অতঃপর প্রেমের আগমন

অতঃপর প্রেমের আগমন চলমান

পর্ব: ৪
« <
/ 4
> »

“শোন, আমার কিছু কাজ আছে। আমি ছাদে যাচ্ছি। কেউ ডাকলে আমাকে একটু জানিয়ে দিস। আর আমি যাওয়ার পর এই বাচ্চাকে সম্পূর্ণরূপে তৈরি করে তারপর যাবি। নাহলে আবার অন্য কোনো ঝামেলা বাধিয়ে বসে থাকবে!”

কথা শেষ করে আয়ানার দিকে বাঁকা চোখে তাকাল আদ্রিশ। আয়ানা গাল হালকা ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। আয়ানার রাগ হচ্ছে। তাকে বাচ্চা কেন বলবে? সে তো এতটাও বাচ্চা না।

আদ্রিশ আয়ানাকে বাচ্চা বলায় হুহা করে হেসে দিল মেয়েটা। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল—

“তুমি চিন্তা করো না, ভাইয়ু। আমি ভাবিকে সুন্দরমতো তৈরি করে নিচে নিয়ে যাব। আর শোনো, ১০টায় সবাই ব্রেকফাস্ট করবে। কালকে দেরিতে ঘুমানোর কারণে অনেকেই উঠতে পারে নি। তাই আজকে একটু লেটে ব্রেকফাস্ট করা হবে। তুমি ১০টার সময় টেবিলে চলে এসো, তাহলেই হবে। এবার বের হও। তোমার বউকে রেডি করি।”

আদ্রিশ মাথা নেড়ে সম্মতি জানাল। একবার আয়ানার দিকে তাকিয়ে স্টাডি টেবিলের কাছে চলে গেল। অনেকগুলো ফাইল, টাইপ করা কিছু কাগজ, ল্যাপটপ আর ফোন নিয়ে রুম থেকে চলে গেল। আয়ানা আদ্রিশের যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটা গাল টেনে দেয়ায় ধ্যান ভাঙল তার। মেয়েটা আয়ানার গাল টেনে বলল—

“ভাবী, ভাইয়ু কিন্তু ঠিকই বলেছে। তুমি আসলেই একটা বাচ্চা। একদম কিউট বাচ্চা। আমার তোমাকে দেখে অনেক আদর আদর পাচ্ছে। ওহহো, তোমাকে তো আমার পরিচয় দেওয়া হলো না। আমি আনিকা। আদ্রিশ আর আহিল ভাইয়ার ছোট বোন।”

আয়ানা মনে মনে ভাবল, ‘এই আদ্রিশটা কে? আহিল ভাইয়া তো মীরা আপুর বর। তাহলে আদ্রিশ কি উনি? হয়তো!’

মনে মনে বার কয়েক আদ্রিশের নাম আওড়াল আয়ানা। এর মধ্যেই আনিকা বলতে লাগল—

“আমি অনার্স প্রথম বর্ষে আছি। শীঘ্রই দ্বিতীয় বর্ষে চলে যাব। আমি তো মনে হয় তোমার তুলনায় বড়। অবশ্য বয়সে বড়, সম্পর্কে তুমি আমার বড়। তুমি চাইলে আমাকে নাম ধরেও ডাকতে পারো। যেভাবেই ডাকো না কেন, আমাকে নিজের বান্ধবী মনে করবে, কেমন? আজ থেকে তুমি-আমি ফ্রেন্ড। ওকে?”

আয়ানা, আনিকার বন্ধুত্বসুলভ ব্যবহারে খুব খুশি হলো। আনন্দে চোখ দুটো জ্বলজ্বল করে উঠল তার। হালকা হেসে বলল—

“ওকে। কিন্তু তুমি তো আমাকে ভাবী, ভাবী করছ। তাহলে কীভাবে হবে? তুমি আমাকে নাম ধরে ডাকবে।”

আনিকা বলল—

“সম্পর্কে তুমি আমার বড় ভাবী হও। তাই তোমাকে ভাবী ডাকতেই হবে। নাহলে মা, বড় আম্মু রাগ করতে পারে। আচ্ছা, এক কাজ করা যাক। তোমাকে সবার সামনে ভাবী ডাকব। আর অন্যান্য সময় আয়ানা। ওকে?”

আয়ানা বলল—

“ওকে।”

আনিকা, আয়ানাকে তাড়া দিয়ে বলল—

“এবার যাও তো, দ্রুত শাওয়ার নিয়ে আসো। তোমাকে রেডি করে দিই। এই যে, এই ব্যাগ নিয়ে যাও। এর মধ্যে প্রয়োজনীয় সব জিনিস আছে। আর শাড়িটা বাইরে থাক। তুমি বাইরে আসলে আমি পড়িয়ে দিচ্ছি।”

আয়ানা সম্মতি জানিয়ে চলে গেল ফ্রেশ হতে।

আনিকা, আয়ানাকে নিচে নিয়ে এসেছে। ডাইনিং টেবিলের কাছাকাছি আসতেই আয়ানা দেখল, তিনজন মহিলা আর তার আপু মিলে টেবিলে খাবার সাজিয়ে রাখছে। তিনজনের মধ্যে কালকের সেই ভদ্র মহিলাও আছেন। তিনি আয়ানাকে দেখামাত্র এগিয়ে আসলেন। কাছাকাছি এসে গালে হাত রেখে বললেন—

“আম্মু, ঘুম ভালো হয়েছে? কোনো সমস্যা হয় নি তো?”

