বাক বাকুম পায়রা

বাক বাকুম পায়রা চলমান

পর্ব: ৩
« <
/ 3
> »

বিকেল নাগাদ আহিয়া ভার্সিটি থেকে ফিরে এসে তুতুলের নিঃসঙ্গতা কাটাতে তার কাছে এলো। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করতেই তুতুল জিজ্ঞেস করল,
“ভার্সিটি শেষ? তোমাদের ভার্সিটি কেমন গো!”

সে আবার যাদের আপন ভাবে, তাদের সাথে অতো রাখঢাক রাখতে পারে না। এ বাড়িতে আসার পর আহিয়াকে সে তার বড় বোনের মতোই পেয়েছে। বড় আপন আপন লাগে তার। সারাদিনের নিঃসঙ্গতায় দুটো কথা বলে তো হালকা হওয়া যায় অন্তত!

আহিয়া ওর কথায় মৃদু হেসে মাথা নাড়াল। মেয়েটার সামনে বসতে বসতে জবাব দিল,
“হ্যাঁ, শেষ। আমাদের ভার্সিটি খুব সুন্দর, বুঝলে? তোমাকে ঘুরিয়ে দেখাব একদিন।”

তুতুল মাথা নাড়াল উদাস হয়ে। ওর মন খারাপ দেখে আহিয়া নিজ উদ্যোগে জিজ্ঞেস করল,
“তোমার তো আজকে তোমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল তাই না? আমি তো ভেবেছিলাম বাড়ি ফিরে তোমাকে পাব না।”

এ যাত্রায় তুতুলের মন খারাপ যেন হু হু করে বাড়তে থাকল। চোখ দুটো অন্যমনস্ক হয়ে উঠল,
“ছিল, কিন্তু যেতে পারিনি। বিয়ের পর মেয়েদের জীবনে যে এতো পা-বন্দি চলে আসে!”

ওর কথার পাছে বিরহ স্পষ্ট। আহিয়া বুঝতে পারল না কী বলে সান্ত্বনা দেবে ভাবিকে। তবুও বুঝদারের মতো সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করল,
“ভাইয়া বারণ করে দিয়েছে?”

তুতুলের বিরহবেদনায় ডোবা মনটাতে এবার ক্ষোভ জেগে উঠল ওই স্বামী নামক অ-স্বামীটার কথা উল্লেখ হতে। চিড়বিড়িয়ে উঠল মস্তিষ্কটা। কিছুটা তিতকুটে স্বরে জিজ্ঞেস করল,
“আপু, একটা কথা বলো। তোমার ভাইয়া কি এমন রাজকার্য করে বল তো যে তিনি আমাকে নিয়ে একটু আমাদের যেতে পারবে না?”

ওর বলার ধরনে আহিয়া ঠোঁটে ঠোঁট চেপে হাসি সংবরণ করল। বলল,
“রাজকার্য করে কি না জানি না আসলে। তবে ভাইয়া খুব ব্যস্ত থাকে। ইভেন, মাঝেমধ্যে রাতেও বাড়ি ফিরে না।”

তুতুলের বুকটা ধক করে উঠল তা শুনতেই। রাতেও বাড়ি ফিরে না মানে কী? মেয়ে-গঠিত কোনো কাজ কারবার নেই তো লোকটার! সেদিন রাতেও তো কতো অভিনব কায়দায় তাকে কাছে টেনে নিল!

তার হৃৎস্পন্দনের অস্বাভাবিক কম্পন চোখে-মুখেও ফুটে উঠল। ধোঁকা, প্রতারণা, পরকিয়া—এসবে খুব ভয় পায় সে। খুউউউব।

তুতুলের চেহারার অস্বাভাবিক পরিবর্তন দেখে আহিয়া ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ভাবিকে শান্ত করতে তড়িঘড়ি করে বলে উঠল,
“রিল্যাক্স ভাবি। ভাইয়া ব্যস্ত মানে এই না তুমি কখনোই বাবার বাড়ি যেতে পারবে না। তোমার বেশি খারাপ লাগলে বলো, আব্বুকে বলব সাথে করে নিতে দিয়ে আসতে।”

তুতুল এপাশ-ওপাশ মাথা নাড়াল। নিজের ভেতরের অস্বাভাবিকতা দামাচাপা দিয়ে জানাল,
“উঁহু, তা না। আম্মু বলেছে তার মেয়ে-জামাইকে নিয়েই বাড়িতে যেতে। তা না হলে পাড়া-প্রতিবেশীরা আজেবাজে বকবে।”

“এটা আবার কেমন নিয়ম, আজিব! যাই হোক, তাহলে তুমি বরং ভাইয়ার সাথেই কথা বলো বাড়ি ফিরলে।”

তুতুলের একবার বলতে মন চাইল, ‘তোমার ভাইয়া কি আদৌ কথা বলার মতো মানুষ আপু? ওনাকে তো চব্বিশ ঘণ্টায় চব্বিশটা কথাও বলে না আমার সাথে!’

