বাক বাকুম পায়রা

বাক বাকুম পায়রা চলমান

পর্ব: ৩
« <
/ 3
> »

বাক বাকুম পায়রা | Bak Bakum Payra
সাঞ্জেনা শাজ


পর্ব: ১

বিয়ের দিন রাতেই আমার স্বামীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল। কিন্তু এরপর এক সপ্তাহ যাবত তিনি আমার কাছ ঘেষছেন না। আমাকে এড়িয়ে যাচ্ছেন এমনটাই মনে হচ্ছে আমার।

বোধকরি, ওনার আমাকে তেমন পছন্দ হয়নি। কারণ ধবধবে সাদা চামড়ার কোনো শহুরে, সুশ্রী রমণী নই আমি। তবে মোটামুটি। ছিমছাম পাতলা গড়নের গোলগাল চেহারা আমার। গালে, কপালে মিলে মোট চারটে পিম্পল আছে। আমার মনে হচ্ছে, উনি রাতে কাছ থেকে এগুলো দেখেই আরও অপছন্দ করছেন আমায়। ভাববেন না আমি খুব পাগল তেনার জন্য।

আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই সম্পন্ন হয়েছে সপ্তাহ খানেক আগে। জুম্মার দিনে। দেখতে আসা একদম তিনদিনের মধ্যেই। এক অটপৌঢ় গ্রামের মেয়ে আমি। তবে মাথায় রাখুন, গ্রামও কিন্তু এখন যথেষ্ট উন্নত।

আমি যখন এইচএসসির প্লাস পয়েন্ট সার্টিফিকেট হাতে নিয়ে অধীর অপেক্ষায় ভার্সিটি ভর্তি হওয়ার স্বপ্ন দেখছিলাম, ঠিক সেই সময়েই শহুরে এক সুট-বুট পরা সাহেবের সাথে বিয়ে দিয়ে দিলেন আম্মু। আমি নিষেধ করেছিলাম। মোবাইলে ছেলের ছবি দেখে বলেছিলাম, ওমন ঠাটবাট ছেলে আমাকে পছন্দ করবে না আম্মু। তাছাড়া, তোমাদের ছেড়ে ওই শহরে কীভাবে থাকব আমি? কেউ আছে সেখানে?

আমার আম্মু মোটেও গ্রাহ্য করেননি সেই কথা। তার যুক্তিগুলো শুনুন, ‘তোর বাবার বয়স হচ্ছে। আর কত বিদেশ পড়ে থাকবে? নোলকের একটা গতি করেছি। এবার তোর করতে পারলেই নিস্তার। চারদিকে সবাই কানাঘুষা শুরু করেছে, তোর নাকি কোনো ছেলের সাথে সম্পর্ক; তাই আমরা তোকে বিয়ে দিচ্ছি না।’

তিনি মিথ্যে বলেননি কিছু। আমার বাবার আসলেই বয়স হয়েছে। একা একা আর কত প্রবাসজীবন কাটাবেন! তবুও আমি বিরক্তিঝরা স্বরে বলেছি,
“ওসব মিথ্যে কথা আম্মু, তুমিও তো জানো বলো! এই কারণেই আমি এই চাচি-জেঠিদের দেখতে পারি না। এরপর কেউ কিছু বললে বলবা, আমি কুমিল্লা ভিক্টোরিয়াতে ভর্তি হব। পড়াশোনা করব। চাকরি করে তোমাকে আর বাবাকে দেখাশোনা করব। তাই বিয়ে দিচ্ছো না।”

তিনি সেটাও শোনেননি। নিজের মতো বলেছেন,
“ছেলে যথেষ্ট শিক্ষিত। তোকেও পড়তে দিবে দেখিস। আমরা কথা বলে নিব আগে। তাছাড়া, দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না!”