এতো আদুরে গলায় জিজ্ঞাসা করায় চোখ ভরে উঠল আয়ানার। কতগুলো দিন পর কেউ এভাবে তার খোঁজ নিল। তার মাও তো তাকে অনেক ভালোবাসে। কিন্তু সৎ বাবার কারণে তার ধারে ঘেঁষতে পারত না।

আয়ানা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। কিন্তু আয়ানার চোখে পানি দেখে অস্থির হয়ে গেল মহিলাটি। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল—

“কী হয়েছে, আম্মু? তোমার চোখে পানি কেন? কেউ কিছু বলেছে তোমাকে? নাকি আদ্রিশ কিছু বলেছে? বলো আমাকে।”

আয়ানা দ্রুত মাথা নাড়াল। চোখের পানি মুছে বলল—

“আসলে আন্টি, আপনার ওইভাবে জিজ্ঞেস করায় আম্মুর কথা মনে পড়ে গেল। তাই চোখে পানি চলে এসেছে।”

ভদ্র মহিলাটি আলতো হেসে আয়ানার মাথায় হাত বুলিয়ে বললেন—

“রিসেপশন শেষে তোমাদের বাড়িতে যাবে তো। মন খারাপ করার কী আছে? আর আম্মাজান, আমিও কিন্তু তোমার আরেকটা আম্মু। তাই আদ্রিশ যেভাবে আম্মু বলে ডাকে, সেভাবেই আম্মু আর তুমি করে বলবে। নাহলে কিন্তু আমি রাগ করব, হুম।”

আয়ানা একের পর এক অবাক হচ্ছে। এই বাড়ির সবাই কি এতোটা ভালো? এতো জলদি তাকে এতোটা আপন করে নিচ্ছে। এর মধ্যে আরেক মহিলা এগিয়ে এসে বললেন—

“এই যে, এই যে, আমিও কিন্তু আরেকটা মা তোমার। আমাকে ছোট মা বলবে, ঠিক আছে তো?”

এদের অমায়িক ব্যবহারে মুগ্ধ হলো আয়ানা। মুখ দিয়ে কোনো কথা আসল না। শুধু মাথা নাড়িয়ে সায় জানাল। আড়চোখে একবার মীরার দিকে তাকাল। মীরার ঠোঁটেও হাসি লেগে আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আয়ানা। তার মানে তার মীরা আপু রাগ করে নেই তার উপর।

“এই যে পিচ্চু, শোনো! আমি কিন্তু তোমার বড় ভাইয়া, বুঝলে!”

পিছন থেকে কারোর কথায় তার দিকে তাকাল আয়ানা। আহিলকে চিনতে তার অসুবিধা হলো না। আহিল পুনরায় বলল—

“আমাকে ভাইয়ু বলবে। এমনিতে আমার একটা পেত্নী বোন আছে। কিন্তু তুমি আমার ভালো বোন হবে। আর কোনো কিছুর দরকার হলে ভাইয়ুকে বলবে, বুঝেছ?”

আয়ানা আলতো হেসে মাথা নাড়াল। আনিকা মুখ ফুলিয়ে রাগী চোখে তাকাল আহিলের দিকে। আহিলের হাতে জোরে একটা চিমটি দিতেই লাফিয়ে উঠল সে। বলল—

“আরে, তুই তো আমার সোনা বোন, লক্ষ্মী বোন। মারিস না, প্লিজ। সবার সামনে আমার ইজ্জত মেরে দিল এই মেয়ে।”

আহিলের কথায় সবাই হেসে দিল। সবাই এতো ভালো দেখে মনে মনে ভীষণ শান্তি অনুভব করল আয়ানা।

ঠিক ১০টা বাজার ৫ মিনিট আগে টেবিলে হাজির হলো আদ্রিশ। আহিল আর আহিলের বাবা বসেই ছিল। আদ্রিশ বসতেই তার পেটে একটা খোঁচা দিল আহিল। ফিসফিস করে বলল—

“কী ব্রো! বাসর রাত কেমন কাটল?”

আদ্রিশ কটমট চাহনি দিতেই ভদ্র ছেলের মতো সোজা হয়ে বসে গেল আহিল। একে একে সবাই টেবিলে এসে বসছে। সবার শেষে রান্নাঘর থেকে একত্রে বের হলো আয়ানা আর আদ্রিশের আম্মু অনু। দুইজনের মধ্যে অনেক ভাব হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। অনু আয়ানাকে কিছু একটা বলছে আর আয়ানা মিটমিট করে হাসছে। আয়ানার হাসিতে চোখ আটকে গেল আদ্রিশের। হাসলে ফোলা গালজোড়া আরও কিছুটা ফুলে উঠছে। যার কারণে মারাত্মক কিউট লাগছে তাকে। আদ্রিশের গম্ভীর চাহনি আয়ানার উপর বিচরণ করতে লাগল। হালকা রঙের একটা শাড়ি পরানো হয়েছে আয়ানাকে। মুখে নেই কোনো প্রসাধনীর ছাপ। তারপরও কতোটা স্নিগ্ধ, পবিত্র লাগছে!

দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল আদ্রিশ। মনে মনে বলতে লাগল, ‘কী হচ্ছে আমার সাথে? আমার চোখজোড়া এতোটা বেহায়া কী করে হতে পারে! নাহ, নিজের চোখকে সামলে রাখতে হবে। নাহলে এই চোখই আমার সর্বনাশ ঘটিয়ে ছাড়বে বলে মনে হচ্ছে।’

« <
/ 4
> »
ফ্রিতে হাজার হাজার PDF ডাউনলোড করুন।

মোট অনুরোধ: 13