বাক বাকুম পায়রা

বাক বাকুম পায়রা চলমান

পর্ব: ৩
« <
/ 3
> »

তোমার উল্লেখিত ‘আপনাদের মতো পুরুষ’ অর্থাৎ কোনো কাপুরুষ আমি নই। তবে সুপুরুষ যে খুউব—তেমনটাও না। তবে মোটামুটি ক্যাটাগরির বলা চলে! যারা খুব সহজে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, তাদের কোন ক্যাটাগরিতে ফেলা যায় বলো তো? আচ্ছা, এসব বাদ। মেইন পয়েন্টে আসি।

তুমি আমার খুব তপস্যার প্রাপ্তি, পায়রা। গুনে গুনে পাক্কা দু’বছর চার মাস তোমার জন্য অপেক্ষারত ছিলাম আমি। এরপর যখন পেলাম, তখন সত্যিই দিশেহারা হয়ে গিয়েছিলাম। বারবার চেয়েও নিজের অনুভূতিগুলো তুলে ধরতে পারিনি তোমার সামনে। এখন, অনুভূতি প্রকাশ না করতে পেরেও তোমাকে কাছে টেনে নিয়েছি—তা নিয়ে আবার খোটা দিও না প্লিজ! পুরুষ মানুষ বলে কথা, তার উপর এতো সখের প্রাপ্তি আমার। তাই একটু আকটু ইম্ব্যালেন্স হয়ে গেছে আরকি সব! বিলিভ মি, এরপর থেকে খুব দৃঢ়তার সাথে দূরত্ব বাড়িয়েছিলাম। নিজের অনুভূতি প্রকাশের পূর্বেই তোমার কাছে নিজের চাহিদা নিয়ে একদম হাজির হতে চাইনি আমি। যেটা ইতিমধ্যেই তোমার উপর বিরূপ প্রভাব ফেলেছে।

তবে সত্যি বলতে, তোমার উপরেও একটা সূক্ষ্ম রাগ জন্ম নিয়েছিল। বিয়ের পরেই কেন স্বামীকে তার অধিকার দিয়ে দিতে হবে? সময় চেয়ে নিতে? আমাকে আটকাতে? আমার বারবার মনে হচ্ছিল, আমি ছাড়া ভিন্ন কারো সাথে বিয়ে হলেও তুমি এরকমটাই করতে। এই একটা লেইম ম্যাটার আমার মাথা ধরিয়ে দিচ্ছিল রীতিমতো। নিজেকে বুঝিয়েছি, তুমি একজন আদর্শ স্ত্রীর দায়িত্ব পালন করেছ। পারিবারিক ভাবেই মেনে নিয়েছ আমাকে স্বামী হিসেবে। পরবর্তীতেও ঠিক সেই দায়িত্ববোধ থেকেই আমাকে গ্রহণ করবে, সম্মতি দিবে। বাট বিলিভ মি? আমি সেটা একদম চাই না। ইউ হ্যাভ টু লাভ মি পায়রা। দ্য ওয়ে আই ডু।

এরপর থেকে যতদিন না আমাকে ভালোবেসে গ্রহণ করবে, ঠিক ততদিন আমাকে ফিরিয়ে দিবে। কোনো দায়িত্ববোধ, মূল্যবোধ থেকেও সম্মতি যেনো না আসে তোমার পক্ষ থেকে, গট ইট?

তুমি তোমার সাদা ওই পায়রাটাকেও কতো ভালোবাসতে, তাহলে আমাকে ভালোবাসায় তোমার দ্বিধা কেন থাকবে, আমার পুতুল? তোমার হারিয়ে যাওয়া সাদা পায়রার জন্য কান্না করা অশ্রুভেজা চোখ দুটো এখনো আমাকে অস্থির করে তোলে তুতুল। আমার শ্বাস-প্রশ্বাসের গতি কমিয়ে দেয়। তোমাকে কাঁদতে দেখলে বড্ড অসহ্য লাগে আমার।

আমি কখনো অনুভব করিনি, আমি ভেতর থেকে ঠিক এতটা দুর্বল হব সম্পূর্ণ অপরিচিত এক ষোড়শীর অশ্রুপাতে। আমার শক্তপোক্ত গম্ভীর আদলের নিচেও যে একটা খড়কুটোর মতো নরম স্থান আছে, তা আমি সেদিন উপলব্ধি করেছিলাম—যেদিন তোমাকে পরীক্ষার কেন্দ্রস্থলে বসে কান্না করতে দেখেছিলাম। ওই ছোট্ট পায়রাটাকে হারিয়ে তোমার কান্না, ফের খুঁজে পেতেই উল্লাস—সবকিছু আজও আমার চোখে জীবন্ত।

