পূর্বাকাশে লালচে আভা ছড়াতে না ছড়াতেই বেলতলী গ্রামের মেঠো পথের আঁধার মিলে গিয়ে নতুন সূর্যের উদয় ঘটেছে। তবে সেই স্নিগ্ধ হিমেল ভাবটা সকালে স্থায়ী হলো না বেশি সময়। বেলা বাড়তে না বাড়তেই খাঁ-খাঁ রোদে মেঠো পথ আর উঠানের মাটি তেতে উঠে নিজের উগ্র তেজ জানান দিচ্ছে। শিকদার বাড়ির দেওয়ালঘড়িতে কাঁটা ছুঁইছুঁই করছে ঠিক দুপুর বারোটা।
রাজিয়া বেগম নিজের সন্তানদের গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছেন বহু আগেই। উনুনের পাশের দাওয়ার এক কোণে হাঁটু ভেঙে বসে তিনি বটি হাতে মগ্ন হয়ে শাক কাটছেন। তার বটির কাটায় ঝিঙে ও লালশাকের নাটাগুলোর সপাং সপাং শব্দ ছড়িয়ে পড়ছে নির্জন দুপুরে। আর বাড়ির ধু-ধু করা মস্ত উঠানে ঝাড়ু হাতে নিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েছেন আলিয়া বেগম। বয়স বাড়ার সাথে সাথে হাত-পায়ের গেঁটে বাত যেন আরও চেপে বসেছে, নড়াচড়াতেই ফুটে উঠছে এক মন্থর যন্ত্রণা। কুঁজো হয়ে যাওয়া শরীরটা সোজা করতে গিয়ে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলছেন। রাজিয়া বটি থেকে হাত না সরিয়েই উনুনের ধারে ঝাড়ু দিতে থাকা শাশুড়ির দিকে তাকিয়ে বলে উঠলেন,
—“আম্মা, নাওয়ালরে মসজিদে পাঠান না ক্যান? মানষে তো কত কথা কইবো, চাচির সংসারে আছে… মা-মরা। কিচ্ছু হিখাই (শিখাই) নাই। স্কুলে ভর্তি তো ওর বাপ করাইব।”
ছোট্ট একটা শ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন রাজিয়া,
—“কি না করাইবো না, কেডা জানে! কিন্তু নাওয়ালের বয়স তো আর কম হয় নাই…। গাঁয়ের মানুষ মুখের দিকে চাইতো না, কইবো চাচির সংসারে কামলা দিছে আর চাচি অশিক্ষিত বানাইছে।”
কথাটা শুনে আলিয়া বেগমের ঝাড়ু দেওয়া হাতটা ক্ষণিকের জন্য থামলেন। সোজা হয়ে দাঁড়ানোর নিষ্ফল চেষ্টা করে আঁচল দিয়ে কপালের ঘাম মুছে বললেন,
—“ওর বাপের লগে কী কথা কমু? পাত্তাই দেয় না! আমিও ভাবতাছি মসজিদে পাঠায়া দেওনের লাইগা। কালকে থাইকা কমু… যাইতো।”
রাজিয়া বটির ধারে শাকের গোছাটা একটু ঘুরিয়ে নিয়ে বললেন,
—“হ, কইয়েন। আমার পোলা-মাইয়ারা কুরআন শরিফ শেষ করিলাইতাছে, আর ওর কোনো খবর নাই!”
ঠিক এই সময়ে বড় ঘরের কাঠের দরজার খিল খোলার শব্দ হলো। চিন্তিত ও বিষণ্ণ মুখে ঘর থেকে বেরিয়ে এলেন শিফাতুন্নেসা। উঠানে সোজা দাঁড়িয়ে থাকা আলিয়া বেগমকে উদ্দেশ্য করে শঙ্কিত গলায় শুধালেন,
—“ও নাদিমের মা, কী হইছে কালকে রাইতে… হুনছ? নাফিসের বাপ কইতাছে বাড়িতে নাকি চোর ঢুকছে!”
কথাটা শুনেই আলিয়া বেগম হাতের ঝাড়ুটা একপাশে সরিয়ে শিউরে উঠে বললেন,
—“ইয়া আল্লাহ! কী কও ভাবি, হাছা নি? কোনদিয়া?”
