্ব সূচালো দৃষ্টিতে হিমাদ্রিকে দেখে প্রশ্ন ছুড়লো। নিভি পড়ে গেলো বেকায়দায়। এখন যে বাড়ির দিকে চলে যাবে সেই উপায়ও নেই। ভাঙা ভাঙা শব্দে বললো, “আমার মামাতো ভাই!”
অপূর্ব কি ভাবলো বোঝা গেলো না। তবে তার মনোযোগ এখন সম্পূর্ণ নিভিতে। দুপুরে খেতে বসেছিলো মাত্র। এরমধ্যেই রতনের কল আসে। জানায়, নিভি এসেছে ঢাকা থেকে। এরপর সে পাগলের মতো ছুটে আসে। ভাগ্য সান্নিধ্যে না থাকায় মাঝপথে বাইক থেমে যায়, তেল নেই। তারপর হাঁপাতে হাঁপাতে ছুটে আসতে হয়েছে। অপূর্ব চোখ বন্ধ করে উত্তেজনা দমালো। কণ্ঠ নরম করে বললো, “নিভি, তুমি জানো তো, আমি এলাকায় ছিলাম না। এজন্য কিছু জানতেও পারিনি। তবে একদম চিন্তা করবে না। রাতে বাবা আসবে। দু-দিনের মধ্যে তোমায় ঘরে তুলে আনবো। আশ্রয়ের জন্য কারোর দ্বারে দ্বারে ঘুরতে হবে না।”
শেষ কথাটা অপূর্ব হিমাদ্রির দিকে তাকিয়ে বললো। যেনো টোন কেটেছে। হিমাদ্রিকে অগ্রাহ্য করে ছেলেটা নিভি’র সঙ্গে কথা বলছে দেখে সে মুখ বাঁকিয়ে মৃদু হাসলো। ভ্রুঁ উঁচিয়ে নিভিকে প্রশ্ন ছুড়ে বললো, “এই ছেলেটাকে বিয়ে করছো নাকি?”
“তেমন কোনো ব্যাপার না ভাইয়া।”
অপূর্ব কিঞ্চিৎ অবাক হলো। কিছু বলবে তার পূর্বেই নিভি বড় বড় পা ফেলে বাড়ির ভেতরের দিকে এগিয়ে গেলো। দুজনেই মাথাভাঙা! এদের নীরব যুদ্ধের মাঝে দাঁড়িয়ে সম্মানের জলাঞ্জলি সে দিতে পারবে না। যা হয় হোক।
নিভি চলে যেতেই হিমাদ্রি দু পা এগিয়ে অপূর্বর সামনে দাঁড়ালো। ছেলেটা তার চেয়ে বয়সে চার বছরের ছোটো। সম্ভবত পঁচিশ বছরের হবে। অথচ বাইরে থেকেই বোঝা যাচ্ছে রক্ত গরম। ভেতরটা টগবগ টগবগ করে ফুটছে। সে সোজা হয়ে দাঁড়িয়ে বুকে হাত বাঁধলো। যাবতীয় কিছু অগ্রাহ্য করে বললো, “চোখ লাল কেনো, নেশা করো?”
এমন প্রশ্নে অপূর্ব বিভ্রান্ত হলো। এ আবার কোন মুছিবত! নিভির তো চারকুলে কেউই ছিলো না। এখন এতোসব আত্মীয় তার হজম হচ্ছে না। অনেক বুঝিয়ে আতাউর রহমানকে রাজি করেছে। এখন আবার নতুন অভিভাবক! বিরক্তিতে তার মুখ তেঁতো হয়ে এলো। হিমাদ্রির বাচনভঙ্গি তার পছন্দ হচ্ছে না। এভাবে এতো ইগো, এটিটিউড নিয়ে এর পূর্বে কেউ তার সঙ্গে কথা বলেনি। অথচ হিমাদ্রি বলছে। অন্যসময় হলে মাথাটা নামিয়ে দিতো। তবে এই মুহূর্তে তা সম্ভব নয়। নিভি’কে আপোষে নিজের করতে হবে। এরজন্য যদি তাকে আরও শান্ত থাকতে হয়, তবে তাও থাকবে। সে হিমাদ্রির প্রশ্ন এড়িয়ে চুপচাপ এগিয়ে গেলো। পকেট থেকে ফোন বের করে কল দিলো একজনকে। বললো, “পূবের মোড়ে বাইক পড়ে আছে। তেল নাই। দ্রুত গ্যারেজে নিয়ে যা।”
মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ পূর্বে। নিভি নামাজ শেষ করে ধীর পায়ে ভেতর ঘরে ঢুকলো। তারা চাচাদের বাড়িতেই আছে। উপজেলায় আবাসিক হোটেলে যাওয়া হয়নি। যদিওবা ইখতিয়ার মাহমুদ চেয়েছিলেন, কিন্তু আজগর রহমানের আতিথেয়তা অগ্রাহ্য করতে পারেননি। এমনিতেই ভোর হতে হতেই তারা রওনা দেবে।
নিভি ভাবুক পায়ে বারান্দার দিকে এলো। জীবনটা এমন কেনো? গ্রামে থাকতে মনে হয়েছে ঢাকায় গেলে যেকোনোভাবে জীবন চালিয়ে নেওয়া যাবে। আবার ঢাকায় থাকাকালীন মনে হয়েছে, এর চেয়ে গ্রাম ভালো। সেখানে থাকলে টিউশন সহজেই পেয়ে যাবে। অথচ বাস্তবিকভাবে কোনো কিছুই তার কাছে আপোষে ধরা দিলো না। গ্রামে এসে আশ্রয় খোঁজা তো দূর, বরং নতুন করে ঝামেলায় পড়েছে।
“নিভি, এদিকে এসো।” এটা বড় মামার কণ্ঠস্বর। তিনি গম্ভীর কণ্ঠে ভাগ্নীকে ডাকছেন। শুনে সামান্য ভীত হলো নিভি। কিছুক্ষণ পূর্বেই হিমাদ্রিকে কথা বলতে দেখেছে। নিশ্চয়ই পেট পাতলা লোকটা বিকেলের ঘটনা কিছুই লুকায়নি। বরং বাড়িয়ে চাড়িয়ে, রঙচঙ মিশিয়ে বলেছে।
নিভি’র ভাবনা ভুল হলো না। হিমাদ্রি সত্যিই বিকেলের ঘটনা বাড়ির সকলকে বলেছে। বারান্দায় ঢুকতেই বড় মামা প্রশ্ন ছুড়লেন, “চেয়ারম্যানের ছেলে বিকেলে এসেছিলো তোমার কাছে?”