এসএসসির বোর্ড পরীক্ষার মতো এক্সামে কোনো ব্যক্তি পায়রা নিয়ে যায়—বুঝাবে আমাকে প্লিজ? সেদিন তোমাদের জেলা, প্লাস উপজেলার উপর এতো রাগ হয়েছিল আমার! আইনি নোটিশ না আসলে ওই রাস্তায় জীবনেও পা মারতাম না। তবুও যেতে হয়েছিল, বাধ্য হয়েই। খুব বাড়াবাড়ি রকমের খারাপ রাস্তা দিয়ে যখন কেন্দ্রে পৌঁছালাম, চারপাশের গাদাগাদি করা মানুষ দেখে মেজাজ তখন সপ্তমে চড়েছিল। তার উপর অফিস রুমে পৌঁছাতেই অফিসের বাহিরে এক কোণে খাঁচায় বন্দী এক পায়রার বকবকুমে আরও চিড়বিড়িয়ে উঠেছিল মস্তিষ্কটা।

বিশ্বাস করো, দাঁতে দাঁত চেপে সহ্য করে নিয়েছিলাম। প্রথম এরপরও যখন এর বকবকুম থামেনি, তখন জেদ ধরেই খাঁচা থেকে মুক্ত করে দিয়েছিলাম। এটাকে মুক্ত করে ঠিক যতটা না পৈশাচিক আনন্দ পেয়েছিলাম, এরপর তোমার কান্না দেখে ঠিক ততটাই আফসোস হচ্ছিল। অপরাধবোধ হচ্ছিল। আমি বোধহয় সেদিন ঠিক তোমাকে সান্ত্বনা দিতে এগিয়ে যেতাম, যদি না তুমি পায়রাটা ফিরে পেতে।

ওটাকে ফিরে পেতে দেখে যতটা খুশি হয়েছিলে তুমি, ঠিক ততটাই অপরাধবোধ থেকে মুক্তি পেয়েছিলাম আমি। তবে তোমার প্রতি বিমোহিততা কমাতে পারিনি। সেই বিমোহিততা এখন ভয়াবহ রূপ নিয়েছে পায়রা। তোমাকে না দেখে থাকতে না পারার রোগ। তুমি প্লিজ কথায় কথায় বাবার বাড়ি যাওয়ার হুমকি দিও না। তাহলে আমি কী করব আমি নিজেও জানি না। তুমি সারাদিন যতই বকরবকর করো, সব ভালো লাগলেও এটা আমার শুনতে খুবই ডিজগাস্টিং লাগে। প্লিজ, আর এই অসহ্য বাক্যটা উচ্চারণ করো না।

বাই দ্য ওয়ে, আমার আরও একটা জিনিসও খুব ডিজগাস্টিং লাগে, তা হচ্ছে তোমার দুলাভাই। ওই ভদ্রলোক থেকেও দূরত্ব বজায় রাখবে। এর কারণ অবশ্য এখানে লিখতে চাইছি না আমি। আপাতত শুধু আমার অনুভূতিগুলো সম্পর্কেই জানো কেবল। জানি চিঠিটা বড়ো হয়ে গিয়েছে, তবুও পড়বে তুমি। এবং পড়ে সুন্দর মতো বাপের বাড়ি যাওয়ার জন্য যে ভূতটা তাড়া দিচ্ছে, সেই ভূতটা ঝেড়ে ফেলবে। কথা ক্লিয়ার?”

আরসালান তার অফিসের অফসেট পেপারে লেখা চিঠির পৃষ্ঠা দুটো একত্রিত করল। ভোরের ম্রিয়মাণ আলোয় আবারও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকল চিঠি দুটো। তার মনে হচ্ছে আরেকটু কিছু লিখলে ভালো হতো। পরক্ষণেই আবার মনে হচ্ছে, এসব চিঠি ফিটি লেখার কোনো মানে হয়! হাও সিলি!

