লুবনা মির্জা ২ | Lubna Mirza 2
ফাতেমা তুজ জুহরা
পর্ব: ১
কুমিল্লার ঐতিহ্যবাহী এলাকাগুলোতে ‘খান বাড়ি’ এক নামে পরিচিত। বিশাল প্রাচীরে ঘেরা এই বাড়িটি দেখলে মনে হয় যেন কোনো প্রাচীন সুসজ্জিত মহল।
বাড়ির সামনে প্রশস্ত বাগান, যেখানে নানা রঙের ফুল আর সারি সারি দেবদারু গাছ বাতাসের তালে দোল খায়। বাড়ির মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে শ্বেতপাথরের কারুকাজ করা বিশাল আঙিনা এবং অভিজাত অন্দরমহল। বাড়ির প্রতিটি কোণায় আভিজাত্য আর ঐতিহ্যের ছাপ স্পষ্ট।
সকালের মিষ্টি রোদ যখন বাড়ির বড় বড় কাঁচের জানালা ভেদ করে ভেতরে প্রবেশ করছিল, ঠিক তখনই রাজকীয় সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিলেন ইফতেখার কায়সার খান। বয়সের ভারে চুলে পাক ধরলেও তার ব্যক্তিত্বের তেজ একটুও কমেনি। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর কাঁধে চাদর। তিনি কুমিল্লার সবচেয়ে প্রভাবশালী ও বড় রাজনীতিবিদ। দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে তিনি এই অঞ্চলের রাজনীতির হাল ধরে আছেন। তার এক কথায় পুরো কুমিল্লা শহর চলে; সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও তাকে সমীহ করে চলেন।
ইফতেখার সাহেব সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই তার দিকে এগিয়ে এল এক সুদর্শন যুবক। পরনে তার গাঢ় নেভিব্লু রঙের পাঞ্জাবি, যা তার সুঠাম দেহের সাথে দারুণভাবে মানিয়ে গেছে। ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার এই যুবকের গায়ের রঙ উজ্জ্বল শ্যামবর্ণ। নিয়মিত শরীরচর্চার কারণে তার চওড়া কাঁধ আর সুগঠিত শরীরের গড়ন যে কারও নজর কাড়তে বাধ্য। ঘন কালো চুলগুলো অত্যন্ত পরিপাটি করে গোছানো, তবে কপালের ওপর দু-একটি অবাধ্য চুল এসে পড়েছে। তীক্ষ্ণ নাক, গভীর কালো চোখ আর ঠোঁটের কোণে লেগে থাকা স্নিগ্ধ ভাব—সব মিলিয়ে সে প্রথম দেখাতেই যে কোনো তরুণীর হৃদয়ে ঝড় তোলার জন্য তার এক দৃষ্টি যথেষ্ট।
যুবকটি কাছে এসে ইফতেখার সাহেবকে সালাম করতে নিচু হতে নিলেই তিনি তাকে দুই হাতে টেনে তুলে বুকে জড়িয়ে ধরলেন। স্নেহমাখা কণ্ঠে বললেন—
“আহা আফনান, পায়ে কেন? তোমাকে কতবার বলেছি আমার পা ছোঁবে না। কলিজার স্থান পায়ে না, বুকে হয়।”
দাদার কথা শুনে আফনান মৃদু হেসে ফেলল। সে দাদাকে জড়িয়ে ধরে পরম শ্রদ্ধায় তার পিঠে হাত রাখল। তার পুরো নাম আফনান ইহতিশাম খান। ইফতেখার সাহেবের একমাত্র ছেলে ইরতিয়াজ খানের একমাত্র সন্তান সে, অর্থাৎ খান বাড়ির ভবিষ্যৎ উত্তরাধিকারী।
ইফতেখার সাহেবের এক ছেলে ও এক মেয়ে ছিল। ছেলে ইরতিয়াজ খান এবং মেয়ে জাহানারা খান। বেশ কয়েক বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি তার আদরের মেয়ে জাহানারাকে হারিয়েছেন। সেই শোক আজও তিনি বয়ে বেড়াচ্ছেন। বর্তমানে তার পরিবার বলতে স্ত্রী রাবেয়া বেগম, ছেলে ইরতিয়াজ খান, ছেলের বউ মেহেরুন নেসা, নাতি আফনান এবং প্রয়াত মেয়ে জাহানারার একমাত্র সন্তান—তার আদরের নাতনি লুবনা।
ডাইনিং রুমে তখন সকালের নাশতার আয়োজন চলছে। বাড়ির বিশ্বস্ত কাজের লোকেরা টেবিলে গরম পরোটা, রুটি, ভাজি, হালুয়া আর ফলের রস সাজিয়ে রাখছে। ইফতেখার সাহেব এবং আফনান ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেলেন। সেখানে আগে থেকেই বসে ছিলেন রাবেয়া বেগম, ইরতিয়াজ খান এবং মেহেরুন নেসা।
ইফতেখার সাহেব চেয়ারে বসে সবার দিকে চোখ বুলিয়ে জিজ্ঞেস করলেন—
“লুবনা কোথায়? এখনো নামল না?”
