“আপনি গেটের সামনে থেকে প্লিজ যান। আপু রাগ করবে।”
নিভির অনুরোধে একটুও গললো না আবির্ভাব। বরং দুহাত বুকে বেঁধে ভাবলেশহীন কণ্ঠে বললো, “তোমার আপুর রাগকে আমি ভয় পাই নাকি? অনেক হয়েছে এসব। এখন গিয়ে দ্রুত বলো, আমি এখানে দাঁড়িয়ে। বাইরে না আসলে কিন্তু ভেতরে ঢুকে পড়বো।”
ফের নতুন বাঁধায় পড়লো নিভি। করুণ চাহনিতে একবার দারোয়ানের মুখের দিকে তাকালো। লোকটা সম্ভবত তাকে খুব একটা পছন্দ করেনা। এর কারণ কী, তা অবশ্য নিভি জানে না। জানার চেষ্টাও করেনি। অবশেষে শেষ বারের মতো অনুরোধ করলো। বললো, “আপনার জন্য আমি নিজেও আপুর কাছে বকুনি খাবো। প্লিজ, গেট থেকে সরে দাঁড়ান।”
নিভি আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত ঢুকে পড়লো ভেতরে। হঠাৎ চোখ পড়লো বাঁ দিকে উঠোনের কোণায় বসে থাকা হিমাদ্রি এবং লিখনের উপর। মুহূর্তেই ধক করে উঠলো হৃদয়। সে ভেতরে ভেতরে আতঙ্কিত হয়ে পায়ের গতি বাড়ালো। কিন্তু শেষ রক্ষা আর হলো না। এরমধ্যেই শোনা গেলো গুরুগম্ভীর আওয়াজ।
“দাঁড়াও।”
এটা হিমাদ্রির কণ্ঠস্বর। নিভি তা বুঝতে পেরেও পা থামালো না। পরপরই আবার ডাক এলো। লিখন জোরে বললো, “নিভি, তোমাকে হিমাদ্রি ভাই ডাকছে।”
প্রথমবারের ডাক শুনিনি বলে এড়িয়ে দেওয়া গেলেও এখন আর তা সম্ভব নয়। যার দরুন বাধ্য হয়ে নিভিকে এগিয়ে আসতে হলো। সে দুহাত পেটের কাছে এনে আঙুল কচলাতে শুরু করলো। হিমাদ্রি মাহমুদ ডেকেছে, আর অপমান করবে না, এটা অলীক ভাবনা। বরং কোনো না কোনো ভুল পেয়ে তবেই যে শাসাতে ডেকেছে, তা বুঝতে পেরে নিভি মৃদু স্বরে বললো, “জি, বলুন ভাইয়া।”
“গেটের সামনের ছেলেটা কে?”
নিভি জানতো। কেননা আবির্ভাবকে নিয়ে তার এই ভয় ছিলোই। অনামিকার সঙ্গে এই ছেলের সম্পর্কের শুরু-শেষ কিছুই জানে না। আবার জানলেও সকলকে এ বিষয়ে বলতে পারবে না। শেষমেশ বিপদে যে তাকেই পড়তে হবে, এ বারে শতভাগ নিশ্চিত ছিলো। এসব নতুন কিছু নয়। গ্রামে থাকতে একবার নবম শ্রেণিতে পড়াকালীন তাকে থানায় যেতে হয়েছিলো। পরিচিত বান্ধবী পুষ্পিতা তার কাছে আসবে বলে বাড়ি থেকে প্রেমিকের হাত ধরে ভেগে গিয়েছিলো। মেয়েকে খুঁজে না পেয়ে পুষ্পিতার পরিবার শেষমেশ নিভির নামে থানায় নালিশ দেয়। একটানা চারদিন থানায় গিয়ে সায়মা ওসিকে বুঝিয়েছে। শেষে পুষ্পিতা প্রেমিকসহ গ্রামে ফিরলে তবেই এই দোষারোপের থেকে মুক্তি হয়।
নিভি ভাবে। এরপর ধীর কণ্ঠে উত্তর দেয়, “উনি আবির্ভাব ভাইয়া। আমার স্টুডেন্টের চাচা।”
“সে এখানে কেন?”