শিফাতুন্নেসা থমথমে মুখে গলার ভাঁজ ভেঙে ফিসফিস করে বললেন,
—“মাঝরাইতের দিকে তোমার ভাসুর বাইর হইছিল… উনার মনে হইতাছিল বাড়িতে কেডা জানি আইছে। আমি পয়লা বিশ্বাস করি নাই, পরে দেখলাম উনার লুঙ্গি ভিজা! মানে… হাছা কথাই কইতাছিল উনি!”
গত রাতে সাবল শিকদারের সাথে ঘটে যাওয়া সেই চোর-চোর চিৎকারের অদ্যোপান্ত এবং ভিজে যাওয়া লুঙ্গির বিবরণ আতিশয্যসহ প্রকাশ করলেন শিফাতুন্নেসা। আলিয়া বেগম ঝাড়ুটা আলগা করে রেখে দাওয়ার কোণে ধপ করে বসে পড়ে হায়-হুতাশ করতে লাগলেন। কিন্তু দাওয়ায় বসে সবটা শুনে রাজিয়ার মুখে একচিলতে হাসি ফুটে উঠল। সে সামলাতে না পেরে হা-হা করে সশব্দে হেসে উঠে বললেন,
—“ও বড় চাচি, জিন-পরিও তো হইতে পারে!”
শিফাতুন্নেসা কপালে হাত ঠেকিয়ে চোখ বড় বড় করে বললেন,
—“ইয়া আল্লাহ! কী কস রাজিয়া… এইডা তো ভাইবা দেখি নাই!”
রাজিয়ার মুখে তখনও সেই চাঁচাছোলা হাসি লেগে আছে। শাক কাটা শেষ করে বটির পাতা থেকে অবশিষ্ট ডাঁটাগুলো হাত দিয়ে ঝেড়ে ফেলে সোজাসুজি বলেই ফেললেন,
—“এইগুলা মাথায় আসবে ক্যান? অন্যের ঘরে ঝগড়া লাগানো তো ভুলেন না…”
রাজিয়ার এই এক স্বভাব—অন্যায় সে যতই করুক না কেন, পেটে কোনো কথা চেপে রাখে না। যা বলার সোজা মুখের ওপর বলেই ফেলে। আলিয়া বেগম শাড়ির আঁচলে মুখের ঘাম মুছতে মুছতে তড়িঘড়ি করে রাজিয়াকে থামানোর উদ্দেশ্যে বললেন,
—“আহ্ রাজিয়া, ঘরে যাও! কার লগে কী কইতাছস…? তোমার গুরুজন হন।”
কিন্তু আলিয়া বেগমের মুখের কথা মাঝপথেই কেড়ে নিলেন চটে যাওয়া শিফাতুন্নেসা। রাজিয়ার দিকে চোখ রাঙিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বললেন,
—“দেখতাছস আলিয়া, তোর পুয়ার বউ কী কী কইতাছে? বেটি মানুষের এত তেজ ভালো না!”
রাজিয়া বটি থেকে সরে দাঁড়িয়ে কাপড়টা সামান্য সামলে বুক চিতিয়ে জবাব দিলেন,
—“তেজের কী দেখলেন বড় চাচি, আমি তো কিচ্ছু কই নাই এখনো! ঘাটে নাদিমরে পাইয়া কইলেন আমি নাকি ঘরের কোনো কামকাজ করি না, সব করে আম্মা। আমি না করলে এই সংসারে কে করে? সংসার জীবনে নয়টা বছরে আপনি তো কম বাঁচাল করেন নাই… আমার সাথে করলেন! কুহেলিকা আওনের পর ওরেও কইলেন মাইয়াডা নাকি বন্ধ্যা… বাচ্চা হয় না!”
কথাগুলো যেন বিষাক্ত তপ্ত তেলের ভেতর এক ঘটি জল ঢেলে দিল! ‘কুহেলিকা’ নামটা উঠানে উচ্চারিত হতেই চারপাশের আবহাওয়া সহসা ভার হয়ে এল। বিয়ের পর প্রথম একটা বছর যখন কুহেলিকা কোনো খুশির সংবাদ আনতে পারেনি, তখন আলিয়া বেগম কিংবা শিফাতুন্নেসা তাকে কম কটু কথা শোনাননি। এমনকি শহরের গঞ্জে থাকা নুহাসের বড় বোন রুনা শিকদার পর্যন্ত বাড়ি এসে কত শত কথা শুনিয়ে গিয়েছিল!