ঠিক তখনই সিঁড়িতে দ্রুত পায়ের আওয়াজ শোনা গেল। ওপর থেকে নামতে দেখা গেল লুবনাকে। পরনে সাদা রঙের ঢিলেঢালা লং টি-শার্ট আর জিন্স। কোমর ছাপানো চুলগুলো খোলা, যা তার চলার তালে তালে উড়ছে। কাঁধে একটি স্টাইলিশ ব্যাকপ্যাক ঝোলানো, আর কানে ফোন চেপে ধরে কার সাথে যেন অনর্গল কথা বলতে বলতে সে সিঁড়ি বেয়ে নামছে।
লুবনা সিঁড়ি থেকে নেমে ড্রয়িং রুম পেরিয়ে সোজা সদর দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে গম্ভীর কিন্তু স্নেহশীল কণ্ঠে ডাক পড়ল—
“লুবনা!”
নানা ইফতেখার সাহেবের ডাক শুনে লুবনা থমকে দাঁড়িয়ে পেছনে ফিরল। ইফতেখার সাহেব হাতের ইশারায় তাকে কাছে ডাকলেন। লুবনা ফোনে কথা বলতে বলতেই ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে এসে বলল—
“কী হয়েছে নানান? যা বলার তাড়াতাড়ি বলো, আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে।”
ইফতেখার সাহেব কপট রাগ দেখিয়ে বললেন—
“সকালের খাবার না খেয়েই চলে যাবে নাকি?”
লুবনা তাড়াহুড়ো করে বলল—
“হ্যাঁ নানান, এখন যেতেই হবে। অহনা আর রিতু আমার জন্য অপেক্ষা করছে।”
লুবনার কথা শুনে ইফতেখার সাহেব আর কোনো কথা না বাড়িয়ে নিজের প্লেট থেকে গরম রুটির এক টুকরো ছিঁড়ে সরাসরি লুবনার মুখে পুরে দিলেন। লুবনা অপ্রস্তুত হয়ে রুটি চিবুতে চিবুতে অস্পষ্ট স্বরে ফোনের ওপাশে থাকা মানুষটিকে বলল—
“উম… হ্যাঁ, আমি আসছি।”
কথাটা শেষ হতে না হতেই ইফতেখার সাহেব আবারও আরেক টুকরো রুটি তার মুখে দিয়ে দিলেন। লুবনা মুখভর্তি খাবার নিয়ে চিবুতে চিবুতে হাতের ইশারায় বোঝাতে চাইল যে সে আর খেতে পারবে না। দ্রুত খাবার গিলতে গিয়ে সে টেবিলের ওপর রাখা আফনানের গ্লাস থেকে এক নিমিষেই অর্ধেক পানি খেয়ে নিল। এরপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত চলে যেতে নিলেই আফনান তার হাত ধরে আটকে দিল।
লুবনা থেমে গিয়ে পেছনে ফিরে ভ্রু কুঁচকে হাত ধরার কারণ জিজ্ঞেস করল। আফনান কোনো কথা না বলে তার পাঞ্জাবির পকেট থেকে ধবধবে সাদা একটি রুমাল বের করল। লুবনার ঠোঁটের কোণে লেগে থাকা খাবারের অবশিষ্ট অংশ মুছে দিয়ে শান্ত কণ্ঠে বলল—
“এখন যা।”
লুবনাও আর দাঁড়াল না, একপ্রকার দৌড়ে সদর দরজার দিকে চলে গেল।
ইফতেখার সাহেব নাতনির যাওয়ার পথের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। একমাত্র মেয়ে জাহানারাকে হারানোর পর এই চঞ্চল নাতনিটির মাঝেই তিনি নিজের আদরের মেয়েকে খুঁজে পান।
ওদিকে আফনান লুবনার যাওয়ার দিক থেকে চোখ ফিরিয়ে সামনের দিকে তাকাল। তার ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে মুচকি হাসি। সে সামনে রাখা নিজের পানির অর্ধেক গ্লাসটি হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। এই বাড়ির সবাই জানে, আফনান ভীষণ পরিচ্ছন্নতাপ্রিয়; তার গ্লাসে সে ছাড়া অন্য কেউ পানি খায় না। এমনকি হাতও দেয় না। একমাত্র ব্যতিক্রম এই লুবনা। আফনান গ্লাসটি ঠোঁটে ছুঁইয়ে লুবনার রেখে যাওয়া এঁটো পানিটুকু এক টানে শেষ করে ফেলল।
দৃশ্যটি ইফতেখার সাহেবের চোখ এড়াল না। সামনে বসা আফনানের বাবা-মা ও দাদি, ইরতিয়াজ খান, মেহেরুন নেসা ও রাবেয়া বেগম বিষয়টি লক্ষ্য করলেন। তারা তিনজনেই একে অপরের দিকে তাকালেন, তাদের ঠোঁটে তখন লজ্জা ও আনন্দের মিশ্রিত এক স্নিগ্ধ হাসি।