জিভের ডগায় কথাটা এসে থাকলেও তা ফিরিয়ে নিল তুতুল। চিকন নাসিকা বেয়ে উষ্ণ নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল,
“তোমার ভাই বাড়ি ফিরে কখন তা-ও তো জানি না আপু। রুমেও আসেন না। আচ্ছা? আমাদের বিয়েটা কি কোনোভাবে ওনার অমতে হয়েছে? আই মিন, ধরো, মাথার দিব্যি টিব্যি টাইপ জোর করে করতে বাধ্য করেছে এমন কিছু?”

আহিয়া নিজেকে থামাতে পারল না এবার। হো হো শব্দ করে হেসে উঠল মেয়েটা। একটা সিরিয়াস প্রশ্নও এতো অভিনয় করে কে করে! মেয়েটা আসলেই অন্যরকম। তবে তার বেশ পছন্দ হয়েছে। অথচ তার ভাইয়া কেন যে এমন বিহেভ করছে সে নিজেও বুঝতে পারছে না। তবুও সে তুতুলের উদ্দেশ্যে সান্ত্বনার বাণী আওড়াল কিছু,
“ওরকম কিছু না ভাবি। আই থিংক নিজের ব্যস্ততায় ভাইয়া তোমার দিকে ফোকাসড হতে পারছে না। তাছাড়া ভাইয়া একটু খুঁতখুঁতে স্বভাবের। তৎক্ষণাৎ কোনো কিছু তার মনে জায়গা করে নিতে পারে না। গত ছয় মাসে দু’জন অ্যাসিস্ট্যান্ট বদলিয়েছে সে। শেষমেশ তুহিন ভাইয়া এসে টিকেছে। ভাইয়া সবকিছুতে একটু বাছবাছাই করে আর কি! বাট, তুমি টেনশন করো না, আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে।”

তুতুল নিজের অদেখা মুখ মুচড়ায়। উহ, কী লাটসাহেব রে! তার নাকি খুঁতখুঁতে স্বভাব! তাহলে চিনেনা-জানেনা একটা মেয়েকে হুট করেই ওভাবে কাছে টেনে নিতে পারে কেউ! নির্ঘাত চরিত্রে সমস্যা হবে হয়তো!

—

সন্ধ্যা নাগাদ বাড়িতে কল করল তুতুল। ওপাশ থেকে ওর মা কল রিসিভ করতেই তুতুল নাকে কাঁদা শুরু করল আবার,
“বিয়ে হতে না হতেই পর করে দিয়েছ তোমরা আমাকে। এতবার করে বলছি, তবুও এ জেলখানায় ফেলে রেখেছ। একটু বাড়িতে নিয়ে গেলে কি হয়?”

ওর মা নিজের অধৈর্য মেয়েটার জন্য খুব ধৈর্যসহিত বলল,
“কোথায় পর করে দিলাম? শুধু বলেছি, এতদিন পর আসবি মেয়ে-জামাই সাথে না আসলে বিষয়টা কেমন দেখায় তুই বল? নোলককে দেখিসনি, বিয়ের পর সামিরই তো সব সময় ওঁকে নিয়ে আসা-যাওয়া করে।”

তুতুল ফুসে উঠল এবার,
“সামির ভাইয়া আর উনি এক? বিয়ে যখন দিবে তখন ওরকম দেখেই দিতে তাহলে! এই শহরে এত দূরে, ওমন ঠাটবাট ছেলে দেখে বিয়ে দেওয়ার কী ছিল? দু’আনার মূল্যও দেয় না আমাকে। একটু বসে দুটো কথাও বলে না ভালো করে।”

“উনি কথা বলেন না তো কী হয়েছে, তুই গিয়ে কথা বলবি! আজ বাসায় ফিরলে আবদার করবি তোকে নিয়ে আসতে। দেখবি, তোর কথা আর ফেলতে পারবে না।”

“আম্মুউউউউ! উনি কি কচি খোকা যে আমি যা বলব তাই শুনবে? এ বাড়িতে আসার পর থেকে ওনার উপরে কাউকে দুটো বলতে দেখিনি আমি, আর তুমি বলছ দু’দিনের কোনো আমার কথা শুনবে তিনি!”