বাইরে এই ঝগড়া ও বাদানুবাদের উত্তপ্ত আওয়াজ ভেসে আসছিল বন্ধ ঘরের ভেতরেও। সেই কর্কশ শব্দের তোড়ে নুহাসের আচ্ছন্ন ঘুমটা কাঁচা কাঁচাই ভেঙে গেল। ধড়ফড় করে বিছানায় উঠে বসে সে নিজের হাত দিয়ে ঘাড়ের রগটা ডলে নিল। গায়ের ক্লান্তি আর মেজাজের বিরক্তি নিয়ে ঘর থেকে তড়িঘড়ি বের হতে গিয়ে হঠাৎ তার চোখ আটকে গেল কোণের দিকে। খাটিয়ার কাঠের পাশে ছোট্ট নাওয়াল তখনো নিথর হয়ে ঘুমিয়ে আছে। এত বেলা অবধি নাওয়ালের ঘুমিয়ে থাকার কথা নয়, অন্যদিন হলে সে পাখির ডাকের সাথে সাথেই চঞ্চল হয়ে ওঠে।
নুহাস কিছুটা কৌতূহল নিয়ে এগোল। নিচু হয়ে নিজের শক্ত হাতটা নাওয়ালের কপালে রাখতেই চমকে উঠল সে। শরীরে মারাত্মক তেজ, গা পুড়ছে! নুহাস গম্ভীর গলায় ডাক দিল,
—“নাওয়াল… এই নাওয়াল!”
নাওয়াল পিটপিট করে চোখ চাইল। তন্দ্রাচ্ছন্ন ও রুগ্ণ দুটি চোখ ডলতে ডলতে বাবার কপালে জড়ানো রক্তের ভিজে পট্টিটার দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলল,
—“কী… কী হইতে আব্বা?”
—“না, কিচ্ছু না। তুই ঘুমা।”
নাওয়াল পিঠের ওপর থেকে জীর্ণ কাঁথার আড়াল সরিয়ে সচকিত হয়ে উঠে বসল,
—“আল ঘুমাইতাম না আব্বা… কিতু (কিছু) দরকার তোমাল…?”
নুহাস নিজের ভেতরের নড়াচড়া দেওয়া অচেনা অস্বস্তিকে গোপন রেখে চোখ-মুখ শক্ত করে ধমকের সুরে বলল,
—“এত পাকা পাকা কথা কস ক্যান? চুপচাপ ঘুমা!”
নাওয়াল অভিমানে নিজের মুখটা ছোট করে মাথা নিচু করে ফেলল। বাইরে থেকে তখনো রাজিয়া ও শিফাতুন্নেসার তপ্ত গলা ভেসে আসছে। নুহাস বিরক্তি সামলাতে না পেরে দরজার খিলের দিকে তাকাল। তারপর আবার ছেলের দিকে তাকিয়ে ছেলেকে উদ্দেশ্য করে বলল,
—“তরে, আমি কিচ্ছু কইছি? না, না অইলে মুখ এমন বাদুড়ের মতো কইরা রাখছস ক্যান? হুম?”
নাওয়াল শুকনো চোখে বাবার দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে থাকা গলায় উত্তর দিল,
—“ডাডি মারবো আব্বা… আর ঘুমাইতাম না।”
নুহাস দরজার ভারী খিলটা এক টানে খুলে বাইরে পা বাড়াতে বাড়াতে সংক্ষিপ্ত গলায় বলল,
—“দাদি কিচ্ছু কইতো না… ঘুমা!”
নুহাস বড় বড় কদমে উঠানে পা দিল। কিন্তু সে ঘাড় ফিরে খেয়াল করল না, ভয়ে ও আশঙ্কায় তার পিছন পিছন অতি সাবধানে ছোট ছোট পা ফেলে নাওয়ালও ঘর থেকে বেরিয়ে এসেছে। শিফাতুন্নেসা এতক্ষণ উঠানের মাঝখানে দাঁড়িয়ে হাত নেড়ে চিৎকার করছিলেন। নুহাসকে ঘর থেকে বের হতে দেখে সেদিকে মুখ ঘুরিয়ে গর্জালেন,
—“হুনছস নি নুহাস, তোর বড় ভাবি কী কয়?”
নুহাস শিফাতুন্নেসার চোখের দিকে এক পলক ঠান্ডা দৃষ্টিতে তাকাল। তারপর ঔদ্ধত্য ও বিরক্তি মিশিয়ে মুখে জবাব দিল,
—“চুলমুঠি ধইরা মারে নাই… এইডাই বেশি! আমি আবার আমার বউরে কইয়া দিছিলাম চুল ধইরা মারতে, বাকিটা ওর জামাই দেইখা নিত!”