“আমি নতুন বলে এগিয়ে দিতে এসেছিলো।”
লিখন ধমক মারলো। বললো, “গাড়ি নিয়ে যাওনি কেন? আর যদি নাই চেনো, তবে আমায় বলতে। কাল থেকে আমি নিয়ে যাবো।”
“তার কোনো প্রয়োজন নেই ভাইয়া। আমি চিনি। আর উনি হাঁটছিলেন বলেই সঙ্গে এসেছেন। আমি বারণ করেছিলাম।”
হিমাদ্রি নিগূঢ় দৃষ্টিতে নিভিকে দেখলো। এই মেয়েকে তার সুবিধার লাগে না। তবুও মেনে নিতে হচ্ছে। সেজন্যই সাবধান করে বললো, “এটা তোমার ফার্স্ট ওয়ার্নিং। যদি মনে করো, শহরে এসে প্রথম দিন স্টুডেন্টের চাচা, পরের দিন ফ্রেন্ড, তার পরের দিন বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করবে—বাড়ির সামনে হাসাহাসি করবে; তবে তোমাকে এ বাড়ি ছাড়তে হবে। এক্ষেত্রে তোমার মামারাও বাঁচাতে পারবে না। অনামিকার গ্রাজুয়েশন প্রায় কমপ্লিট, অথচ ও এখনো পর্যন্ত কোনো ছেলে ফ্রেন্ড নিয়ে বাড়ির গেট অবধি আসেনি। তাই সাবধান!”
হিমাদ্রির কথা বলার ধরন এবং বাচনভঙ্গি বরাবরই নিভির কাছে অপমানজনক লাগে। এ কদিন নকল বলে স্বভাবের উপর চাপিয়েছে। আর আজ সরাসরি চরিত্রের উপর কালিমা লেপনের চেষ্টা করছে। এসব সহ্য করা যায় না। নিভি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো। ভেবেছিলো, অনামিকাকে এ থেকে দূরত্বে রাখবে। কিন্তু তা আর সম্ভব নয়। তাই যতটা সম্ভব চেপে চেপে বললো, “আবির্ভাব ভাইয়া অনামিকা আপুর ব্যাচমেট। আমার টিউশনটা সেই জোগাড় করে দিয়েছে। তার সঙ্গে পরিচয়টুকুও আপুর মাধ্যমে হয়েছে। তাই সরাসরি না বলে অপমান করতে পারি নি। চাইনি, আপুর খারাপ লাগুক। তবে পরবর্তীতে আপনার কথাগুলো মাথায় রাখবো।”
হিমাদ্রি নিরবতায় ডুবে গেলো। ছেলেটাকে এর পূর্বে সে দেখেনি। অবশ্য অনামিকার বন্ধুমহল নিয়ে তার কখনো কোনো আগ্রহও জাগেনি। নিভি চুপচাপ দাঁড়িয়ে রইলো। কিছু মুহূর্ত পর আবারো বিনয়ের সঙ্গে বললো, “আর কিছু বলবেন ভাইয়া, নাহলে আমি ভেতরে যাবো।”
হিমাদ্রি এ পর্যায়েও কথা বললো না। শুধু হাত উঁচিয়ে মাছি তাড়ানোর ন্যায় ইঙ্গিত দিলো। অর্থাৎ নিভি যেতে পারে। কী অভদ্র আচরণ! মানুষ বলে গণ্যই করেনা। নিভি অপমানে মুখ থমথমে করে এগিয়ে গেলো। পরক্ষণেই দু চোখ বন্ধ করে নিজেকে নিজে বলল, “এই লোকটা ছাড়া তোকে সবাই ভালোবাসে নিভি। একজনের নেতিবাচক আচরণ তোকে এতোটা গ্রাস করতে পারে না। অগ্রাহ্য কর।”
নিভি তাই করলো, অগ্রাহ্য। বাড়িতে ঢুকে সে সরাসরি অনামিকার ঘরে গেলো। এতোক্ষণে আবির্ভাবের কথা বেমালুম ভুলতে বসেছিলো। না জানি কতটা অপেক্ষা করেছে! গতকাল অ্যাসাইনমেন্ট জমা দিয়ে এসে লম্বা একটা অবসর কাটাচ্ছে অনামিকা। বিছানায় শুয়ে পায়ের উপর পা তুলে ফোন স্ক্রল করছে। সামনেই ডিপার্টমেন্ট থেকে ট্যুরের আয়োজন হবে। নিভি ব্যতিব্যস্ত হয়ে বিছানায় বসলো। চাপা আর্তনাদ করে বললো, “আপু, আবির্ভাব ভাইয়া আপনার জন্য গেটের পাশে অপেক্ষা করছে। আপনি না গেলে সে নাকি যাবেনা।”
চূড়ান্তভাবে অসন্তুষ্ট হলো অনামিকা। বিরক্তিতে কপালের চামড়ায় দু তিনটা ভাঁজ পড়লো। কিছুটা রেগে গিয়ে প্রশ্ন ছুড়লো, “ও এখানে কেন এসেছে? আমি কি ডেকেছি?”
