ইখতিয়ার বাড়িতে ঢুকে হুংকার ছুড়লেন। “হিমাদ্রি! হিমাদ্রি কোথায় ভাবি?”
“রেগেমেগে বের হয়ে গেছে।”
“ওকে আমি এতোবার বোঝানোর পরেও কেন এমনটা করল? বলেছিলাম না নিভিকে নিয়ে না ভাবতে।”
জ্যোতি চুপ রইলেন। অনামিকা রয়েসয়ে জবাব দিল, “ভাইয়া কেন এমনটা করতে যাবে চাচ্চু? নিভি তো সারাদিন আমার সঙ্গেই ছিল। সন্ধ্যার দিকে একটু ছাদে গেছিলাম। তখনই কি এসব হলো! এসব বাদ দাও। নিভিকে খুঁজে আনো। ও তো রাস্তাঘাট চেনে না।”
“দুপুরে নিভিকে নিয়ে বড় বাবার ঘরে হিমাদ্রি ভাই অনেক কথা বলেছে। আমার মনে হয়, ও সেটাই শুনেছে।”
লিখন ভাবুক হয়ে উত্তর দিল। অনামিকা তৎক্ষণাৎ কপাল কুঁচকে নেয়। বলে, “দুপুরে খাওয়ার পর ও অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ছিল। এরপর হুট করে আমায় এসে বলল, ‘আপু একটা টিউশন খুঁজে দাও।’ আমি ভাবলাম, টাকার প্রয়োজন। তাই দিতে গেলাম। কিন্তু ও এতে আরো গম্ভীর হয়ে গেল। টাকা তো নিলই না, উল্টো বলল — ‘আমি স্বাবলম্বী হতে চাই। কারোর কাছে হাত পাততে কষ্ট হয়।’ তবে কি তোমাদের কথাগুলো শুনেই আমার কাছে টিউশন খোঁজার কথা বলেছে?”
“এটাই হবে। তবে আমার মনে হয় সন্ধ্যায় হিমাদ্রি ভাই ওকে সরাসরি আরো অপমান করেছে। যার জন্য ব্যাগ খুলে কাপড় ঝেড়ে ঝেড়ে দেখিয়েছে।”
লিখন এবং অনামিকার কথোপকথনের মধ্যেই বখতিয়ার তেতে উঠলেন। লিখনের উদ্দেশ্যে বললেন, “ওকে আটকালে না কেন? না পারলে পিছু নিতে। তবুও একা কেন ছেড়েছ, আহাম্মক।”
লিখন উত্তর দিল না। আজকেই দেখা হয়েছে মেয়েটার সাথে। এরমধ্যে কথাও হয়নি। যাও বলতে গিয়েছিল, নিভি দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তারও তো অস্বস্তি আছে নাকি! সে কি নিভির হাত ধরে টেনে হিঁচড়ে আটকাতে পারত? পিছু নিলেও বা কী লাভ! উল্টো রাস্তার মধ্যে সিনক্রিয়েট হতো। বাবা রেগে যাচ্ছে দেখে লিখন মুখ খুলল। বলল, “ও ভীষণ রেগে ছিল। পিছু নিলে রাস্তায় বসে সিনক্রিয়েট হতো ভেবেই আর যাইনি।”
ইখতিয়ার দাঁড়ালেন না আর। বড় ভাইকে নিয়ে দ্রুত বের হলেন ভাগ্নীকে খুঁজতে। যাওয়ার আগে বাড়ির সকলের উদ্দেশ্যে বলে গেলেন, “ও যে সায়মারই মেয়ে, তার জন্য এর থেকে বড় কোনো প্রমাণ লাগবে না।”
