নদীর ওপারে সুখ

নদীর ওপারে সুখ চলমান

পর্ব: বোনাস
« <
/ 16
> »

কয়েকজন লোক বিরক্ত চোখে নিভিকে আগাগোড়া পরখ করল। একসাথে এতোজনের নজর পড়ায় অস্বস্তিতে মুড়িয়ে উঠল মেয়েটা। দ্রুত রাস্তা থেকে ব্যাগ তুলে হাঁটা শুরু করল অন্যপাশে। তার শরীরটা থরথর করে কাঁপছে। আরেকটু হলেই কি অঘটনটাই না ঘটে যেত। ঘোরের মধ্যে মেইন রোডের মাঝখানে এসে সে দাঁড়িয়েছিল। নেহাত, ট্রাকচালক ব্রেক কষেছেন; নাহলে!

দূর থেকে লোকগুলোকে আরেকবার দেখল নিভি। ভিড় কিছুটা কমেছে, কিন্তু ট্রাকচালক এখনো যায়নি। তিনি কথা বলছেন। লজ্জায়, অস্বস্তিতে সে আরো সামনে এগিয়ে গেল। রাস্তার পাশে কয়েকটা সান বাঁধানো বেঞ্চ দেখে, সেখানে গিয়ে বসল। আলতো হাতে ব্যাগের চেইন খুলে টাকা গুণতে লাগল। চার হাজার টাকা নিয়ে রওনা দিয়েছিল। এখন আছে দু হাজার একশো পঞ্চাশ টাকা। প্রায় অর্ধেক খরচ হয়ে গেছে। নিভি খেয়াল করে দেখল কাপড়ের ব্যাগের মধ্যে একটা বনরুটি এবং দুটো কলাও হয়েছে। খুশিতে চকচক করে উঠল চোখ। দীর্ঘ বিরতির পর সকল দুঃখ ভুলে সে খেয়ে নিল। তাকে লড়তে হবে। পৃথিবীতে হাজার হাজার অনাথ ছেলেমেয়ে রয়েছে। তারা কি খেয়েপরে বেঁচে নেই? তাহলে নিভি কেনো এতো ভয় পাচ্ছে? সেও বাঁচবে। নিজের জন্য বাঁচবে।

নিভি খাওয়ার পর দীর্ঘক্ষণ ভাবতে লাগল। কাগজটাতে ঠিক কি কি লিখেছিল, তা মনে করতে চাইল। কিন্তু অনেক ভেবেও মিরপুর ১১, চৌধুরী নিবাস, বখতিয়ার মাহমুদ চৌধুরী ছাড়া আর কিছু মনে করতে পারল না। গ্রাম হলে কারোর নাম বললেই, লোকে তার চৌদ্দ পুরুষের তথ্য দিতে পারত। কিন্তু শহরে কি তা আদৌ সম্ভব। এতোটা এলোমেলো ঠিকানা নিয়ে সে কি শেষ আশ্রয় খুঁজতে পারবে? নিভি সাহস হারাল না। বুক ফুলিয়ে একটা নিঃশ্বাস নিয়ে রাস্তা পার হলো। শহরের রাস্তা এখন আগের চেয়ে জমজমাট। বাস, ট্রাক, রিকশা এবং ব্যস্ত মানুষের ছোটাছুটি লক্ষ করা যাচ্ছে। এই কোলাহলপূর্ণ পরিবেশ দেখে নিভি কিছুক্ষণ পূর্বের নিরিবিলি দৃশ্যটুকু কল্পনা করল। মুহূর্তেই গা কাঁটা দিয়ে উঠল। হাতে বইয়ের ব্যাগ নেই। এতো শখের, প্রিয় বইগুলো সে শেষ পর্যন্ত হারিয়েই ফেলল। মায়ের মৃত্যুর তিন দিন পূর্বে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে এসেছে। ভেবেছিল, যেখানেই আশ্রয় পাক না কেনো সারাবছর পড়ে গ্রামে এসে বোর্ড পরীক্ষাটা দেবেই। কিন্তু পারল না। শেষমেশ বইগুলোই হারিয়ে ফেলল।

বাসের সেই ভদ্রলোক বলেছিল রিকশায় যেতে হবে। তার কথা স্মরণ করে নিভি পুনরায় সাহস সঞ্চয় করে একটা রিকশায় উঠল। গতবার এতোকিছু না বুঝেই ঠিকানার কাগজ রিকশাওয়ালার হাতে দিয়ে ফেলেছিল। ভেবেছিল, এতো প্যাঁচানো ঠিকানা — সে বললে যদি বুঝতে না পারে। কিন্তু এটাই সবচেয়ে কাল দাঁড়িয়েছিল তার জন্য। নিভি এবার আর বোকামি করল না। আত্মবিশ্বাসী হয়ে বলল, “মিরপুর ১১, চৌধুরী নিবাসে যাব। চলুন।”

রিকশাওয়ালা কিঞ্চিৎ আপত্তি করে বললেন, “কত নাম্বার রোডে যাইবেন?”