রাগে-দুঃখে খট করে কলটা কেটে দিল তুতুল। কেউ তাকে বুঝছে না। ধুর!

কতোগুলো দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে সে নিজেকে দমিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। গায়ের ওড়নাটা ভালোভাবে মাথায় টেনে রুম ছেড়ে বের হয়ে গেল ড্রয়িং রুমের উদ্দেশ্যে।

এ বাড়িতে আসার পর থেকে কোনো কাজে এখন পর্যন্ত হাত দিতে হয়নি তার। তার মানে এই না দিতে হবে না। দেওয়া উচিত। তার স্বামী বউ না মানলেও তার নিজের স্ত্রীর দায়িত্ব পালন করে যাওয়া উচিত। এটাই তো এই সমাজের নিয়ম, তাই না?

—

তুতুল সিঁড়ি বেয়ে নিচে নামতেই শ্বশুরকে দেখল ড্রয়িং রুমের সোফায় বসে আছেন তিনি। সে এগিয়ে গিয়ে সালাম জানাল। ভদ্রলোক হাস্যরস মুখে তার প্রত্যুত্তর করে জিজ্ঞেস করলেন,
“মন ভালো হয়েছে?”
তুতুল মুখে জোরপূর্বক হাসি টেনে মৃদু স্বরে জবাব দিল,
“জি বাবা। আপনার জন্য কী করতে পারি বলুন তো? একটু চা করে আনব?”
“তার দরকার হবে না মা। আহিয়া আর তোমার শাশুড়ি কিচেনে চা করছে। আপাতত তুমি আমার সাথে বসো।”

তুতুল বসল না ওনার প্রস্তাবে। মৃদু হেসে জানাল,
“তাহলে আমি সেখানেই যাই বাবা। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি মায়ের কাছ থেকে।”
ভদ্রলোক হেসে সম্মতি জানালেন। মেয়েটাকে তার ভারী পছন্দ হয়েছে। যদিও তার পুত্রবধূ হিসেবে মেয়েটা বেশ ছোট, তবুও মেয়েটার একটু একটু চঞ্চলতা বেশ লাগছে তার কাছে।

বছর বছর ধরে চাকরির পেছনে ছুটতে ছুটতে মেয়ের বয়সে তার উচ্ছলতা, চঞ্চলতা কিছুই দেখেননি তিনি। এই বছর দুয়েক আগেই আর্মি থেকে রিটায়ার্ড হয়েছেন তিনি। কিন্তু ততদিনে তার দু’সন্তান খোলসে আবৃত করে ফেলেছে নিজেদের। ছেলে তো কথাই বলে গুরগম্ভীর হয়ে। মাঝেমধ্যে তার মনে হয় সে ছেলের বাবা নয়, তার ছেলেই তার বাবা। অপরদিকে মেয়েটাও বড় হয়ে গিয়েছে, ভার্সিটি, ক্লাস, বন্ধুবান্ধব নিয়ে নিজের মতো সারাদিন কাটায়। আবার কিছুটা ভাইয়ের স্বভাবও রপ্ত করেছে।

এতো এতো নীরবতার মধ্যে পুত্রবধূর হুটহাট চঞ্চলতা তার বড় ভালো লাগছে। সময় ফুরিয়ে তার এখন মনে হয়, এক-দুটো নাতি-নাতনি থাকলে মন্দ হতো না তার। তাদের সাথে হেসেখেলে অবসর সময়টা কাটানো যেত। অথচ ছেলেকে বলতে বলতে বিয়েই করল সেদিন। আবার এতটুকু একটা মেয়েকে। যার ভবিষ্যৎ পুরোটাই সামনে পড়ে। তাদের বাড়ি আলোকিত করার জন্য তারা নিশ্চয়ই এই মনস্কামনা রাখতে পারে না! যেখানে নিজের মেয়েকেই এখনো পড়াচ্ছেন তারা।

—

“আম্মু, ভাইয়া কেন যেতে চাচ্ছে না ভাবিদের বাসায়? ভাবির কিন্তু এ নিয়ে খুব মন খারাপ। অতটুকু মিষ্টি মেয়েটার এই মন খারাপ একটুও ভালো লাগছে না আমার।” কিচেনে মায়ের পাশে দাঁড়িয়ে আপেল চিবুতে চিবুতে জিজ্ঞেস করল আহিয়া।