—“এই নুহাস, তুই আমারে এইটা কইতে পারলি!”
—“ক্যান, আমার সংসার থাকতে তো কম করেন নাই আপনারা… অখন বিচার চাইয়েন না!”
শিফাতুন্নেসা এবার ক্রুদ্ধ দৃষ্টিতে নুহাসের দিকে হনহন করে পা বাড়াতে চাইলেন। কিন্তু নুহাস তাঁর উপস্থিতি সম্পূর্ণ উপেক্ষা করে। পিছনে ফিরে তাকিয়ে নাওয়ালকে দেখতে পায়। যে কিনা আড়ালে কুঁকড়ে আছে। নাওয়ালের দিকে ঘুরে সামান্য তাগাদা দিয়ে নুহাস বলে উঠল,
—“আমার পিছন পিছন আয়…”
চাচির সেই গজরাতে থাকা তিক্ততাকে তোয়াক্কা না করে বাপ-বেটা পাশাপাশি হাঁটা দিল বাড়ির বাইরের মেঠো পথ ধরে। কিছুক্ষণের মধ্যেই তারা শিকদার বাড়ির সীমানা পেরিয়ে গ্রামের নিঝুম পুকুরপাড়ে এসে উপস্থিত হলো। পুকুরের পাড়ে বিশাল বটগাছের ছায়া আর শ্যাওলা ধরা পিচ্ছিল সিঁড়িগুলোর দিকে তাকাতেই নাওয়ালের গতকালের সেই ভয়াবহ পতন ও হাঁটু ছিলে যাওয়ার স্মৃতি দপ করে মনে পড়ে গেল। ভয়ে সে দুই পা পিছিয়ে এল। কিছুতেই সে আর ওই পিচ্ছিল ঘাটে পা দেবে না!
নুহাস কিছুটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়াল। পিছন ফিরে তাকাল সে। রোদের তীব্রতায় দেখা গেল, কালকের মারধর ও পড়ে যাওয়ার কারণে নাওয়ালের পরনের ফতোয়াটার কাঁধের সেলাই অনেকটাই ছুটে গেছে, পায়ে থাকা পুরোনো জুতোজোড়াও ছিঁড়ে একাকার। নুহাসের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সে শুধাল,
—“তোর আর কাপড় নাই?”
নাওয়াল ছলছল চোখে মুখ তুলে তাকাল,
—“আছে তো… বল ভাইয়ার কাপড় দিছে বল (বড়) আম্মু।”
—“ওইগুলো…? নয়া নাই।”
—“আছে।”
নাওয়াল একটু থমকে নিজের আঙুলগুলো একটার সাথে আরেকটা জড়িয়ে ইতস্তত করে আবার ফিসফিস করে বলল,
—“নয়া কাপল একতা আছে, ফুফু মনি দিছিল… ডাডি কইছে কোনোখানে যাওয়ার আগে পরায়া দিবে।”
নুহাস এই কথা শুনে আর কথা বাড়াল না, বুকের গহীনে আটকে থাকা এক দীর্ঘশ্বাস বাতাসে ছেড়ে নিচু স্বরে বলল,
—“ঘাটে নামে, হাত-পা ধো।”
কিন্তু নাওয়াল পা বাড়াতে গিয়েও যেন সিঁড়ির মুখে থমকে গেল। গায়ের জ্বলন্ত জ্বর আর সিঁড়ির সেই পিচ্ছিল শ্যাওলা তাকে কাঁপিয়ে তুলল। নুহাস বিরক্তি ভরে চোখ কুঁচকে শুধাল,
—“কী হইছে?”
—“কিচ্ছু না আব্বা…”
—“তা অইলে নামতাসোস না ক্যান? দৌড়ে লাম, আমার গঞ্জে যাওয়া লাগব হাসপাতালে!”