নিভি ঘাবড়ে গেল। হঠাৎ কিছু একটা মনে পড়তেই দ্রুত কাপড়ের ব্যাগ খুলে ডায়েরি বের করল। বইয়ের ব্যাগে ওতোগুলো বই, গাইড, সাজেশন রাখার পর আর জায়গা হয়নি বলেই সে কাপড়ের ব্যাগে ডায়েরি রেখেছিল। যতদূর মনে হচ্ছে ঠিকানা এই ডায়েরিতেই লিখেছিল। লেখা কাগজটা ছিঁড়ে হাতে নিলেও অপর পৃষ্ঠায় নিশ্চয়ই লেখার ছাপ পড়ে থাকবে। নিভি উদ্ভ্রান্তের মতো পৃষ্ঠা উল্টে দেখল। হঠাৎ বেশ কয়েকটি শব্দের ছাপ দেখে খুশিতে চোখ দুটো চকচক করে উঠল। তার হাত কাঁপছে। পৃষ্ঠাটা তুলে আস্তে ধীরে লেখাগুলো বোঝার চেষ্টা করল। এরপর পাশেই লিখল নতুন ভাবে। এতোসব বাহানা দেখে বিরক্ত হলেন রিকশাচালক। বললেন, “আপনি কি যাইবেন? নাইলে আমি যাই।”

“না না, যাব। আমি ঠিকানা বলছি, আপনি নিয়ে চলুন।”

চৌধুরী নিবাস। আভিজাত্যে পরিপূর্ণ ডুপ্লেক্স বাড়িটির প্রকাণ্ড গেটের সামনে দাঁড়িয়ে নিভি সস্তির নিঃশ্বাস ফেলল। ছোটো ছোটো কদম ফেলে আরেকটু সামনে এগিয়ে দারোয়ানের উদ্দেশ্যে বলল, “আসসালামু আলাইকুম। এটা কি বখতিয়ার মাহমুদ চৌধুরীর বাড়ি?”

“ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কে?”

“আমার নাম নিভি রহমান। একটু গেটটা খুলবেন, আমি বখতিয়ার মাহমুদ আংকেলের সঙ্গে কথা বলতে চাই।”

দারোয়ান ভ্রু কুঁচকে তাকালেন। তিনি অনেকক্ষণ ধরে সন্দেহের চোখে নিভিকে লক্ষ্য করছেন। বাড়ির সামনে এসে প্রায় দু মিনিট ধরে দাঁড়িয়ে ছিল। এখন আবার পরিচয় না দিয়েই গেট খুলতে বলছে, বিষয়টা সন্দেহজনক। কড়া কণ্ঠে বললেন, “না, গেট খোলা যাবে না। আপনার পরিচয় বলেন।”

নিভি একটু তটস্থ হয়ে ভাবল। মা পালিয়ে বাবাকে বিয়ে করায় তাকে ত্যাগ করেছিল পরিবার। নিশ্চয়ই অনেক রেগে আছেন। সেখানে হুট করে দারোয়ানকে যদি জানায়, সে তাদের ভাগ্নি — আর এটা গিয়ে বাড়িতে বলার পর মামারা রেগে গেট থেকেই অপমান করে বের করে দেয়, তবে ভীষণ লজ্জা পাবে সে। এর চেয়ে একাকী বসে পরিচয় দেওয়াই সমুচিত হবে। অন্তত সকলের সামনে অপমানিত হওয়ার চেয়ে একাকী দুটো বাজে কথা শোনাও ভালো। ভেবে পুনরায় নিজের পরিচয় দিতে দ্বিধা বোধ করল। বলল, “আপনি তাকে গিয়ে বলুন, লক্ষীপুর থেকে একটা মেয়ে এসেছে কথা বলতে। তাহলেই হবে।”

দারোয়ান চলে গেলেন ভেতরে। কিছুক্ষণ পর তার সঙ্গে আরো দুজন মেয়ে এগিয়ে এল। একজন লম্বা, ফর্সা, গোলগাল চেহারার সুন্দরী নারী। বয়স আনুমানিক তেইশ-চব্বিশ হবে। অন্যজন নয় বছরের কিশোরী। পরনে লাল ফ্রক। ছোটো মেয়েটা নখ কামড়াতে কামড়াতে নিভিকে দেখল। গম্ভীর মুখে জিজ্ঞেস করল, “তোমার নাম কি? বাড়ি কোথায়? কোন জায়গা থেকে এসেছ? বড় আব্বুর কাছে কি চাই?”