বাড়ি থেকে বের হয়ে লুবনা সোজা গ্যারেজের সামনে রাখা তার প্রিয় বাইকটার কাছে গেল। চাবি ঘুরিয়ে বাইক স্টার্ট দিতেই গর্জে উঠল ইঞ্জিন। সে বাইক নিয়ে মূল গেটের কাছে এগিয়ে যেতেই প্রহরী দ্রুত দরজা খুলে দিল। লুবনা তীব্র গতিতে বাইক চালিয়ে বেরিয়ে পড়ল খান বাড়ির সীমানা পেরিয়ে।
আজ মাত্র চার দিন হলো লুবনা কুমিল্লায় এসেছে। উচ্চমাধ্যমিক শেষ করে সে কুমিল্লার ঐতিহ্যবাহী ও বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। একা সে নয়, সাথে এসেছে তার পুরো বন্ধু গ্রুপ। তার ছয় বন্ধু—মারিদ, তৌফিক, সাকিব, আয়ান, রাহাত এবং রাফি—তারা সবাই মিলে কলেজের পাশেই একটি হোস্টেলে উঠেছে। আর তার দুই প্রিয় বান্ধবী অহনা উঠেছে কুমিল্লায় থাকা তার ফুফুর বাড়িতে এবং রিতু উঠেছে তার খালার বাড়িতে। সেখান থেকেই তারা পড়াশোনা চালাবে।
চার দিন আগে কুমিল্লায় এসেই তারা ভর্তির যাবতীয় কার্যক্রম শেষ করেছে। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে তাদের প্রথম বর্ষের ক্লাস, আর সেই সাথে কলেজে আয়োজন করা হয়েছে বিশাল নবীনবরণ উৎসব।
সকালের সেই তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হওয়ার পেছনে মূল কারণ ছিল রিতু। কুমিল্লায় আসার আগেই রিতুর বয়ফ্রেন্ডের সাথে তার বিশাল এক ঝগড়া হয়েছিল। দুই দিন তাদের মধ্যে কোনো কথা হয়নি। আজ তারা সিদ্ধান্ত নিয়েছে সামনাসামনি বসে সব মিটমাট করবে। রিতুর বয়ফ্রেন্ড মূলত কুমিল্লারই স্থানীয় ছেলে। তাই একা না গিয়ে রিতু নিজের সাহস জোগাতে সাথে নিয়েছে লুবনা আর অহনাকে।
তারা দেখা করার জন্য বেছে নিয়েছে কুমিল্লার কান্দিরপাড়ের অদূরে অবস্থিত ‘ধর্মসাগর পাড়ের’ ওপেন-এয়ার ফুড কোর্ট বা রেস্তোরাঁ এলাকা। এখানকার খোলা আকাশের নিচে বসার জায়গাগুলো দারুণ; প্রতিটি টেবিলের ওপরে রঙিন বড় ছাতা টানানো থাকে, আর পাশ দিয়ে বয়ে যাওয়া দীঘির শীতল বাতাস পরিবেশটাকে মনোরম করে রাখে।
লুবনা সেখানে গিয়েই তার বাইকটি থামাল। চারপাশে চোখ বুলিয়ে অহনা আর রিতুকে খুঁজতে লাগল সে। একটু দূরেই একটি ছাতার নিচে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে লুবনা হাত নাড়িয়ে নিজের আসার জানান দিল। বাইকটি নির্দিষ্ট পার্কিংয়ে রেখে হেলমেটটা খুলে বাইকের লুকে আটকে রাখল। এরপর চুলগুলো ঝেড়ে ঠিক করে নিয়ে এগিয়ে গেল তাদের দিকে। রিতুর বয়ফ্রেন্ড তখনো এসে পৌঁছায়নি, তাই তারা অপেক্ষা করতে লাগল।
তিনজন মিলে এগিয়ে গেল রেস্তোরাঁর নির্দিষ্ট বসার জায়গায়। রিতু বসল সামনের দিকের একটি ছাতাওয়ালা টেবিলে, আর লুবনা ও অহনা বসল ঠিক তার পেছনের টেবিলে, যাতে সব নজরে রাখা যায়।
অনেকক্ষণ বসে থাকতে থাকতে লুবনা ভীষণ বিরক্ত হলো। তার ওপর প্রচণ্ড গরম, রোদের তাপে গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। সে পকেট থেকে টাকা বের করে অহনার দিকে বাড়িয়ে দিয়ে বলল—
“তোর আর আমার জন্য দুটো ‘স্পিড’ নিয়ে আয় তো, যা।”
অহনা চোখমুখ কুঁচকে নাক সিঁটকে বলল—
“ছেঃ! ওসব এনার্জি ড্রিংক আমি খাই না। আর আমার সামনে তুইও ওসব খাবি না, আমি গন্ধটা একদম সহ্য করতে পারি না।”
অহনার কথা শুনে লুবনার কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সে বলল—
“তোর যতসব নাটক! ঠিক আছে, যা ঠান্ডা জুস নিয়ে আয়।”
