হয়তো কোনো পরি তাকে এখানে রেখে গেছে। যেভাবে তার মায়ের কোলে তাকে রেখে গিয়েছিল পরি। ফুফি তাকে বলেছে এটা, তার মনে আছে।
ঘর থেকে বেরিয়ে নাওয়াল দেখল, সকালের আলোয় মেঠো উঠানটা তখন বেশ চনমনে। উঠানের ঠিক মাঝখানে শাড়িটা কোমরে শক্ত করে গুঁজে দুই হাত ছড়িয়ে মুরগি তাড়াচ্ছেন আলিয়া বেগম। আর উনুনের চারপাশটা খড়কুটো আর ধোঁয়ায় মোড়া, সেখানে বসে সকালের রান্নার জোগাড়যন্ত্র করছেন রাজিয়া বেগম।
নাওয়ালের চাচাতো ভাইবোন—সাত বছরের নিহাল আর পাঁচ বছরের নাজিফাকে সকাল সকাল খাইয়ে স্কুলে পাঠানোর তাড়া চলছে চারদিকে। সাধারণত তাদের বাবা নাদিমই তাদের স্কুলে নিয়ে যায়, আজও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়।
এদিকে নাওয়ালের ছোট্ট পেটে তখন খিদার লেগেছে ভীষণ। কিন্তু উঠানে দাদির ওই রূপ দেখে সে আর এগোতে সাহস পেল না; এই মুহূর্তে সামনে পড়লে আলিয়া বেগমের তিরিক্ষি মেজাজ বিনা মেঘে বজ্রপাতের মতো এসে নামবে। দ্বিধান্বিত পায়ে, একেবারে বিড়ালের মতো নিঃশব্দে সে রান্নাঘরের আধা-অন্ধকার কোণটার দিকে পা বাড়াল।
চুলায় ছাইচাপা আগুন উস্কে দিতে দিতে ফুঁ দিচ্ছিলেন রাজিয়া বেগম। পায়ের হালকা শব্দ পেতেই সে বুঝতে পারল কে এসেছে।
আগুন পোহানোর ছলে উনুনের ধারে হাত দুটো বাড়িয়ে দিয়ে ক্ষীণ, কাঁপাকাঁপা গলায় নাওয়াল ফিসফিস করে বলে উঠল,
—“ও বল আম্মু, আমাতে একটু চা ডাও না?”
—“চা তো আমরা সকালেই খাইয়া শেষ করেছি, এখন পাবি কই? কে দিব? এতক্ষণ কই আছিলি, হঁ? তোর বাপ কই? এখনও বিছানা ছেড়ে ওঠেনি! বাপ-পুত মিলে মাথায় কাঁঠাল ভেঙে খাবি আর ফুর্তি করবি। একেকজন নবাব!”
কথাগুলো বলেই রাজিয়া আবার রান্নায় মন দিলেন, যেন একটা বিরক্তিকর মাছি তাড়ানোর ভঙ্গি।
নাওয়াল আর টু শব্দটিও করল না। তার বড় বড় চোখ দুটো নিমিষেই জলে ছলছল করে উঠল। শুধু এতটুকু বুঝল—তার বড় আম্মু প্রশ্ন করেছেন তার বাপ কই। উত্তর দিল,
—“আব্বা… আব্বার ঘরে…”
কথার প্রতিউত্তর পেয়ে রাজিয়া বলে উঠলেন,
—“বেয়াদব পয়দা করে গেছে তোর মা! মরে গিয়েও জ্বালা রেখে গেছে। কার কথার উত্তর করতেছস, শুনি?”
নাওয়ালের চোখে তখন উপচে পড়ছে অবিরাম কান্নার ফোঁটা। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, কিন্তু ভয়ে বুক চিরে শব্দ বের করার কোনো জো নেই।
ঠিক তখনই ভারী গলার আওয়াজে উঠান কেঁপে উঠল,
—“রাজিয়া… রাজিয়া, কী করতেছ? ও একটা ছোট মানুষ, ওর সাথে সবসময় ঝগড়া কেন করো?”