নিজের ভেতরের বাকবিতণ্ডা নিয়েই সে পৃষ্ঠা দুটো স্ট্যাপলার করল। তারপর আরও একটা লেখা গুলোতে চোখ ভুলিয়ে তার মনে হলো, সেদিন পায়রাটা ছেড়ে দেওয়ার জন্য তার এখানে হলেও একবার সরি বলা উচিত।

মুহূর্তেই আরসালানের মুখটা কুচকে গেল বাজেভাবে। তার মন বিদ্রোহ করে বলে উঠল, ‘সরি? কীসের সরি? ওই একটা ঘটনার পরেই তো সে মেয়েটার প্রতি ফেল করল। তা না হলে একজন ম্যাজিস্ট্রেট হয়ে ওরকম এতটুকু মেয়ের প্রেমে কেউ পড়ে? সে পড়েছে। আর পড়েছে বিদায় তার প্রেমে পড়ার ওই মুহূর্তটাকে সে বড্ড সম্মান করে। এর জন্য সরি বলার প্রশ্নই আসে না।’

সে চিঠিটা ওভাবেই ভাঁজ করে বেডসাইড টেবিলের উপরে রেখে দিল। সময় নিয়ে প্রগাঢ় দৃষ্টিতে ঘুমন্ত স্ত্রীর মুখটা দেখতে থাকল। সে অনুভব করল, মেয়েটাকে রাতে কাঁদতে দেখে তার যতটা যন্ত্রণা হচ্ছিল, তা এখন অনেকটাই কমে এসেছে। সে এগিয়ে গিয়ে বিছানার উপর এক হাঁটু গেড়ে বধূর ছোট্ট ললাটে একটা উষ্ণ ছোঁয়া এঁকে দিতেই তার মনটা দ্বিগুণ ভালো হয়ে গেল।

চনমনে পায়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেই রেডি হতে শুরু করল। আকাশে তখন প্রভাতের সূর্যকিরণ উঁকি দিচ্ছে। তাকে আজকে একটু আগেই বের হতে হবে। সিভিলিয়ান পোশাকে। একটা খাদ্য ফ্যাক্টরিতে রেইড দিবে আজকে।

—

তুতুলের যখন ঘুম ভাঙল, তখন প্রায় আটটা বেজে গিয়েছে। রাতে কান্না করতে করতে কখন ঘুমিয়েছে তার মনে নেই। প্রচণ্ড ভার মস্তকটা নিয়ে মেয়েটা উঠে বসে কতক্ষণ এদিক-সেদিক চাইল। ফাঁকা রুম দেখে তার তেমন ভাবাবেগ হলো না। স্বামী নামক প্রাণীটার উপর তার এখন ভয়াবহ রকমের জেদ। ওই লোক শুধু রুমে কেন, পুরো বাড়িতে না থাকলেও তার কিচ্ছু যায় আসে না।

সে তার রাতের তিতকুটে অনুভূতি নিয়েই পা টেনেটুনে ওয়াশরুমে গিয়ে হাত-মুখ ধুয়ে আসল। তার ধারণা সত্যি হয়নি গতকাল। আরসালান তাকে ওভাবে কাছে টানেনি। তবে চিপকে ছিল সারারাত। যতক্ষণ জেগে ছিল ততক্ষণ দেখেছে, এরপরেরটা অবশ্য বলতে পারবে না।

এই লোক নিয়ে তার অনুভূতি বড় ছন্নছাড়া আপাতত। অবশ্যই লোকটার খারাপ দিকটা তুতুলের গলা জড়িয়ে ধরেছে আচ্ছা করে। এরা তুতুলের ভেতরে ঠুসে ঠুসে বিষাক্ততা ঢোকাচ্ছে।

তুতুল ফ্রেশ হয়ে বিছানায় এসে বসল ফের। ঝিম ধরে বসে রইল কতক্ষণ। চোখ-মুখ অন্ধকার করে মায়ের কাছে ফোন দিল। শেষবারের মতো বলল,
“আমার শাশুড়ির সাথে কথা বলো। আজকে আমি বাড়িতে যাবই যাব। তুমি নইলে সায়েম ভাইয়া এসে নিয়ে যাও। আজ না গেলে কোনোদিন ও বাড়ির মুখো হব না।”

ওপাশ হতে ভদ্রমহিলা অসহায় হয়ে জানালেন, তিনি কথা বলবেন। আর তার বড় মেয়ের জামাইকেই পাঠাবেন।