অহনা টাকা নিয়ে ফটাফট পাশের দোকানে চলে গেল। দুবোতল ঠান্ডা জুস নিয়ে ফিরতেই সে দেখল রিতুর বয়ফ্রেন্ড চলে এসেছে। অহনা তাড়াতাড়ি চেয়ার টেনে লুবনার পাশের সিটে বসল। বেঁচে যাওয়া খুচরো টাকা আর জুসের বোতলটা লুবনার হাতে দিল।
দুজনেই জুস খেতে খেতে সামনের টেবিলে বসা রিতু আর তার বয়ফ্রেন্ডের দিকে তাকিয়ে রইল। শুরুর দিকে সবকিছু বেশ স্বাভাবিকই মনে হচ্ছিল। তাদের কথাবার্তার টুকরো অংশ লুবনাদের কানে আসছিল। কিন্তু মিনিট দশেক যেতেই হঠাৎ করেই আবার তাদের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল। কথা কাটাকাটি বাড়তে বাড়তে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে, ছেলেটা প্রচণ্ড রেগে গিয়ে রিতুর গায়ে হাত তোলার জন্য হাত উঁচিয়ে ধরল।
দৃশ্যটা দেখামাত্রই লুবনা আর অহনা চেয়ার ফেলে দৌড়ে এল। লুবনা রিতুকে টেনে নিজেদের পেছনে সরিয়ে নিল। ছেলেটা তখন রাগে অন্ধ হয়ে আছে। লুবনা প্রথমে চাইছিল পরিবেশটা শান্ত করতে। নিজের চিরচেনা গরম মাথাটাকে ঠান্ডা রেখে সে কথোপকথনের মাধ্যমে সমস্যার সমাধান করার উদ্যোগ নিল। সে শান্ত গলায় ছেলেটাকে বোঝাতে গেল। কিন্তু ছেলেটা কোনো কথা না শুনে উল্টো লুবনার কাঁধে সজোরে ধাক্কা দিয়ে তাকে কয়েক পা পেছনে সরিয়ে দিল।
শুরুতে লুবনা ধৈর্য ধরলেও, ছেলেটার এমন বেয়াদবি দেখে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। মুহূর্তের মধ্যেই লুবনার হাত ঘুরে গেল ছেলেটার গালে, পড়ল সজোরে এক থাপ্পড়। থাপ্পড়ের তীব্রতায় ছেলেটা ছিটকে একপাশে ঘুরে গেল। রেস্তোরাঁয় উপস্থিত সবাই স্তব্ধ হয়ে তাদের দিকে তাকিয়ে রইল।
ছেলেটা অপমানে ক্ষিপ্ত হয়ে আবারও লুবনাকে মারতে তেড়ে এল। লুবনা এক চুলও না সরে পা উঠিয়ে সজোরে লাথি মারল ছেলেটার বুক আর পেটের মাঝামাঝি স্থানে। ব্যথায় কুঁকড়ে গেলেও ছেলেটা সামলে নিয়ে আবার আক্রমণ করতে এল। ব্যস, শুরু হয়ে গেল দুজনের মধ্যে তুমুল হাতাহাতি ও মারামারি।
পেছন থেকে অহনা আর রিতু রীতিমতো লুবনাকে উৎসাহ দিয়ে চেয়ার আপ করতে লাগল। উত্তেজনার বশে অহনা তো পাশের টেবিলের ওপর লাগানো বড় ছাতাটা টেনে নামিয়ে ভেঙে ফেলল, আর সেটার শক্ত লাঠিটা লুবনার হাতে ধরিয়ে দিয়ে বলল—
“দোস্ত, মেরে ফাটিয়ে দে সালাকে।”
ছেলেটা যখনই লুবনাকে আঘাত করতে এল, লুবনা হাতে থাকা লাঠি দিয়ে সজোরে তার পিঠে বসিয়ে দিল এক ঘা। ছেলেটার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে উঠে লুবনা বলল—
“তোর গার্লফ্রেন্ডের মতো মনে করেছিস? গায়ে হাত তুলবি আর আমি সহ্য করব? তোদের মতো বেডা মানুষকে সাইজ করতে আমার দু মিনিটও লাগবে না। ভরা মজলিসে এমন মার মারব, পরে মুখ লুকানোর জায়গা পাবি না!”
মারামারি করতে করতে দুজনেই রেস্তোরাঁর সীমানা পেরিয়ে মূল রাস্তায় নেমে এল। রাস্তার দুই পাশের গাড়িগুলো থেমে গেল, মুহূর্তেই পুরো রোডে বিশাল জ্যাম লেগে গেল। মানুষজন গাড়ি থেকে নেমে অবাক হয়ে এই দৃশ্য দেখতে লাগল। একটি মেয়ের হাতে এভাবে এক যুবককে বেধড়ক পিটুনি খেতে দেখে অনেকেই হাসাহাসি শুরু করল, আবার কেউ কেউ পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করতে লাগল।
লুবনা একপর্যায়ে ছেলেটাকে মাঝরাস্তায় ফেলে তার শার্টের কলার চেপে ধরল। চোখে চোখ রেখে আঙুল উঁচিয়ে শাসিয়ে বলল—
“তোর বেডাগিরি অন্য মেয়েদের সঙ্গে দেখাস, আমার সঙ্গে না। আরেকবার আমার সামনে পড়লে তোর বেডা থেকে গিরি আলাদা করে দেব!”