বলতে বলতে ভিতরে এসে প্রবেশ করলেন নাদিম। রাজিয়া মুখটা বিকৃত করে স্বামীর দিকে তাকাল,
—“ভাইরে, এমন আস্কারা দিছো! মদ খায়, জুয়া খেলে, এখন ভাতিজারের দেও, দুদিন পর ও এমন করবো।”
—“চুপ থাকো।”
—“আমি আবার এমন কী কইছি? যা সত্যি তাই তো কইছি! সত্য কথার এই দুনিয়ায় কোনো দাম নাই।”
—“রাজিয়া…”
নাদিমের দমকেও ভ্রুক্ষেপ করল না রাজিয়া। উল্টো নাদিমের দিকে চোখ রাঙালেন। বললেন,
—“যাও, আমি ঘরে আইতাছি। ছেলেমেয়ে দুটোরে নিয়া তোমার স্কুলে যাওয়া লাগবে তো, দেরি হইতাছে।”
নাদিম এক পলক অসহায় দৃষ্টিতে তাকাল ভাতিজার দিকে। রাজিয়ার কথার বিপরীতে আর একটা টু শব্দ করার সাহস তার বুকজুড়ে নেই। কীভাবে করবে? এক বছর আগে রাজিয়ার বাপের বাড়ি থেকে একটা খামার করার জন্য চার লাখ টাকা দেওয়া হয়েছিল তাকে। কিন্তু নুহাসের উদাসীনতা ও জুয়া-মদের নেশায় সেই খামার ধূলিসাৎ হয়ে গেছে। সেই অপরাধবোধের শিকড় এতটাই গভীর যে নাদিম চাইলেও আজ আর প্রতিবাদ করতে পারে না।
নাদিম আলতো হাতে কাঁদতে থাকা নাওয়ালকে উনুনের পাশ থেকে টেনে বাইরে নিয়ে এল। তা দেখে রাজিয়া কটাক্ষ করে চেঁচিয়ে উঠল,
—“ঢং দেখে আর বাঁচি না!”
বারান্দার ছায়ায় নিয়ে নাওয়ালকে নাদিম একটু কুঁজো হয়ে বসল। নাওয়ালের চোখের জল নিজের আঙুলে মুছতে মুছতে সান্ত্বনার সুরে ফিসফিস করে বলল,
—“কাঁদিস না, বাবা! তোর কপালটাই এমন পোড়া। তোর ওই জানোয়ার বাপ… আমিও এক হারামির বাচ্চাকে বিয়ে করে ফেঁসে গেছি! কত বড় বুকের পাটা হলে এমন একটা অবুঝ শিশুর গায়ে হাত তুলতে পারে, এমন কথা বলতে পারে।”
ভয়ে থরথর করে কেঁপে উঠল নাওয়াল। কাঁপাকাঁপা গলায় সে বলল,
—“আমালে তো কেউ কিছু কয়নি, বড় আব্বু।”
—“কাঁদিস না, বাবা… কাঁদিস না।”
নাওয়ালের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে নাদিমের নিজের চোখ দুটোও ভিজে আসে।
—“নাওয়ালরে… আজকে না বড় আব্বু তোকে ঘুরতে নিয়ে যাবে এক জায়গায়।”
অবুঝ শিশুর মতো নাওয়াল জিজ্ঞেস করল,
—“কোথায়?”
—“তোর মনির বাড়ি।”
—“মনির বাড়ি… মনি?”
—“হ, রূপার বাড়ি, রূপার কাছে।”
ফুফুর নাম শুনতেই যেন সব কষ্ট নিমেষে ভুলে গেল সে। মলিন মুখে এক চিলতে হাসি ফুটে উঠল।
—“সত্যি, বড় আব্বু? সত্যি?”
—“এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি।”
নিজের ফোকলা দাঁত বের করে খিলখিল করে হেসে উঠল নাওয়াল। ভাতিজার সেই নিষ্পাপ হাসি দেখে নাদিমও আর পাথর হয়ে থাকতে পারল না, তার ঠোঁটেও বিষাদের এক মৃদু হাসি ঝরে পড়ল। নাদিমের খুব ইচ্ছে করে বাচ্চাটাকে বুকে আগলে রাখতে, নিজের সন্তানের মতো ভালোবেসে কাছে টেনে নিতে। কিন্তু পারে না, নিজের সন্তানদের ঘানি টানতেই তার দম ফুরিয়ে আসার উপক্রম। প্রতি মুহূর্তে তার চোখের সামনে ভেসে ওঠে তার নিজের ভাইয়ের ওই পিশাচের রূপ। একটা শিশুর জীবনে এর চেয়ে বড় অভিশাপ আর কী হতে পারে? কিন্তু সে নিরুপায়। রাজিয়ার সামনেও মুখ খুললে টাকার খোঁচা মেরে কথা শোনায়।
নাদিম কোলে তুলে নিল নাওয়ালকে। ঠিক তখনই তার মা আলিয়া বেগম উঠানের আরেক দিক থেকে উঠোনে ছড়িয়ে দেওয়া পাখির খাবার দিতে দিতে ডাকলেন,
—“কোথায় যাস, নাদিম?”