নিভি ভড়কে গিয়ে বড় মেয়েটার দিকে তাকাল। এরপর নিচু কণ্ঠে জবাব দিল, “আমি নিভি। আমার বাড়ি পিরোজপুর।”

মুহূর্তেই ঝট করে প্রশ্ন ছুড়ল বড় মেয়েটা। বলল, “কিন্তু দারোয়ান তো বলল তোমরা নাকি লক্ষীপুর থেকে এসেছ?”

“জি! আমি লক্ষীপুরেও গেছিলাম দেখা করার জন্য। কিন্তু দরজায় তালা লাগানো।”

“আব্বুর সাথে কি এমন কথা তোমার, যার কারণে এতোটা ঘুরেছ? ফোন দিলেই পারতে।”

“আমার কাছে ফোন নাম্বার নেই।”

নয় বছরের মেয়েটির ডাকনাম পান্না। সে নিগূঢ় দৃষ্টিতে নিভির হাতের ব্যাগটা দেখল। বলল, “এ্যাই, তোমার ব্যাগের কি আছে? বন্দুক।”

মুখ চেপে ধরল অনামিকা। চোখ গরম করে বলল, “পান্না, চুপ।”

এরপর নিভির উদ্দেশ্যে বলল, “তুমি কিছু মনে করো না। এসো, আব্বু বাড়িতেই আছে।”

পান্না কি তবুও থামার পাত্রী? সে পুনরায় চেঁচিয়ে উঠল। বলল, “এটা তো অনেক বড় ব্যাগ। এ্যাই, তুমি কি এখানেই থাকবে?”

নিভি লজ্জায় চোখ নামিয়ে নিল। মুখে কিছু বলল না। চুপচাপ এগিয়ে গেল অনামিকার পিছুপিছু।

বড়সড় ড্রয়িংরুম। দুটো ডবল এবং একটা সিঙ্গেল সোফা। একজন বয়স্ক ভদ্রমহিলা উৎসুক হয়ে বসে আছেন। তার নাম সিনিওরা মাহমুদ। নওশাদ মাহমুদের স্ত্রী। শখ করে তার মামাই তাকে এই বিদেশি নাম দিয়েছেন। দেখতেও ভিনদেশীদের মতো। গায়ের রঙ চড়া ফর্সা হলেও চুলগুলো এখনো বেশিরভাগ কালো। যার কারণে বৃদ্ধ বয়সে এসেও অত্যন্ত সুন্দরী তিনি। চিরচেনা ভিটে লক্ষীপুর থেকে একটা মেয়ে এসেছে শুনে তিনি উদগ্রীব। এই কংক্রিটের শহরে খুব কম মানুষকেই আপন লাগে। সেখানে হুটহাট দু-চারজন গ্রামের মানুষ পেলে আনন্দের সীমা থাকে না।

বখতিয়ার মাহমুদ চৌধুরী চায়ে চুমুক দিয়ে সদর দরজার দিকে তাকালেন। অনামিকা এবং পান্নার পেছনে নতমস্তকে একজন অল্পবয়সী মেয়ে ঢুকল। পরনে সুতির থ্রিপিস, মাথায় ওড়না টানা। তিনি বসতে বললেন। স্ত্রীকে বললেন আরেক কাপ চা দিতে। নিভি ধীর পায়ে সোফায় মুখোমুখি বসল। উৎসুক দৃষ্টিতে আরো একজন ভদ্রমহিলা তাকিয়ে আছে তার দিকে।

নিভি ভেবেছিল একাকী কথা বলা যাবে। কিন্তু এই মুহূর্তে তার আশেপাশে প্রায় পাঁচ-ছয়জন লোক। এমনকি দোতলায় সিঁড়ির রেলিং ধরে একজন যুবক তাকিয়ে আছে। তিনি থেমে থেমে কফির কাপে চুমুক দিচ্ছেন, আর নিভিকে দেখছেন। বিষয়টা বেশ বিব্রতকর। বখতিয়ার মাহমুদ বললেন, “তুমি নাকি লক্ষীপুরেও গেছিলে, আমার সঙ্গে কথা বলতে?”