অসহায় হয়ে আমি দেখে গিয়েছিলাম সকলের কর্মকাণ্ড। নিয়তি হিসেবে মেনে নিয়েছিলাম সব।

আসলে আমাদের গ্রামে ওমন শহুরে মেয়ে-জামাই পাওয়া কল্পনাতীত। বিদায় আমার আম্মু ওই প্রস্তাব কিছুতেই হাতছাড়া করতে চাননি তার ছোট মেয়ের জন্য। অর্থাৎ, আমি তুতুলের জন্য।

একজন প্রাপ্তবয়স্ক মেয়ে হিসেবে আমিও নিজেকে বুঝিয়েছিলাম। আমার বাবার দুটো কন্যাসন্তান আমরা। ভাই নেই। আমাদের পেছনেই বা কত খরচ করবেন তিনি! তাই ভাগ্যের পেছনে সব ছেড়ে দিয়ে ইস্তেখারা করেছিলাম। সেদিনের ঠিক কথোপকথনের এগারো দিন পরে ঢাকার এক আধুনিক দোতলা বাড়ির ঝকঝকে ড্রয়িংরুমে বসা আমি।

নিয়ম করে বিয়ের তৃতীয় দিন গ্রাম থেকে আম্মু, আপু, দুলাভাই, চাচ্চুরা নিতে এসেছিল আমায়। কিন্তু আমার স্বামী মহাশয় তার তুমুল ব্যস্ততা দেখিয়ে রুখে দিয়েছেন সেই যাওয়া। তিনি বড় গম্ভীর স্বরে নোলক আপুর স্বামীকে জানিয়েছেন,
“এক্সুয়ালি আমার কিছু কাজ আছে। এই মুহূর্তে কোথাও যাওয়া পসিবল হচ্ছে না। এক্সকিউজ মি।”

সামির ভাইয়ের থমথমে মুখটা বেশ লজ্জা দিচ্ছিল আমাকে। সম্পর্কে তিনি আমার স্বামীর বড়। তাই ওনার ওই কাটছাট কথা আত্মসম্মানে লাগারই কথা। সেই থেকে আমার মনে হচ্ছে আমি কোনো জেলখানায় চলে এসেছি। এখানে সবাই খুব মেপে-জুপে কথা বলে। খাবার টেবিলে পিনপতন নীরবতা চলে। অথচ গ্রামে, টেবিল থাকতেও আমরা বিছানায় পাটি বিছিয়ে খেতে বসতাম। দুনিয়ায় যতসব গল্পগুজব আছে সব করতাম।

আমার শ্বশুরমশাই মাঝেসাঝে হেসে-হেসে দুটো কথা বললেও শাশুড়ি বড় গম্ভীর। বোধকরি, তাঁর ছেলে তাঁর বাতিকই পেয়েছে! আমার একটা ননদিনী আছে, সৈয়দ আহিয়া আরশিন। যতটুকু আলাপ হয়েছে তাতে বুঝেছি, তিনি আমার চেয়ে বয়সে বড়। মাস্টার্স করছেন আপাতত।

তিনি বড় আদুরে স্বরে কথা বলেন আমার সাথে। মার্জিত কথার ধরন। আমি চিন্তা করি মাঝেমধ্যে, এই মিষ্টি মুখের মেয়েটাও একদিন আমাদের গ্রামের কুচুটে ননদদের মতো হয়ে যাবে! যেমন, প্রথম ভালো, এরপর সব কালো!

“ভাবি! খেতে আসো। সকলে অপেক্ষা করছে ডাইনিংয়ে।”

আহিয়ার সতর্ক স্বরে ভাবনার ছেদ ঘটল তুতুলের। এতক্ষণ ড্রয়িংরুমের সোফায় বসে গালে হাত ঠেকিয়ে অন্যমনস্ক হয়ে এসব ভাবছিল সে। বিভ্রম থেকে বেরিয়ে আহিয়ার ডাকে ড্রয়িং রুমের দিকে তাকাতেই সকলের দৃষ্টি নিজের দিকে আরোপিত দেখে হকচকাল মেয়েটা। তড়িঘড়ি করে বসা থেকে ওঠে দাঁড়াতে যাবে, শাড়ির কুচিতে পা লেগে কুচি খুলে যেতে নেবে—ঠিক সেই মুহূর্তে মেয়েটা তলপেটের কুচি আঁকড়ে ফের ধপ করে বসে পড়ল আগের জায়গায়।