নাদিম ফিরে তাকিয়ে বলল,
—“না, এখানেই… তোমার ছোট ছেলে কই?”
—“ঘুমাইতাছে মনে হয়… কেন?”
—“না, একটু দরকার আছে…”
—“ঘুম থেকে উঠলে কথা কইস।”
—“আচ্ছা।”
—“আর হুইন, আমার ঘরের চালের টিন-কানা… স্কুল থেকে আওনের পর টিন লাগাইয়া দিস। আইজ তো মেঘ নাই, রোইদ উঠেছে অনেক দিন পর। মেঘ আইলে তো আর টিন লাগাইতে পারবি না, নয়া টিন উনুনের চিপায় রাখা আছে। কাইল রাইত বৃষ্টির পানি ঘরের ভিতর হামাইছে। তাই নাওয়ালরে তার বাপের ঘরে পাঠাছি। আজকের রাইত আর ওর বাপ ওরে নিবো না কিন্তু না দিলে।”
—“আচ্ছা, আম্মা।”
দাদির কথা শুনে মনে মনে একটু স্বস্তি পেল নাওয়াল। সে বুঝতে পারল, রাতে তাকে তার নিজের বাবাই কোলে করে ঘরে নিয়ে গিয়েছিল। নাওয়ালের ঠোঁটের কোণে এক ফালি স্বস্তির হাসি ফুটে ওঠে। বাবা তাকে কোলে তুলে নিয়েছিল—ভেবেই তার বুকটা এক অদ্ভুত খুশিতে ভরে যায়, অথচ পরক্ষণেই মনে জমা হয় দীর্ঘশ্বাস। কেন তার বাবা তাকে ঘুমানো অবস্থায় নিল কোলে, জেগে থাকা অবস্থায় কেন নিল না?
আলিয়া বেগম আর কথা বাড়ালেন না ছেলের সাথে, রাজিয়াকে রান্নায় সাহায্য করতে চলে গেলেন উনুনের দিকে; নাওয়াল খেল কি না খেল, সে খেয়ালটুকুও তার মাথাতেই এল না।
নাদিম নাওয়ালকে সোজা নিজের ঘরের ভেতর নিয়ে এল। ঘরে ঢুকে সে দেখল, স্কুলের পোশাক পরে নাজিফা আর নিহাল ইতিমধ্যেই তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। নাদিমের কোলে নাওয়ালকে দেখেই নাজিফার কপাল কুঁচকে গেল। ভ্রু কুঁচকে সে বলে উঠল,
—“বাবা, তুমি ওকে আবার কোলে নিলে কেন? ও তো এখন অনেক বড় হয়ে গেছে, তবুও খালি কোলে নিয়ে ফেরো।”
পাশ থেকে নিহালও সুর মেলাল,
—“অথচ এখনো ঠিকমতো কথা বলতে পারে না, কেমন যেন জড়িয়ে জড়িয়ে কথা বলে!”