আয়েশা খন্দকার মেয়ের কথার পাছে কপালে ভাঁজ ফেললেন দৃঢ় করে। বললেন,
“তোর ভাইকে চিনিস না? ওসব গ্রামে-ট্রামে গিয়েছে কখনো? পরিবেশ পছন্দ হয়নি তাই বোধহয় যেতে চাচ্ছে না। কতো সখ করেছিলাম মোহরকে বৌমা করে আনব…”

ভেতরের আক্ষেপ ঝেড়ে তিনি ফের নিজের হাতের ব্যস্ততা বাড়ালেন। চুলার এক পাশে চা বসানো, আরেক পাশে রোল ভাজছেন। এ বাড়ির যাবতীয় কাজ একটা মেয়ে এসে প্রতিদিন করে গেলেও রান্নার কাজটা তাকেই দেখতে হয় সব সময়। দুই বাবা-ছেলের অন্যের হাতের রান্না হজম হয় না তেমন। তাই নিজেকেই রান্নার দিকটা সামলাতে হয় তার।

কিচেনের দরজার কাছটায় দাঁড়িয়ে সব শুনল তুতুল। মেয়েটার পা দুটো জমিনে আটকে রয়েছে। হাত-পা ঘেমে উঠেছে। শাশুড়ির মুখে নিজেদের গ্রামের পরিবেশ নিয়ে এতটা অবজ্ঞা তার কণ্ঠ রোধ করে দিল। ‘মোহর’ নামক শব্দটাও মস্তিষ্কজুড়ে বিচরণ করতে রইল অনবরত।

এতদিনে বুঝতে পারল শাশুড়ির শীতল আচরণের হেতু। সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। ফিরে গেল নিজের রুমে। তার বারবার মনে হতে থাকল, সবার সবকিছু এতই যেহেতু অপছন্দ, তাহলে তাকে কেন বউ করে নিয়ে আসল? সে ইচ্ছে করে তো আসেনি, তাই না?

দুই গালের গড়িয়ে পড়া অশ্রু মুছতে মুছতে তুতুল ঠিক করল, আজ যেকোনো মূল্যে লোকটার সাথে কথা বলবে সে। এভাবে হেয় প্রতিপন্ন করার মানে কী?

—

আরসালান বাড়ি ফিরল নয়টা নাগাদ। সে ভারী কদমে রুমে প্রবেশ করতেই তুতুল নড়েচড়ে বসল বিছানার উপর। আজকে মুখটা যথাসাধ্য গম্ভীর করে রাখার চেষ্টা করেছে মেয়েটা। সাহস সঞ্চয় করেছে মনে মনে। তার প্রশ্নের জবাব চাই-ই চাই। হ্যাঁ।

সে তার গম্ভীর মুখখানা আরেকদিকে ফিরিয়ে রাখলেও আড়চোখে দেখে গেল আরসালানের একে একে খুলে রাখা ঘড়ি, টাই, মানিব্যাগ, মোবাইল সব। তারপর লোকটাকে শার্টের বোতামে হাত চালাতে দেখে চোখ সরিয়ে নিতে চাইল সে। কিন্তু নিল না। অনাগ্রহী হয়ে সেটাও দেখল। তার হুট করেই মনে হলো, তার স্বামী কোন সেক্টরে জব করে সে জানে না। সরকারি চাকরি, তা জানে। কিন্তু কী সেটা জানে না। উনিও কি তার শ্বশুরমশাইয়ের মতো আর্মি?

কথা মস্তিষ্কে বিচরণ করতেই মনে মনে নিজের মাথায় গাট্টা মারল তুতুল। আর্মি হলে প্রতিদিন অফিস যেত! গর্দভ কোথাকার!

আরসালান একদৃষ্টিতে দেখে গেল বউয়ের গম্ভীর মুখখানা। কপালের চিকন ভাঁজ। চোখের নিচের ফোলা ভাব। আরক্তিম কপোল।
“আবার কেঁদেছ কেন? তোমাকে কি এখানে সবাই খুব যন্ত্রণায় রেখেছে?”

আরসালানের রাশভারী স্বরটা রুমজুড়ে প্রতিধ্বনিত হতেই তুতুল হকচকাল। তার ভেতরের সাহসগুলো হাওয়া মিলিয়ে যেতে শুরু করল। লোকটা কীভাবে বুঝল সে কেঁদেছে? নিশ্চয়ই চোখ-মুখ ফুলে বিশ্রী দেখা যাচ্ছে!