আহিয়া তড়িঘড়ি করে আড়াল করে ধারালো মেয়েটাকে। চোখ উল্টিয়ে জিজ্ঞেস করল,
“কী করছ? এক্ষুনি সর্বনাশ হয়ে যেত তো!”

তুতুল মুখ কাচুমাচু করল,
“তোমরা সবাই অপেক্ষা করছিলে আমার জন্য? আমি খেয়াল করিনি আসলে।”
“হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আমি আড়াল করে দাঁড়িয়েছি তোমাকে। দ্রুত কুচি ঠিক করো। ভাইয়া বের হবে অফিসের জন্য। দেরি হয়ে যাচ্ছে ব্রেকফাস্টে।”

আহিয়ার ভাইয়ার কথা শুনে তুতুল এক ফাঁকে আবারও উঁকি দিল ড্রয়িং রুমের দিকে। একজোড়া শান্ত, গম্ভীর চোখ তখনও এদিকে তাক করা।

বড়সড় শক্ত ঢোক চেপে কুচিতে হাত চালাল তুতুল। এসব শাড়ি-টারি সে পরতে পারে না। বিয়ের পর সব সময় শাড়ি পরার রেওয়াজ এখন কোথাও আছে বলেন? গ্রাম হলেও মানা যেত। শহরে এসব কে মানে বলুন তো! অথচ, বিয়ের দ্বিতীয় দিনই সে যখন জ্বরে কাবু, তখন তার শাশুড়ি আয়েশা খন্দকার অনুভূতিহীন স্বরে জানিয়েছেন,
“আরসালানের শাড়ি খুব পছন্দ। কেবিনেটে বিয়ের জন্য কেনাকাটা করা শাড়ি আছে বেশ কয়েকটি। পছন্দসই পরে নিও।”

অর্থাৎ, তিনি তার ছেলের পছন্দ জানিয়ে তুতুলকে শাড়ি পরতেই বলেছেন ইনডাইরেক্টলি। সে কথা তুতুল রেগেমেগে তার মাকে জানাতেই তার মা বলেছেন,
“স্বামীর জন্য শাড়ি পরবি—এটা তো সওয়াবের কাজ। এইডাতে কী সমস্যা হইতে পারে তোর!”

“তুমি বুঝতে পারছ না আম্মু! ওনারা ইনডাইরেক্টলি আমাকে তাদের হাতের পুতুল বানিয়ে নিচ্ছে।”
“হ্যাঁ, তুই বুঝিস সব। বিয়ের দুই দিন না পেরোতেই তোর অভিযোগ শুরু হয়েছে। একটা পবিত্র সম্পর্ক নিয়ে এভাবে খামখেয়ালি করিস না। আল্লাহ পাক নারাজ হইব। ওনার যা বলে শোন।”

বিরক্তির স্বরে ওসব বলে তুতুলের মা কল কেটেছিলেন।

কাঁপাকাঁপা কদমে ডাইনিং স্পেসে পৌঁছাল তুতুল। আহিয়া ওঁকে চেয়ার টেনে দিয়ে নিজে পাশের চেয়ারে বসল। বসতে গিয়ে আরেক বিপত্তি বাঁধতে নিয়েছিল। কোনো রকম নিজেকে সামলে চেয়ারে বসতেই তার শ্বশুরমশাই চিন্তিত স্বরে বলে উঠলেন,
“শাড়ি যেহেতু পরতে পারো না, কেন পরেছ মা? তোরা ওর জন্য অন্য কোনো পোশাক কিনিসনি?” শেষের প্রশ্নটা আহিয়ার উদ্দেশ্যে করলেন তিনি। আহিয়া জানাল,
“করেছি তো আব্বু। সবকিছুই তো আছে।”
তিনি ফের পুত্রবধূর দিকে তাকালেন,
“তাহলে এখন থেকে যেটা পরে আরাম পাবে তাই পরো কেমন?”