এরপর তুতুল আলগোছে কল কেটে দিল। আরও কিছুক্ষণ থম মেরে সেভাবেই বসে রইল। আজ সকালের ব্রেকফাস্ট করতে যাওয়ারও তেমন কোনো তাড়া দেখা গেল না তার মধ্যে। এমনকি পাশের বেডসাইড টেবিলের উপরের বড় দুটো পৃষ্ঠাও ওর অন্যমনস্ক দৃষ্টি আকর্ষণ করতে পারল না।

—

আরসালান আজ বাড়ি ফিরল ঠিক সাতটা নাগাদ। আজ বড় অস্থির হয়ে বাড়িতে প্রবেশ করল সে। যথাযথ সে সবসময় আটটার পর বাড়িতে ফিরে। আজকে একটু তাড়াতাড়ি ফিরতে দেখে আয়েশা খন্দকার অবাক হলেন বেশ। চোখ-মুখ গুটিয়ে জিজ্ঞেস করলেন,
“আজ তাড়াতাড়ি ফিরে এলে? শরীর ভালো তো?”
“ভালো। আজ দুটো কারখানায় রেইড দেওয়ার ছিল। কাজ শেষ তাই চলে এসেছি।”
“হুম। সকালে বোধহয় তাই দ্রুত চলে গিয়েছে! দুপুর বারোটার সংবাদে আমি আর বৌমা তোমার নিউজ দেখলাম।” পাশ থেকে সৈয়দ রফিকউল্লাহ বলে উঠলেন।

আরসালান বাবার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে সায় জানাল। আশেপাশে দৃষ্টি ভুলিয়ে জিজ্ঞেস করল,
“ও কোথায়?”
“কে, বৌমা?” তিনি অবুঝ স্বরে জিজ্ঞেস করতেই আরসালান ভ্রু কুঁচকে ফেলল।
আয়েশা খন্দকার স্বামীর রসিকতা ছেড়ে নিজ উদ্যোগে ছেলের উদ্দেশ্যে সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করলেন,
“তুমি জানতে আজ তুতুলদের বাড়ি থেকে কারো আসার কথা?”

হুট করেই আরসালানের মাথাটা গরম হয়ে গেল। আসার কথা মানে? এতো কষ্ট করে দুই পৃষ্ঠার লম্বা চিঠি দেওয়ার পরও কি মেয়েটা চলে গিয়েছে? তার কণ্ঠটা অস্বাভাবিক রকমের ঠান্ডা হয়ে উঠল। জিজ্ঞেস করল,
“কেন?”
“না মানে, ওঁকে নিতে এসেছ…”

ব্যাস, আর এক মুহূর্তও দাঁড়াল না আরসালান। উপরে উঠে গেল নিজের রুমের উদ্দেশ্যে। গিয়ে দেখল পুরো রুম ফাঁকা। মেয়েটা কোথাও নেই। তার চিঠিটাও নেই। তার মানে, চিঠিটা পেয়েও মেয়েটা চলে গিয়েছে!

তার পুরুষালি শক্ত চোয়ালটা কটমট করে উঠল। ঠিক যেভাবে রুমে এসেছিল, ওভাবেই রুম থেকে বেরিয়ে গেল সে। পরপর সদর দরজার দিকে কদম বাড়াতে যাবে, আয়েশা খন্দকার অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
“এইমাত্রই তো ফিরলে, আবার কোথায় যাচ্ছ?”
“তুতুলদের বাড়িতে।”
আরসালানের গম্ভীর স্বর। আয়েশা খন্দকার সরু চোখে চাইলেন ছেলের দিকে। পরপর আরেকবার স্বামীর দিকে তাকিয়ে ছেলের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন,
“বাহ্! এক সপ্তাহ না পেরোতেই বউয়ের জন্য এতো ভালোবাসা?”

আরসালান তার গুমোট মুখশ্রী নিয়েই মায়ের মুখোমুখি হলো পুরোপুরি। গমগমে ভরাট স্বরে প্রত্যুত্তর করল,
“বিয়ে এক সপ্তাহ হলেও, ভালোবাসাটা এক সপ্তাহের না, মা। তুমি তো তা জানোই, বলো?”

আয়েশা খন্দকারের চোখ-মুখ অন্ধকার হয়ে উঠল মুহূর্তেই। হ্যাঁ, সে জানে। জানে বলেই মুখ বুজে মেনে নিয়েছে সব। কম চেষ্টা তো আর করেনি ছেলের মন ঘোরানোর জন্য!