“জি।”

“কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না। তোমার বাবার নাম কি?”

নিভি চোখ তুলে আরেকবার সবাইকে দেখে বিব্রত হলো। এতোগুলো লোকের সামনে আশ্রয় চাইতে ভীষণ লজ্জা লাগছে। হয়তো সম্পর্ক স্বাভাবিক থাকলে, এতোটা অস্বস্তি হতো না। কিন্তু যাকে চেনে না, কখনো কথাই হয়নি — তার কাছে হুট করে কীভাবে ভাগনি হিসেবে থাকার আবদার করবে?

“একটু আলাদা কথা বলা যাবে?”

বখতিয়ার মাহমুদ মৃদু হাসলেন। বাড়ির বাকিদের দিকে তাকিয়ে নিভিকে বললেন, “এরা আমার বাড়িরই লোক। এদের সামনে বললে কোনো অসুবিধা হবে না। সংকোচ করছো কেন? বলে ফেলো। তোমার কি কিছু লাগবে?”

এ পর্যায়ে দ্বিগুণ বিব্রত হলো নিভি। সবাই তাহলে ইতোমধ্যেই বুঝে ফেলেছে, সে কিছু চাইতে এসেছে। অস্বস্তিতে মাথা নিচু করে ফেলল। ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, “আমার মায়ের নাম সায়মা মাহমুদ।”

থমকে গেলেন সিনিওরা মাহমুদ। বখতিয়ার আচমকা বুঝে উঠতে পারলেন না। দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, “আমি ঠিক বুঝতে পারলাম না। তোমার পরিচয় কি?”

“আমার নাম নিভি। আপনাদের ব্যাপারে খুব একটা জানি না। মা কখনো বলেননি। শুনেছি, বাবার সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন। আপনারা রাজি ছিলেন না বলে যোগাযোগও রাখেননি। মামা, মা পাঁচদিন আগে মারা গেছেন ক্যান্সারে।”

নিভির চোখ বেয়ে টুপটাপ করে জল পড়ছে। উপস্থিত সকলেই স্তব্ধ হয়ে গেলেন। বখতিয়ার মাহমুদ কাঁপা কণ্ঠে আরেকবার জিজ্ঞেস করলেন, “সায়মা মারা গেছে?”

হাহাকার করে উঠলেন সিনিওরা। সোফা থেকে উঠে এসে নিভিকে জড়িয়ে ধরলেন। আর্তচিৎকার করে বললেন, “আমার মেয়েটা মারা গেল! আর আমি জানলামও না। তোদের এতো রাগ, মেয়েটার খোঁজও নিলি না। এবার খুশি তো, আমার মেয়ের লাশটাও দেখতে হয়নি। কত করে বললাম, সায়মাকে খোঁজ। ওকে নিয়ে আয়, আনলি না। বাবার মৃত্যুর খবরটাও দিলি না। আমার মেয়ে কতটা কষ্টে মরল। মরার সময় মা, ভাই কাউকে একনজর দেখতেও পেল না।”

জ্যোতি মাহমুদ এগিয়ে এসে শাশুড়িকে ধরলেন। পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, “মা, কাঁদবেন না। আপনি অসুস্থ, প্রেশার উঠবে। থামুন, যা ভাগ্যে ছিল তাই হয়েছে। ঘরে চলুন, আসুন। বিকেলে কথা বলবেন।”

বখতিয়ার মাহমুদের চোখদুটো লাল হয়ে গেছে। তিনি আর বসে থাকতে পারলেন না। বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তিনি ধীর পায়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে দিলেন। জ্যোতি মাহমুদ শাশুড়িকে ধরে নিয়ে গেলেন ঘরে। নিভি সিক্ত নয়নে বসে রইল সোফায়। অনামিকা তার পাশে এসে বসল। গালে আলতো করে হাত ছুঁইয়ে বলল, “তুমি সায়মা ফুপির মেয়ে?”