তুতুল ঠোঁটে ঠোঁট চাপল। একবার আড়চোখে চাইল পাশের বসার দাম্ভিক মানবের দিকে। যে আপাতত একটা নিখুঁত কাট করা আঁটোসাঁটো নেভি ব্লু স্যুট পরে আছে। সকালের শাওয়ার নেওয়া চুলগুলো জেল দিয়ে সেট করা বোধহয়! চওড়া দুবাহু ফুলেফেঁপে উঠেছে। বস্তা একটা! উফফফ, তার হাড়গোড় সব ভেঙে গিয়েছিল সেদিন।

বিয়ের রাতের কথা মনে পড়তেই আকস্মিক দুগাল উষ্ণ হয়ে উঠল তুতুলের। লজ্জা লাগল। আবারও পুরনো রাগটাও মাথাচাড়া দিয়ে উঠল। একদিন বউয়ের কাছে গিয়ে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করার মানে কী? এমন হলে বিয়েই কেন করেছে?

সে সেই রাগ থেকেই দুকাঁধ উঁচিয়ে শ্বশুরের উদ্দেশ্যে মিছে অসহায়তা দেখিয়ে বলল,
“আমিও তো তাই চাই বাবা। এসব শাড়ি-টারি ভালো লাগে না আসলে। কিন্তু কী আর করার…!”

তার অভিনব আফসোসের কায়দা দেখে আয়েশা খন্দকার কপাল গুটিয়ে টেবিলের ওপাশে এসে দাঁড়ালেন। চামচের টুংটাং শব্দ তুলে মুখে খাবার তুলতে থাকা ছেলের দিকে তাকালেন একবার। তারপর তুতুলের দিকে তাকিয়ে বললেন,
“তোমাকে কি কেউ শাড়ি পরতে বাধ্য করেছে! যা একেবারেই পরতে পারো না, তা পরার জন্য তো কেউ জোর করবে না তোমায়।”

তুতুল জড়োসড়ো হয়ে গেল। শ্বশুরের কোমল স্বরে নিজেকে যতটা প্রকাশ করে ফেলেছিল, ঠিক ততটাই গুটিয়ে গেল মেয়েটা। তিনি মেয়েটার জড়োসড়ো ভাব দেখে গুমোট বাতাবরণ কমাতে জিজ্ঞেস করলেন,
“তোমার মায়ের সাথে কথা হয়েছে?”
তুতুল মাথা নাড়িয়ে জবাব দিল,
“জি।”
“তুমি নাকি বাড়ি যেতে কান্নাকাটি করছ? ওনাদের এসে নিয়ে যেতে বলছ?”

ধপ করেই চামচ কাচের প্লেটে পড়ার শব্দে ঝংকার তুলল চারদিকে। আতঙ্কে তুতুল লাফিয়ে উঠল মনে মনে। শব্দের উৎস ধরে পাশে তাকাতেই দেখল তার স্বামী মহাশয় কাটকাট চিবুক নিয়ে তাকিয়ে আছে তার দিকে।

এভাবে খেয়ে ফেলা লুক দিয়ে আছে কেন? কী করেছে সে? বাপের বাড়িতে যাবে না? তো কী বসে বসে তেনার থোবড়াটা দেখবে শুধু, যে তিনি কীভাবে তুচ্ছতাচ্ছিল্য করে অগ্রাহ্য করে তাকে?