পরপরই লুবনা ছেলেটাকে কলার ধরে টেনে তুলে রাস্তার একপাশে দাঁড় করাল। হাতে লাঠিটা উঁচিয়ে ধরে গম্ভীর গলায় বলল—
“এখনই কানে ধরে উঠবস কর।”
ছেলেটা চারপাশের পরিস্থিতি দেখে কোনো উপায় না পেয়ে অপমানে কানে ধরে উঠবস করতে শুরু করল। লুবনা নিজের পা এগিয়ে দিয়ে বলল—
“পায়ে ধরে ক্ষমা চা। না হলে মেয়ের গায়ে হাত তোলার অপরাধে এখনই পুলিশ স্টেশনে পাঠাব।”
ছেলেটা চারপাশে জমে থাকা উৎসুক জনতার ভিড়ের দিকে আবারও তাকাল। লজ্জায় তার মাথা কাটা যাওয়ার জোগাড়। সে নিচু হয়ে লুবনার পা ছুঁয়ে ক্ষমা চাইল। বসে থেকে মাথা নিচু করেই দাঁতে দাঁত চেপে ক্ষিপ্ত গলায় ফিসফিস করে বলল—
“ভাইয়ের কানে এই কথা গেলে তোকে আর ছাড়বে না।”
ছেলেটার এই হুমকি শুনে লুবনা নিচে নুইয়ে তার শার্টের কলার ধরে টেনে কাছে আনল। নিজের জিন্সের পকেট থেকে UST (Underworld Special Team / গোপন বিশেষ বাহিনী)-এর একটি অফিসিয়াল ব্যাজের উপর লাগানো আর্মির আইডি বের করল। মূলত গোপন টিমের পরিচয় লুকিয়ে তারা আর্মির পরিচয় দেয়। যাতে তাদের কেউ ধরতে না পারে। ছেলেটার চোখের সামনে ধরে তাচ্ছিল্যের হাসি হেসে বলল—
“মাম্মাহ, আইনের লোকের সাথে লাগতে এসো না। তোমার মতো মানুষদের মা-মাসি এক করে দিতে আমাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে। আমাদের টিম কোনো ভাই-ব্রাদারকে ভয় পায় না। তোমাদের ভাই-ব্রাদারকে এক চুটকিতে খেয়ে দেওয়ার ফুল পাওয়ার আমাদের হাতে আছে। এদেশের সরকারেরও এতটুকু পাওয়ার নেই, যতটুকু আমাদের হাতে। তাই ওসব বালছাল ভাই, আঙ্কেল, নানা, চাচা, জ্যাঠা, দাদা-বড়দাদা চৌদ্দগুষ্টিকে নিয়ে আসলেও আমার কিচ্ছু যায় আসে না, সোনা!”
কথাটা শেষ করেই লুবনা ছেলেটাকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। এরপর অহনা আর রিতুর দিকে ফিরে স্বাভাবিক গলায় বলল—
“চল, মারিদরা হোস্টেলের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে।”
লুবনা শেষবারের মতো মাটিতে পড়ে থাকা ছেলেটার দিকে একবার তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে নিজের বাইকের দিকে এগিয়ে গেল। লুবনা বাইকে উঠে বসতেই অহনা আর রিতু দ্রুত পেছনের সিটে উঠে বসল। বাইক স্টার্ট দিয়ে চলতে শুরু করতেই পেছনে বসা রিতু ছেলেটার দিকে ফিরে মিডিল ফিঙ্গার দেখিয়ে ভেংচি কাটল। বাইকের গতি বাড়তেই তারা ধুলো উড়িয়ে চোখের নিমিষে সেখান থেকে বেরিয়ে গেল।
ওদিকে ছেলেটা মাটি থেকে উঠে দাঁড়াল। তার ঠোঁটের কোণায় জমে থাকা রক্তটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। চারপাশের মানুষজন তখনও তাকে নিয়ে হাসি-ঠাট্টা ও ফিসফাস করছে। চরম লজ্জা আর অপমানে মুখ লুকিয়ে ছেলেটা ভিড় ঠেলে সেখান থেকে দ্রুত সরে পড়ল।
ধর্মসাগরের সেই তুলকালাম কাণ্ড ঘটিয়েই লুবনা তার বাইক নিয়ে সোজা ছুটে চলল কান্দিরপাড় পেরিয়ে রানীর দিঘীর পাড়ের দিকে। সেখানেই একটি অভিজাত ও নিরিবিলি এলাকায় অবস্থিত ‘স্বপ্ননীড় ছাত্রাবাস’, যেখানে তার ছয় বন্ধু উঠেছে।
হোস্টেলের গেটের ঠিক সামনে এসেই লুবনা বাইকের কড়ায় ব্রেক কষল। টায়ারের তীক্ষ্ণ আওয়াজের সাথে সাথে বাইকটি স্থির হয়ে দাঁড়িয়ে গেল। পেছন থেকে রিতু আর অহনা দ্রুত বাইক থেকে নেমে দাঁড়াল। লুবনা বাইকটি একপাশে পার্ক করে চাবিটা পকেটে পুরে এগিয়ে এল। তিনজন একসাথে হোস্টেলের মূল ফটকের দিকে হাঁটা ধরল।
তারা হোস্টেলের সামনে পৌঁছাতেই ভেতর থেকে একে একে বেরিয়ে এল মারিদ, রাফি, তৌফিক, সাকিব, রাহাত এবং আয়ান। ছয়জনই বেশ ফুরফুরে মেজাজে ছিল, তবে লুবনাদের আসতে দেখে কিছুটা দেরি হওয়ার কারণে ভ্রু কুঁচকে তাকাল।
রিতু এগিয়ে গিয়ে তৌফিককে জিজ্ঞেস করল—
“কিরে তৌফিক, এখন কোথায় যাবি?”
