নদীর ওপারে সুখ

নদীর ওপারে সুখ চলমান

পর্ব: বোনাস
« <
/ 16
> »

হিমাদ্রি মাহমুদ যন্ত্রণায় দুহাত দিয়ে মাথা চেপে ধরে বিরবির করতে লাগলো। ব্রিজের নিচ থেকে অসংখ্য বড়বড় বাস, ট্রাক চলে যাচ্ছে হর্ন বাজিয়ে। হঠাৎ চারপাশটা নিরব হয়ে এলো। বাতাসে শীতলতা অনুভব করলো। কোথাও নেই কোনো তাজা রক্তের গন্ধ। হিমাদ্রি চোখ মেলে তাকালো। চারপাশে সবটা স্বাভাবিক। সেই ভদ্রমহিলা মনোযোগ দিয়ে পিঠা বানাচ্ছেন। তার পাশে বসে হাতপাখা চালাচ্ছেন স্বামী নামক মানুষটি। হিমাদ্রি বারকয়েক পলক ঝাপটা দেয়। কোথাও পুলিশ নেই, রক্ত নেই, গোলযোগ নেই। তবে কি আবারো সে হ্যালুসিনেশন করছে?

হিমাদ্রি দ্রুতপায়ে ব্রিজ থেকে নেমে এলো। শরীরটা ঢুলছে। ভেতরের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সে গাড়িতে ঢুকে সিটে গা এলিয়ে দিলো। পকেট থেকে মোবাইল বের করে কল লাগালো ডক্টর আজাদের নাম্বারে। রিসিভড হতে বেশি সময় লাগলো না। দুবার রিং পড়তেই অপর প্রান্ত থেকে গুরুগম্ভীর সালাম ভেসে আসলো। হিমাদ্রি ধীর কণ্ঠে জবাব দেয়, “ওয়ালাইকুম আসসালাম। ডক্টর, আপনি কি চেম্বারে আছেন?”

ডক্টর আজাদ ভ্রু বাঁকিয়ে ভাবলেন। হিমাদ্রির কণ্ঠে অস্থিরতা। তিনি খানিক চিন্তিত হয়ে প্রশ্ন ছুড়লেন, “তোমার শরীর ঠিক আছে, হিমাদ্রি? সন্ধ্যায় চেম্বারে আসবে বলেও আসলে না। কিছু কি হয়েছে?”

“ঠিক আছি। ক-দিন ধরে ঘুম হচ্ছে না। হ্যালুসিনেশন হচ্ছে আবারো।”

“তুমি বরং কাল সকালে চলে আসো। দীর্ঘদিন দেখা-সাক্ষাৎ নেই।”

সম্মতি জানিয়ে ফোন কেটে দেয় সে। এরপর আরো কিছুক্ষণ বসে থাকে গাড়িতে। ড্রাইভার নিয়ে আসেনি। এদিকে শরীরের অস্থিরতাও বাড়ছে। একটু শান্ত হলে গাড়ি ঘুরিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে হবে।

জ্যোতি মাহমুদ ইদানীং গম্ভীর হয়ে যাচ্ছেন। কারোর সঙ্গে ঠিকমতো কথা বলেন না। বাড়ির সমস্ত দায়িত্ব একভাবে সামলিয়ে চুপচাপ ঘরবন্দি হয়ে থাকেন। এই পরিবর্তনটা নিভি আসার পর থেকেই হয়েছে, যা চোখ এড়ায়নি বখতিয়ারের। তিনি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট। বরাবরই জ্যোতির মধ্যে একপ্রকার বিদ্বেষ দেখা যেতো। তিনি সায়মাকে পছন্দ করতেন না। শ্বশুর-শাশুড়ি, স্বামী-দেবর থেকে শুরু করে জমিদার বাড়ির প্রত্যেকের আদুরে কন্যার প্রতি তার রেষারেষি ছিলো সবারই। পরবর্তীতে সায়মা যখন পালালো, তার সুযোগও নিয়েছিলো দৃঢ়ভাবে। প্রতি কথায় মনে করিয়ে দিয়েছে, বাড়ির সকলের এতো আহ্লাদেই বিগড়ে গেছে মেয়ে। শুরু থেকে সুযোগ না দিলে এমন কিছুই হতো না। এতোসব গায়ে লাগায় না বখতিয়ার। না শোনার ভান ধরে রাখে। কিন্তু সে বোঝেনি জ্যোতি মাহমুদ নিভির প্রতিও এরকম মনোভাব পোষণ করে থাকবে। কদিনই বা হলো এসেছে! এরমধ্যে একবার কথা বলেছে কি-না, তাতেও সন্দেহ।

“নিভিকে হোস্টেলে রাখা যায় না?”