উত্তর দিল না নিভি। একদৃষ্টিতে চেয়ে রইল ফ্লোরের দিকে। তার যে আশ্রয় নেই, এ বাড়িতে থাকতে এসেছে — একথা এখনো জানানো হয়নি কাউকে। এক্ষুণি বলা উচিত বলেও মনে হচ্ছে না।

সেজুতি মাহমুদ চায়ের ট্রে নিয়ে রান্নাঘরে গেলেন। মলিন কণ্ঠে বললেন, “অনামিকা, নিভিকে নিয়ে তোমার ঘরে যাও। আমি ইখতিয়ারকে জানাচ্ছি।”

“জি, ছোটমা।”

সবাই চলে যাওয়ার পর বিষণ্ণ মুখে দাঁড়িয়ে রইল পান্না। দোতলায় তাকাতেই বড় ভাইকে দেখতে পেল। মুহূর্তেই ছুটে গেল সেখানে। চঞ্চল কণ্ঠে জিজ্ঞেস করল, “ভাইয়া, সায়মা ফুপি কে?”

“বাবার বোন।”

“সে কি বড় আব্বুরও বোন?”

“হ্যাঁ।”

“তাহলে আমাদের বাড়িতে আগে আসেনি কেন?”

অন্যসময় লিখন বিরক্ত হলেও আজ উত্তর দিল। সায়মা ফুপিকে তার মনে আছে। ভীষণই সুন্দরী ছিলেন তিনি। ঠিক দাদীর মতো। তার যখন নয় বছর, তখন বাড়ি থেকে পালিয়ে যান। এরপর কখনো কাউকে জিজ্ঞেস করার সাহস পাননি। বাবা, চাচা, দাদু কেউ ফুপির নাম শুনতেই পারতেন না। শুধু একাকী বসে সিনিওরা মাহমুদ কাঁদতেন। লিখন এতোকিছু পান্নাকে বলল না। শুধু বলল, “ঝগড়া হয়েছিল, তাই আসেনি।”

লিখন চলে গেল। অথচ আরো কতশত প্রশ্ন ছিল পান্নার মাথায়। সে রেগে কিছুক্ষণ তাকিয়ে রইল ভাইয়ের দিকে। এরপর চঞ্চল পায়ে অনামিকার রুমের দিকে গেল। দীর্ঘ দেড়দিন পর শোবার বিছানা দেখে শরীর নুয়ে এল নিভির। তবুও সে কিছু বলল না। চুপ করে একপাশে বসে রইল। অনামিকা নরম কণ্ঠে বলল, “অনেক দূর থেকে এসেছ। তুমি বরং গোসল করে নাও। জামা-কাপড় এনেছ?”

“জি।”

নিভি চলে যাবে সেই মুহূর্তে পান্না রুমে ঢুকল। অভিমানী কণ্ঠে বলল, “ও তোমার রুমে থাকবে?”

“হ্যাঁ।”

“তাহলে আমি কোথায় ঘুমাব?”

অনামিকা মৃদু হাসল। পান্নাকে বুঝিয়ে বলল, “এমন বাজে কথা বলে না পান্না। ও তোমার আপু হয়। আমি যেমন আপু, ও তেমনই। বুঝেছ? আর তুমি আমাদের মাঝখানে শোবে। আমরা অনেক গল্প করব, মজা করব।”

“কিন্তু ও তো কথাই বলে না। চুপ করে থাকে।”

অনামিকা পান্নার চুলে হাত বুলিয়ে দিল। এরপর ধীর কণ্ঠে বলল, “তোমার ছোটো আপুর মা মারা গেছে। তাই ও কষ্ট পাচ্ছে। দুদিন পর অনেক গল্প করবে।”

নিভির মা মারা গেছে শুনে পান্না ভীষণ দুঃখ পেল। সে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল ওয়াশরুমের দিকে। ঝিরঝির করে পানি পড়ার আওয়াজ আসছে। হঠাৎ উৎসাহ নিয়ে বলল, “ওর তো ক্ষুধা লেগেছে, আমি তাহলে খাবার নিয়ে আসি?”

“ওকে, এসো।”

প্রায় ত্রিশ মিনিট পর একপ্রকার ছুটে বাড়িতে ঢুকল ইখতিয়ার মাহমুদ। ড্রয়িংরুমে ঢুকে সোজা চলে গেল বখতিয়ারের রুমে। আর্তনাদ করে বলল, “ভাইজান, সেজুতি বলল — সায়মা নাকি মারা গেছে? কীভাবে হলো এসব?”