চোখের সামনে ছেলেকে ফের বাইরের দিকে কদম বাড়াতে দেখে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন,
“পুরো কথা শুনে তো যাবে? ও কোথাও যায়নি।”

আরসালানের চলন্ত কদম যোগল থেমে গেল সহসাই। দাপাদাপি করতে থাকা মস্তিষ্কটা নিশ্চল হলো কিছুক্ষণের জন্য। শান্ত, শাণিত স্বরে মায়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করল,
“ও বাড়ি যায়নি?”
“না, যায়নি। ওর দুলাভাই এসেছিল নিয়ে যেতে। ফিরিয়ে দিয়েছে।”
“কোথায় এখন তাহলে?”
“সেটা আমি কী করে বলব বলো!”

আরসালান সময় ব্যয় করল না আর। একেকটা ভারী কদমে আবারও উপরে উঠে এল। একে একে প্রতিটা রুমের কানা-কানা ঝাড় দিতে দিতে শেষমেশ আহিয়াকে জিজ্ঞেস করল,
“তোর ভাবি কোথায়?”
আহিয়া আঙুলের ইশারায় উপরের দিকে দেখিয়ে দিল। আরসালানের বুঝতে একটুও সময় লাগল না। তার ঘেমে-নেয়ে একাকার বলিষ্ঠ দেহটাকেই টেনে নিয়ে গেল সিঁড়ি বেয়ে।

ছাদের নাতিশীতোষ্ণ বাতাবরণের চেয়েও একটা শাড়ি পরা নারী-অবয়ব তার দেহজুড়ে পবনের মলয় বাতাস ছড়িয়ে দিল। ফোঁসফোঁস করে শ্বাস ঝাড়তে ঝাড়তে নারীটির দিকে এগিয়ে গেল আরসালান।

কয়েকটা ভারী কদমের শব্দে পিছু ঘুরে চাইল তুতুল। তার মুখশ্রী যথাযথ ঠান্ডা। আরসালানের একেকটা ভারী নিঃশ্বাস পড়তে দেখেও তার চেহারার কোনো পরিবর্তন হলো না।

আরসালান নিজেই মেয়েটার মুখোমুখি গিয়ে দাঁড়াল বলিষ্ঠ দেহ ঝুঁকিয়ে। দূরত্ব কমিয়ে মেয়েটার জমে থাকা অস্তিত্বটাকে দুহাতের বেষ্টনীতে আটকাল দুপাশের রেলিং আঁকড়ে ধরে,
“এই সন্ধ্যায় একা একা ছাদে এসেছ কেন?”
তুতুল কিছুক্ষণ জড়বস্তুর ন্যায় নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল সম্মুখের মানবের দিকে। ছাদের একপাশের লাইটের ম্রিয়মাণ হলদেটে আলোয় সেই দৃষ্টিতে এক ভ্রু উঁচাল আরসালান। ফের জিজ্ঞেস করল,
“কেন?”
এ যাত্রায় তুতুল মুখ ঘুরিয়ে নিল অপরপাশে। দুকাঁধ উঁচিয়ে নির্লিপ্তে আওড়াল,
“এমনিই!”
আরসালান বুঝদারের ন্যায় মাথা নাড়াল মৃদু। ফের জিজ্ঞেস করল,
“শাড়িও পরেছ…”
“এমনিই!”

এ যাত্রায় আরসালানের শক্তপোক্ত হাতটা রেলিং ছেড়ে উঠে এল। দুআঙুলের দৃঢ়তায় মেয়েটার দুগাল চেপে মুখোমুখি করল নিজের,
“তোমার ওই ভাইকেও ফিরিয়ে দিয়েছ…”
“এমনিইই… উফফফফ!”

নরম ওষ্ঠপুটে আরসালানের দুআঙুলের টোকায় ব্যথাতুর শব্দ করে উঠল মেয়েটা। রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আরসালান ফের জিজ্ঞেস করল,
“চিঠি কোথায়?”
তুতুল ফোঁসফোঁস করা দৃষ্টিতে চাইল। তেড়েব্যাঁকা চোখে। ব্যাগ্র কণ্ঠে জানাল,
“জানি না।”
“আরেকটা দিব?”
“ইচ্ছে হলে দিন!”

