বাউন্ডুলে বৃত্তান্ত

বাউন্ডুলে বৃত্তান্ত চলমান

পর্ব: ৯
« <
/ 9
> »

বাড়ির এক কোণে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে নুহাস আর নাদিমের নতুন ঘর। একের পর এক ইটের গাঁথুনিতে ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে ঘরটির অবয়ব। চারপাশে চলেছে নতুন ঘর তৈরির ব্যস্ততা। বাবার পেনশনের জমানো কিছু টাকা আর নাদিমের ঘাম ঝরানো উপার্জনের অংশ মিলে তিলে তিলে গড়ে উঠছে এই নতুন আশ্রয়।

নাদিম অবশ্য নুহাসকে আগেই বলেছিল, নুহাস টাকা দিতে না পারলেও ক্ষতি নেই, নতুন ঘরের জন্য কোনো টাকা নেবে না নাদিম, নুহাসের থেকে। ভাইবোনদের প্রতি এই মানুষটির হৃদয়ে কী যে এক অদ্ভুত সরলতা। নিজের রক্ত-ঘামে অর্জিত সামান্য রোজগার দিয়ে যে ভাই কোনো দিন সংসারে একমুঠো চাল তুলে দেয়নি, আজ সেই ভাইয়ের মাথা গোঁজার ঠাঁই করে দিতে নাদিমই সবার আগে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। অন্য কেউ হলে হয়তো কবেই মুখ ফিরিয়ে নিত, কিন্তু নাদিম তা পারেনি।

অথচ গত দুই দিন ধরে আলিয়া বেগমের মনটা কোনোভাবেই শান্ত হচ্ছে না। রান্না-বাটি আলাদা হয়ে গেছে, নিজের পেটে ধরা সন্তানদের পৃথক হয়ে যাওয়ার এই নিষ্ঠুর বাস্তবতাকে কোনো মা-ই বা সহজে মেনে নিতে পারেন? আলিয়া বেগমও পারেননি। বুকের ভেতর অনেক কিছু নীরবে চেপে রেখে তিনি ইতিমধ্যেই নিজের সংসারের ছোটখাটো জিনিসপত্র আলাদা করে গুছিয়ে নিয়েছেন। সেসবের সিংহভাগই অবশ্য নিয়ে গেছে রাজিয়া। কেননা, তার বাপের বাড়ি থেকে পাঠানো নানা জিনিসপত্রের অধিকাংশই ছিল তার ভাগে। অন্যদিকে, কুহেলিকা বেঁচে থাকতে সংসারের যে টুকিটাকি জিনিসগুলো যত্ন করে কিনে রেখেছিল, তারই বেশ কিছু অংশ আজ এই ভাঙনের দিনে এসে ঠাঁই পেয়েছে আলিয়া বেগমের হাতে।

নুহাসের হাঁড়ি-পাতিল আলাদা হবে, এই আশঙ্কায় আলিয়া বেগম সকালেই ছেলেকে বলে রেখেছিলেন, “আজকা আর গঞ্জে যাইস না বাবা।” তাই আজকে নুহাস বাড়িতেই আছে।

বেলা গড়িয়ে দুপুর নেমেছে, অথচ রান্নার চুলা থেকে আজও ধোঁয়া উঠল না। গত কয়েক দিন ছোট্ট নাওয়াল তার দাদির কোণেই রাত কাটাচ্ছে, সেদিন রাতের পর থেকে নুহাস আর নাওয়ালকে নিজের কাছে নেয়নি। বাড়ি ফিরতও বড্ড দেরি করে। ততক্ষণে রাতের নিস্তব্ধতা নেমে আসত চারপাশে, আর ঘুমের দেশে তলিয়ে যেত ছোট্ট নাওয়াল।