সন্তানদের আচরণে বিরক্ত হয়ে নাদিম এক ধমক দিল,
—“চুপ কর তোরা দুজন! যা, চুপচাপ গিয়ে ভাত খা। এর পরে যদি একটা টুও শব্দ মুখ থাইকা বেরহইছে, পিঠের চামড়া তুলে নেব বলে দিলাম।”
বাবার ধমক খেয়ে দুই ভাইবোন একে অপরের দিকে তাকাল। এই নাওয়ালের জন্যই তো তাদের প্রায়ই অকারণে বাবার বকা শুনতে হয়। মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে, মুখ গোমড়া করে দুই ভাইবোন ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় নাজিফা দরজার পাশ থেকে নাওয়ালের দিকে একটা বিশ্রী ভেংচি কেটে গেল। কিন্তু তাতেও নাওয়ালের মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না; সে যেন এই অবহেলা আর বঞ্চনা সইতে সইতে অভ্যস্ত হয়ে গেছে।
নাদিম নিজের কোল থেকে নাওয়ালকে নামিয়ে ঘরের মাদুরে বসাল। তারপর ঘরের কোণের টেবিলের ওপর রাখা বয়াম থেকে একটা বিস্কুট বের করে তার হাতে দিল। নাওয়াল ইতস্তত করতে লাগল—নেবে কি নেবে না। শেষ পর্যন্ত নাদিমের চোখের ইশারায় সে বিস্কুটটা হাতে তুলে নিল। এরপর আরেকটি বয়াম থেকে কিছুটা চিঁড়ে বের করে তার হাতে দিল নাদিম।
চিঁড়ে হাতে নিয়ে নাওয়াল মিনমিন করে বলল,
—“পেত ভলে গেছে, বড় আব্বু…”
নাদিম খেয়াল করল, পাঁচ বছর বয়স হওয়া সত্ত্বেও নাওয়ালের কথাগুলো কেমন যেন জড়িয়ে যায়, আধো-আধো রয়ে গেছে। অথচ তার মেয়ে নাজিফা কিনা নাওয়ালের চেয়ে মাত্র দুই মাসের ছোট, সে দিব্যি পরিষ্কার কথা বলে। ভাতিজার এই করুণ দশা দেখে নাদিমের বুকটা মোচড় দিয়ে ওঠে। এই বাড়িতে নাওয়ালের সাথে তো কেউ স্বাভাবিকভাবে দুটো কথা বলারও মানুষ নেই! বাচ্চাটা সারাক্ষণ ভয়ে ভয়ে কুঁকড়ে থাকে। যে বয়সে মাঠে-ঘাটে ডানপিটে হয়ে ছুটে বেড়ানোর কথা, অথচ সেখানে তার খেলার কোনো সাথি নেই, একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই। তবে সে কথা বলা শিখবে কেমন করে? ভাষা ফুটবে কোথা থেকে?
স্নেহমাখা হাতে নাদিম বাকি চিঁড়েগুলো নাওয়ালের পরনের পকেটের ভেতর গুঁজে দিল। নাওয়ালের বিস্কুট খাওয়া শেষ হলে, তাকেও তো নিজের মতো তৈরি হয়ে নিতে হবে, স্কুল আছে যে।
খাওয়া শেষ করে মাদুর থেকে উঠে দাঁড়াল নাওয়াল। ফিসফিস করে বলল,
—“বড় আব্বু, এখন আমি আসি…”
নাদিম মাথায় হাত বুলিয়ে সায় দিল। ছোট ছোট পায়ে ঘর ছেড়ে নিঃশব্দে বেরিয়ে গেল নাওয়াল।
অন্য দিকে,
শ্বশুরবাড়ির মন্থর বাতাসে থমকে আছে রূপার বর্তমান। ঘরের মেঝেতে তখন ক্লান্ত হয়ে বসে থাকা স্বামীর পা টিপে দিচ্ছে সে। তাদের বয়সের ব্যবধানের একটা বিশাল গ্যালি স্পষ্ট। রূপার স্বামীর বর্তমান বয়স চুয়াল্লিশ, আর রূপার সবেমাত্র চব্বিশ। অথচ এই বাড়িতে পা রাখার পর থেকে সে অবিরাম শুনে আসছে, এক ‘বুড়ো মেয়ে’কে ঘরে তুলে এনেছে সুহেল। এলাকার বাজারে মস্ত বড় বেপারি বলে নামডাক তার স্বামী সুহেলের। রূপার মতো এক সাধারণ স্কুলমাস্টারের মেয়েকে সে যে কোন আকর্ষণে বিয়ে করতে গেল?
কারণটা অবশ্য অস্বীকার করার উপায় নেই—রূপা অপূর্ব সুন্দরীর এক প্রতিমা। তবে বিয়ের সপ্তাহখানেক পেরোতেই যেন সেই রূপের খোঁচায় মরচে ধরতে শুরু করেছে।
হঠাৎই একটা ভরাট ধমক দিয়ে সুহেল বলে ওঠে,
—“কী দিতেছস! জুইত কইরা দে, হয় না তো!”