মিরপুর বাস স্ট্যান্ড। কাউন্টারের সামনে দুটো বাস সারিবদ্ধ করে রাখা। ভেতরে ছোট ছোট কয়েকটা প্লাস্টিকের চেয়ার। নিভি তার একটাতে বসে কপালে হাত ঠেকিয়ে আছে। চারপাশে এতো মানুষ থাকায়, সে কাঁদল না। কিন্তু বুকের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। চৌধুরী বাড়ি থেকে বেরিয়েই একটা রিকশা পেয়ে গিয়েছিল। তাতে করেই চলে এসেছে বাস স্ট্যান্ডে। ইতোমধ্যে সাড়ে আটশো টাকায় সামনের জানালার পাশের সিট কেটে ফেলেছে সে। কাউন্টার ম্যানেজার বলেছেন, গাড়ি ছাড়বে সাড়ে আটটায়। এক্ষেত্রে পিরোজপুর গিয়ে পৌঁছাতে পৌঁছাতে আড়াইটা থেকে তিনটা বেজে যাবে। এ নিয়ে নিভি পড়েছে বিরাট বিপাকে। ওতো গভীর রাতে নেমে সে কোথায় যাবে, কার কাছে থাকবে। ঝোঁকের মাথায় এতোগুলো টাকার টিকিট কেটে ফেলল। এখন এ টাকা ফেরতও আনা যাবে না। ফেরত এনেও বা কী হবে? আবারো যেতে হবে চৌধুরী বাড়িতে। কিন্তু এতো এতো রূঢ় কথা বলার পর বেহায়ার মতো সেই বাড়িতে আবার ঢুকতে হবে, ভাবতেই লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। নাহ, সে কিছুতেই ফিরতে পারবে না। এর থেকে বাসেই নাহয় উঠুক। পিরোজপুর পৌঁছানোর পর আল্লাহ ভাগ্যে যা রেখেছে তাই হবে।
লিখন মাহমুদ ব্যস্ত পায়ে বাইক থেকে নামল। হেলমেট খুলে আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগল নিভিকে। তার ধারণা নিভি এখানেই আছে। অবশেষে ধারণা সত্যি হলো। এতো এতো লোক চিরে তার নজর পড়ল কাউন্টার ম্যানেজারের পাশের চেয়ারে গুটিশুটি পাকিয়ে বসে থাকা নিভির উপর। সে কাপড়ের ব্যাগটা শক্ত হাতে ধরে মাথা নিচু করে আছে। লিখন ভেতরে গেল না। কাউন্টারের সামনে দাঁড়িয়ে বাবাকে কল করল। বলল, “তোমার ভাগ্নীকে পেয়েছি। দ্রুত আসো, নাহলে বাস ছেড়ে দেবে।”
এরপর ধীর পায়ে কাউন্টারের ভেতরে ঢুকে নিভির পাশের চেয়ারে বসল। মেয়েটা তখনো মাথা তুলে লিখনকে দেখেনি। হয়তো ভেবেছে নতুন কোনো যাত্রী। বেশ কিছুক্ষণ তাকে ওভাবেই পরখ করল লিখন মাহমুদ। হঠাৎ জিজ্ঞেস করল, “পিরোজপুর যাচ্ছ?”
“জি।”
স্বভাববশত উত্তর দিয়েই নিভি মুখ তুলে চাইল। লিখনকে পাশে বসে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে আবারো মাথা নামাল।
“বাস কয়টায় ছাড়বে?”
“সাড়ে আটটায়।”
লিখন সময় দেখে নিল। হিসেব করে বলল, “পৌঁছাতে তো গভীর রাত। তখন কোথায় যাবে?”
উত্তর দিতে পারল না নিভি। চুপচাপ চোখ নামিয়ে বসে রইল। কয়েক মুহূর্ত পর নিজে থেকেই প্রশ্ন ছুড়ল লিখনকে।
“এখানে এসেছেন কেন?”