উঠানের এক কোণে বসে বাঁশের পাটি বুনছিলেন আলিয়া বেগম। চোখে-মুখে তাঁর রাজ্যের ক্লান্তি আর একরাশ নিস্তব্ধতা। নুহাসের জন্য নতুন মাটির চুলাটা লেপে দিয়েছেন তিনি সকালবেলাতেই। বিকেল গড়াতেই সেখানে বসবে আলাদা রান্নার বন্দোবস্ত। রাজিয়ার সঙ্গে গত কদিন ধরে তাঁর একটা থমথমে দূরত্ব বজায় রয়েছে, বিশেষ কোনো কথাও হচ্ছে না।

এমন সময় গোয়ালঘরের গোবর সরিয়ে উঠানের শেষটুকু পরিষ্কার করে নিজের ঘরের পানে ফিরছিলেন শিফাতুন্নেসা। সহসাই তাঁর দৃষ্টি আটকে গেল উঠানের এক কোণে মাদুরে বসে থাকা আলিয়া বেগমের দিকে। আলিয়া বেগমের নিস্তেজ মুখশ্রী তাঁর দৃষ্টি এড়াল না। পায়ের গতি মন্থর হয়ে এল। অতঃপর সেদিকে পা বাড়িয়ে মাদুরের কাছটায় গিয়ে দাঁড়ালেন তিনি।

মাদুরটার এক প্রান্তে ধীর পায়ে এসে বসতে বসতে শিফাতুন্নেসা ডেকে উঠলেন, “কী গো আলিয়া, কী করতাছো? হ্যা?”

আলিয়া বেগম পাটিতে একটা বাঁশের ফালি তুলতে তুলতে মন্থর গলায় উত্তর দিলেন, “না আপা, আর কী করমু! পাটি তুলতাছি… কয়দিন পরে তো রূপা আইবো, জামাই লইয়া আইলে ঘুমাইবো কই? আগের পাটিডা তো উইপোকা আর ইঁদুরে কাইটা ছারখার কইরা দিছে।”

শিফাতুন্নেসা এই কথায় বিশেষ কোনো আগ্রহ দেখালেন না। একটু নড়েচড়ে বসে গলার স্বর নামিয়ে বললেন, “দেখতাছো তো তোমার বড় বউয়ের কাণ্ডকারখানা! তোমার লাইগা আমার বড় দুঃখ লাগে, নাদিমের মা। দুই টাকার একটা ছেমড়ি হইয়া শেষমেশ ডেগ আলাদা করতাছে! দুইডা মানুষ, এক পাকঘরে থাকলে এমন কী ক্ষতি হইত? এত হানাহানি কিসের? তা… তোমার নাদিম কিছু কইছে নি? তোমাগো এমন কইরা আলাদা হইতে দিতাছে ক্যান?”

আলিয়া বেগমের হাত দুটো মুহূর্তের জন্য থেমে গেল। জমে থাকা দীর্ঘশ্বাস আর অশান্তিগুলো তাঁকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। তিনি শুধু ক্ষীণস্বরে বললেন, “না, কিচ্ছু কয় নাই।”

“কয় নাই?” শিফাতুন্নেসার কণ্ঠে এক অদ্ভুত অবিশ্বাস ঝরে পড়ল, “তোমার ছোটটা তো উপর উপর বউ পাগল, আর বড়টা হইতাছে বড় চালাক ভিতরে ভিতরে বউ পাগল! সব ছাইড়া বউয়ের কথায় চলে।”

আলিয়া বেগম আর কোনো উত্তর দিলেন না। স্তব্ধ হয়ে রইলেন মাটির দিকে তাকিয়ে।

এক মুহূর্তের পিনপতন নীরবতা ভেঙে শিফাতুন্নেসা আবার একটু ঝুঁকে বসলেন, “তা… এখন এই বয়সে রাইন্ধা খাইবা ক্যামনে একা একা?”