চমকে উঠে রূপা আরও জোরে জোরে পা টিপতে শুরু করে।
—“এই হারামজাদী, মশকরা লস! মাইরা ফেলাবি নাকি? এতো জোর কইরা টিপে কেউ?”
রাগের চোটে কথাটা প্রায় শেষ করার আগেই সুহেলের পকেট থেকে মোবাইল ফোনটা বেজে ওঠে। দোকানের কোনো এক কর্মচারী ফোন করেছে।
কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে ব্যস্ত ও কাঁপাকাঁপা গলা,
—“ভাইজান, দ্রুত দোকানে আয়েন। কে বা কারা যেন আগুন লাগাইয়া দিছে…!”
সুহেল এক ঝটকায় মাদুর ছেড়ে লাফ দিয়ে উঠে লুঙ্গিটা ঠিক করে নেয়।
—“কোন বেজাতের পোলায় এই কাজ করছে রে…!”
রূপা বুঝতে পারে বড় কোনো বিপত্তি ঘটেছে। ভয়েভয়ে জিজ্ঞেস করে,
—“কী হইছে?”
—“তোর কওন লাগত না! তুই বেটিমানুষ, তুই কী করতে পারবি?”
কটমট চোখে তাকিয়ে ধমকে ওঠে সুহেল।
রূপা মাথা নিচু করে নেয়। ফোনের ওপাশেই সুহেল তখন হুংকার দিয়ে ওঠে,
—“খাড়া, দশ মিনিটের মধ্যে আইতাছি! পানি দে ওইখানে, মানুষ মিলা…!”
রূপাকে বিন্দুমাত্র কিছু না জানিয়েই সে ঘর ছেড়ে ঝড়ের বেগে বেরিয়ে যায় সুহেল।
দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পর রূপার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে আসে। তার চোখে এসে জমে দীর্ঘশ্বাস। হাত বাড়িয়ে নিজের গলার চিকন সোনার চেইনটার দিকে হাত বুলায় সে। নিজের এই অদ্ভুত সুন্দর চেহারার প্রতি তার নিজেরই এখন তীব্র ঘৃণা ধরে গেছে এই কয়দিনে। ভাগ্যকে ধিক্কার দিয়ে সে নিজের কপাল চাপড়ায়।
এই সমস্ত কষ্টের ভিড়ে হঠাৎ করেই তার মনের কোণে উঁকি দেয় ছোট নাওয়ালের মুখখানি। তবে পরক্ষণেই মনে হয়, নাওয়ালের তুলনায় তার নিজের এই যন্ত্রণা তো অতি সামান্য। হাতে বিয়ের মেহেদির ফ্যাকাশে রংটা তখনো আলতার মতো লেগে আছে। সেটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে সে মনে মনে ফুঁপিয়ে ওঠে,
—“আম্মা, ভালা করো নাই তোমরা। পরের মাইয়াটারে আনিয়া… যা করছো। ভাইজান বিদেশ গেছিল যে সময়ে কত কী করছো তার সাথে। ওই পাপের ফল আমি ভুগ করতেছি। বিয়ের আট দিন আমার কাছে আট বছর মনে হইছে! আমারে ধ্বংস করছো, এখন যদি হাছা কথা ভাইজান জানে, তোমাগোও ধ্বংস করব…”
স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে রূপার মনে পড়ে যায় কুহেলিকার কথা। কুহেলিকা যখন চার মাসের অন্তঃসত্ত্বা, ঠিক সেই সময়ে নুহাস দুবাইয়ে গিয়েছিল একটা কোম্পানির কাজে। কুহেলিকা নিজে থেকেই স্বামী-সন্তানের কথা ভেবে তাকে যাওয়ার জন্য রাজি করিয়েছিল। নতুবা নুহাস কিছুতেই দেশের বাইরে যেতে রাজি ছিল না; বউকে ছেড়ে দূরে যাওয়া তার কাছে ছিল অসম্ভব ব্যাপার। কিন্তু শেষ পর্যন্ত অভাবের তাড়নায় বাধ্য হয়েই তাকে যেতে হয়েছিল।
আর নুহাস দেশ ছাড়ার পর থেকেই ধীরে ধীরে শুরু হয়েছিল সেই নরকীয় অত্যাচার। গর্ভাবস্থার সপ্তম মাসেও কুহেলিকাকে দিয়ে রান্নাবান্না থেকে শুরু করে সব কাজই করানো হতো! এত অন্যায় দেখে গ্রামের মানুষ পর্যন্ত অবাক হয়ে যেত, অথচ কেউ টু শব্দ করত না।