“আমি তা জানি না আপু। অনেকবার বারণ করেছি, কিন্তু উনি শোনেননি। বারবার বলছেন, আপনি রেগে গেছেন—তার কল রিসিভড করছেন না। তাই সরাসরি দেখা করবেন। দেখা না হওয়া পর্যন্ত যাবেনই না। বাইরে আবার হিমাদ্রি ভাইয়া আর লিখন ভাইয়া বসে আছেন। ওনারা আমাকে সন্দেহও করেছেন। বলছেন, একদিনেই কেনো স্টুডেন্টের চাচা সঙ্গে আসবে? আপনিই বলুন আপু, কী করবো আমি?”
অনামিকা কপালে হাত ঠেকিয়ে বিছানায় বসলো। ব্যাপারটা ভালো দিকে এগোচ্ছে না। সেধে সেধেই কি বিপদে পড়লো? এতোদিন তাও ইগনোর করা যেতো, এবার তো নিভির টিউশনের অজুহাত পেয়ে বেঁকে বসবে। সে আশাহত হয়ে আবির্ভাবকে কল করলো। কিন্তু ওপাশ থেকে রিপ্লাই আসলো না। কয়েক সেকেন্ড পর ভেসে আসলো ছোট্ট একটা নোট।
“বাড়ির সামনে এসে আমি ফোনে কথা বলবো না। সরাসরি বলতে চাই, চলে এসো।”
নানারকম তালবাহানার পর অবশেষে অনামিকা বাড়ি থেকে বের হলো। সে চূড়ান্তরূপে বিরক্ত এই ছেলেটার প্রতি। আজ এই বাঁদরামোর জন্য যা নয় তাই শুনিয়ে দেবে। এদিকে নিভি আতঙ্কে নীল হয়ে গেছে। অনামিকা যা রেগে আছে, তাতে বিরাট ঝামেলা না বাঁধিয়ে ফেলে। ফলস্বরূপ, সেও পিছু পিছুই ছুটলো। তবে ঝামেলা যা বাঁধার তা আগেই বেঁধে গেছে।
উঠোনে নামার পর হিমাদ্রি ও লিখনের সাড়াশব্দ না পেয়ে অনামিকা একটু নিশ্চিন্ত হয়েছিলো। ভেবেছিলো, ভাইরা ফ্যাক্টরিতে গেছেন। কিন্তু গেটের কাছে গিয়ে রাস্তায় উঁকি মারতেই চোখ ছানাবড়া। আশেপাশে হিমাদ্রি নেই ঠিকই, তবে লিখন তুমুল ক্ষেপে আছে। আবির্ভাবকে পাশে দাঁড় করিয়ে তেজী কণ্ঠে শাসাচ্ছে।
“তোকে যেনো চৌধুরী নিবাসের আশেপাশেও দ্বিতীয়বার না দেখতে পাই।”
এতোটুকুই স্পষ্ট হলো অনামিকার কাছে। তার কান দুটো লজ্জায় গরম হয়ে এলো। দৃষ্টি হলো ঝাপসা। সেই ঝাপসা দৃষ্টি দিয়ে দেখলো আবির্ভাব চলে যাচ্ছে মাথা নিচু করে। আর লিখন এখন পর্যন্ত ক্ষেপে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা অতি সাধারণ! তাই না? কিন্তু অনামিকার কাছে এই তুচ্ছ বিষয়টাই অসাধারণ ঠেকলো। তার ভেতরের অনুভূতিগুলো সুপ্ত হতে শুরু করলো। তবে কি আবির্ভাব অনামিকার জন্য দাঁড়িয়ে আছে বলেই লিখনের এতোটা ক্ষোভ? সে কি চায়না তার অনামী কোনো ছেলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও রাখুক? উফফফ! ভালোলাগায় অনামিকার হৃদয়টা শীতল হয়ে গেছে। সে দ্রুত সরে এলো গেট থেকে। নিভির হাত ধরে টেনে ছুটে এলো বাড়ির ভেতরে।