আলিয়া বেগম দীর্ঘশ্বাস চেপে বললেন, “দুই দিন আগে বাপের বাড়ি গিয়া কইছিলাম, ঘরে তো একলা আমি, রান্নাবান্না সামলাইতে কষ্ট হইব। বড় ভাইয়ের ছোট মাইয়াডারে অন্তত কয়ডা দিনের লাইগা আমার কাছে পাডাইয়া দিতে। যদ্দিন না আমি একলা সবকিছু সামলাইয়া নিতে পারি। পাশের গেরামেই তো বাপের বাড়ি, বেশি দূরও না। তা বড় ভাইজান কইছে, ওর ছোট পোলা নাযিমরে দিয়া আইজ বিকালেই শিকদার বাড়িতে বড় ভাইজানের মাইয়াডারে পাডাইয়া দিব।”

শিফাতুন্নেসা নাক সিঁটকে বললেন, “তোমার ভাইজি… ওই যে ছোটটা, যার এহনও বিয়া হয় নাই… পুষ্প? ওই যে হেইদিন কইছিলাম নুহাসের লাইগা আনতে একবারে। ওইডা না?”

কয়েক মুহূর্ত চারপাশটা একেবারে নিস্তব্ধ হয়ে রইল। আলিয়া বেগম খুব ভালো করেই জানেন, নুহাস যদি এই কথার ছিটেফোঁটাও শুনতে পায়, তবে এখানে আরেকটা মহা কুরুক্ষেত্র বেধে যাবে। কুহেলিকার শূন্য আসনে অন্য কাউকে বসানো নুহাসের পক্ষে কোনো দিনই সম্ভব নয়, এ ধ্রুব সত্য তিনি হাড়ে হাড়ে বোঝেন।

তাই তিনি তড়িঘড়ি করে বললেন, “হ… এইডাই। তয় আপা, ও আইলেও ওর সামনে এইসব কথা তুইলেন না। আর কয়দিন যাক, দুই বেলা নিজের হাতে রাইন্ধা খাক, যদি দেখি ভালো চলতাছে, তাইলে ভাইজানরে কইমু। আর জানো তো নুহাসের পাগলামি? কে জানে কী করে!”

শিফাতুন্নেসা ঠিক তখনই মুখ খুলতে যাচ্ছিলেন, এমন সময় উঠানের ওপাশ থেকে একটা হাঁক ভেসে এল। তাঁর ছোট ছেলে নাফিস ডাকছে, “আম্মা গো… ও আম্মা! ঘরে আইয়ো, ভাত খামু।”

শিফাতুন্নেসা আর কথা দীর্ঘায়িত করলেন না। মাদুর থেকে উঠতে উঠতে বললেন, “যাইগা আলিয়া, পোলাডা ডাকতাছে।”

যেতে যেতে বললেন, “তোমার নয়া উনুনে একটু চা খাইমু আইয়া… মাগরিবের সময়ে।”

“আচ্ছা, আইও আপা।”

গোবরের বালতিটি হাতে তুলে নিয়ে শিফাতুন্নেসা হনহন করে নিজের ঘরের দিকে চলে গেলেন। আর আলিয়া বেগম একা বসে রইলেন তাঁর সেই ভাঙা সংসার আর অন্তহীন দুশ্চিন্তার মাঝে।

এদিকে… ভোরের প্রথম আলো ফোটার আগেই ঘুম ভেঙে গিয়েছিল নাওয়ালের। বিছানা ছেড়ে দাদির কাছে ছুটে গিয়ে সে বায়না ধরেছিল নদীর ঘাটে নৌকা বাইচ দেখতে যাওয়ার জন্য। বাড়ির পাশের প্রশস্ত নদীটিতে আজ যেন তিল ধারণের ঠাঁই নেই। তিনটে গ্রামের সীমানা পেরিয়ে মানুষের এক মহাসমুদ্র জমেছে সেখানে। বাতাসে ভেসে বেড়াচ্ছে উৎসবের আমেজ। ঘাটের পাড়ে হরেক রকমের মানুষের ভিড়, ছোট-বড় কত না নৌকার ওপরে রঙিন প্রাণের মেলা।

কেউ ডালা সাজিয়ে বিক্রি করছে মুড়ি-ঝালমুড়ি, কেউ আবার কাচের বাক্সের ভেতর হাওয়াই মিঠাইয়ের রঙিন মেঘ জমিয়ে ফেরি করে বেড়াচ্ছে। একটু দূরেই কুলফি আইসক্রিমের হাঁড়িতে বরফ ভাঙার শব্দ আর বিক্রেতার উঁচু গলার ডাক সব মিলিয়ে চারপাশটা মুখর হয়ে উঠেছে।