কপালে বাঁধা রক্তে জমে থাকা পুরোনো কাপড়ের টুকরোয় হাত দিয়ে তাগাদা দিল নুহাস। নাওয়াল ভয়ার্ত চোখে শ্যাওলা ধরা ঘাটের দিকে তাকিয়ে আকুল গলায় বলে উঠল,
—“যদি আমি পড়িরা… বড্ড ব্যথা পাইসে আব্বা…”
কথাটা শেষ হবার আগেই নুহাস এক ঝটকায় নিচু হয়ে দুই হাতে ছেলেকে শূন্যে তুলে নিল। নাওয়াল চমকে উঠতেই নুহাস নিচু গলায় বলল,
—“আয়… আমি নামাই দিতাছি।”
বাপ-বেটা মিলে ঘাটের নিচে নেমে এল। ঘাটের একদম শেষ সিঁড়িটিতে নাওয়ালকে দাঁড় করিয়ে দিল নুহাস। তারপর নুহাস নিজে পুকুরের হিমশীতল পানিতে আঁজলা ভরে মুখ ধুয়ে ভালো করে কুলকুচি করে নিল। দরদর করে গাল বেয়ে নামা জলের ফোঁটাগুলোর মধ্য দিয়ে ছোট নাওয়াল বাবাকে দেখতে লাগল। তার গোল গোল দুটো মায়াবী চোখ বাবার প্রতিটি নড়াচড়া অপলক চোখে মেপে চলেছে। নিজের মুখ-হাত ধোয়া শেষ করে নুহাস সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল,
—“বইসা আছস ক্যান? হাত-মুখ ধোস না ক্যান?”
নাওয়াল পানির কাছে ঝুঁকে দাঁড়িয়েই একটু থমকে গিয়ে কাতর স্বরে বলল,
—“আমার ডর করে… আব্বা।”
—“ক্যান, ডর করবো ক্যান?”
নাওয়াল বাবার কথা শুনে আর তর্ক না করে পানির দিকে হাত বাড়াতে গেল। কিন্তু বাড়াতেই মাথাটা এক তীব্র ঝিমঝিম করে চক্কর দিয়ে উঠল! শরীরের ভেতরে থাকা প্রবল জ্বর আর দুর্বলতায় ভারসাম্য হারিয়ে সে পড়ে যেতে লাগল সিঁড়ির ওপর। পড়তে পড়তেই কোনো রকমে সিঁড়ির কোণটা আঁকড়ে ধরে নিজেকে সামলে নিল সে। নুহাস চট করে দৃশ্যটা দেখে বুঝতে পারল, ছেলের শরীর আসলেই খুব দুর্বল, কাঁপছে থরথর করে। সে এক মুহূর্ত দ্বিধা করল না। ধমক না দিয়ে নরম কণ্ঠে বলল,
—“বস তুই এখানে।”
নাওয়াল লক্ষ্মী ছেলের মতো ভিজা সিঁড়িতে বসে পড়ল। নুহাস ঘাটের সিঁড়িতে এক হাঁটু মুড়ে বসল। তারপর সাবধানে পুকুরের ঠান্ডা পানির কিছুটা আঁজলায় তুলে নিয়ে ধীরে নাওয়ালের উত্তপ্ত তপ্ত মুখে ছিটিয়ে দিতে লাগল। তারপর নিজের বড় রুক্ষ হাত দুটি দিয়ে নাওয়ালের হাত, কনুই ও পায়ের জমাট বাঁধা ধূলিবালি ধুয়ে দিল। আবার মাথায় রাখল, খুব বেশি জোরে না দেয়। যাতে ছাল-ছ্যাঁচড়ানো ক্ষতে আঘাত না লাগে। কিন্তু এটা কি সত্যিই তার ভেতরের কেবলই এক দয়া, না কি পিতা হিসেবে কোনো মায়া-মমতার বহিঃপ্রকাশ—নুহাস তার হিসাব মেলাতে পারল না। গতকাল রাত থেকে কেন যেন বারে বারে এই নিষ্পাপ অবুঝ নাওয়ালের মুখের কাটছাঁট আর ভয়ার্ত চাহনির মাঝে সে কুহেলিকার সেই অনাবিল মুখখানা স্পষ্ট দেখতে পাচ্ছে।
হাত-মুখ ধোয়ানো শেষ হতেই নুহাস আর এক মুহূর্ত দেরি করল না। নাওয়ালকে পুকুরঘাট থেকে পুনরায় দুহাতে পাঁজাকোলা করে তুলে নিল। তারপর মেঠো পথ ধরে বাড়ির উঠানের দিকে ধীরপায়ে হেঁটে চলল…
🕊️🌼🕊️
সময় গড়িয়েছে,