নিভি প্রেম-বিষয়ক ঝামেলাগুলোতে বরাবরই ভয় পায়। তাই আজকের ঘটনাগুলো তাকে নিমিষেই ঘাবড়ে দিলো। অনামিকা একদম নিশ্চুপ। তার বেখেয়ালি মন দেখে নিভি আরো ব্যথিত হলো। তবে কি তার টিউশনের জন্যই এতো ঝামেলা? বন্ধুত্বপূর্ণ সম্পর্কটুকু মুছে যাবে? নিভি অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো। রয়েসয়ে নিভে যাওয়া কণ্ঠে বললো, “আপু, একটা কথা বলবো? প্লিজ রেগে যাবেন না।”
অনামিকা ভ্রু বাঁকায়। নিভি কি তাকে ভয় পাচ্ছে? কী এমন কথা যা বলতে এতো আয়োজন। সে ভরসা দিলো। বললো, “পেটে যা এসেছে সব ধীরে ধীরে বলে ফেলো। আমি কিছুই মনে করবো না।”
“আমি যদি টিউশনটা না করাই, তবে কি আপনি খুব বেশি রাগ করবেন?”
অনামিকা হতভম্ব হলো। যে টিউশনের জন্য এতোকিছু, সেটা হাতে পেয়ে মাত্র একদিনের মধ্যে নিভি ছেড়ে দিতে চাচ্ছে ভেবে সে অবাকই হলো। কিন্তু কৈফিয়ত চাইলো না। বরং শান্তভাবে বুঝিয়ে বললো, “তোমার ভালো না লাগলে ছেড়ে দেবে। কিন্তু আমার কারণটা জানতে ভীষণ ইচ্ছে হচ্ছে নিভি।”
নিভি দম নিলো। দৃষ্টি নত করে বলেই ফেললো মনের কথা। এ অবধি যা যা সন্দেহ সব খুলে বললো, “প্রথম দিন গিয়েই আমার মনে হয়েছে, ওনারা টিউশন কম—আপনার প্রতি বেশি আগ্রহী। তাদের আয়োজন কথাবার্তা দেখে মনে হয়েছিলো, যেনো মেয়ে দেখতে এসেছে। আবির্ভাব ভাইয়ের চাহনিও সন্দেহজনক। বোঝাই যাচ্ছে উনি আপনাকে পছন্দ করেন। প্রথম দিন একটু ভুল ধারণা মাথায় গাঁথলেও এখন মনে হচ্ছে, এই টিউশনটাকে উনি অজুহাত হিসেবে রেখে আপনাকে বারবার বিরক্ত করতে চায়। বারণ করলেও শোনেন না। এটা আমার ভালো লাগেনি। মনে হচ্ছে, আপনিও ভীষণ বিরক্ত। আমি চাই না একটা টিউশনের জন্য সারামাস আপনি এভাবে ঝামেলা পোহান। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে নুহা। মেয়েটা বাচ্চা নয় ঠিকই, তবে ভারী বেয়াদব। স্টুডেন্ট হিসেবে আমার প্রথম দিনের অভিজ্ঞতা একটুও ভালো ছিলো না। মনেও হচ্ছে না ওকে এক সপ্তাহের বেশি ধৈর্য ধরে পড়াতে পারবো। তাই আগে ভাগেই ছাড়তে চাচ্ছি।”