ভিড়ের চাপে থমকে গিয়ে ছোট্ট নাওয়াল একটা রেইনট্রি গাছের মোটা গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে চারপাশের সেই কোলাহল দেখছিল। মানুষের উল্লাস, চিৎকার আর হইচইয়ে তার অবুঝ মনটাও নেচে উঠেছিল। সবার দেখাদেখি সেও মাঝেমধ্যে টুকটুক করে একটু আধটু চিৎকার করে উঠছে, অবুঝ হাতে তালি বাজিয়ে নিজের মনেই হেসে উঠছিল।

ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আচমকা কে যেন শক্ত হাতে নাওয়ালের পিঠের কাপড় খামচে ধরে তাকে টেনে সরিয়ে নিল। আকস্মিক টানে ছোট্ট নাওয়াল হতভম্ব হয়ে গেল। বুঝতে পারল না ঠিক কে এমন আকস্মিক আচরণ করল তার সঙ্গে। খানিকটা ভয় আর আড়ষ্টতা নিয়ে একটু ফাঁকা জায়গায় এসে যখন সে মুখ তুলে তাকাল, তখন দেখল তার সামনে হাসিমুখে দাঁড়িয়ে আছে প্রাপ্তি। পরিপাটি করে ছাঁটা চুল আর হালকা রঙের সালোয়ার-কামিজে মেয়েটাকে অপূর্ব সুন্দর দেখাচ্ছে।

প্রাপ্তি দুহাঁটু গেড়ে মাটির ওপরে নিচু হয়ে বসল। নাওয়ালের চোখের পানে তাকিয়ে স্নেহের আর্দ্র স্বরে সে বলে উঠল, “নাওয়াল, ব্যথা পাবে তো তুমি! এত মানুষের ভিড়ে তুমি এখানে একা একা কী করছ?”

ছোট্ট নাওয়াল ভীরু দৃষ্টিতে পলকহীন তাকিয়ে রইল প্রাপ্তির মুখের দিকে। ফিসফিসিয়ে সে জবাব দিল, “না ভালোমণি, বেথা পাই না তো… একটু দেখি কত কত নৌকা দেখো।”

প্রাপ্তি সস্নেহে তার ছোট গাল দুটো ছুঁয়ে বলল, “তুমি এতদিন কোথায় ছিলে, নাওয়াল? জানো, আমি তোমাকে কত খুঁজেছি? তোমাদের বাড়ির আশপাশেও আমি অনেকবার গিয়েছি…”

নাওয়াল মুখটা ছোট করে ফেলল, মাথাটা একদম নিচু হয়ে বুক ছুঁই ছুঁই করল। তার চোখের সামনে ভেসে উঠল তার বাবার কঠোর নিষেধ প্রাপ্তির সঙ্গে যেন কোনোভাবেই সে মেলামেশা না করে। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস লুকিয়ে সে ফিসফিস করে বলল, “আমি বালিতেই ছিলাম, ভালোমণি।”

প্রাপ্তি নাওয়ালের ছোট্ট হাত দুটো নিজের হাতের নরম মুঠোর ভেতর টেনে নিল। কোমল স্বরে বলল, “আমি আর মাত্র দুদিন পরে ঢাকায় চলে যাব, নাওয়াল… তুমি কি ভালো আন্টির সাথে গল্প করতে আসবে না? ভালো আন্টি তো তোমার জন্য রোজ অপেক্ষা করে।”

নাওয়াল মুখটা আরও ছোট করে ভয়ে ভয়ে বলল, “আব্বায় মারবে, ভালোমণি।”

প্রাপ্তির কপালে চিন্তার ভাঁজ পড়ল। ভ্রু কুঁচকে সে অবাক হয়ে বলে উঠল, “তোমার বাবা তোমাকে… মারে? এতটুকু একটা বাচ্চাকে কেউ মারতে পারে?”