সে নিজেকে আরেকটু গুটিয়ে নিল বিছানার উপর। মনে মনে আওড়াল, থাক, তা-ও ভালো; লাটসাহেবের তার দিকে নজর পড়েছে অন্তত!

তবুও অভিমান, রাগ কমল না। মেয়েটা অপরদিকে গ্রীবাদেশ বাঁকিয়ে নিল। কণ্ঠ যথাযথ শক্ত করে জবাব ছুড়ল,
“আমি কাঁদলেই কি আর না কাঁদলেই কি! কেউ আছে নাকি এখানে তা দেখার!”

মেয়েটার কণ্ঠজুড়ে অভিমান। আরসালান হাতের কাজ থামিয়ে মেয়েটার দিকে পরিপূর্ণ দৃষ্টি ছুড়ে এক ভ্রু উঁচাল। ধীরস্থির কণ্ঠে জিজ্ঞেস করল,
“কেউ দেখার নেই?”
“নাহ।”
তুতুলের তৎক্ষণাৎ ফিরতি জবাব। আরসালান আমলে নিল না ওই তিরিক্ষি স্বর। কেবল আওড়াল,
“ওহ্…”

তুতুল আড়চোখে লোকটার নির্লিপ্ত অভিব্যক্তি দেখল। দেখেই তার মন খারাপ হু হু করে বাড়তে থাকল আরও। কত্তো অবহেলা করে, একবার সহানুভূতি দেখিয়ে তো কিছু বলতে পারত! আর বলবেই বা কেন? ভালোবাসা নেই তো, থাকলে এ-না বলবে!

সে ওই নির্লিপ্ত অভিব্যক্তির বিপরীতে কণ্ঠে উষ্মা নিয়ে বলল,
“আমি আমাদের বাড়িতে যাব।”
আরসালান মাথা নাড়াল মৃদু।
“হু, তারপর?”
“আপনি নিয়ে যাবেন আমাকে। এটাই নিয়ম। এবার আপনার যতই অপছন্দ হোক না কেন আমাদের পরিবেশ। একবার বিয়ে যেহেতু করেছেন, এতটুকু বোঝা কাঁধে নিতেই হবে।”

আরসালানের ভ্রুজোড়া কুঁচকে এল এবার। অপ্রতিভ কায়দায়। প্রশ্ন ছুড়ল,
“পরিবেশ অপছন্দ কে বলেছে তোমাকে?”
“বলতে হবে কেন? মানুষের আচরণ দেখলেই বোঝা যায় সব।” বলেই তুতুল ফের মুখ ঘুরিয়ে নিল।

আরসালান মেয়েটার দিকে কিয়ৎক্ষণ চুপ করেই চেয়ে রইল। তারপর ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। তুতুল বিস্ফোরিত দৃষ্টিতে চাইল বন্ধ দরজার পানে। এটা কি তার উপর মেজাজ দেখিয়ে করল লোকটা!

তুতুল ফোঁসফোঁস করতে থাকল সেই চরম দুর্ব্যবহারে। বিছানায় গাট হয়ে শুয়ে পড়ল বুকে একটা বালিশ টেনে। আরসালান ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে ফিরে আসলেও ঘুরে তাকাল না মেয়েটা। আড়চোখেও না। বড় ইগোতে লেগেছে তার। এই লোকটা কী ভেবেছে নিজেকে? উনি রাজা আর সে তার প্রজা?

মেয়েটা অপেক্ষায় বসে রইল আরসালান কখন রুম থেকে বেরিয়ে যাবে তার। এমনটাই তো করে আসছে লোকটা। এরপর রাতে আর টিকিটাও খুঁজে পাওয়া যায় না তার।

সে সব সময় দরজার লক খুলেই ঘুমাত রুমে, কিন্তু এই মুহূর্তে শুয়ে মনে মনে ঠিক করল, আজ রুম থেকে বের হলেই দরজা লক করে দিবে সে। সকালেও ঢুকতে দিবে না। নিজের বাড়ি থেকেই বদ লোকটাকে বয়কট করে দিবে সে।