আরসালান তা ভুলেও করল না। মেয়েটার মুখ উঁচিয়ে নরম কণ্ঠে শুধাল,
“পড়েছ?”
“কী চিঠি?”
আরসালান মাথা নাড়াল বধূর তেড়েব্যাঁকা স্বরের পাছে। তা দেখে তুতুল বাঁকা চোখে বলে উঠল,
“ওটা চিঠি? আমার তো রচনা মনে হলো।”

আরসালানের অধরযুগল চওড়া হয়ে এল। হাসি সংবরণ করে সম্মতি জানাল বেচারা,
“হ্যাঁ, রচনাই। পড়েছ?”
তুতুল আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। ‘পড়েছে’ মানে? কতবার পড়েছে এটা জিজ্ঞেস করুক কেউ তাকে!

সকালে তার মায়ের সাথে কথা বলার পর টেবিলের উপরে ওটা পেয়ে সে জাস্ট থম মেরে বসেছিল আধা ঘণ্টা। এটা আদৌ বিশ্বাসযোগ্য কিছু! এটা কি তাহলে কোনো পারিবারিক বিয়ে হলো? এটা তো এই লোকটার ষড়যন্ত্র! আর সে কত কষ্ট পেল!

মেয়েটা তার ক্ষোভ ঝাড়ল একটু,
“আপনি আমাকে ষড়যন্ত্র করে বিয়ে করেছেন, মিস্টার শাহাদ আরসালান!”
“ওই লম্বা রচনা পড়ে তোমার জাস্ট এটাই মনে হলো?” নির্লিপ্ততা তার কণ্ঠে ভরপুর। অর্থাৎ এ তেমন আহামরি কিছুই নয়। তুতুল চোখ-মুখ কুচকে ফেলল আরও,
“না, আরও অনেক কিছুই মনে হয়েছে। আপনি আমার পায়রাটা কেন ছেড়ে দিয়েছিলেন? আপনি জানেন ওটা সায়েম ভাইয়াকে দিয়ে জোর করিয়ে কিনিয়েছিলাম আমি!”
“নাহ, ছেড়ে দিয়ে মন্দ করিনি তাহলে!” বিড়বিড় করল আরসালান। তা দেখে তুতুল জিজ্ঞেস করল,
“বিড়বিড়িয়ে কী বলছেন? আর চিঠিতে কী লিখেছেন আপনি? আমার দুলাভাইকে আপনার ডিজগাস্টিং লাগে?”
আরসালান দ্বিমত করল না এতে। জানাল,
“হ্যাঁ, লাগে।”
তুতুল চোখ পাকাল,
“উনি আপনার কোন পাকা ধানে মই দিয়েছে শুনি?”
আরসালানের চোখ-মুখ কুচকে এল কিছু অসহ্যকর স্মৃতিতে। জানাল,
“তোমার এই ভাই টিচার না? এক্সাম টাইমে দেখছিলাম তো তোমাকে কীভাবে সান্ত্বনা দিচ্ছিল। আই জাস্ট হেইট ইট।”
তুতুলের চোয়াল ঝুলে এল,
“আপনি কি হিংসুটে!”
আরসালান এতেও দ্বিমত করল না। স্বদাপটে স্বীকার করল,
“ইয়েস, আ’ম।” ফের জিজ্ঞেস করল,
“এবার বলো আর কী বুঝেছ?”
“বুঝেছি, আপনার আমার কাছে অবশ্যই অবশ্যই ক্ষমা চাওয়া উচিত ওই গর্হিত কাজের জন্য। তবে চাইতে হবে না, আমিও সেদিন সেই অদেখা ম্যাজিস্ট্রেটকে কয়েকশো গালি দিয়ে দিয়েছিলাম মনে মনে। সো, কাটাকাটি সব।”

এ যাত্রায় আরসালানের হো হো হাসি পুরো ছাদে ঝংকার তুলল। গম্ভীরমুখো মানুষের ওমন ভয়ানক হাসিতে তুতুল থম মেরে রইল পুরো। আরসালান নিজ উদ্যোগে বলতে শুরু করল,
“তুমি চাইলেও কখনো বলব না, মাই ডিয়ার পায়রা। তোমার প্রেমে পড়ার সেই মুহূর্তটা আমার কাছে খুব প্রেশিয়াস। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে এক ষোড়শীর প্রেমে পড়া গর্বের না হলেও আমি একদমই লজ্জিত নই। সত্যি! এবার বলো আর কী বুঝেছ?”
“আর কী বুঝব?”