প্রাপ্তি মমতায় নাওয়ালের মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে স্নিগ্ধ গলায় জানতে চাইল, “তা কেন মারে?”

নাওয়াল তাতে কোনো উত্তর দেয় না, প্রাপ্তি বুঝতে পারে, হয়তো নাওয়াল লজ্জা পাচ্ছে তাকে বলতে। তাই এই প্রসঙ্গে আর জিজ্ঞাসা করে না। কথাটা ঘুরিয়ে বলে, “শুধু বলো, তুমি কাল আসবে তো? আমি তোমার জন্য অপেক্ষা করব, এই কটা দিন শুধু…”

ছোট্ট নাওয়াল প্রাপ্তির অনুরোধে, বাবার নির্দেশ ভুলে যায়। সে কেবল সরল গলায় মাথা নেড়ে বলল, “আইচ্ছা ভালোমণি।”

প্রাপ্তি মৃদু হেসে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, “আচ্ছা… যাও, এখন বাড়ি যাও তো! নইলে দাদি বকা দেবেন।”

প্রাপ্তি উঠে দাঁড়ানোর পর নাওয়াল ধীর পায়ে মেঠো পথ ধরে বাড়ির দিকে রওনা দেয়।

শিকদার বাড়ির উঠোনে পা রাখতেই কানে ভেসে এল এক চেনা হুল্লোড়। নাদিমের দুই সন্তান নাজিফা আর নিহাল। আইসক্রিমওয়ালার ঘণ্টার পরিচিত ‘টিরিং টারিং’ শব্দ কানে আসতেই দুজনের সে কী উচ্ছ্বাস! হাতের এক মুঠো চাল নিয়ে খুশিতে দৌড়ে বেড়াচ্ছে উঠোনজুড়ে। কচি গলায় সমস্বরে চিৎকার করে উঠছে, “আইসক্রিম! আইসক্রিম।” তাদের ছোটাছুটিতে মুহূর্তেই মুখর হয়ে উঠেছে শিকদার বাড়ির উঠোন।

নিহাল নাওয়ালকে পাশ কাটিয়ে যাওয়ার মুহূর্তে এক ফালি হেসে ডেকে উঠল, “ও নাওয়াল, আইসক্রিম খাইতে মন চাইলে তুইও ঘর থেইকা এক পোঁটলা চাল লইয়া আয়! বেটায় চালের বদলে আইসক্রিম দিতাছে। জলদি যা, নইলে সব বেইচা ফালাইয়া চইলা যাইব গা!”

ভাইয়ের এই ছোট্ট কথায় অবুঝ নাওয়ালের মনটা আনন্দে নেচে উঠল। আইসক্রিমওয়ালা যে কত দিন পরে এদিকে এসেছে! রূপা থাকাকালীন মাঝেমধ্যে কিনে দিত তাকে। গ্রাম-গঞ্জে টাকাকড়ির বালাই নেই। টাকা না থাকলেও ঘরের চাল বা ধানের বিনিময়েই সাধের আইসক্রিম কেনা যায়।

ছোট্ট নাওয়াল আর এক মুহূর্তও দেরি করল না। সে সোজা উনুনের দিকে ছুটে গেল। তারপর একটা মাটির হাঁড়ির মোড়কা থেকে মুঠো মুঠো করে বেশ কিছু চাল নিজের কাপড়ের ভাঁজে ভরে নিল। মুহূর্তের মধ্যে আবার সে দম ফেলে দৌড়ে গেল বাড়ির বাইরে, যেখানে আইসক্রিমওয়ালা দাঁড়িয়ে আছে। আশপাশের কত কত শিশু সেই মেঠো পথে জটলা পাকিয়ে দাঁড়িয়েছে। ভিড় ঠেলে অবশেষে নিজের মুঠোবন্দী চাল দিয়ে একটা আইসক্রিম জোগাড় করে সে যখন নাজিফা আর নিহালের সঙ্গে বাড়ির দিকে ফিরছিল, তখন কে জানত কিসের এক বিপদ অপেক্ষা করে আছে উঠোনে!