বখতিয়ার মাহমুদ চমকে উঠলেন। আরামকেদারা ছেড়ে সহসা উঠে দাঁড়ালেন। তার দৃষ্টিতে বিস্ময়। জ্যোতি তখনো বিছানা ঝাড়ছেন। অস্বাভাবিক, আশ্চর্যজনক এ কথাটি বলেও তিনি একদম হেলদোলহীন। বখতিয়ার বিস্ময়ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, “কী বললে?”

“না বোঝার মতো কিছুই বলিনি।”

“এতো বড় বাড়ি থাকতে, আমার ভাগ্নি হোস্টেলে থাকবে?”

“হ্যাঁ, থাকবে। কত মেয়েরাই তো থাকে। আমি তো বলছি না, যে কোনো একটায় দিয়ে দাও। ভালো দেখে, বুঝে-শুনে ও শান্তিতে থাকতে পারবে—এমন একটা হোস্টেলে রেখে আসো না। মাস শেষে টাকা দিলে। প্রয়োজন সপ্তাহে একবার দেখেও আসলে।”

ক্ষিপ্ত হলেন বখতিয়ার। রাগ এবং বিস্ময় মিলিয়ে আর্তনাদ করে বললেন, “তুমি কি মানুষ! আমার বোনটা এক সপ্তাহ আগে মারা গেছে। ভাগ্নিটা এসেছে আমার কাছে থাকতে। আর তুমি বলছো, ওকে আমি হোস্টেলে রাখবো? ভুলে যেও না ইখতিয়ার আর আমার যা কিছু আছে তাতে সায়মারও পুরোপুরি ভাগ রয়েছে। ওর মেয়ের সম্পূর্ণ অধিকার আছে এ বাড়িতে থাকার।”

“আশ্চর্য! একটা কথা বলেছি বলে তুমি তো পুরো সম্পত্তি ভাগ-বাটোয়ারা করতে চলে গেলে। আমি কি বারণ করেছি? শুধু ভাগ কেন? পুরো সম্পত্তি দিয়ে দাও সায়মার মেয়েকে, তাতেও আমি কিচ্ছু বলবো না। কিন্তু ওকে এ বাড়িতে রেখো না।”

“জ্যোতি!! তোমার মধ্যে মানবিকতার ছিটেফোঁটাও নেই। শুধু আছে হিংসা।”

তর্কের এক পর্যায়ে জ্যোতি মাহমুদ ভেঙে পড়লেন। আফসোস করে বলে উঠলেন, “তুমি সারাজীবন অন্যেরটাতেই বুঝলে বখতিয়ার। আমার ছেলের দিকটা একবারও দেখলে না। তুমি কি দেখোনি, হিমাদ্রি গত কয়েকটা দিন কীভাবে ছটফট করেছে? ওর চোখেমুখে তাকাতে পারছি না। আমার ছেলেটা আবার অসুস্থ হয়ে পড়েছে!”

বখতিয়ার কপালে ভাঁজ ফেললেন। পরক্ষণেই তপ্ত কণ্ঠে বললেন, “তোমার এই অতিরিক্ত চিন্তার কারণে ছেলেটাকে দুদিন পর মানুষ পাগল বলে চিনবে। আরে ওকে একা ছেড়ে দাও না। বুঝতে দাও নিধি আর নিভি দুটো আলাদা মানুষ। আমি আমার ছেলেকে চিনি। ওর আজ এতটা পতন শুধুমাত্র তোমার জন্য। টানা তিনটা বছর নষ্ট করেছে। আট আট মাস সাফার করেছে। আজ এতোগুলো বছর ধরে তো স্বাভাবিকই ছিলো, তাহলে হঠাৎ আবার এসব কথা তুলছো কেন?”