অনামিকা মনোযোগ দিয়ে শুনলো। পড়াতে যাওয়ার পর নুহার করা প্রত্যেকটা কাজের বর্ণনা শোনার পর সে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলো। পরক্ষণেই রেগেমেগে বললো, “ঠাস ঠাস করে মেরে দাওনি কেনো দুটো। পাজি মেয়ে! ঠিক হয়েছে চাচার মতো! আর পড়াতে যেতে হবে না ও বাড়িতে। কয়েকটা দিন সবুর করো। দেখেশুনে ভালো কয়েকটা টিউশন পাইয়ে দিবো।”
নিভি ঘাড় কাত করে সম্মতি জানালো। এরপর চলে গেলো নিজের রুমে, পোশাক বদলাতে।
দুপুরবেলা। কমলাটে সূর্য ঠিক মাথার উপর। ঘড়ির কাঁটা বারোটার ঘরে। পা এলোমেলো করে ড্রয়িংরুমের সোফায় বসে আছে লিখন। অথচ তার নজর সর্বক্ষণ নিভির উপর। সে ঘর থেকে বের হচ্ছে, অনামিকার ঘরে যাচ্ছে, আবারো চঞ্চল পায়ে ফিরে আসছে—এসব বেশ মনোযোগ দিয়ে দেখছে লিখন। অজানা কারণেই তার ভালো লাগছে। মেয়েটা বয়সে অনেক ছোট, অথচ তাও বাঁধা মানছে না। নির্লজ্জের মতো তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। লিখন নিজেই নিজেকে সান্ত্বনা দিলো। মনকে বুঝিয়ে বলে উঠলো, সে কি খারাপ? বয়সও কি খুব বেশি? মাত্র দশ বছরেরই তো বড়। আজকাল সম্পর্কের ক্ষেত্রে এই ব্যবধানটুকু চোখে পড়ার মতো নয়। এদিকে নিভি পরিবারহীন। আশ্রিতা হয়ে থাকতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে? যদি সে নিজে থেকেই গম্ভীর কবুতরটাকে সম্পর্কে মুড়িয়ে নেয়, তাতে ক্ষতি কী? বাবা কখনোই দ্বিমত করবে না। বরং বোনের মেয়েকে কাছে রাখতে পারবে বলে খুশিই হবে। লিখন আরেকটু ভেবে নিলো। হ্যাঁ, সিদ্ধান্ত তার চূড়ান্ত। তবে সময় নেবে। কয়েকটা মাস কাটলে এ বিষয়ে বাড়িতে বলবে। এর মধ্যে সেও নিশ্চয়ই নিভির প্রিয় হয়ে উঠবে!
লিখনের মনে অগাধ কল্পনা। নিজের উপর আত্মবিশ্বাসও প্রগাঢ়। নিভি কিছুতেই তাকে অবজ্ঞা করতে পারবে না। প্রতিটা মুহূর্তে সঙ্গ দিতে দিতে অভ্যাসে পরিণত করে ফেলবে।
হঠাৎই তার মাথায় দুষ্টু বুদ্ধি উঁকি দিলো। মুহূর্তেই উঠে পড়লো সোফা থেকে। বড় বড় পা ফেলে এগিয়ে গেলো নিভির রুমের সামনে। গম্ভীর গলায় ডাকলো, “নিভি!”
“জি!”
“এদিকে আসো।”
নিভি একটু ভড়কালো। মাথায় ওড়না টেনে বেরিয়ে এলো দরজার সম্মুখে। বললো, “জি ভাইয়া, বলুন।”
“আমাকে একটু নুডুলস বানিয়ে খাওয়াও তো।”
“এক্ষুণি?”
“হ্যাঁ, এক্ষুণি।”
নিভি হতভম্ব হলো। ভর দুপুর। একটু পর গোসল সেরে সকলে খেতে বসবে। অথচ এই লোক এখন নুডুলস খেতে চাচ্ছে, ভেবে সে বিভ্রান্ত হলো। বললো, “আপনি তানজিলা খালাকে বলুন।”
“কেন, তুমি পারবে না?”