আকাশে তখন গোধূলির লালচে আলো মিলিয়ে দিনের শেষ কিরণটুকুও বিলীন হয়ে এসেছে। ঘড়ির কাঁটায় তখন বিকেল ঠিক চারটা। ডক্টর প্রীতি আজও ঠাকুরবাড়ি থেকে ধীরপায়ে বাইরে বেরিয়ে এলেন। তাঁর পায়ে কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, অথচ মনের মধ্যে কোন এক অদৃশ্য টানের উপস্থিতি বড় স্পষ্ট।
একমাত্র সেই অবুঝ, নিষ্পাপ বাচ্চাটির সজল চোখ দুটি প্রীতির হৃদয়কোণে এক গভীর ক্ষত তৈরি করে গেছে। ওইটুকু একটা ফুটফুটে মুখ মাত্র একবারই তো দেখেছিল সে! অথচ সেই অসহায় দৃষ্টি প্রীতির সমস্ত আত্মাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।
সে জানত, বাচ্চাটির বাড়ি শ্রীমঙ্গল রেলস্টেশনের অদূরে বেলতলী গ্রামের মেঠো পথেরই কোনো এক প্রান্তে। সেই অনুমান সম্বল করেই প্রীতি গ্রামের কাঁচা পথ ধরে হাঁটতে শুরু করলেন। কিন্তু গ্রামটা তো ছোট নয়; কোন বাড়িটি শিকদার বাড়ি, তা তাঁর জানা নেই। সে পথের মাঝেই কয়েকজন পথচারীকে দাঁড় করিয়ে শিশুটির চেহারার স্পষ্ট বিবরণ দিলেন—পরনে ছেঁড়া ফতোয়া, হাতে-পায়ে কালশিটে আর আঘাতের রক্তজমাট দাগ, চোখ দুটো ছানা পোনার মতো গোল গোল।
কিন্তু আফসোস! পথচারী প্রত্যেকেই আপন মনে মাথা নেড়ে নেতিবাচক জবাব দিল। কেউ তাকে চিনতে পারল না, কেউ বা গ্রামের কত শত বাচ্চার ভিড়ে নির্দিষ্ট করে কাউকে আলাদা করতে ব্যর্থ হলো। কোনো উপায় না দেখে প্রীতি নিরাশ মনে একবুক দীর্ঘশ্বাস চেপে ধরে ঠাকুরবাড়ির পুরোনো দালানের দিকে ফিরে চলে যান।
সন্ধ্যা নেমে এসেছে বেলতলী গ্রামে।
বাঁশঝাড় আর বনতুলসীর আড়াল থেকে ঝিঁঝিঁ পোকার কনকন শব্দ বাতাসে ছড়িয়ে পড়তে শুরু করেছে। শেষ বিকেলে সিলেটি হাওয়ায় যেন সন্ধ্যার পর গরম গরম চা খাওয়ার এক চিরন্তন ঐতিহ্যবাহী আমেজ জেগে ওঠে।
রান্নাঘরের পলি পড়া মাটির উনুনের পাশে বসে চা বানাচ্ছিলেন রাজিয়া বেগম। উনুনের লালচে আগুনের স্ফুলিঙ্গ আর চা পাতার ম ম গন্ধে চারপাশটা ভরপুর। উনুনের পাশেই কাঠের পিঁড়িতে মুখোমুখি বসে আছে রাজিয়ার দুই সন্তান, নিহাল আর নাজিফা। তারাও মায়ের হাতের ধোঁয়া ওঠা চায়ের অপেক্ষায় ব্যাকুল।
ওদিকে মূল ঘরের কোণে পানের বাটা সামনে নিয়ে নিবিষ্ট মনে পান সাজছিলেন আলিয়া বেগম। আর নাওয়াল? সকালবেলা পুকুরঘাটে নিয়ে গিয়ে নুহাস নিজ হাতে হাত-মুখ ধুইয়ে দেওয়ার পর থেকে সে আর ঘরের বাইরে এক পা-ও বাড়ায়নি। শরীরে যেন আগুনের তপ্ত আঁচ—জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে! তীব্র জ্বরের ঘোরে নাওয়াল এখনো দাদির জীর্ণ কাঁথাটার আড়ালে কুঁকড়ে শুয়ে আছে।
নুহাস দুপুরে পেটপুরে দুটি ভাত গিলে গঞ্জে চলে গিয়েছিল মাথা ফাটার ব্যান্ডেজ করাতে। যাওয়ার সময় বলে গিয়েছিল, রাতে সে নাকি তাড়াতাড়িই ফিরে আসবে।
উনুনের ভাপ থেকে মাথা তুলে রাজিয়া বেগম চড়া গলায় হাঁক ছাড়লেন,
—“আম্মা, ও আম্মা… চা খান!”