“তোমায় দেখেশুনে ঠিক বাসে উঠিয়ে দেওয়ার জন্য।”
নিভি এক মুহূর্তের জন্য চমকে গেল। ভেবেছিল, হয়তো লোকটা তাকে বাড়িতে নিতে এসেছে। কিন্তু এ ধরনের জবাব পেয়ে নিজেকে গুটিয়ে নেয়। নিচু আওয়াজে বলে, “আমি যেতে পারব। আপনি চলে যান।”
“উহু! আব্বু বলেছে তোমায় ঠিকমতো এগিয়ে দিয়ে আসতে। তুমি বাসে না ওঠা পর্যন্ত যাব না।”
লিখনের একাগ্রতায় আর কোনো বাড়তি কথা বলল না। নিরব হয়ে হাতের নখ খুঁটতে লাগল। ভাবল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে। প্রথমে সবাইই তো কী আপ্যায়ন করেছিল! বলেছিল সারাজীবন থাকতে। এমনকি আলাদা রুমও পরিষ্কার করা হয়েছে। অথচ, রাত নামার সঙ্গে সঙ্গেই বিদায়। তবে কি নিভির ব্যবহার কারোর ভালো লাগেনি? লাগবেই বা কী করে? সকলের সামনে দাঁড়িয়ে বাড়ির বড় ছেলেকে অপমান করেছে নিভি। সে তো সিনিওরা মাহমুদেরও প্রিয় নাতি। এ কারণেই বুঝি এভাবে মুখ ফিরিয়ে নিল।
এসব ভেবে নিভি হতাশ হয় না। শুরু থেকেই কারোর উপর তার প্রত্যাশা নেই। অচেনা, অপরিচিত হয়ে একদিনের সম্পর্কে এভাবে খারাপ ব্যবহার করলে যে কেউ রেগে যাবে, এটাও স্বাভাবিক।
“তুমি কি শুধু হিমাদ্রি ভাইয়ের উপর রাগ করে বাড়ি ছেড়েছ?”
লিখনের প্রশ্নে নিভি অপ্রস্তুত হলো। মাথার ওড়না সামান্য একটু টেনে মিহি স্বরে বলল, “উনি আমাকে নিয়ে সন্দেহ ছড়াচ্ছেন। চোর, ডাকাত, চক্রের মেয়ে বলে নানা অপমান করেছেন। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। এসব শোনার পর কেই বা থাকে?”
“ওকে বাদ দিয়ে বাকিরা কেউ কিছু বলেছে? সন্দেহ করেছে?”
“জি, নাহ।”
“তাহলে বাকিরা থাকতে বললেও চলে এসেছ কেন? ও বাড়িতে কি শুধু হিমাদ্রি ভাইয়ের কথা শুনেই তুমি সিদ্ধান্ত নিবে?”
এই প্রশ্নের জবাব দিতে গিয়ে নিভি আটকে গেল। সত্যিই সে বাকিদের কথা ভাবেনি। আসার সময় এতো করে বলার পর থাকেনি। শুধুমাত্র হিমাদ্রি মাহমুদের কথা শুনেই বাড়ি ছাড়ল। অথচ, এই লোকের কোনো অস্তিত্বই নেই তার সামনে। কেন, তার বলা অপমানগুলো এভাবে গায়ে মাখল?
লিখনের প্রশ্নের জবাব দেওয়ার পূর্বেই বখতিয়ার মাহমুদ এবং ইখতিয়ার মাহমুদ কাউন্টারের ভেতরে ঢুকলেন। নিভিকে দেখে ইখতিয়ার কড়া করে ধমক মারলেন। বললেন, “বাড়ি থেকে বের হয়েছ কোন সাহসে? আমাদের জানিয়ে বের হয়েছ? মায়ের মতো পদে পদে এতো পাগলামি কেন করো নিভি? তুমি কি অবুঝ! এই রাতে কোন সাহসে বের হয়েছ?”
নিভি এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। অস্বস্তিতে আশেপাশের যাত্রীদের দিকে তাকিয়ে দেখল। তারা প্রত্যেকেই তাকে দেখছে। বখতিয়ার মাহমুদ ছোটো ভাইকে ইশারা করলেন থামতে। এরপর নিভির মাথায় হাত রেখে নরম স্বরে বললেন, “কোথায় যাচ্ছো মামণি?”
“পিরোজপুর।”
“ওখানে গিয়ে কী করবে? কার কাছে থাকবে?”