“তুলছি, তার কারণ আছে। হিমাদ্রি নিভিকে দেখতে পারেনা। রেগে যায়, ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকে। ও সুস্থ হলেও গত কয়েকদিনে আবারো অসুস্থ হয়ে পড়েছে। আমি তোমাকে সাবধান করছি বখতিয়ার। তুমি জানো, হিমাদ্রির সমস্যা আছে। রাগ উঠলে ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, উল্টোপাল্টা হ্যালুসিনেশন করে ভয়ংকর সব সিদ্ধান্ত নেয়। এভাবে যদি নিভির কোনো ক্ষতি করে ফেলে, তবে আমার ছেলেকে দায়ী করতে পারবে না। কারণ ও অসুস্থ। আর আমি তোমাকে আগেভাগেই সাবধান করেছি।”

জ্যোতি মাহমুদ তর্কের এ পর্যায়ে রুম থেকে বেরিয়ে যান। হতভম্ব হয়ে বসে থাকেন বখতিয়ার। তিনি হিমাদ্রিকে চেনেন। ছেলের মানসিক অবস্থা সম্পর্কেও জানেন। ডক্টর আজাদ বলেছেন, সব ঠিকঠাক। শুধু অপছন্দের বিষয়গুলো নিয়ে অতিরিক্ত রেগে যাবে। এতোটুকুই তো! এটা তো স্বাভাবিক। তবে জ্যোতি কিসের ইঙ্গিত দিয়ে গেলো। তবে কি হিমাদ্রি আবারো হ্যালুসিনেশন করছে? এটাও বা কী করে সম্ভব। রোজ ভার্সিটিতে গিয়ে ক্লাস করায়। খেয়ালখুশিমতো বিকেলে অথবা রাতে ফ্যাক্টরিতে গিয়েও বাবা-চাচাকে সাহায্য করে। যদি আবারো কোনো সমস্যা দেখা দিতোই, তবে কি স্বাভাবিক থাকতে পারে? একমাত্র ছেলের চিন্তায় বখতিয়ার আবারো দুর্বল হয়ে পড়ে। হিমাদ্রির সঙ্গে কথা বলতে হবে। যদি তিন বছর আগের মতো আবারো একই সমস্যা দেখা দেয়, তবে দ্রুত ডাক্তার দেখাতে হবে।

আজ নিভির টিউশনের প্রথম দিন। সিদ্ধান্ত হয়েছে প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল আটটায় পড়াতে যাবে। সেই মতো সে ভোরে উঠে পড়ানোর প্রস্তুতি নিয়েছে। মনের মধ্যে খুঁতখুঁত করছে। মনে হচ্ছে সে পড়াতে পারবে না। তবুও দৃঢ় আত্মবিশ্বাস রেখে তৈরি হয়ে নিলো। আজও সে অনামিকার দেওয়া নতুন আরেকটা কুর্তি পড়লো। নিজেকে সামান্য পরিপাটি করে ছোট্ট পার্স ব্যাগ হাতে বেরিয়ে এলো রুম থেকে। অনামিকা এখনো ঘুমাচ্ছে। নিভি তাকে বিরক্ত করলো না। শুধু দরজা সামান্য ঠেলে মৃদু কণ্ঠে বললো, “আপু, আমি যাচ্ছি।”

অনামিকার কোনো সাড়াশব্দ ভেসে এলো না। সে গভীর ঘুমে। ড্রয়িংরুমে ইখতিয়ার এবং বখতিয়ার মাহমুদ চা খাচ্ছে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ ভেসে আসছে। ঘড়ির কাঁটায় সাতটা বেজে বিশ। নিভি আজ ও বাড়িতে কমপক্ষে দশ-পনেরো মিনিট আগে ঢুকবে। সেজন্যই দ্রুত বের হলো। ড্রয়িংরুমে নেমে সে মৃদুস্বরে বললো, “আসসালামু আলাইকুম, মামা।”

বখতিয়ার হাস্যোজ্জ্বল মুখে উত্তর দিলেন। কিন্তু ইখতিয়ারের মুখ ভার। তিনি তাকালেন না পর্যন্ত। গম্ভীর কণ্ঠে বিরবির করে বললেন, “ওয়ালাইকুম আসসালাম।”

নিভি জানে তার পড়ানো নিয়ে এ বাড়ির প্রত্যেকের আপত্তি। কিন্তু দিনশেষে মামা-মামির থেকে সর্বস্বটা গ্রহণ করতে তারও যে ছোটো লাগে, সে কথা কীভাবে বোঝাবে?