এ বাড়ির কোনো কাজ ছুঁতে নিভির ভয় লাগে। পাছে বড় মামী রেগে যাবে ভেবে সকলের সঙ্গে খেয়েই রুমে চলে আসে। তাই একটু ইতস্তত বোধ করলো। বললো, “ভাইয়া, এখন তো রান্নার সময়। এখনই নুডুলস খাবেন?”
লিখন অসন্তুষ্ট হলো। বললো, “কেনো, তুমি রান্না করতে পারো না? সামান্য নুডুলস খেতেই তো চেয়েছি। না পারলে বলে দাও।”
নিভি আবারো ফিরিয়ে দিলো। মৃদু কণ্ঠে বললো, “আমি কাজ করলে বড়মামী রেগে যাবেন। আপনি প্লিজ তানজিলা খালাকে বলুন না।”
লিখন শুনলো না। শেষমেশ বাধ্য করে বললো, “এতোগুলো বই গিফট করলাম, অথচ বিনিময়ে এক বাটি নুডুলসও জুটবে না।”
সে হতাশ হওয়ার বাহানায় ঘরে চলে গেলো। অগত্যা দ্বিধাদ্বন্দ্বে ভুগে শেষমেশ রান্নাঘরে পা বাড়ালো নিভি। সে রান্না জানে। তবুও ভয় হচ্ছে। কিছু ভুল করে ফেলবে না তো আবার? একবার ভাবলো অনামিকাকে জানাবে, কিন্তু পরক্ষণেই ভেবে দেখলো—বিষয়টা অনুচিত। এমনিতেও এ বাড়িতে তার রান্নার কাজে সবাইকে টুকটাক সাহায্য করা উচিত। সেখানে এক বাটি নুডুলস খেতে চাওয়ায় সে নালিশ করবে?
রান্নাঘরের একটা চুলায় কিছু একটা রান্না হচ্ছে। পাশেই তানজিলা বেগম বসে মাছ ধুচ্ছেন। নিভি ধীর হাতে গ্যাস জ্বালালো। এরপর পানি গরম দিয়ে খালার উদ্দেশ্যে বললো, “খালা, নুডুলস কোথায়?”
তানজিলা বেগম একে একে নুডুলস, সসের বোতল, ডিম দেখিয়ে দিলেন। রান্না প্রায় শেষের দিকে। এরইমধ্যে রান্নাঘরে প্রবেশ করলেন জ্যোতি মাহমুদ। নিভিকে চুলার পাশে দেখতেই তার মাথার তালু জ্বলে উঠলো। আশেপাশে দুবার তাকিয়ে গজগজ করে বলে উঠলেন, “তুমি রান্নাঘরে কেনো ঢুকছো? কিছু লাগলে আমাকে বলতে। আমি রান্না করে, বেড়ে, রুমে দিয়ে আসতাম।”
সূক্ষ্ম খোঁটাটা খুব সহজেই নিভির গায়ে লাগলো। তার মুখচোখ পাংশুটে বর্ণের হয়ে গেলো। বললো, “নুডুলস বানাচ্ছিলাম, মামী।”
“নুডুলস! এই ভর দুপুরে নুডুলস! এরপর দুপুরের খাবার খাবে কখন? সকালে তো মামাকে দেখিয়ে না খেয়ে গেলে। এখন এসে এই খাচ্ছো, তা কি তারা জানে? আর তাছাড়াও, আগেই বলতে তুমি নুডুলস খাও। তাহলে ব্রেকফাস্টে তোমার জন্যও আলাদা নাস্তা বানাতাম।”
কথাগুলো কি খুব সাধারণ ছিলো? নাহ! এগুলোর ওজনে নিভির বুক ভারী হয়ে উঠলো। সে নিঃশ্বাস নিতে কষ্ট অনুভব করলো। কোনোমতে নিচু স্বরে বললো, “আমি খাবো না মামী। এটা লিখন ভাইয়ার জন্য। উনি খেতে চেয়েছেন।”