“আমি থাকতে পারব। আর ওখানে টিউশন পাওয়া যায়, আমি সেলাইয়ের কাজও জানি। মা শিখিয়েছিলেন। ঠিক কোনো না কোনোভাবে চলে যাবে।”
বখতিয়ার ফোঁস করে শ্বাস ছাড়লেন। সায়মা সেলাইয়ের কাজ করত শুনে বুকটা চিনচিন করে উঠল। তবুও কিছু বললেন না। নিজেকে সামলে নিয়ে ধীরকণ্ঠে বললেন, “হিমাদ্রির কথায় খারাপ লেগেছে? একবার ভেবে দেখো, তোমাকে তো এর আগে আমরা কখনোই দেখিনি। তাই সন্দেহ জাগাটা কি ঠিক নয়?”
নিভি সরাসরি দৃষ্টি ফেলল বড় মামার দিকে। বলল, “সন্দেহ করা স্বাভাবিকই ছিল। কিন্তু উনি নিশ্চিতভাবেই আমাকে নকল বলেছেন। চোর, ডাকাত, গ্যাঙের মেয়ে, ব্যাগে অস্ত্র রেখে ঢুকেছি, দ্রুত বাড়ি থেকে বের না হয়ে গেলে উনি দেখে নেবেন — এ ধরনের নানা হুমকি দিয়েছেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কতভাবে হেনস্তা করলেন। অথচ উনি চাইলেই বাড়ির সবার সামনে আমাকে জিজ্ঞাসা করতে পারতেন। প্রমাণ চাইতে পারতেন। আমার ন্যাশনাল আইডি কার্ড নাহয় হয়নি, কিন্তু জন্মনিবন্ধন কাগজ তো ছিল। কতগুলো সার্টিফিকেট, মায়ের ন্যাশনাল আইডি কার্ড, এমনকি বেঁচে থাকাকালীন বেশ কিছু ছবিও আছে। আমি এখনো ডিলিট করার সময় পাইনি। কিন্তু এসব না করে উনি…”
লিখনের ভালো লাগছে না এসব। আশেপাশের লোক উদগ্রীব হয়ে দেখছে। সে দ্রুত তাড়া দিল। বলল, “এসব কথাবার্তা বাড়িতে গিয়ে বলি।”
বখতিয়ার সম্মতি জানালেন। কাপড়ের ব্যাগ লিখনকে তুলে নিতে বলতেই আপত্তি জানাল নিভি। ভাঙা স্বরে বলল, “আমি বাড়ি যাব মামা।”
“চৌধুরী বাড়ি ছাড়া তোমার কোনো বাড়ি নেই। এটা যত দ্রুত বুঝবে, ততই ভালো।”
ইখতিয়ার আবারো ক্ষ্যাপা কণ্ঠে জবাব দিলেন। বখতিয়ার ভাইকে থামিয়ে পুনরায় ঠান্ডা গলায় বললেন, “নিভি, আর না করোনা। বাড়িতে চলো।”
ভীষণ লজ্জা লাগছে নিভির। অস্বস্তিতে জড়িয়ে নিভু নিভু কণ্ঠে বলল, “আমি সবাইকে অনেক বাজে কথা বলেছি, অপমান করেছি। ও বাড়িতে আর যাব না।”
লিখন এ পর্যায়ে বিরক্ত। মেয়েরা এতো পদের ঢং করতে পারে, তা উপলব্ধি করে সে তাকিয়ে রইল। বখতিয়ার আবারো সাধলেন নিভিকে। উত্তরে সে বলল, “আমি পড়ে আপনাদের বাড়িতে বেড়াতে আসব মামা। এখন যেতে দিন। টিকিট কেটে ফেলেছি। তাছাড়াও পিরোজপুরে সহজেই টিউশন পাওয়া যায়। আমার জন্য এতে সুবিধা হবে।”
ইখতিয়ার আর চুপ থাকতে পারলেন না। দাঁতে দাঁত চেপে বললেন, “এটাই তাহলে মেইন কথা। মায়ের মতো খেটে খেতে চাও? বেশ ঠিক আছে। তোমাকে টিউশন জোগাড় করিয়ে দেব। তবুও দয়া করে এখন সাথে চলো। মিটিং ফেলে চলে এসেছি।”
নিভি আর বাধা দিল না। মামাদের সঙ্গে এসে গাড়িতে বসল। তবে ভীষণ লজ্জা করছে তার। এতো ঝামেলার পর আবার সেখানেই ফিরতে হবে ভেবে দু-ফোঁটা চোখের জল বিসর্জন দিল।
চৌধুরী বাড়িতে দ্বিতীয়বার ঢোকার পর নিভি খেয়াল করল সবকিছু স্বাভাবিক। যে যার কাজে ব্যস্ত। ঝুমুর, সেজুতি রাতের খাবার রান্না করছেন। পান্না একের পর এক উদ্ভট প্রশ্ন করে অনামিকাকে বিরক্ত করছে। নিভি তাদের থেকেই কিছুটা দূরত্বে মাথা নত করে বসে আছে বিছানায়। এক ফাঁকে সেজুতি মাহমুদ রুমে ঢুকে একগাল হেসে বললেন, “নিভি, ইলিশ মাছ কি খাবে, নাকি তোমার জন্য অন্য কিছু রান্না করব?”