আলিয়া বেগম পানের বাটায় শেষ সুপারিটুকু দিয়ে শাড়ির আঁচলে হাত মুছলেন। পাশে শুয়ে থাকা নাওয়ালের উত্তপ্ত কপালে হাত রেখে চমকে উঠলেন তিনি,
—“ও নাওয়াল, উঠ… চা খা! তোর চাচি ডাকে।”
নাওয়াল পিটপিট করে তন্দ্রাচ্ছন্ন দুটি চোখ মেলে ধীরস্বরে বলল,
—“আমি খামু না ডাডি…”
আলিয়া বেগম আদর করে তার ছোট পিঠে হাত বুলিয়ে বললেন,
—“তুরা (একটু) খা… বালা লাগবো! একারে কিছু খাইস নাই সারাদিন।”
নাওয়াল আর কোনো কথা বাড়াল না। ছোট পেটে সকালের পর থেকে সারাদিনে এক দানা খাবারও পড়েনি, খিদেয় ভেতরটা মোচড় দিয়ে উঠছে। খিদের কাছে রোগ আর ক্লান্তি হার মানল। নাওয়াল আর আলিয়া বেগম দুজনেই ধীরপায়ে হেঁটে উনুনের ধারে গিয়ে উঠলেন।
দুপুরের দিকে শিফাতুন্নেসার সাথে তুমুল ঝগড়া হওয়ার পর থেকে রাজিয়া আর শাশুড়ির সাথে ভালো মুখে কথা বলছে না। তার প্রতিটা কথার ভাঁজে খোঁচা আর তিক্ততার আঁচ স্পষ্ট।
আলিয়া বেগম উনুনের পাশে কাঠের তক্তা পেতে বসলেন। নাওয়াল ভয়েভয়ে দাদির একেবারে ঘেঁষে দাঁড়িয়ে রইল। রাজিয়া তার সন্তানদের দিকে নজর দিতে দিতে চায়ের কাপে চা ঢালছিলেন। নাওয়ালের নজর গিয়ে পড়ল নিহাল আর নাজিফার দিকে। রাজিয়ার দুই সন্তান প্লাস্টিকের কৌটো থেকে চামচ দিয়ে গুঁড়ো দুধ তুলে এনে হাতের তালুর ওপর নিয়ে চেটে চেটে খাচ্ছে!
দৃশ্যটা দেখে নাওয়ালের অবুঝ মনটায় বড় লোভ জমে উঠল। কী এক অদ্ভুত ও অনাবিল তৃপ্তি নিয়ে তারা সেই শুকনো গুঁড়ো দুধটুকু খাচ্ছে! নাওয়ালের মনটা আকুপাকু করে উঠল—তারও তো বড় ইচ্ছে করছে ওটুকু চেটে খেতে!
নাওয়াল বড় বড় গোল চোখ মেলে রাজিয়ার দিকে তাকাল, তারপর তার দৃষ্টি চলে গেল উনুনের পাশে রাখা গুঁড়ো দুধের কৌটোটার দিকে। অবুঝ শিশুটি ঢোক গিলল কয়েকবার। তারপর ধীর পায়ে পিছলে আসা ধূলিমাখা পা দুটো টেনে টেনে রাজিয়ার কাছাকাছি গিয়ে দাঁড়াল।
ঠিক সেই সময়েই আলিয়া বেগম দুপুরের প্রসঙ্গ টেনে রাজিয়াকে নরম সুরে বললেন,
—“বৌমা, তোমার উচিত হয় নাই অমন বলা… যাই কও উনি তোমার চাচি-শাশুড়ি…”
কথাটা শোনামাত্রই রাজিয়ার মেজাজ আবার চড়ে উঠল। আগুনের শিখার মতো তার রাগ তীব্র থেকে তীব্রতর হলো। সে চায়ের ছাঁকনিটা সপাং করে পাশে রেখে কঠিন গলায় জবাব দিল,
—“আম্মা… আমার সংসারে আমি কারো নাক গলানো পছন্দ করি না!”