তবে তুতুলের ভাবনার মতো তেমন কিছু আজ হলো না। ওর পরিকল্পনাকে শতভাগ সম্পূর্ণ হতে গিয়েও আরসালান দরজা থেকে ফিরে এল আজ। তাও একেবারে দরজা লক করে। অর্থাৎ, সে আজ কোথাও যাচ্ছে না। পরপর রুমের পাওয়ার লাইট অফ, নিয়ন বাতি জ্বালিয়ে দিল সে।

তুতুলের ভেতরটা হুট করেই বেসেইন হয়ে পড়ল। প্রস্তরখণ্ডের ন্যায় জমে আসতে চাইল অস্তিত্ব। আরসালানকে বিছানার দিকে কদম বাড়াতে অনুভব হতেই তার বিয়ের রাতের কথা মনে পড়ে গেল। শক্ত গাট হয়ে শুয়ে রইল মেয়েটা।

আজ কিছুতেই সম্মতি দিবে না সে। গত এক সপ্তাহের দুর্ব্যবহারে তো ভুলেও না। তাকে কীভাবে এড়িয়ে এড়িয়ে চলেছে। এখন সে চাইলেই নিজেকে বিলিয়ে দিবে না—কি তুতুল? কক্ষনো না।

রাগে-দুঃখে বিছানার আরেক প্রান্ত থেকেই ফুঁসফুঁস করে ফুঁপিয়ে উঠল তুতুল। বিছানার অপর পাশে ভারী কোনো অস্তিত্বের জায়গা জুড়ে নিতেই একটা শীতল বলিষ্ঠ হাত তার কোমর ছুঁয়ে পেলব উদর আঁকড়ে ধরল।

বরফশীতল হাতের ছোঁয়াতেই তুতুল নিঃশ্বাস আটকে তা ঝটকায় সরিয়ে দিল দেহ থেকে। উঠে বসল তৎক্ষণাৎ। কিন্তু একটা বলিষ্ঠ পুরুষালি দেহের শক্তির সাথে পেরে উঠল না মেয়েটা। তার সরু কব্জিটা খপ করে ধরেই লোকটা কাছে টেনে নিল তাকে। মাথাটা লোকটার শক্তপোক্ত উন্মুক্ত বাহুতে ঠেকতেই তুতুল ফুঁপিয়ে উঠল অসহায়ের ন্যায়। জেদ দেখাল,
“বাড়ি যাব আমি।”

আরসালান মেয়েটার ছটফটে দেহটা আরেকটু মিশিয়ে নিল নিজের কাছে। ঝুম নীরবতা ছাপিয়ে তার ফিসফিসে পুরুষালি কণ্ঠটা ভেসে উঠল আরও গভীর হয়ে,
“অনেক থেকেছ বাবার বাড়ি, এবার শ্বশুরবাড়িতে স্বামীর কাছে থাকো।”

তুতুল মোটেও মানল না ওসব। নাছোড়বান্দা স্বর তার,
“থাকব না। ছাড়ুন আমাকে। সারাদিন অবহেলা, অবজ্ঞা করে রাত হলে আপনাদের মতো পুরুষদের বউয়ের কথা মনে পড়ে কেবল!”

তুতুলের কণ্ঠে কোনো রাখঢাক নেই। মাথায় জেদ চেপে বসলে তার মুখ দিয়ে মধু বের হয় না। যা মুখে আসে তা-ই বলে। তেড়েব্যাঁকা হয় সব। সে আরও কিছু বলতে যাবে, তার আগেই আরসালান ওই চলন্ত ওষ্ঠপুট দুটো চেপে ধরল হাতে,
“এই ছোট্ট ঠোঁট দুটো দিয়ে এতো তেতো কথা কীভাবে বের করো?”

এ যাত্রায় তুতুলের চেঁচিয়ে উঠল চাপা স্বরে,
“আপনার থেকে ভালোই আছি। আপনার মতো হাত তো অন্তত চালাই না যেখানে সেখানে।”

আরসালানের পুরুষ্ঠ অধর দুটো অনায়াসে বেঁকে এল মেয়েটার তেড়েব্যাঁকা স্বরে। ঠোঁট দুটো মেয়েটার কানের কাছে চেপে ধরল অভিনব কায়দায়। ফের মুহূর্তেই চাপা স্বরে হিসহিসিয়ে উঠল লোকটা,
“বড্ড বেশি বকরবকর করো তুমি। ঠিক যেনো একটা বকবকুম পায়রা।”

পর্ব: ৩

“ডিয়ার পায়রা,

« <
/ 3
> »
ফ্রিতে হাজার হাজার PDF ডাউনলোড করুন।