এতো যত্নে নিভির আরো বেশি লজ্জা লাগছে। সে মাথা নত করে বলল, “জি! আলাদা করে কিছু রান্না করতে হবে না মামী।”
অনামিকা কিছুক্ষণ পর এক প্লেট চিকেন ফ্রাই এনে বিছানায় রাখল। নিভির উদ্দেশ্যে খানিক দুষ্টুমির ছলে বলল, “তা ক’টা টিউশন পেলে? ছোট চাচ্চু বকেনি?”
মুখ কাচুমাচু করে অনামিকার দিকে তাকাল নিভি। মিহি স্বরে বলল, “একটু বকেছে। অবশ্য দোষটা আমারই ছিল।”
অনামিকা হেসে ফেলল। খাওয়ার এক পর্যায়ে নিভি হাত ধরল অনামিকার। খানিকটা কৃতজ্ঞতার সুরে বলল, “আমি ভেবেছিলাম, আপনি আর আমার সঙ্গে কথা বলবেন না। খুব রেগে যাবেন।”
“এমা, তা কেন?”
“এই যে আপনার বড় ভাইয়াকে অনেক বাজে কথা বলেছি, এজন্য।”
অনামিকা কয়েক সেকেন্ডের জন্য চুপ করে গেল। বলল, “তুমি যেভাবে ভাইয়ার সঙ্গে কথা বলেছ, এমনটা এ বাড়ির কেউ কল্পনাও করেনি। খারাপ অবশ্যই লেগেছে। তবে আমার মনে হচ্ছে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। সেজন্যই ভুলে যেতে চাইছি। এসব আর মনে করিও না। ছোট চাচ্চু বলল, অতি দ্রুত সময়ের মধ্যে তোমায় টিউশন খুঁজে দিতে। নাহলে নাকি আবার পালাবে।”
নিভি হেসে ফেলল। বলল, “আর যাব না।”
সন্ধ্যার ঘটনা নিয়ে সারা রাতেও বাড়িতে কেউ কোনো কথা তুলল না। তবে জ্যোতি মাহমুদের মুখ ভার।
নিভি সে রাতে নানুর কাছে ঘুমাল। অনামিকাও বাধা দেয়নি। সারাদিন তো তার কাছেই থাকল, রাতে নাহয় দাদির সঙ্গেই ঘুমাক। সিনিওরা প্রায় ঘণ্টাখানেক তার বিয়ের ব্যাপারে গল্প করলেন। এরপর শুয়ে পড়লেন আপন মনে।
নিভির ঘুম ভাঙল খুব ভোরে। ফজরের আজান তখন মাত্র দিয়েছে। সে গুটিগুটি পায়ে বিছানার পাশ থেকে উঠল। বাঁ দিকের জানালার সামান্য একটু পর্দা মেলে বাইরের আবহাওয়া দেখল। এখনো আবছা অন্ধকার। সিনিওরা মাহমুদ নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। নিভি ওজু করে সবার প্রথমে নামাজ পড়ে নিল। মনটা বিশুদ্ধ হয়ে গেছে। গতদিনের সকল ভুল-ত্রুটিকে মুছে ফেলার উদ্দেশ্যে সে ব্যাগে হাত দিল। গুরুত্বপূর্ণ সার্টিফিকেটগুলো কাপড়ের ব্যাগেই রাখা আছে ফাইলের মধ্যে। সে একে একে মায়ের ভোটার আইডি কার্ড, বাবার কার্ডের ফটোকপি, তার জন্মনিবন্ধন কার্ড সহ পিএসসি, জেএসসি এবং এসএসসির সার্টিফিকেট বেছে আলাদা করল। হাতের মুঠোফোনটি সায়মা মাহমুদের। তিনি মারা যাওয়ার পর নিভি সঙ্গে নিয়ে এসেছেন। এটার মধ্যে ছোট্ট একটা মেমোরি কার্ড আছে। সময়ে-অসময়ে একটু মন চাইলেই ছোট্ট