“জি!”
“আমাকে বলোনি কেনো?”
নিভি কটমট করে হিমাদ্রিকে দেখলো। এরপর দৃষ্টি নত করে বললো, “ভাইয়া সাথে ছিলো। আমি জানতাম উনি আপনাদের বলবে, তাই আর নিজে থেকে কিছু বলিনি।”
লিখনের মুখভঙ্গি গম্ভীর। ঝড় আসার পূর্ব মুহূর্তের ন্যায় শান্ত। কিছুক্ষণ পূর্বে হিমাদ্রি সকল ঘটনা বলেছে। সে ছেলে সন্ধ্যার পর প্রস্তাব নিয়ে আসবে, একথাও জানিয়েছে। পুরো ঘটনায় নিভির যে সম্মতি আছে, সে কথাও আন্দাজ করে হিমাদ্রি সকলকে বলেছে। বিশেষ করে এই ব্যাপারটাই রাগিয়ে দিয়েছে লিখনকে। সে ক্ষিপ্ত হয়ে সকল কিছু শুনতে লাগলো।
এতোকিছুর মধ্যে সন্তুষ্ট নন সিনিওরা। তার হাত-পা আতঙ্কে কাঁপছে। ফরিদা বেগম বলেছে অপূর্ব শিকদার সন্ত্রাসী। চোখ বন্ধ করে মানুষ কেটে ফেলে। নেশা করে, মেয়ে নিয়ে পড়ে থাকে ক্লাবে। এমন একজন গুন্ডা তার আদরের নাতনীর পেছনে লেগেছে, ভাবতেই জ্ঞান হারানোর উপক্রম।
ইখতিয়ার মাহমুদও ছেলের মতো ভার হয়ে আছেন। নিভি’র নীরবতা তাকে কষ্ট দিচ্ছে। আঠারো বছর পূর্বের সেই সায়মার বোকামীর কথা মনে পড়ছে বারবার। তিনি আফসোস করে উঠলেন। জিজ্ঞেস করলেন, “তুমি কেনো সেই ছেলেকে বারণ করোনি? তবে কি এই বিয়েতে তুমিও রাজি? সম্পর্ক আছে তোমাদের?”
নিভি বাকরুদ্ধ হয়ে হিমাদ্রির দিকে তাকালো। লোকটা ফোনে ব্যস্ত। পারিপার্শ্বিক কোনো ঘটনাতে তার মনোযোগ নেই। অথচ, তাকে সবার সামনে দোষী বানিয়েই ছাড়লো। সকলের সম্মুখে নিভি লজ্জিত হলো। বললো, “এমন কিছুই সত্যি নয়। আমি…”
কথা সম্পূর্ণ করার পূর্বেই সিনিওরা মাহমুদ আর্তচিৎকার করে উঠলেন। তার হাত পা কাঁপছে। আতঙ্কিত হয়ে চিৎকার করে বলে উঠলেন, “আমি কোনো সম্পর্ক মানি না। সায়মার মতো আমি আমার নাতনীর জীবন কিছুতেই ধ্বংস করতে দেবো না। নিভি’র বিয়ে আমি হিমাদ্রির সঙ্গে দেবো। হিমাদ্রি ছাড়া আর কারোর উপর ভরসা করতে পারবো না।”
পূর্ববর্তী গল্প: লুবনা মির্জা ২ • ফাতেমা তুজ জুহরা
পর্ব: বোনাস
খোলা দরজা দিয়ে বারান্দার ভেতরে হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে। দুদিকের জানালা দুটোরই কপাট আটকানো নেই। এক পশলা হিমশীতল হাওয়া নিভি’র বক্ষ ছুঁয়ে গেল। মাথার ওড়না উড়ে কিছুটা নিচে সরল। সে তৎক্ষণাৎ তা আটকে পুনরায় টেনে নিল। হৃৎপিণ্ড ধরাস ধরাস করে লাফাচ্ছে। উপস্থিত প্রত্যেকের চোখেমুখে স্তব্ধতা। জ্যোতি মাহমুদ একপ্রকার আতঙ্কিত হয়ে একবার স্বামী এবং অন্যবার শাশুড়ি’র দিকে তাকালেন। বললেন, “এসব কী বলছেন, মা?”