“পড়াতে যাচ্ছো?”

“জি!”

“ড্রাইভারের সঙ্গে যাও।”

নিভির জোরে হাসি পেলো। সে বড় বিলাসবহুল গাড়িতে চড়ে, ড্রাইভার সঙ্গে নিয়ে যাবে টিউশন করাতে। ব্যাপারটা কী অদ্ভুত! কিন্তু তাও সে হাসলো না। কারণ মামাদের সঙ্গে হাসি-তামাশা করার মতো সখ্যতা এখনো গড়ে ওঠেনি। বললো, “না মামা। আমি চিনি। অনামিকা আপু প্রথম দিন সাথে গেছিলো।”

বখতিয়ার আর না করলেন না। রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সেঁজুতি। নিভিকে দেখে অবাক চিত্তে বললেন, “কোথায় যাচ্ছো, নিভি?”

“স্টুডেন্ট পড়াতে।”

সেঁজুতি ভারী অবাক হলেন। স্বামীর দিকে দু পলক তাকিয়ে বললেন, “ওহহ, আচ্ছা। বেশ তো! একটু অপেক্ষা করো। ব্রেকফাস্ট প্রায় রেডি হয়ে গেছে।”

“মামী, আমার দেরি হয়ে যাবে। এখন যাই, এসে খাবো।”

নিভি একপ্রকার ছুটে বেরিয়ে গেলো। সকাল সকাল তার এমনিতেও কিছু খেতে ইচ্ছে করে না। বমি পায়। কিন্তু এখানে তো এতো কিছু বলা যায় না। মামীরা বিরক্ত হবে। চাচী তো বলেই ফেলেছিলেন, “এহহ, নাই আশ্রয়! অথচ ওনার আহ্লাদের অভাব নাই।”

নিভি না খেয়ে বেরিয়েছে দেখে অসন্তুষ্ট হলেন ইখতিয়ার। তিনি সেঁজুতিকে বললেন, “তানজিলাকে বলে কাল থেকে ওর জন্য রুমে খাবার পাঠিয়ে দেবে। ও এমনিতেই ভোরে ওঠে।”

খন্দকার বাড়ির চিত্র আজ ভিন্ন। তেমন কোনো ভিড় নেই। আবির্ভাব নিজে এসে গেট থেকে নিভিকে নিয়ে গেছে। এরপর আর তার দেখা নেই। তার মা ও নিজের রুমে বসে মেয়েদের সঙ্গে কথা বলতে ব্যস্ত। রোদেলা বেশ কিছু নাস্তা নিয়ে এলেন। এরপর বসলেন নিভির সামনে। টুকটাক আলাপের এক পর্যায় নুহার কথা জিজ্ঞেস করলে তিনি উঠে গেলেন। প্রায় পাঁচ মিনিট পর নিয়ে এলেন মেয়েকে।

নুহা পান্নার চেয়ে দু-তিন বছরের বড়। অথচ দেখতে গোলগাল মুখ, বাচ্চাদের মতো। তার চোখ দুটো ফোলা ফোলা যেনো এক্ষুনি ঘুম থেকে উঠেছে। চোখেমুখে প্রবল বিরক্তি নিয়ে সে টেবিলে বসলো। রোদেলা মেয়ের বই এনে দিলেন। এরপর চলে গেলেন রান্নাঘরে।

“তুমি কে?”

পড়ানোর শুরুতেই স্টুডেন্টের মুখ থেকে এমন প্রশ্ন শুনে নিভি ভড়কালো। নিজেকে সামলে জবাব দিলো, “আমি তোমার মিস হই, নুহা।”

“না না! তুমি কি করে মিস হবে? তুমি তো অনেক ছোটো।”

নিভি বিব্রত হয়ে আশেপাশে তাকালো। কী উত্তর দেবে বুঝে উঠতে পারলো না। পুনরায় বললো, “নুহা, শান্ত হও। আমিই তোমার মিস।”

“তুমি মিথ্যে বলছো। মিসেরা বড়বড় চশমা পড়ে। কিন্তু তোমার কোনো চশমা নেই।”