নাওয়াল রাজিয়ার উত্তপ্ত হাবভাব বুঝতে পারল না। সে দুই পা এগিয়ে রাজিয়ার আঁচলের কাছে গিয়ে তোতলা গলায় বলে উঠল,
—“বল আম্মু… ও বল আম্মু…”
কিন্তু রাজিয়া নাওয়ালের সেই দুর্বল কণ্ঠকে সম্পূর্ণ উপেক্ষা করে শাশুড়ির দিকে একরাশ ক্ষোভ উগরে দিলেন,
—“উনাকে বলবেন এরকম আমাগো সংসারের মাঝে কথা না কইতে! নাজিয়ার বাপ আমারে কথা শুনায় উনার লাইগা…”
আলিয়া বেগম নিশ্বাস ফেলে বললেন,
—“তুমি ওতো চুপ করতে পারো…”
দুজন প্রাপ্তবয়স্ক মানুষের এই ঝগড়া ও তিক্ততার মাঝে দাঁড়িয়ে ভুল করে বসল ছোট্ট নাওয়াল। সে আর লোভ সামলাতে পারল না। দুই কচি হাত রাজিয়ার দিকে বাড়িয়ে আকুল গলায় আবদার করে ফেলে বলল,
—“বল আম্মু, আমাকে একতু গুঁড়ো দুধ ডাও না… খেতে ভীষণ মদা (মজা)!”
রাজিয়ার মাথার রগ যেন এক নিমেষে তেতে উঠল! আজকে সকাল থেকেই সে এই নাওয়ালের মায়ের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে শাশুড়ি ও জেঠি-শাশুড়ির তিতা কথা সহ্য করেছে। আর আবার নাওয়াল এসে তার কাছে আবদার জুড়েছে!
রগের পারদ চড়ে যেতেই রাজিয়া দপ করে জ্বলে উঠে নাওয়ালকে কটাক্ষ করে বলে উঠলেন,
—“মারে খাইয়া… তোর শক মিটে নাই? গুঁড়ো দুধ খাবি… তোর বাপ কত টাকা সংসারে দেয়? খালি খাওন আর খাওন!”
কথাগুলো সে এমনভাবে চিৎকার করে বলল, যেন পাশের আলিয়া বেগম আর পুরো শিকদার বাড়ির লোক তা স্পষ্ট শুনতে পায়।
কথার সেই নির্মম বিষাক্ত বাণে থমকে গেল ছোট নাওয়াল। তার ডাগর ডাগর চোখ দুটি মুহূর্তের মধ্যে ছলছল করে জলে ভরে উঠল। হাতের তালু দুটো আর সামনে প্রসারিত রাখার সাহস হলো না; ভয়ে তড়িঘড়ি করে হাতজোড়া পিঠের পেছনে লুকিয়ে ফেলল।
সে অপরাধীর মতো চোখ দুটো পিটপিট করে কাঁপাকাঁপা সজল কণ্ঠে বলে উঠল,
—“না বল আম্মু… লাগবে না, লাগবে না! আমাল আব্বাকে কিতু বলো না… আব্বা তো অসুস্থ…”
আলিয়া বেগম রাজিয়ার এই রূঢ় রূপ দেখে সহ্য করতে পারলেন না। তিনি বিরক্তি আর সমবেদনা মিশিয়ে বলে উঠলেন,
—“কী করতাছ রাজিয়া? কোন কথা কোনদিক দিয়া লইয়া যাইতাছ…!”
এমনকি নাজিফাও নাওয়ালকে এমন আকুপাকু করতে দেখে বলল,
—“ও মা, দিয়া দাও না গুঁড়ো দুধ… ওর তো তাপ আইছে শরীরে!”
রাজিয়া মেয়ের কথা শুনে, দুধের কৌটাটা ঝনঝন করে নাওয়ালের দিকে সামান্য ঠেলে দিয়ে বললেন,
—“আমি কি কারোরে না করছি খাইতে? খাও… কিন্তু খাইলে তো তার দাম-দর লাগে! আর কত মাগনা খাইবো?”
নাওয়াল সেই গুঁড়ো দুধের কৌটোর দিকে আর একপলকও তাকাল না। তার পিঠে তখন কালশিটে পড়া দাগের চেয়েও বড় এক আঘাত এসে লেগেছে। অবুঝ শিশুটি থরথর করে কাঁপতে কাঁপতে দাদির শাড়ির খুঁটটা আঁকড়ে ধরে চুপচাপ আঁধারের দিকে মুখ ফিরিয়ে দাঁড়াল…
পূর্ববর্তী গল্প: অতঃপর প্রেমের আগমন • ইরিন নাজ
পর্ব: ৭
আলিয়া বেগম রাজিয়ার এই রূঢ় রূপ দেখে সহ্য করতে পারলেন না। তিনি বিরক্তি আর সমবেদনা মিশিয়ে বলে উঠলেন,