ফোনটাতে মায়ের ছবি তুলত সে। কখনো বা একসাথেও ছবি তুলেছে। চাচাতো ভাই জামালের বিয়ের সময় তার গায়ে হলুদে বড় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছবি তোলা হয়েছিল। সেখান থেকে কয়েকটা মেমোরিতে সংরক্ষণ করেও রেখেছিল। মৃত মানুষের ছবি রাখতে হয় না, নিভি তা জানে। তবুও এ কদিনে এগুলো ডিলিট দেওয়া হয়নি। মায়ের মুখ দেখলেই হাত কাঁপত। ভেবেছিল দু-এক সপ্তাহ পর মন শান্ত হলে ডিলিট করবে। কিন্তু এগুলো যে এভাবে প্রয়োজন হবে তা কেইবা জানত?
সকাল সাড়ে সাতটা। ড্রয়িংরুমে বখতিয়ার মাহমুদ এবং ইখতিয়ার মাহমুদ বসে আছেন কফি হাতে। তার পাশেই হিমাদ্রি এবং লিখন বসা। গত রাতের ঘটনা নিয়েই হয়তো তারা আলোচনা করছেন। নিভি এক পা এগিয়ে আবারো থেমে গেল। বুঝতে পারল না এই মুহূর্তে তাদের সামনে যাওয়া ঠিক হবে কি-না। পরক্ষণেই মন নরম হলো। সে তো আশ্রয়হীন, এতোটা অপমানের পরেও যখন এ বাড়িতেই থাকতে হয়েছে — তাহলে সন্দেহের মুখেই বা কেনো থাকবে?
নিভি নানুর রুম থেকে বেরিয়ে বড় মামার সোফার পেছনে গিয়ে দাঁড়াল। মিহি স্বরে বলল, “আসসালামু আলাইকুম, মামা।”
“আরে মামণি, আসো আসো। কখন উঠলে?”
“জি, ফজরের সময়।”
“নামাজ পড়েছ?”
“জি।”
বখতিয়ার সন্তুষ্ট হলেন। বললেন, “তুমি একটু তোমার পান্না আপুকে নামাজ পড়াতে পারবে? মেয়েটা আটটা অবধি ঘুমায়।”
নিভি কী বলবে বুঝে উঠতে পারল না। তাই চুপ থাকল। হিমাদ্রি আড়চোখে দাঁতে দাঁত চেপে তাকে দেখছে। সেসব লক্ষ্য করেই সামনে এগিয়ে গেল নিভি। সবাইকে অবাক করে দিয়ে শীতল কণ্ঠে বলল, “কাল রাতের জন্য আমাকে ক্ষমা করবেন, ভাইয়া। ওভাবে অপমান করেছেন, তাই সহ্য করতে পারিনি। হয়তো বেশি বলে ফেলেছিলাম।”
হিমাদ্রি কোনো উত্তর দিল না। বাবার দিকে তাকিয়ে ঘটনাটা বোঝার চেষ্টা করল। নিভি কিছুই গায়ে মাখল না। যা যা ভেবে এসেছে, সেভাবেই চলতে লাগল। হাতের সার্টিফিকেট এবং আইডি কার্ডগুলো বের করে দু-মামার হাতে ভাগ করে দিল। বলল, “আমার তো ন্যাশনাল আইডি কার্ড হয়নি। এগুলো মা আর আব্বুর। আর বাদবাকি আমার সার্টিফিকেট।”
এরপর লিখনের হাতে ছোট্ট মুঠোফোনটা দিল ফটো বের করে। বলল, “এখানে মায়ের অনেক ছবি আছে। আপনারা সবাই দেখে নিলে, আমি ডিলিট দিয়ে দেব।”
ইখতিয়ার হতভম্ব হয়ে গেলেন। কিন্তু রেগে গেলেন না। নিভি কষ্ট পেয়ে এগুলো দিচ্ছে শুনে সে আহত হলো। বললেন, “আম্মু, তোমাকে কেউই সন্দেহ করছে না। এমন পাগলামি কেন করছো?”