তবু সংসারটা যেন কোনো মতে টিকে থাকে, কোনো অশান্তি যেন না হয়, সেই ভয়ে কুহেলিকা সবকিছু মুখ বুজে সহ্য করত। পুকুরঘাট থেকে বালতিবালতি পানি আনা, কলসিভর্তি জলের ভার টানা, উঠানের এ মাথা থেকে ও মাথা ধানের ডানা মলা—কোনো কাজের বাদ ছিল না। একবার তো উনুনের কাছে গিয়ে হাত পুড়িয়ে ফেলায় কী যে কান্নাই না জুড়েছিল! রূপা নিজের চোখে সব দেখেছিল। অথচ কুহেলিকা নুহাসকে বলেছিল—‘কিচ্ছু হয়নি… সব ঠিক আছে, আমি ভালো আছি।’
হঠাৎ করেই বাইরে থেকে শাশুড়ির তীক্ষ্ণ ডাক ভেসে আসে। রূপার ধ্যান ভাঙে। তক্ষুনি চটজলদি চোখ মুছে সে শাড়ির আঁচল ঠিক করে ঘর থেকে বেরিয়ে যায়।
দুপুর গড়িয়ে বেলা তখন নামার মুখে। আকাশে সূর্যের তেজ তখনও প্রচণ্ড প্রখর; লালচে এক তাপ চরাচরে ছড়িয়ে পড়ে যেন চারপাশটা পুড়িয়ে দিচ্ছে। সেই রোদচাপা ভ্যাপসা গরমের মাঝেও হঠাৎ হঠাৎ বয়ে যাচ্ছে হালকা এক ফালি হাওয়া, যা গরম কমানোর বদলে যেন অস্বস্তিটাকে আরও বাড়িয়ে দেয়। শিকদার বাড়িতে এখন পুরুষ মানুষের কোনো সাড়াশব্দ নেই বললেই চলে। বাড়ির নারীরা দুপুরের রান্নাবান্না চুকিয়ে একে একে ব্যস্ত হয়ে পড়েছেন। কেউ যাবেন পুকুরে গোসল সারতে, কেউ বা গোসল সেরে জায়নামাজে দাঁড়িয়ে আদায় করছেন জোহরের ফরজ নামাজ; এরপরই তো দুপুরের খাওয়ার পালা।
আলিয়া বেগম ইতিমধ্যে নুহাসকে নির্দেশ দিয়েছেন,
—“যাও, পুকুর থাইকা গোসলটা সেরে আসো। ঘাট থাইক ফিরলেই তোমার দুপুরের খাবার বেড়ে দেবো।”
দাদির কথায় নুহাসও বাধ্য ছেলের মতো পরার জন্য শুকনো কাপড় হাতে নিয়ে বাড়ির সামনের পুকুরঘাটের দিকে রওনা দিল।
তাদের বাড়ির এই ঘাটটি বেশ পুরোনো এবং একেবারে মূল রাস্তার ধারেই অবস্থিত। অবশ্য রাস্তার পথচারী বা বাইরের মানুষের নজর থেকে নারীদের আড়াল করার জন্য ঘাটের চারপাশে বাঁশের চটা দিয়ে ঘিরে তার ওপর পুরোনো শাড়ি ও কাপড় ঝুলিয়ে একটা পর্দার মতো বানিয়ে দেওয়া হয়েছে।
হাতে শুকনো কাপড় নিয়ে ঘাটে এসে পৌঁছাল নাওয়াল। সে এসে দেখল ঘাটে এই মুহূর্তে আর কেউ নেই। এক এক করে কাপড়গুলো হাতে নিয়ে সে ঘাটের সিঁড়ি দিয়ে নিচে নামল। একা একাই সে গোসল সারতে পারে। কিন্তু মুশকিল হলো, নিজের হাত থেকে শুকনো কাপড়গুলো ওপরে বাঁশের মাচায় রাখার উপায় নেই, কারণ সেই পর্যন্ত পৌঁছানোর মতো উচ্চতা বা নাগাল তার ছোট হাতের নেই। বাধ্য হয়ে সে কাপড়গুলো ঘাটের সিঁড়ির একটা ধাপের ওপর রেখে দিল।
সিঁড়ি বেয়ে নিচে নামতেই তার চোখ আটকে গেল অন্য এক দৃশ্যে। সে দেখল, কয়েকটা হাঁসের বাচ্চা ঘাটের পানিতে নির্ভয়ে কিছু একটা খাচ্ছে। নাওয়াল কিছুক্ষণ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে লাগল—তার মনটা এক পলকের জন্য বেশ ভালো হয়ে গেল। হাঁসগুলো অবশ্য তাদের নয়, পাশের বাড়ির হাঁস। হঠাৎ তার খেয়াল হলো, সকালে বড় আব্বু তাকে পকেটে যে চিঁড়েগুলো গুঁজে দিয়েছিল, তার কিছু অংশ এখনো কাপড়ের পকেটে রয়েছে!