আরসালানের ভ্রুযুগল কুঁচকে এসেছে নাখোশিতে। মেয়েটা সব দেখল, শুধু তার ভালোবাসাটা দেখল না! তার নাসারন্ধ্র বেয়ে উষ্ণ নিঃশ্বাস নির্গত হতেই তার হাতটা ফের মেয়েটার চিবুক ছুল। দৃষ্টিতে দৃষ্টি তাক করে ধীর স্বরে আওড়াল,
“গুনে গুনে দুই বছর চার মাসের ভালোবাসা উল্লেখ্য করা আমার, ওটাই তোমার বুঝে আসছে না? আর কীভাবে বোঝাব? সে রাতের ট্রিক্স অ্যাপ্লাই করব?”

হুট করেই তুতুলের দৃষ্টি ছন্নছাড়া হয়ে এল। পেলব দুগাল উষ্ণ হয়ে উঠল মেয়েটার। তড়িঘড়ি নিজের চিকন দুহাতে আরসালানকে দূরে ঠেলে সরাতে চেয়ে বলে উঠল,
“একদম না। আপনার ভালোবাসা বোঝানোর আগে সরি বলুন আমাকে। গত এক সপ্তাহ কত কষ্ট পেয়েছি জানেন?”

মেয়েটার কথার রেলগাড়ি শুরু হয়ে গেল। সব অভিযোগ একসাথে উগলে দিতে শুরু করল সে,
“আমি ভেবেছি, গ্রামের মেয়ে দেখে আমাকে আপনার পছন্দ হয়নি। এই যে, এ গালে দুটো পিম্পল দেখেছেন? ভেবেছি এগুলোর জন্য আপনার আরও আমাকে পছন্দ হয়নি। কতটা হীনম্মন্যতায় ভুগেছি…”

আরসালান মেয়েটাকে শেষ করার সময় দিল না। ভ্রুজোড়া কুঁচকে রেখেই মেয়েটার ছুটন্ত চিবুকটা এপাশ-ওপাশ ঘোরাতে ঘোরাতে তুতুলের উল্লেখিত ঠিক সেই দুটো পিম্পলে নির্দ্বিধায় দুটো চুমু খেয়ে নিজের মতো করে জিজ্ঞেস করল,
“এগুলোর কথা বলছ?”

তুতুল আশ্চর্য হয়ে দুহাত ঝেড়ে ঝেড়ে আরসালানকে দূরে সরিয়ে দিতে চাইল,
“হুশ, হুশ। সরুন। সরুন। একদম চুমু-টুমু খাবেন না। আপনার প্রতি একটুও রাগ কমেনি আমার। দূরে সরুন বলছি!”

আরসালান একদমই বাধ্য ছেলে না। কখনোই ছিল না। হলে সে আজ আর্মিতে থাকত না। সে তুতুলকে অবাক করে দিয়ে নিজেদের মধ্যকার সুতো-পরিমাণ দূরত্বও মিটিয়ে নিল অনায়াসে,
“বউয়ের রাগ ভাঙাতে হয় কাছে এসে, আমার পায়রা। দূরে গিয়ে নয়।”

তুতুল ঘোর বিরোধিতা করে উঠল সেই ডাকের,
“কীসের পায়রা! আমি কারো কিচ্ছু নই।”
“তুমি ব্যতীত এ কথা যে বলবে, তাকে আমি সৈয়দ শাহাদ আরসালান, আ সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অ্যান্ড ইউএনও পক্ষ থেকে আয়না ঘরে পাঠিয়ে দেওয়া হবে।”

তুতুল সরু চোখে চাইল এবার। জিজ্ঞেস করল,
“আমি বললে?”
আরসালানের গম্ভীর চোখ দুটো নির্লজ্জের মতো হেসে উঠল এবার। শব্দহীন হাসি। আওড়াল,
“ইউ উইল হ্যাভ আ বেডরুম পানিশমেন্ট, মাই সুইটহার্ট পায়রা। জাস্ট লাভ মি, দ্য ওয়ে আই ডু, ওকে? প্রচুর রাগ করো, সব ভাঙাব। জাস্ট আমাকে ছেড়ে কোথাও যেতে বলো না হু? তোমার থেকে দূরত্ব একদম বরদাস্ত হবে না আমার। একদম না।”

—সমাপ্ত—

« <
/ 3
> »
ফ্রিতে হাজার হাজার PDF ডাউনলোড করুন।

মোট অনুরোধ: 2