তৌফিক বলল—
“তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম। চল, আজ কোটবাড়ির শালবন বিহারের পাশের ‘নীলাচল ইকো পার্ক ও ক্যাফে’-তে যাই। জায়গাটা দারুণ, আড্ডা দেওয়ার জন্য একদম সেরা।”
সবাই একবাক্যে রাজি হয়ে গেল। মারিদ আর তৌফিক হোস্টেলের গ্যারেজ থেকে নিজেদের বাইক বের করল। একে একে তিনজন করে দুই বাইকে ছয়জন ছেলে উঠে বসল—মারিদের বাইকে রাফি ও সাকিব, আর তৌফিকের বাইকে রাহাত ও আয়ান। অন্যদিকে লুবনা, অহনা এবং রিতু উঠে বসল লুবনার বাইকে।
তিনটি বাইক একসাথে গর্জে উঠে ছুটে চলল গন্তব্যের উদ্দেশে। কান্দিরপাড়ের ব্যস্ত রাস্তা পেরিয়ে, টমছম ব্রিজ হয়ে, পদুয়ার বাজার বিশ্বরোড পার হয়ে তারা ঢুকে পড়ল কোটবাড়ির সবুজ ছায়াঘেরা রাস্তায়। লালমাই পাহাড়ের পাদদেশের আঁকাবাঁকা পথ ধরে তিনটি বাইক যখন পাশাপাশি চলছিল, তখন আশপাশের মানুষ অবাক হয়ে এই দুরন্ত বন্ধুদের দলটির দিকে তাকিয়ে ছিল। প্রায় পঁচিশ মিনিটের মাথায় তারা পৌঁছে গেল তাদের কাঙ্ক্ষিত গন্তব্য ‘নীলাচল ইকো পার্ক’-এ।
পার্কের নির্দিষ্ট পার্কিং জোনে তিনটি বাইক সারিবদ্ধভাবে পার্ক করে তারা ভেতরের দিকে হাঁটা ধরল। ভেতরের পরিবেশটা সত্যিই চোখ জুড়ানো। চারদিকে সবুজ ঘাসের গালিচা, সারি সারি শাল ও সেগুন গাছের ছায়া, আর মাঝে মাঝে কৃত্রিম ঝরনা ও কাঠের তৈরি ছোট ছোট সেতু। বন্ধুদের মিটআপ বা দীর্ঘ আড্ডার জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না।
পার্কের এক কোণে পাহাড়ের ঢালে বাঁশের তৈরি একটি খোলামেলা কটেজ বা বসার জায়গা ছিল, যেখান থেকে পুরো প্রকৃতি দেখা যায়। তারা সবাই সেখানে গিয়ে গোল হয়ে বসল।
বসার পরপরই শুরু হলো তাদের চিরচেনা আড্ডা আর খুনসুটি। সাকিব পকেট থেকে চুইংগাম বের করতে করতে বলল—
“ভাই, কুমিল্লার বাতাসটা আসলেই অন্যরকম! ব্রাহ্মণবাড়িয়া শহরের জ্যাম আর ধোঁয়া থেকে বেঁচে এখানে এসে তো মনে হচ্ছে নতুন জীবন পেলাম।”
আয়ান পাশ থেকে খোঁচা মেরে বলল—
“হ্যাঁ, তা তো বলবিই। কালকে কলেজে গিয়ে যখন দেখবি সুন্দরী মেয়েরা তোকে পাত্তা না দিয়ে তৌফিকের দিকে তাকিয়ে আছে, তখন বুঝবি কুমিল্লার বাতাস কতটা গরম!”
তৌফিক নিজের চুলে হাত বুলিয়ে ভাব নিয়ে বলল—
“ভাই, একটু বেশি হ্যান্ডসাম হলে যা হয় আর কী! তোরা শুধু চেয়ে চেয়ে দেখবি।”
রাফি ভেংচি কেটে বলল—
“রাখ তোর হ্যান্ডসাম! তোর চেয়ে তো লুবনার বাইকের লুকিং গ্লাস দেখতে বেশি সুন্দর।”
রিতু হেসে উঠে বলল—
“একদম ঠিক বলেছিস রাফি। এই তৌফিকের যতসব ফালতু ডায়লগ।”
এভাবেই হাসি-ঠাট্টা, একে অপরকে পচানোর প্ল্যানিং নিয়ে তাদের আড্ডা জমে উঠল। এরই মাঝে রাহাত কথা বলতে বলতে পকেট থেকে নিজের ফোনটা হাতে নিল। অলসভাবে ফেসবুকে ঢুকে নিউজফিড স্ক্রল করতেই হঠাৎ তার চক্ষু চড়কগাছ হয়ে গেল। সে চিৎকার করে উঠল—
“ওরেহহহ মাম্মাহহহ! এটা কী দেখছি আমি!”
রাহাতের চিৎকার শুনে বাকি সবাই একপ্রকার হামলে পড়ল তার ওপর। কী হয়েছে দেখার জন্য সবাই ফোনের স্ক্রিনের দিকে ঝুঁকে পড়ল। রাহাত ফোনটা উঁচিয়ে ধরতেই দেখা গেল, ঘণ্টাখানেক আগে ধর্মসাগরের পাড়ে হওয়া সেই মারামারির ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে! ভিডিওতে দেখা যাচ্ছে লুবনা কীভাবে একটা ছেলেকে লাঠি দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে কানে ধরে উঠবস করাচ্ছে আর পায়ে ধরে ক্ষমা চাওয়াচ্ছে।
ভিডিওটা শেষ হতেই ছয়জন ছেলে একসাথে হাঁ করে লুবনা, অহনা আর রিতুর দিকে তাকাল। মারিদ অবাক হয়ে বলল—
“ভাই, তোরা এই কাণ্ড কখন ঘটিয়ে আসলি? এই কারণেই তোদের আসতে এত দেরি হয়েছে!”