মৃদু হাসল নিভি। হিমাদ্রির দিকে তাকিয়ে বলল, “সন্দেহের কথা মনে করতে চাই না মামা। মাকে তো দীর্ঘ বছর আপনারা দেখেননি। বেশ কিছু ছবি আছে। ওগুলো দেখে নিন। এরপর ডিলিট করে দেব।”
কেউ আর আপত্তি জানাতে পারল না। হিমাদ্রি লিখনের কাছে ইশারায় মুঠোফোনটা চাইল। এরপর একেক করে বোতাম চেপে দেখার পর মোবাইল দিয়ে দিল ছোটো চাচার হাতে। ছবিগুলো লো কোয়ালিটির। অসংখ্য ছবি। দেখেই বোঝা যাচ্ছে এগুলো অরিজিনাল। সে একবার নিভির দিকে তাকাল। মেয়েটা তাহলে সত্যিই তার ফুপির মেয়ে। কিন্তু এতে আলাদা করে কোনো মায়া না জাগলেও ভেতরে ভেতরে ভীষণ খালি খালি লাগছে। তবে কি সত্যিই তার ফুপি মারা গেছে। যার সঙ্গে পুরো শৈশব একসাথে কাটিয়েছে সেই লম্বা বেনুনীর, সুন্দরী রাজকুমারী আর নেই।
বলাবাহুল্য, সায়মার ছবি আছে শুনে সেজুতিও ছুটে এলেন ড্রয়িংরুমে। বখতিয়ার, ইখতিয়ারেরও দেখার খুব সাধ। সিনিওরাকেও ডেকে এনেছে অনামিকা। অবশেষে লিখন ব্যবস্থা করল। ড্রয়িংরুমের বড় পর্দাটাতে দেখানো হলো একের পর এক ছবি। সুতির ফিনফিনে, পুরোনো শাড়ি পড়ে হাসিমুখে কখনো কাজ করছে সায়মা। আবার কখনো বা নিভিকে জড়িয়ে তার গালে চুমু দেওয়া ছবি। মুখে প্রসাধনীর কোনো ছাপ নেই। রোদে পোড়া, মলিনতায় মাখামাখি হয়ে আছে সুশ্রী মুখ। অনেকগুলো ছবি দেখার পর হঠাৎ থমকে গেল সকলে। মাথায় কোনো চুল নেই, মোটা একজন ভদ্রমহিলা। তার সঙ্গে হাসিমুখে নিভি। সকলের অবাক চাহনি দেখে নিভি বলল, “এটা চার মাস আগের ছবি। শরীর মোটা হয়ে গেছিল অনেক।”
ড্রয়িংরুমে চাপা আর্তনাদ শোনা গেল। নিভি উঠে গেল সেখান থেকে। এই ছবিগুলো দেখলে তার বুক হু হু করে কাঁদে। যাওয়ার আগে লিখনকে নরম গলায় শুধাল, “ভাইয়া, সবাইকে দেখিয়ে এগুলো ডিলিট করে ফেলবেন।”
পূর্ববর্তী গল্প: লুবনা মির্জা ২ • ফাতেমা তুজ জুহরা
পর্ব: ০৮
“আমি কি আসব?”