তড়িৎ পিছু ঘুরে তাকালেন জ্যোতি। তার চোখেমুখে বিস্ময়। সে আগাগোড়া নিভিকে পরোখ করলো। এরপর পুনরায় টোন কেটে বললো, “লিখন খেতে চেয়েছে, তোমার কাছে? কেন, বাড়িতে কি রান্নার জন্য আর কেউ নেই? আর তোমাকে বলার সঙ্গে সঙ্গেই চলে আসলে দায়িত্ব নিয়ে? বাহ! এটা তো দেখছি সুখবর। আমাদের লিখনের রান্না তো এখন থেকে তুমিই করতে পারবে। আসার দুদিনের মধ্যেই মায়ের নষ্ট স্বভাবটা আঁকড়ে ধরেছো দেখছি।”
নিভি স্তব্ধ চোখে বড় মামীর দিকে তাকালো। অপমানে দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে। সে তাকিয়ে দেখলো তানজিলা খুব মনোযোগী হয়ে তাকে দেখছে। লজ্জায়, ঘৃণায় গা গুলিয়ে উঠলো নিভির। সে কাঁপা হাতে বাটি বের করলো। তার মধ্যে নুডুলস ঢেলে কোনোরকমে বললো, “আপনি ভুল ভাবছেন মামী। ভাইয়া অনেকবার অনুরোধ করেছেন বলেই এসেছি।”
নিভির গলা কাঁপছে। সে রান্নাঘরে আর এক মুহূর্ত দাঁড়াতে পারলো না। নুডুলসের বাটিটা তোলার মতোও শক্তি পেলো না। শেষমেশ দ্বিধাগ্রস্তের মতো বললো, “খালা, এটা লিখন ভাইয়ার ঘরে দিয়ে আসবেন।”
এরপর একপ্রকার হুমড়ি খেয়ে হাঁটার মতো বেরিয়ে গেলো। যেতে যেতেও জ্যোতি মাহমুদের ভৎসনা কানে এলো। শোনা গেলো, তিনি বলছেন—
“দেখেছো, আরো একটা এঁটো বাসন বানিয়ে দিয়ে চলে গেলো।”
পূর্ববর্তী গল্প: লুবনা মির্জা ২ • ফাতেমা তুজ জুহরা
পর্ব: ১৩
খুব স্বাভাবিকভাবেই একজন মানুষের উপর নেতিবাচক আচরণগুলো দ্রুত প্রভাব ফেলে। পরিচিত মানুষজনের দেওয়া আঘাত, কষ্ট, অপমান যতটা হালকা লাগে, অভ্যস্ত মনে হয়, তার চেয়ে অধিক যন্ত্রণা অনুভব হয় অচেনাদের সূক্ষ্ম অপমানে। নিভির বেলাতেও তার অন্যথা হলো না। চাচী তো আদ্যঅন্তই তাকে, তার মাকে কথায় কথায় অপমান করে গেছে। খোঁটা দিয়েছে। কিন্তু এসব ধীরে ধীরে গায়ে লাগানো বন্ধ করলেও বড় মামীর আচরণগুলো ভীষণভাবে পীড়া দিচ্ছে। মৃত সায়মার চরিত্র নিয়ে কাজের লোকের সামনে অপমান করেছে জ্যোতি। সেই থেকে ঘৃণায় সারা শরীর রিরি করছে নিভির। কষ্ট হচ্ছে, নিজের প্রতি রাগও হচ্ছে। মা এ জীবনে কখনোই বাবার বাড়ি থেকে সাহায্য নেয়নি। অথচ সে অসহায়ের মতো ছুটে এসেছে। যদি না আসতো, তবে হয়তো মৃত মাকে এসব বিশ্রী কথা শুনতে হতো না। বাড়ির প্রত্যেকের স্নেহ, ভালোবাসা, আহ্লাদকে এক নিমিষেই ভুলিয়ে দিয়েছে জ্যোতি এবং হিমাদ্রি মাহমুদের আচরণ।