বাড়িটার কাছাকাছি আসতেই কান ফাটানো চিল্লাচিল্লির শব্দে বাতাস ভারী হয়ে উঠল। রাজিয়া গলা চড়িয়ে আগুনঝরা কণ্ঠে চিৎকার করে উঠছে, “কোন জাহিলের বাচ্চা আমার চালের পোঁটলা থাইকা চাল নিছে সব মাটিতে ফালাই দিছে রে? আমি একটু আগে লেইপা গেছি! কেডা করছে এইডা?”

ছোট্ট নাওয়াল তখনো বুঝতেই পারেনি যে তাদের হাঁড়ি-পাতিল, চুলো সবকিছু আজকেই একে অপরের থেকে চিরতরে আলাদা হয়ে গেছে। রাজিয়ার মুখের ভাষা ততক্ষণে সমস্ত সীমা লঙ্ঘন করে অকথ্য গালাগালিতে রূপ নিয়েছে। উঠোনে পা দিয়েই রাজিয়া বারান্দা থেকে নেমে এল। আর ঠিক তখনই তাঁর চোখ পড়ল আইসক্রিম হাতে দাঁড়িয়ে থাকা তিনটি হাতের দিকে।

রাগের চোটে যেন তাঁর সর্বাঙ্গ জ্বলে উঠল। তেড়ে এসে সে গর্জে উঠল, “তোরা চাউল নিছস! কারে জিগাইয়া নিছস? কার অনুমতি লইয়া ঘরের চাউল লইয়া গেছস তোরা?”

নাজিফাকে ধমক দিয়ে বলল রাজিয়া, “কেডা করছস তোর মাঝে এইডা? হুম… আমারে না কইয়া চালের পটে হাত দিলি কেন? সারা ঘরের মাটিতে চাউল আর চাউল।”

ছোট নাজিফা মায়ের এই রুদ্রমূর্তি দেখে ভয়ে কাঠ হয়ে গেল। কোনোমতে গলা কাঁপিয়ে সে আমতা আমতা করে বলে উঠল, “আমরা তো ফালাই নাই… আম্মা, নাওয়াল ফালাইছে!”

বোনের এই কথা শুনে নিহালও বোনের কথায় মাথা দোলাল। এদিকে নাওয়াল তো ভয়ে একেবারে আড়ষ্ট! মাটির মটকা থেকে চাল নেওয়ার সময়ই তার চোখে পড়েছিল, মেঝের ওপর আগে থেকেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কয়েকটি চালের দানা।

রাজিয়া রাগের চোটে আরও এগিয়ে এল। নাজিফা আর নিহালের দিকে চোখ রাঙিয়ে শাসিয়ে বলল, “যদি মাইর না খাইতে চাস, তাইলে চুপচাপ হাত-মুখ ধুইয়া ঘুমনে যা!”

নাজিফা আর নিহাল মায়ের কথায় সেখান থেকে চলে গেল। উঠোনে কেউ নেই দেখে রাজিয়া যেন একটু সাহস পেল। সে এক টানে নাওয়ালের কান মুচড়ে ধরে খসখসে গলায় ফোঁস করে উঠল, “ওই, তোর বাপরে আলাদা কইরা দিছি! তোগো আর আমগো ডেগ আলাদা, তাইলে কেমনে নিছস আমগো থাইকা চাউল? মাগনা খাওয়ার দিন শেষ! বাপরে কইস অত খাওয়ার শখ অইলে ভাত-ডাইল লইয়া আইতে।”

ব্যথায় কুঁকড়ে গিয়ে ছোট্ট নাওয়াল ককিয়ে উঠল, “বলো আম্মু, ছাড়ো… ছাড়ো! উই উই লাগে তো, ও বলো আম্মু…”

রাজিয়া কানটা আরও শক্ত করে চেপে ধরে শাসাল, “শোন, কইয়া দিলাম আমার উনানের দিকে পা মারাবি না! না হইলে খাওয়ার শখ বাড়াইয়া দিমু!”