তৌফিক চোখ বড় বড় করে বলল—
“আরে ভাই, আমি তো ভাবলাম তোরা জ্যামে আটকা পড়েছিস! তোরা তো দেখি আস্ত একটা অ্যাকশন সিনেমার শুটিং করে চলে এসেছিস!”
রাফি হেসে গড়িয়ে পড়ে বলল—
“ভাইরে ভাই, ছেলেটার কী অবস্থা করেছে লুবনা! বেচারা জীবনে আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না।”
আয়ান মাথা চাপড়ে বলল—
“কুমিল্লায় আসার চার দিনও হয়নি, এর মধ্যেই তোরা শহর গরম করে ফেলেছিস! কালকে কলেজে গেলে তো সবাই তোদের সেলিব্রিটি ভাববে।”
সাকিব দাঁত কেলিয়ে বলল—
“ছেলেটার মান-সম্মানের মাফগিরাত কামনা করছি।”
তার কথায় সবাই হেসে উঠল। রাহাত বলল—
“তা ঘটনাটা কী ঘটেছিল? কার সাথে লাগলি তোরা?”
তখন অহনা গলা ঝেড়ে তাদের সামনে ধর্মসাগরের পাড়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলল—কীভাবে রিতুর বয়ফ্রেন্ড রিতুর গায়ে হাত তুলতে গিয়েছিল এবং লুবনা কীভাবে তাকে উচিত শিক্ষা দিয়েছে।
সব শুনে সাকিব দাঁত কিড়মিড় করে বলল—
“শালা বেয়াদব! তোরা আমাদের আগে কল দিবি না? আমাদের নিয়ে যেতি, ওই শালাকে আজকে একদম গুম করে দিতাম।”
কথার মাঝখানেই অহনার ফোনে কল এল। ফোনের স্ক্রিনে নামটা দেখেই অহনার মুখে হালকা হাসি ফুটে উঠল। সে ফোন রিসিভ করে কানে তুলে ফিসফিসিয়ে কথা বলতে শুরু করল।
তা দেখে রাহাত টিপ্পনী কেটে বলল—
“একজনের তো আজকে ব্রেকআপ হয়ে গেল, দেখিস তোরটাও আবার কবে তোর সাথে ব্রেকআপ হয়ে যায়!”
অহনা হাত তুলে ইশারায় তাদের চুপ থাকতে বলল। কিন্তু বন্ধুদের হাসি-ঠাট্টা মোটেও থামল না। বিরক্ত হয়ে অহনা একটু আড়ালে গিয়ে কথা বলার জন্য বসার জায়গা থেকে উঠে গেল। তা দেখে পেছন থেকে সবাই একে একে তাকে টিজ করতে শুরু করল। মারিদ গলা বাড়িয়ে বলল—
“যা যা, আড়ালে গিয়ে প্রেমের সাগরে ডুব দে, আমরা কিছু শুনব না!”
তৌফিক সুর করে গেয়ে উঠল—
“ওরে আমার লাজুক লতা, ফিসফিসিয়ে বলে কথা!”
সাকিব বলল—
“ভাই, সাবধানে কথা বলিস, কুমিল্লার নেটওয়ার্কে কিন্তু আড়ি পাতার লোক বেশি!”
রাফি যোগ করল—
“ফোন রেখে এসে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে, নাহলে তোর প্রেমের খবর তোর ফুফুকে বলে দেব!”
অহনা দূর থেকে তাদের দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে আবার কথায় মন দিল।
এরই মধ্যে রাফি হঠাৎ প্রসঙ্গ ঘুরিয়ে লুবনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বসল—
“দোস্ত, তোর জামাই কবে দেশে আসবে?”
রাফির কথা শুনে লুবনা চোখ ঘুরিয়ে বিরক্ত স্বরে বলল—
“কীসের জামাই? আমার কোনো জামাই-টামাই নেই, আমি একদম সিঙ্গেল।”
লুবনার কথায় মারিদ টন্ট মেরে বলল—
“হ্যাঁ হ্যাঁ, তা তো বলবিই। শুনেছি ১৮-১৯ তারিখ নাকি উনি দেশে আসবেন। আজকে তো ১৪ তারিখ হয়েই গেল, আর মাত্র কয়েকটা দিন!”
লুবনা তাদের কথায় খুব একটা পাত্তা দিল না, নির্বিকারভাবে বসে রইল। তখন আয়ান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল—
“আচ্ছা, নিহান ভাইকে কি তাহলে UST-এর বিশেষ প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হয়েছিল না?”
রাহাত উত্তর দিল—
“হ্যাঁ, স্পেশাল প্রশিক্ষণের জন্যই পাঠানো হয়েছিল। আর যতদূর শুনেছি, উনার প্রশিক্ষণ তো শেষ, সাথে বিশাল পদোন্নতিও হয়েছে।”
তৌফিক লুবনার দিকে তাকিয়ে মজা করে বলল—
“দেখেছিস, তোর জামাইয়ের পদোন্নতি হয়ে গেছে! তোর কবে হবে?”