হাঁসগুলোকে দেখে কৌতূহলী হয়ে সে পকেট থেকে সেই চিঁড়ের গুঁড়োগুলো বের করে পানির ওপর ছুড়তে শুরু করল। সে নিজেও ঠিক জানত না যে হাঁসগুলো আদতে এই চিঁড়ে খাবে কি না। কিন্তু একটু পরেই সে অবাক হয়ে খেয়াল করল, পানির ওপর ভেসে থাকা চিঁড়ের টুকরোগুলো নিয়ে হাঁসের বাচ্চাগুলো বেশ আগ্রহ নিয়েই কাড়াকাড়ি করে খাচ্ছে।
দৃশ্যটি দেখে ছোট্ট নাওয়ালের বুকটা আনন্দে নেচে উঠল। সে দুই হাত দিয়ে তালি বাজিয়ে খিলখিল করে হেসে উঠল এবং হাঁসের ছানাগুলোর উদ্দেশে আলতো গলায় ফিসফিস করে বলতে শুরু করল,
—“আমাকে তো কেউ আদর করে না। আমাল বাবাও না। কিন্তু আমি তোমাদের আদর করব, কেমন? তোমাদের খেতে দেব, আমার সঙ্গে খেলতে দেব। তোমাদের কখনো বকা দেব না। তোমরা আমার বন্ধু হবে? জানো, আমার মনিও না আমাকে এভাবে খাওয়াত। শুধু আমার মা নিজের হাতে খাইয়ে দেয় নি। আমাল আম্মুটা না, মরে গেছে।”
ঠিক তখনই বাতাসে ভেসে এল এক পরিচিত, ভয়াল এক কণ্ঠস্বর,
—“অলক্ষীরের মায়া করলে কপাল পুড়ে!”
বাবার কণ্ঠস্বর কান পর্যন্ত পৌঁছাতেই ভয়ে শিহরণ বয়ে গেল নাওয়ালের ছোট শরীরে। চমকে গিয়ে সে অতিসত্বর গতিতে পিছন ফিরে তাকাল।
গাছের ডাল দিয়ে ঘষে ঘষে দাঁত মাজতে মাজতে পুকুরঘাটের সিঁড়িতে এসে দাঁড়িয়েছে নুহাস। চোখে তার রাগের আগুন। দাঁতে দাঁত চেপে সে ধমকে উঠল,
—“তুই কী করতাছ রে… এখানে?”
ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়া নাওয়াল চোখ নামিয়ে কাঁপাকাঁপা গলায় বলে উঠল,
—“আব্বা…”
—“তুই তোর মারে মারছস! আমার কুহেলিকা নাই তোর লাইগা…! কইলাম না, আব্বা কইবি না!”
নুহাসের সেই ক্রুদ্ধ চিৎকার এক পলকে কাঁপিয়ে দিল চারপাশটা। দাঁত মাজার ডালটা ছুড়ে ফেলে সে যেন আরও হিংস্র হয়ে তেড়ে এল।
বাবার মুখোমুখি হওয়ার ভয়ে নাওয়াল তক্ষুনি চোখ নামিয়ে নিল। সে ভালো করেই জানে, বড়রা যা বলে সেটাই বিশ্বাস করে নিতে হয়। বাড়ির সবার মুখে মুখে এই কথা শুনতে শুনতে অবুঝ শিশুটি নিজেও একপ্রকার মেনে নিয়েছে যে, তার জন্ম নেওয়ার কারণেই তার মা দুনিয়া ছেড়ে চিরকালের মতো চলে গেছে!