একি মুসিবত! এ মেয়ে তো তাকে মিস হিসেবে মানতেই চাচ্ছে না। পড়াবে কী করে? নিভি একবার ভাবলো রোদেলা অথবা আবির্ভাবকে ডাকবে। কিন্তু পরক্ষণেই থেমে গেলো। প্রথম দিনেই স্টুডেন্টকে সামলানোর জন্য বাড়ির সবাইকে ডাকা ঠিক হবে না। তাই সে নিজেই বুঝাতে লাগলো। বললো, “শোনো নুহা, যারা চশমা পড়ে ওদের চোখে সমস্যা। কিন্তু আমার চোখ তো পুরোপুরি ফিট। তাই চশমা পড়ি না।”

নুহা কপাল ঘুঁচিয়ে তাকালো। অসন্তুষ্ট হয়ে বললো, “ছোটো চাচ্চুও তো চশমা পড়ে। তাহলে কি ওর চোখেও সমস্যা।”

একজন সপ্তম শ্রেণির স্টুডেন্টের থেকে এ ধরনের আচরণ মেনে নেওয়া সম্ভব নয়। নিভি বিরক্ত হলো। মৃদু ধমক দিয়ে বললো, “বই বের করো। আর একদমই অযাচিত কথা বলবে না।”

নুহা বই তো বের করলোই না, বরং চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চিৎকার করে বললো, “আমি এই মিসের কাছে পড়বো না। আমাকে ধমক মেরেছে।”

রান্নাঘর থেকে ছুটে এলেন রোদেলা। নুহার চিৎকার শুনে উলটো ধমক মারলেন।

“এসব কী ধরনের অভদ্রতা নুহা? তুমি মিসের সঙ্গে এভাবে কেনো কথা বলছো?”

মায়ের ধমক খেয়ে হঠাৎই কেঁদে ফেললো নুহা। যা দেখে নিভি হতভম্ব হয়ে গেলো। এ কেমন পরিস্থিতি! শেষমেশ বসা থেকে উঠে সে নুহাকে ধরলো। মাথায় হাত বুলিয়ে বললো, “ওকে বকবেন না ভাবি। প্রথম দিন তো, একটু দুষ্টুমি করুক। এরপর ঠিক হয়ে যাবে।”

রোদেলা চলে গেলেন। প্রায় এক ঘণ্টা ধস্তাধস্তির পর মোটে দশ মিনিটের মতো পড়াতে পেরেছে নিভি। মেয়েটা আচ্ছা বদমাশ। কথা বললে ঠিকমতো কানে নিচ্ছে না। কিছুক্ষণ পর পর উঠে রুমে চলে যাচ্ছে। ওয়াশরুমে যাবে, এই করবে, সেই করবে, গেম খেলবে বলে বলে মাথা নষ্ট করে দিয়েছে। নেহাত প্রথম টিউশন, নিভি ঠেকে গেছে। নাহলে এমন স্টুডেন্টকে জীবনেও পড়াতো না সে। আজ প্রায় দেড় ঘণ্টা খন্দকার বাড়িতে থাকতে হয়েছে। পড়ানোর শেষ মুহূর্তে হঠাৎ করে নুহা জিজ্ঞেস করলো, “তোমার নাম কী মিস?”

“নিভি।”

বলার সঙ্গে সঙ্গে মেয়েটা দুম করে উঠে গিয়ে রান্নাঘরের লাইট নিভিয়ে দিলো। রোদেলা তখন রুটি বানাচ্ছে। আলো কম হওয়ায় তিনি বিরক্ত হলেন। বললেন, “এই লাইট কে নিভিয়েছে? নুহা!”

নুহা তৎক্ষণাৎ ছুটে আসলো ড্রয়িংরুমে। চিৎকার করে বললো, “মাম্মা, নিভি লাইট নিভিয়ে দিয়েছে।”

কী সাংঘাতিক কথা! গোলগোল চোখে স্টুডেন্টকে চেয়ে দেখলো নিভি। কিন্তু কিছুই বলতে পারলো না। বলবেই বা কী? সে কি এই বাচ্চা মেয়ের সঙ্গে এখন তর্ক করবে? বলবে—লাইট সে নয়, নুহাই নিভিয়েছে। হাহ!