বখতিয়ার মাহমুদ কাঁদতে পারেন না। অথচ কষ্টে বুক ফেটে যাচ্ছে। তার চোখ দুটো বিষাদে রক্তবর্ণ হয়ে গেছে। বললেন, “ক্যান্সার হয়েছিল। আমি নিশ্চিত, ওর চিকিৎসা জোটেনি। যে অমানুষটার হাত ধরে বাড়ি ছেড়েছে, সে তো বেকার। চিকিৎসা ছাড়াই আমার বোন মারা গেছে।”

ইখতিয়ারের চোখ বেয়ে অশ্রু নামছে। দু ভাইয়ের একমাত্র আদরের বোন। অথচ পাঁচদিন হয়েছে মারা গেছে, তারা তা জানে না। জানাজা তো দূর, কবরে একমুঠো মাটিও দিতে পারেনি। সে আগ্রহ নিয়ে বলল, “ভাইজান, সায়মার মেয়ে এসেছে নাকি? আমি একটু দেখব।”

বখতিয়ার আগ্রহ দেখাল না। ধীর পায়ে বিছানায় বসল। অশ্রুপাত করে উত্তর দিল, “আমি যাব না। আমি ওর মেয়ের সামনে যেতে পারব না। আমরা তো যোগাযোগ রাখিনি। ওইটুকু মেয়ে পিরোজপুর থেকে লক্ষীপুর, লক্ষীপুর থেকে ঢাকায় ছুটে এসেছে আমাদের কাছে। শুধুমাত্র মায়ের মৃত্যুর কথা জানাতে। কি ভাবছে বল, ওর মামারা এতো বিলাসবহুল গাড়ি-বাড়ি নিয়ে জীবন কাটাচ্ছে, আর ওর মায়ের একটু চিকিৎসাটুকুও জোটেনি। চিকিৎসাবিহীন মরে গেছে।”

পর্ব: ০৪

নওশাদ মাহমুদ চৌধুরী ছিলেন ভীষণ রাগী। লোকমুখে শোনা যায়, তৎকালীন প্রজারা জমিদার ইসহাক মাহমুদের চেয়েও তার পুত্রকে ভয় পেয়ে চলতেন। নারী-পুরুষের অবৈধ সম্পর্ক, যাকে বর্তমান সমাজ প্রেমলীলা হিসেবে চেনে; সেই প্রণয় ছিল নওশাদের কাছে গুরুতর অপরাধ। এলাকায় সব যুবক-যুবতী তার ভয়ে তটস্থ ছিলেন। প্রায় কয়েকবার রাতের আধারে দেখা করতে আসা যুগলকে বন্দিও করেছিলেন। তিনি অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া যুবককে ন্যাড়া করে জমিদার বাড়ির গেটের সামনে ঝুলিয়ে সারারাত ধরে বেধড়ক পেটাতেন। আর দোষী নারীর মুখে চুনকালি মাখিয়ে, হাত-পা বেঁধে কোমর সমান পানির মধ্যে সারারাত বসিয়ে রাখতেন। ভোর হলে তাদের বিচার হতো এবং তারপর কাজী অথবা পুরোহিত ডেকে বিয়ে পড়িয়ে দেওয়া হতো। অথচ, একসময় জানতে পারলেন তার আদরের কন্যাই অবৈধ সম্পর্কে জড়িয়েছে। ক্ষোভে ফেটে পড়ে তিনি সায়মার গায়ে হাত তোলেন। শিশুকাল থেকেই সায়মা বড্ড আদরের। আত্মসম্মানবোধ, জেদ, তেজ টুকু বোধহয় বাবার থেকেই পেয়েছিল। সে কারণেই বাবার হাতের থাপ্পড়টা অত্যন্ত গুরুতরভাবে দাগ কেটে যায়। সে বাড়ি থেকে বের হয়ে যেতে চাইল। কিন্তু সফল হলো না। বাবা মেয়ের এই আত্মদাম্ভিকতা মেনে নিতে না পেরে ঘরবন্দি করলেন। সঙ্গে ঠিক করলেন বিয়ে, সায়মার অমতেই। পুরো ঘটনাগুলো সায়মাকে তীব্রভাবে প্রভাবিত করেছিল। ফলস্বরূপ, জমিদার মহলের প্রতিটা প্রাসাদ যেদিন বিয়ের খুশিতে ঝলমল করছিল, সায়মা সেদিন সুযোগ পেয়ে পালিয়ে এল শহরে, আতাউর রহমানের কাছে।

« <
/ 16
> »
ফ্রিতে হাজার হাজার PDF ডাউনলোড করুন।