তৌফিকের কথায় লুবনা ভ্রু কুঁচকে তাকাল। বেশ গর্বিত ও আত্মবিশ্বাসী গলায় বলল—
“হেহ, কীসের পদোন্নতি? আমি সবসময় উনার থেকে ওপরে ছিলাম, আছি, আর থাকব।”
রিতু পাশ থেকে জিজ্ঞেস করল—
“আচ্ছা লুবনা, তোর জেঠা, তার বউ, নিহান ভাই আর তার বড় ভাই—চারজনই কি এখন একসাথে বিদেশে আছে?”
লুবনা মাথা নেড়ে বলল—
“হ্যাঁ। জেঠুর সেখানে দোকান। তাই বেশিরভাগ সময় সেখানেই থাকে পরিবার নিয়ে। সবাই মাঝেমধ্যে দেশে আসলেও বড় ভাই তো দেশে আসেন না তেমন, সেখানেই পড়াশোনা শেষ করেছে। তবে এবার মনে হয় একেবারে সবাই মিলে দেশে চলে আসবে।”
মারিদ হেসে বলল—
“তোর তো ভাই কপাল ভালো! তোকে UST-তে জয়েন করার জন্য ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট দিয়েছে। আবার নিহান ভাইও একই ডিপার্টমেন্টে আছে। জামাই-বউ একসাথে মিশন করবে, হিহি!”
বন্ধুদের এমন কথায় লুবনা বেশ বিরক্ত হলো। সে গম্ভীর গলায় বলল—
“এই, তোরা এসব কী বলছিস? এসব কোনো বিয়ে-টিয়ে না। দাদা ছোটবেলায় একটা বাল্যবিয়ে দিয়েছিলেন। তখন আমরা অনেক ছোট ছিলাম, কিছুই বুঝতাম না। আর এই কথাটা কেবল আমার দাদার বাড়ি আর তোরা ছাড়া আর কেউ জানে না।”
সাকিব সাথে সাথে বলে উঠল—
“তো কী হয়েছে? ছোটবেলায় হোক আর বড়বেলায় হোক, বিয়ে তো হয়েছে!”
লুবনা হাত নেড়ে বলল—
“আরেহ, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। নিহান ভাইও আমার প্রতি কোনো আগ্রহ দেখায় না, আর আমিও তার প্রতি কোনো আগ্রহ দেখাই না। আমার তো মনে হয়, এবার দেশে আসলে সব ঝামেলা মিটমাট হয়ে যাবে। দাদার কারণেই তো সব আটকে ছিল। বিয়েটা তো আর রেজিস্ট্রি করে হয়নি, ধার্মিকভাবে মুখে মুখে হয়েছিল। তাই এবার মুখে মুখেই তালাক করে শেষ হতে পারে।”
লুবনার কথা শুনে রিতু মাথা নেড়ে বলল—
“ধুর, তুই যা ভাবছিস তা কখনোই হবে না। দেখিস, এবার দেশে আসলে সব ঠিক হয়ে যাবে, আগ্রহ না থাকলে ও আগ্রহ বেড়ে যাবে মিলিয়ে নিস।”
তৌফিকও সায় দিয়ে বলল—
“একদম ঠিক! অপেক্ষা কর, এখনো অনেক কিছু হওয়ার বাকি আছে লুবনা।”
ঠিক তখনই অহনা দৌড়ে এসে তাদের মাঝখানে বসল। ফোনটা ব্যাগে রেখে হাঁপাতে হাঁপাতে সবার মুখের দিকে তাকিয়ে বলল—
“এই, তোরা কী নিয়ে এত সিরিয়াস কথা বলছিস রে? কার তালাক আর কার বিয়ের কথা হচ্ছে?”
মারিদ হেসে বিষয়টা ধামাচাপা দিয়ে বলল—
“আরে কিছু না, লুবনার ভবিষ্যৎ নিয়ে একটু গবেষণা করছিলাম। তা তোর ফোনালাপ শেষ হলো?”
অহনা বলল—
“হ্যাঁ, শেষ। আচ্ছা শোন, ওসব বাদ দে। কালকে কিন্তু আমাদের কলেজের প্রথম দিন, আর বিশাল নবীনবরণ উৎসব! তোরা কি ড্রেস ঠিক করেছিস? কালকে কিন্তু সবাইকে একদম ফাটিয়ে সাজতে হবে, যাতে পুরো কলেজ আমাদের দিকে তাকিয়ে থাকে।”
রিতু উৎসাহ নিয়ে বলল—
“হ্যাঁ, একদম! কালকে আমাদের নতুন জীবনের শুরু। আর লুবনা, তুই কিন্তু কালকে আর কোনো মারামারি করিস না, অন্তত প্রথম দিনটা শান্ত থাকিস!”
লুবনা হেসে উঠে বলল—
“আরে আমি তো শান্তই থাকি, কেউ গায়ে পড়ে লাগতে এলে তো আর ছেড়ে দেব না! যাক, কালকের প্রোগ্রামের জন্য সবাই রেডি থাকিস। আজকে চল, এবার ওঠা যাক, দুপুর হয়ে আসছে।”
কালকের নবীনবরণ উৎসবের রঙিন স্বপ্ন আর বন্ধুদের এই প্রাণবন্ত আড্ডা শেষে সবাই মিলে আবার নিজেদের গন্তব্যের উদ্দেশে পা বাড়াল।
পূর্ববর্তী গল্প: বাউন্ডুলে বৃত্তান্ত • মারিয়াম ফুল
মোট অনুরোধ: 2