সে দৃষ্টি ফিরিয়ে মাথা নত করে শাশুড়িকে জবাব দিল,
“আমি আসলে… খুব মিস করছি আম্মু, আপুকে।”

ভদ্রমহিলা ফের ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
“এক সপ্তাহ হয়েছে বিয়ের। ওকে বাড়িতে পাঠানো উচিত। তুমি কি নিয়ে যাবে?”
“আমার ইন্টারন্যাশনাল সেমিনার আছে একটা। আই হ্যাভ টু বি প্রেজেন্ট দেয়ার।”

ছেলের কথা একদম পছন্দ হলো না সৈয়দ রফিকউল্লাহর। বিয়ের পর থেকেই ছেলের গম্ভীরতা, ব্যস্ততা যেনো দ্বিগুণ বেড়েছে। ক’দিন যাবত ছেলেকে গভীর রাত পর্যন্ত স্টাডি রুমে দেখেন সে। এভাবে একটা মেয়েকে অবহেলা করার মানে কী?

তিনি ছেলের উদ্দেশ্যে কিছু বলবেন, তার আগেই আয়েশা খন্দকার নিজেই নিজের বক্তব্য রাখলেন,
“তাহলে ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিব?”
আরসালানের তুখোড় দৃষ্টিজোড়া তুতুলের উপর ঘুরতে ফিরতে রইল। সেই দৃষ্টির মধ্যেই তুতুল গুনে গুনে তিনবার আড়চোখে চাইতে গিয়ে ধরা পড়েছে। আরে, আশ্চর্য তো!

ঘড়ির কাঁটায় ঠিক আটটা ত্রিশ বাজতেই বাহির থেকে তুহিন এগিয়ে এসে সালাম জানাল। আরসালানের অফিস ব্যাগটা নিয়ে বেরিয়ে যেতেই আরসালান নিজেও উঠে দাঁড়াল চেয়ার ছেড়ে। রাশভারী স্বরে নির্লিপ্তে বলে গেল,
“এজ ইউ উইশ। বাড়ির মধ্যে এসব ছিচকাদুনে ডিসগাস্টিং লাগে।”

শেষের কথাটা অবশ্য খুব ধীর স্বরেই বলে গেল। তবুও তুতুল শুনেছে। তার মনে হলো, তাকে শুনাতেই বলেছে কেবল। আর শুনতেই তার গা-পিত্তি জ্বলে গেল। তার চেঁচিয়ে বলতে ইচ্ছে করল,
“মিস্টার শাহাদ আরসালান, আপনার যদি এতোই বিরক্ত লাগে তাহলে বিয়ে করেছেন কেন? আবার কাপুরুষের মতো প্রথম রাতেই বউয়ের উপর অধিকার ফলিয়ে এখন আর আপনার বউ ভালো লাগে না! এই কারণেই শহরে জাত অপছন্দ আমার। অন্যদের তুচ্ছতাচ্ছিল্য করে নিজেদের মহান ভাবেন বুঝি খুব?”

ফুসে উঠতে থাকা নাসিকা সহ তুতুলের চোখে অশ্রুরা ভিড় জমিয়েছে। দাঁতে দাঁত চেপে ভেতরের দহন হজম করে গেল সে। এমনিতেই বিয়ে নিয়ে ভয়ংকর ফোবিয়া কাজ করত তার। এখন তা পুরোপুরি গ্রাস করে নিচ্ছে তাকে।

চলবে…

পর্ব: ২

বাপের বাড়িতে যাওয়ার কথা থাকলেও আর যাওয়া হয়নি তুতুলের। সারাদিন রুমের এক কোণে মন খারাপ করে বসে ছিল সে। তবে স্বস্তি এতটুকু, শ্বশুরের সম্মতিতে শাড়ি চেঞ্জ করে থ্রি-পিস গায়ে চড়াতে পেরেছে। মনে শান্তি না থাকলেও দেহে অন্তত স্বস্তি মিলেছে মেয়েটার।

« <
/ 3
> »
ফ্রিতে হাজার হাজার PDF ডাউনলোড করুন।