নাওয়াল এক হাতে নিজের কানটা ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করল। কিন্তু রাজিয়ার শক্ত মুঠোর কাছে তার ছোট্ট হাতের চেষ্টা ধোপে টিকল না। ঠিক সেই মুহূর্তেই তার হাত ফসকে আইসক্রিমটা সশব্দে খসে পড়ল উঠোনের বালুমাখা মাটিতে। চোখের পলকে মাটি হয়ে গেল তার সাধের আইসক্রিম।

নাওয়াল তো সবেমাত্র একটু খেয়েছিল মাত্র। নাওয়ালের গোল গোল চোখ দুটো ছলছল করে উঠল। একবার সে ভয়ার্ত চোখে রাজিয়ার দিকে তাকায় তো আরেকবার চোখ যায় মাটিতে পড়ে থাকা সেই আইসক্রিমের দিকে। ফুঁপিয়ে ফুঁপিয়ে সে বলে উঠল, “আর কলব না বলো আম্মু, আর করব না…!”

রাজিয়া তখনো রাগে ফুঁসছে। ঠিক তখনই ঘাট থেকে গোসল সেরে উঠানে এলেন আলিয়া বেগম। রাজিয়ার এই চিল্লাচিল্লিতে তিনি এমনিতেই বিরক্ত ছিলেন, এবার আর নিজেকে ধরে রাখতে না পেরে চিৎকার করে উঠলেন, “রাজিয়া, কী করতাছো? ছাড়ো, ছাড়ো কইতাছি! সাহস কেমনে হয় তোমার…?”

রাজিয়া নাওয়ালের কান থেকে হাত সরিয়ে নিল বটে, তবে নিজের ঘরে যেতে যেতে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করতে লাগলেন, “বুড়ি খাইতেছে আমার ওপর! এতদিন আমার ওপর খাইলো… বিকালে ডেগ আলাদা অইবো আর এখন আমারে চোখ রাঙাইছে…!”

রাজিয়ার চলে যাওয়ার পর আলিয়া বেগমের সমস্ত রাগ যেন গিয়ে আছড়ে পড়ল ওই নিষ্পাপ শিশুটির ওপর। রাজিয়ার ওপর জমে থাকা সেই ক্ষোভের আগুন থেকেই তিনি নাওয়ালের দিকে এগিয়ে এসে খসখসে গলায় গর্জে উঠলেন, “তুই কী করছস যে তোরেও মারছে?”

নাওয়ালের চোখ দুটো তখন জলে ভেসে যাচ্ছে, গাল বেয়ে অঝোরে গড়িয়ে পড়ছে লোনা পানি। সে ভাঙা গলায় কাঁপতে কাঁপতে বলল, “আমি… আমি আইসক্রিম খাইছি ডাডি, চাউল দিয়া।”

এই কথাটুকু শোনা মাত্রই আলিয়া বেগমের ভেতরের সমস্ত সংযম যেন ভেঙে গেল। মাটিতে আগে থেকেই একটা শুকনো ডাল পড়েছিল, আলিয়া বেগম আর এক মুহূর্তও দেরি করলেন না। সেই ডালটা মাটি থেকে তুলে নিয়ে হঠাৎ করেই সজোরে এক বাড়ি বসিয়ে দিলেন নাওয়ালের পায়ে!

“ও ডাডি, মাইলো না আমারে, আমি…”

একটা তীক্ষ্ণ আর্তনাদ ছিঁড়ে বেরিয়ে এল নাওয়ালের গলা থেকে। মারের চোট সহ্য করতে না পেরে সে ছটফট করতে করতে আকুল মিনতিতে কেঁদে উঠল, “দেখো, ডাডি আইসক্রিম পইড়া গেছে! আমি আর খাইতাম না ডাডি, ও ডাডি… ডাডি।”

কিন্তু নাওয়ালের সেই বুকফাটা কান্নায় একটুও কমল না আলিয়া বেগমের পাথর হয়ে যাওয়া মনটা। ডালটা আবার শূন্যে উঠল আঘাত হানার জন্য…

« <
/ 9
> »
ফ্রিতে হাজার হাজার PDF ডাউনলোড করুন।

মোট অনুরোধ: 19