এখানে দাঁড়ালে বাবা আরও বকা দেবে। তাই মাথা নিচু করে কোনো মতে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করতে লাগল সে, কিন্তু বাঁধল বিপত্তি। তাড়াহুড়ো করতে গিয়ে স্যাঁতসেঁতে শ্যাওলা পড়া সিঁড়িতে তার ছোট পা দুটো হঠাৎ পিছলে গেল। একটা তীব্র শূন্যতায় ভারসাম্য হারিয়ে সে আছড়ে পড়ল পাথরে বাঁধানো সিঁড়ির ওপর। আঘাতের চোটে তার ছোট হাত ও শরীরে বেশ ভালো রকমের ব্যথা পেল সে।
চোখে জল জমে থাকা সেই আর্ত দৃষ্টি নিয়ে সে একবার তাকাল বাবার দিকে। এই বুঝি বাবা স্নেহের হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নেবে, একটু বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবে!
কিন্তু না। নুহাসের পাথরের মতো হৃদয়ে এতটুকুও মায়ার সঞ্চার হলো না। সে একবারের জন্যও ফিরে তাকাল না, কিংবা আদরের হাত বাড়িয়ে দিল না। বরং উদাসীনভাবে পাশ কাটিয়ে পুকুরঘাটের একেবারে কোণায় গিয়ে নিজের গায়ে সাবান মাখতে ব্যস্ত হয়ে পড়ল।
পায়ের তীব্র ব্যথায় নাওয়ালের শরীরটা কুঁকড়ে এল। সে সহ্য করতে না পেরে কেঁদে ফেলতে চাইল—ঠিক যেভাবে নাজিফা বা নিহাল সামান্য ব্যথা পেলেই গলা ফাটিয়ে কেঁদে ওঠে। কিন্তু বাবার এই কঠোর উপস্থিতির সামনে শব্দ করে কাঁদার কোনো জো নেই; একটু জোরে শব্দ করে কেঁদে উঠলেই যে বাবা তেড়ে এসে পিঠে আবার সজোরে কিল বসিয়ে দেবে!
এর আগেও তো একবার সে এভাবে কেঁদে ফেলেছিল, আর তার ফলস্বরূপ নুহাস ঘুম থেকে উঠে এসে তাকে বেদম পিটিয়েছিল। তার মনি কাছে থাকলে হয়তো কোলে তুলে শান্ত করত, কিন্তু আজ তো তাকে বুকে জড়িয়ে ধরার মতো এই ঘাটে কেউ নেই!
বাবার এমন নির্মম নির্লিপ্ততা দেখে ছোট বুক চিরে বেরিয়ে এল এক দীর্ঘশ্বাসের অভিমান। ব্যথায় কোঁকাতে কোঁকাতে সে কোনো মতে নিজেকে সামলে উঠে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করল। দুই-দুইবার সিঁড়ি বেয়ে ওঠার সময় সে পেছন ফিরে তাকিয়ে দেখল—এই বুঝি বাবা একটু ডাকবে, একটু খেয়াল করবে!
কিন্তু নুহাসের তাতে বিন্দুমাত্র মাথাব্যথা নেই। সে তখন নিজের গায়ে সাবান ডলতেই ব্যস্ত, যেন এই পৃথিবীতে এই শিশুটি তার কেউ নয়, সম্পূর্ণ অচেনা এক অপয়া বোঝা মাত্র।
পূর্ববর্তী গল্প: অতঃপর প্রেমের আগমন • ইরিন নাজ
পর্ব: ৪
সূর্য হেলে পড়ে গোধূলির লালচে আলো মিলাতে না মিলাতেই বেলতলী গ্রামের মেঠো পথে আঁধার ঘনিয়ে এল। শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে কিছুটা দূরের এই ছোট্ট গ্রামটিতে আঁধার নামার সঙ্গে সঙ্গেই চারপাশের গাছগাছালি আর বাঁশঝাড়ের ভিড় থেকে কেমন এক মন্থর নিঃশব্দতা নেমে আসে। আষাঢ়ের গুমোট, ভ্যাপসা ভাবটা কেটে বাতাসে তখন হঠাৎ করেই বইতে শুরু করল বৃষ্টির আগের এক ফালি স্নিগ্ধ হিমেল পরশ।