টিউশনের প্রথম দিনের ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে খন্দকার বাড়ি থেকে নিভি বিদায় নিলো। মনে মনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। আদৌ কি এই মেয়েকে সে পড়াবে? না পড়ালেও বাড়ির সবাই কী ভাববে? এতো তোড়জোড় করে টিউশন নেওয়ার পর শেষমেশ একদিনেই হেরে যেতে হবে—ভাবতেই হতাশ হলো।

খন্দকার বাড়ির গেট পেরোতেই দেখা হয়ে গেলো আবির্ভাবের সাথে। সে সম্ভবত হাঁটতে বেরিয়েছিলো। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে নিভিকে দেখে হাসলো। জিজ্ঞেস করলো, “মিস, পড়ানোর অভিজ্ঞতা কেমন?”

নিভি কী বলবে বুঝে উঠতে পারলো না। একসময় হেসেই ফেললো। বললো, “ভীষণ ভালো।”

“কতদিন পড়াতে পারবেন?”

“দেখা যাক।”

নিভি পা বাড়ালো সামনে। ভেবেছিলো আবির্ভাব চলে যাবে। কিন্তু সে গেলো না। বরং তার সঙ্গেই ফুটপাত ধরে হাঁটা শুরু করলো। বললো, “চলুন মিস, আপনাকে এগিয়ে দিয়ে আসি।”

নিভি অস্বস্তি বোধ করলো। বললো, “না না, ভাইয়া। কষ্ট করে যেতে হবে না। আমি ঠিক চলে যাবো।”

“উহু! আপনার উচিত আমাকে সুযোগ করে দেওয়া।”

নিভি ভ্রু বাঁকালো। আবির্ভাবের উদ্দেশ্য বোঝার চেষ্টা করেও পারলো না। তার বিব্রত মুখভঙ্গি দেখে শেষমেশ আবির্ভাব হাসলো। বললো, “তোমার বোনের সঙ্গে এই ব্যাপারে তোমার ভীষণ মিল। কিছু হলেই ভ্রু বাঁকাও।”

থেমে হাঁটতে হাঁটতে বললো, “তোমার বোন কোনো কারণে আমার প্রতি অসন্তুষ্ট। কল রিসিভড করছে না। তাই তোমাকে এগিয়ে দেওয়ার বাহানায় দেখা করতে যাচ্ছি। আর কোনো বিশ্লেষণ করতে হবে?”

পর্ব: ১২

চৌধুরী নিবাস। গেটের একপাশে বড় বড় অক্ষরে লেখা নেমপ্লেট। তার ভেতরে বাঁ দিকে সুন্দর একটা টেবিল রাখা। চারদিকে মোট চারটি বসার টেবিল। বিকেল অথবা সকালে বাড়ির সদস্যরা এখানে বসে, আলাপ করে। উঠোনের ওই কোণ থেকে গেটের দিকটা স্পষ্ট দেখা যায়। হিমাদ্রি আড়াআড়ি ভাবেই বসে ছিলো। তার সম্মুখে লিখন। সে মাথা নিচু করে রেখেছে। মূলত, ফ্যাক্টরির ঝামেলা নিয়েই কথা বলছে। হঠাৎ হিমাদ্রির দৃষ্টি স্থির হয়ে এলো। চোখেমুখে বিরাজ করলো গম্ভীরতা। লিখন ভাইয়ের চাহনি ধরে নিজেও গেটের দিকে তাকালো। মুহূর্তেই চোয়াল ঝুলে পড়লো অবিশ্বাসে। নিভির সঙ্গে এক অপরিচিত যুবক। ছেলেটা বেশ হেসে হেসে কথা বলছে এবং নিভি তার উত্তর দিচ্ছে। বিষয়টা চমকপ্রদ! মাথা উঁচিয়ে যে মেয়ে কথা বলে না, সে দুদিনেই অচেনা এক যুবকের সঙ্গে কথা বলছে, বিষয়টা লিখনের খুব গায়ে লাগলো। সে নাকের পাটাতন ফুলিয়ে চেয়ে রইলো গেটের দিকে। তবে এতোকিছুর মধ্যে হিমাদ্রির মনোভাব বোঝা গেলো না। সে রাগ করেছে, নাকি স্বাভাবিক আছে—তা বোঝা কঠিন।

« <
/ 16
> »
ফ্রিতে হাজার হাজার PDF ডাউনলোড করুন।